Blog

  • ‎আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগর থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি

    ‎আধুনিকতার ছোঁয়ায় নাসিরনগর থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি

    ‎
    ‎একসময় নাসিরনগরের কোনো গ্রামে বিয়ে মানেই ছিল পালকির ছোঁয়া। ঢোল-বাদ্যের তালে তালে, গ্রামের মেঠোপথ কাঁপিয়ে, চারজন বেহারার কাঁধে চড়ে আসত ফুল দিয়ে সাজানো রং-বেরঙের পালকি। পালকির ভেতরে লাজুক মুখে বসে থাকত নতুন বউ, চারপাশে ভিড় করে থাকত গ্রামের মানুষ। সেই দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকত ছোট থেকে বড় সবাই।
    ‎
    ‎আজ সেই দৃশ্য আর চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    ‎
    ‎আগে বিয়ে মানেই ছিল পালকি ছাড়া অসম্পূর্ণ। বর আসত ঘোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে, আর বউ যেত পালকিতে চড়ে শ্বশুরবাড়ি। পালকি সাজানো হতো লাল-হলুদ কাপড়, ফুল, রঙিন কাগজ আর ঝালর দিয়ে। বেহারারা একসাথে সুর তুলে বলত, “হুম না হুম না”, আর সেই সুরে দুলতে দুলতে এগিয়ে চলত পালকি।
    ‎
    ‎পালকির পেছন পেছন হাঁটত বরযাত্রী, আত্মীয়-স্বজন, গ্রামের মা-চাচিরা। কেউ কাঁদত, কেউ হাসত, কেউ উলুধ্বনি দিত। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় মেয়ের কান্নায় ভারী হয়ে যেত পুরো গ্রামের বাতাস। পালকির দরজার ফাঁক দিয়ে নতুন বউ তাকিয়ে দেখত তার চিরচেনা গ্রাম, তার ছোটবেলার মাঠ, তার মায়ের মুখ। সে এক অন্যরকম মায়া, অন্যরকম ভালোবাসা ছিল।
    ‎
    ‎এখন নাসিরনগরের বিয়েতে পালকির জায়গা দখল করে নিয়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস আর আলোকসজ্জায় সাজানো গাড়ি। পাকা রাস্তা হয়েছে, মানুষের হাতে সময় কমেছে, সবাই চায় দ্রুত, চায় আধুনিকতা। পালকিতে করে বউ আনা এখন অনেকের কাছে সেকেলে মনে হয়।
    ‎
    ‎বেহারারাও আর নেই। যারা একসময় পালকি বইতেন, তারা এখন কেউ রিকশা চালান, কেউ দিনমজুরি করেন, কেউ চলে গেছেন শহরে। পালকি বানানোর দক্ষ কারিগরও আর পাওয়া যায় না। ভালো কাঠ, বাঁশ আর রঙিন কাপড় দিয়ে পালকি বানাতে যে সময় আর খরচ লাগে, তা এখন কেউ দিতে চায় না।
    ‎
    ‎নাসিরনগরের প্রবীণদের সাথে কথা বললেই বোঝা যায়, পালকি তাদের কাছে শুধু একটা বাহন ছিল না, ছিল একটা আবেগের নাম।
    ‎
    ‎এক বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে বলেন, “পালকিতে করে শ্বশুরবাড়ি যাওয়ার দিনটার কথা আমি এখনো ভুলতে পারি না। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, বাবা দূরে দাঁড়িয়ে চোখ মুছছিলেন। পালকি যখন চলতে শুরু করল, মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছে।”
    ‎
    ‎আরেকজন বৃদ্ধ বলেন, “আগে বিয়ে বাড়িতে পালকি না আসলে বিয়েই মনে হতো না। পালকি দেখতে পুরো গ্রামের মানুষ ছুটে আসত। এখন বিয়েতে গাড়ি আসে, কিন্তু সেই আনন্দ আর নেই। গাড়ির হর্নে মন ভরে না, পালকির হুম না হুম না সুরে মন ভরত।”
    ‎
    ‎দুঃখের কথা হলো, নাসিরনগরের নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে বাস্তবে পালকি দেখেইনি। তারা পালকি চেনে শুধু বইয়ের ছবিতে, পুরনো সিনেমায় আর দাদা-দাদির মুখের গল্পে। পালকিতে চড়ে বউ কেমন করে যায়, বেহারারা কেমন করে সুর তুলে হাঁটে, তা তারা জানে না।
    ‎
    ‎একজন স্কুল শিক্ষক বলেন, “আমি ক্লাসে পালকির কথা বললে ছাত্ররা অবাক হয়ে তাকায়। তারা জিজ্ঞেস করে, স্যার, পালকি কী? তখন আমার বুকটা হু হু করে ওঠে।”
    ‎
    ‎পালকি হারিয়ে যাওয়া মানে শুধু একটা বাহন হারিয়ে যাওয়া নয়। হারিয়ে যাওয়া মানে গ্রামবাংলার এক টুকরো সংস্কৃতি হারিয়ে যাওয়া, এক টুকরো মায়া হারিয়ে যাওয়া, এক টুকরো শৈশব হারিয়ে যাওয়া। পালকির সাথে জড়িয়ে ছিল গ্রামের মানুষের মিলন, ভালোবাসা, কান্না আর হাসি। পালকি ছিল গ্রামের মানুষকে একসাথে বেঁধে রাখার একটা সুতো।
    ‎
    ‎সচেতন মহলের মতে, এখনই উদ্যোগ না নিলে পালকি পুরোপুরি হারিয়ে যাবে। গ্রামীণ মেলা, বিয়ের অনুষ্ঠান, স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে পালকিকে আবার তুলে ধরা দরকার। বিয়েতে অন্তত প্রতীকীভাবে হলেও পালকি ব্যবহার করলে নতুন প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
    ‎
    ‎নাসিরনগরের মেঠোপথে আবার কি কখনো শোনা যাবে বেহারাদের সেই চিরচেনা সুর, হুম না হুম না? আবার কি কখনো দেখা যাবে, ফুলে সাজানো লাল পালকিতে চড়ে লাজুক মুখে শ্বশুরবাড়ি যাচ্ছে নতুন বউ? সেই প্রশ্ন এখন প্রতিটি গ্রামবাংলা প্রেমিক মানুষের মনে।

  • আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত

    আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের বিশাল কর্মী সভা অনুষ্ঠিত

    নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল ও প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ এবং তারুণ্যের শক্তিকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

    আজ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং যুবদলের যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম লিটন ও মো. পারভেজ ইকবাল।

    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাসসহ জেলা, উপজেলা ও কেন্দ্রীয় যুবদল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের নানা জুলুম, অত্যাচার, হামলা-মামলা ও দমন-পীড়ন উপেক্ষা করে আত্রাইয়ের যুবদল কর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো লড়াই চালিয়ে গেছেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় যুবসমাজ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে।

    নেতৃবৃন্দ আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বর্তমানে আত্রাইয়ের মাটিতে বিএনপি ও যুবদল আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সদা প্রস্তুত রয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

  • গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

    ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন।

    আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের বিপরীতমুখী সংঘর্ষ হয়। পড়ে একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

    মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

    মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

    গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

    শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বহু যাত্রী আহত হন।

    দুর্ঘটনায় মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

    এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে।

    অন্যদিকে, এ দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • ‘চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ  — নোয়াখালীতে মাওলানা এটিএম মাসুম

    ‘চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ — নোয়াখালীতে মাওলানা এটিএম মাসুম

    কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায়
    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এ টি এম মাসুম
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

    সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসহাক খন্দকার নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়। প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জেলা আমীর ইসহাক খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর ২০২৭-২০২৮ সেশনের জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, “সরকার দেশ পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে, বেকারত্বের সংখ্যা বেড়েছে। গুম, খুন ও ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বেড়েছে। জনগণের মৌলিক চাহিদা পূরণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে তারা এখন অস্বীকার করছে।”

    বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং নবনিযুক্ত জেলা আমীরসহ নতুন শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

  • কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    ‘সত্যের পথে সবার পাশে’—এই স্লোগানকে ধারণ করে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ‘কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কাশিয়ানী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত মধ্য দিয়ে শুরু হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক এনামুল হক শিমুল।

