মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটনের সাথে এই মুহূর্তে কোনো ধরনের শীর্ষ বৈঠকে বসার ইচ্ছা তাদের নেই।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নবায়নের চেষ্টা কেবল ‘রাজনৈতিক প্রচারণামূলক কৌশল’ এবং এতে তাদের মূল্যবান সময় নষ্ট হবে।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও বাস্তবে পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত রেখেছে।
পিয়ংইয়ংয়ের এই অবস্থান প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়াকে আলোচনা টেবিলে ফেরাতে ওয়াশিংটন ও সিউল যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
এদিকে, সিউলের সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া বর্তমানে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে।
ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া সত্ত্বেও পিয়ংইয়ংয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আপাতত বেশ কম।

Leave a Reply