Blog

  • মাধবপুরে  কার্যক্রম নিষিদ্ধ  আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গ্রেপ্তার

    মাধবপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. ছোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বাঘাসুরা সড়ক বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার মো. ছোটন বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি বাঘাসুরা গ্রামের মজনু মিয়ার ছেলে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা আগামীর সময়কে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

  • আপিলে আবুল কালামের মামলা ‘উদাহরণ হতে পারে’  শেখ হাসিনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল

    আপিলে আবুল কালামের মামলা ‘উদাহরণ হতে পারে’ শেখ হাসিনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মওকুফের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    অন্তর্বর্তী সরকারের সময় আবুল কালামের দণ্ডাদেশ স্থগিত করা হলেও আপিল বিভাগ তার আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়ে এখনো আদেশ আসেনি।

    বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের প্রসঙ্গ উঠলে অ্যাটর্নি জেনারেল বলেন, “আপিল দায়েরের নির্ধারিত সময়ের পরে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী ফল এবং কী পরিণতি হতে পারে, জনাব আবুল কালাম আজাদের মামলাটি একটা উদাহরণ হতে পারে।”

    শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই মাসে।

    দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তিনি আইনজীবীর মাধ্যমে দিল্লিতে হাই কমিশনে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন বলে সোমবার খবর দিয়েছে রয়টার্স।

    এই খবরের পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নিয়ে আলোচনা চলছে।

    এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের প্রসঙ্গ টানলেন।

    দায়িত্বশীল ব্যক্তি যারা ইতোপূর্বে আইনগত মতামত দিয়েছেন, তারা আইনটি পড়ে, জেনে-শুনে তারা কথা বলেছেন তুলে ধরে তিনি বলেন, “তাদের এই মতামত কিংবা আইনের বিষয়সম্পর্কিত বক্তব্যের বাইরে আমার কোনো ব্যাখ্যা নেই।”

    ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় ঘোষণার সময় আবুল কালাম আজাদ পলাতক থাকায় নির্ধারিত সময়ে আপিল করতে পারেননি।

    আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর ট্রাইব্যুনালের প্রথম রায় ছিল আবুল কালাম আজাদের মামলায়।

    ওই রায়ে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

    ২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ফেরেন আবুল কালাম আজাদ। এরপর তিনি সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

    ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তার দণ্ডাদেশ স্থগিত করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে আদালতে আত্মসমর্পণ করে তাকে আপিল করতে হবে—এমন শর্ত দেওয়া হয়।

    শর্ত অনুযায়ী, চলতি বছরের চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন।

    চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।

    শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কেউ আবুল কালাম আজাদের উদাহরণটি আনেননি মন্তব্য করে রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলাটির দীর্ঘদিন শুনানি হয়েছে। বর্তমানে কেউ কেউ যে আইনি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকেও ওই মামলায় একই ধরনের যুক্তি উপস্থাপন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট এখনো তা আমলে নেননি।

    আওয়ামী লীগ সভাপতির প্রত্যর্পণ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি তো মনে করি যারা ইতোপূর্বে আইনি ব্যাখ্যা বলেছেন, কেউ তো অপব্যাখ্যা করেছেন বলে আমার মনে হয়নি। সবাই আইনের কথা বলেছেন এবং সবাই একসুরে কথা বলেছেন।”

    তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন। সংবাদ মাধ্যমে তিনি দেখেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দিয়েছে।

    “এটা আইন এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয়, সরকারের পক্ষ থেকে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো ধুম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। যারা বক্তব্য দিয়েছেন তারা আইনগতভাবে পারস্পরিক বৈদেশিক সম্পর্ক, আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে কথা বলেছেন, তারা সঠিক কথাই বলেছেন।”

    শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এমন প্রশ্নে রুহুল কুদ্দুস কাজল বলেন, “তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হলে তাকে আইন মেনেই আসতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।”

    আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত, দণ্ড বা খালাসের আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে আপিল না করা হলে, সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।

  • দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

    দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

    দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

    নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ বিভিন্ন ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) নতুন দাম নিচে দেওয়া হলো:

    ২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা (ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে)

    ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা

    ১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা

    সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা

    টানা পাঁচ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭১ টাকা কমল। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

    স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

  • রাজধানীতে ইসলামী গণতান্ত্রিক পার্টির জরুরি সভা অনুষ্ঠিত

    রাজধানীতে ইসলামী গণতান্ত্রিক পার্টির জরুরি সভা অনুষ্ঠিত

    ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং মহাসচিবের নেতৃত্বে বিভিন্ন জেলা ও উপজেলা সফরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

    সভায় দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল ছাড়াও উপস্থিত ছিলেন মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম, মামুন পারভেজ, জগত দিস কর্মকার, ফেরদৌসী আলম এবং মহিলা গণতান্ত্রিক পার্টির নাজমা ইসলাম ও শিলা হাওলাদার।

  • মাধবপুরে কভার ভ্যান থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

    মাধবপুরে কভার ভ্যান থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

    হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কভার ভ্যান জব্দ করা হয়।
    শুক্রবার (১৩ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, মাধবপুরের জগদীশপুর এলাকা থেকে একটি কভার ভ্যানে করে গাঁজা নিয়ে ঢাকার সাভারের উদ্দেশে যাচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন কভার ভ্যানটিকে থামানোর সংকেত দিলে ভ্যান থেকে নেমে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করা হয়।

    আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে কভার ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষভাবে রাখা তিনটি কাগজের কার্টনের ভেতর থেকে ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাংখার চর গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে রাকিব সরদার (২৩) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা এলাকার মো. দূত মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।

    এসআরবি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

    গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাঁদের উদ্ধার করা মাদক ও জব্দ করা কভার ভ্যানসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

  • মাধবপুরে মাদক-জুয়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার

    মাধবপুরে মাদক-জুয়ামুক্ত আদর্শ এলাকা গড়ার অঙ্গীকার

    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া-শিবপুর এলাকার সার্বিক উন্নয়ন এবং মাদক, জুয়াসহ সব ধরনের সামাজিক অনাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে গঠিত গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।

    সংগঠনের সাধারণ সম্পাদক মো. শিব্বির আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ লাল মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, এনটিভির প্রতিনিধি জামাল মো. আবু নাছের, চন্দন রায় প্রমুখ।

    অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, গুমুটিয়া ও শিবপুর এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে। সামাজিক অনাচার প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

    অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গুমুটিয়া ও শিবপুর গ্রামের সার্বিক উন্নয়নে ২১ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামাজিক, মানবিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত, নিঃস্ব ব্যবসায়ীরা

    ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত, নিঃস্ব ব্যবসায়ীরা

    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বাজারের দোকানগুলোতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রায় তিন ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    তবে আগুন নেভানোর আগেই তেল, গ্যাস সিলিন্ডার, ফার্মেসি, মুদি দোকান ও স্টুডিওসহ অন্তত ১২টি দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

  • ৪ ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল শুরু

    ৪ ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল শুরু

    অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর কারিগরি ত্রুটির কারণে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবারও উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    জানা গেছে, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল) যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিলে নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

    বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি সাংবাদিকদের জানান, মূলত ‘পুরোনো হার্ডওয়্যারের’ ত্রুটির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ত্রুটি সারিয়ে আকাশপথে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

    এদিকে, এই অচলাবস্থার পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটি রয়েছে কি না—এমন গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো সাইবার আক্রমণ নয় এবং এর সঙ্গে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের কোনো ধরনের বিপর্যয়ের সম্পর্ক নেই।

    যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হলো ফ্লাইট চলাচল, নেপথ্যে ছিল ‘পুরোনো হার্ডওয়্যার’

    ফ্লাইট চালু: দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি এ তথ্য নিশ্চিত করেন।

    অচলাবস্থার কারণ: এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করেছিল। পরিবহনমন্ত্রীর মতে, ‘পুরোনো হার্ডওয়্যারের’ কারণেই এই বিপর্যয় ঘটে।

    গুজব নাকচ: হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা, এআই ত্রুটি কিংবা মাইক্রোসফটের কোনো কারিগরি সমস্যার সম্পৃক্ততা নেই।

  • মুকসুদপুরে  ১০ টি গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক  নিহত ১ জন

    মুকসুদপুরে ১০ টি গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক নিহত ১ জন

    গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন ও একজন নিহত হয়েছেন, নিহত ব্যাক্তির নাম ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বি এন পির, সদস্য সচিব । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

    শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বহু যাত্রী আহত হন।

    দুর্ঘটনায় মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

    এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

    কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

    গোপালগঞ্জ জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মামলাজনিত কারনে কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে পড়েছে। এ কারনে সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
    জানা গেছে, জেলার কাশিয়ানি উপজেলার এমএ খালেক ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন না। গত আগষ্ট মাসের আট তারিখ থেকে কার্য নির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ। কলেজটির কার্য নির্বাহী কমিটির সভাপতি কে হবেন তা নিয়ে দুই পক্ষের মতৈক্য না হওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হন সভাপতি পদপ্রার্থী একজন। আদালত তিন মাসের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দেন। এ কারনে মোট ৪৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেতনভাতা তুলতে পারছেন না। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম সরদার বলেন, দুই পক্ষের এহেন কর্মকাণ্ডের কারনে, আমরা যেমন ভুক্তভোগী হচ্ছি তেমনি শিক্ষার পরিবেশও স্বাভাবিক নয়। কমিটি গঠন নিয়ে সমস্যার পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। কোনো কার্যক্রম সঠিকভাবে চালানোর কেউ নেই। এইচএসসি’র ফলাফল মোটেও সন্তোষজনক নয়। ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্যের সংখ্যা প্রায় সমানসমান।
    এদিকে জেলার কোটালিপাড়া উপজেলার ৬৮ নং তাড়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় সন্তুষ্ট না হয়ে মামলা করেছেন মহসিন শেখ নামে এক ব্যাক্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী বলেন,তফশিল মোতাবেক কার্য নির্বাহী কমিটি গঠনের নিমিত্তে নির্বাচনের তারিখ ছিলো গত ১৪ অক্টোবর। মহিলা সদস্য পদে মাত্র দুই জন প্রার্থী হওয়ায় নিয়ম মোতাবেক ওই পদে নির্বাচনের প্রয়োজন হয় নাই। তবে পুরুষ সদস্য পদে প্রার্থী ছিলেন তিন জন। এদের মধ্যে দুই জন সদস্য হওয়ার সুযোগ থাকায় যথারীতি নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। তিন জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেও মহসিন শেখ নির্দেশনা মোতাবেক নির্বাচনী ব্যায় বাবদ নির্ধারিত ৫ হাজার টাকা জমা না দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান দাবী করেন। এসময় উপজেলা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি পুলিশ প্রতিবেদন তৈরি করে। এতে নির্বাচনী প্রক্রিয়া আর এগোয়নি। যদিও মহসিন শেখ নির্বাচনী শর্ত না মানায় তার প্রার্থীতা বাতিল হয়। সেক্ষেত্রে বাকী দুই প্রার্থী বৈধ থাকায় নিয়ম মোতাবেক নির্বাচনের আর প্রয়োজন হয় নাই। আমরা চাইলে কমিটি গঠন করতে পারতাম। মহসিন শেখ আদালতে নির্বাচন না করার বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেও বিজ্ঞ আদালত আমাকে,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তকে দুই দিনের মধ্যে হাজির হয়ে কারন দর্শানোর নোটিশ দেন। বিষয়টি আদালতে গড়ানোয় আমরা আর কমিটি গঠনের চেষ্টা করিনি। কার্য নির্বাহী কমিটি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয়নাই।