    দৈনিক কালের সমাজ-এর কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মো. সোহান শেখের সভাপতিত্বে এবং কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওমর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিয়ানী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাইজুল ইসলাম টিটন, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী-মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া অসীম, দৈনিক গণমানুষের আওয়াজ-এর কাশিয়ানী উপজেলা প্রতিনিধি এস.এম. জামাল শেখ, শেখ মো. পারভেজ, কাশিয়ানী প্রেসক্লাবের সদস্য আশরাফুজ্জামান, দৈনিক ঘোষণা-এর কাশিয়ানী উপজেলা প্রতিনিধি রাকিব শেখ, চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি তামিম মোল্লা, অগ্রযাত্রা প্রতিদিন-এর উপজেলা প্রতিনিধি মো. রবিন হোসেন, সাফিউল হোসেন পাভেল, মো. শামীম হোসেন ও মো. হাচনাত মোল্লা।

    আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক কালের সমাজ বস্তুনিষ্ঠ, জনমুখী ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে আসছে। ক্ষমতার চেয়ে সত্যকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অধিকার তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

    বক্তারা আরও বলেন, ‘সত্যের পথে সবার পাশে’ কেবল একটি স্লোগান নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার। সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ বজায় রেখে দৈনিক কালের সমাজ আগামী দিনেও গণমানুষের কথা বলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় পত্রিকাটিকে আরও সাহসী ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দৈনিক কালের সমাজ-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

    আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

    গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন।

    অভিযোগে বলা হয়, ওই দিন সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড় এবং সদর উপজেলার কাঠিসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করা হয়। পাশাপাশি কাভার্ড ভ্যান, বাস ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।

    এজাহারে আরও বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

    এছাড়া সোমবার (৯ নভেম্বর) রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে।

    মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই রাতেই শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

    এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

  • নওগাঁর আত্রাইয়ে ব্লাস্ট রোগের হানায় দুশ্চিন্তায় কৃষক, কৃষি অফিসের দাবি ‘ক্ষতির মাত্রা সীমিত

    নওগাঁর আত্রাইয়ে ব্লাস্ট রোগের হানায় দুশ্চিন্তায় কৃষক, কৃষি অফিসের দাবি ‘ক্ষতির মাত্রা সীমিত

    নওগাঁর আত্রাই উপজেলায় আকস্মিকভাবে ধানে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠের শত শত বিঘা জমির ধান এই ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অনেক জমির ধানের শিষ শুকিয়ে চিটা হয়ে যাওয়ায় কৃষকদের চোখের সামনেই নষ্ট হচ্ছে তাঁদের বহু কষ্টের সোনালী ফসল। তবে মাঠপর্যায়ের এই চিত্রের সঙ্গে সরকারি হিসাবের বড় ধরনের ফারাক রয়েছে। উপজেলা কৃষি অফিসের দাবি, এখন পর্যন্ত ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র চার বিঘা। কৃষকদের দাবি ও কৃষি বিভাগের এই পরিসংখ্যান নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে আত্রাই উপজেলায় মোট ৮ হাজার ২৮০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে শুধু সুগন্ধি চিনিআতব ধানের আবাদ হয়েছে ১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। তবে কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ব্লাস্ট রোগে আক্রান্ত জমির পরিমাণ মাত্র ৪ বিঘা। বিপরীতে কৃষকদের দাবি, বাস্তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে বহুগুণ বেশি।

    উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বাবু এবার ১৩ বিঘা জমিতে চিনিআতব ধান চাষ করেছেন। ফসলের বর্তমান অবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানান, ধান চাষে এ পর্যন্ত তাঁর প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালোভাবে ফসল ঘরে তুলতে পারলে প্রায় ৪ লাখ টাকার ধান বিক্রি করা সম্ভব হতো। কিন্তু গত ৬ নভেম্বর হঠাৎ ব্লাস্ট রোগের আক্রমণে তাঁর জমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

    একই এলাকার কৃষক মোহাম্মদ মোজাম্মেল মোল্লা জানান, তিনি ১৮ বিঘা জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘা জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। সময়মতো প্রাথমিক ব্যবস্থা নেওয়ায় ক্ষতির মাত্রা কিছুটা কমানো সম্ভব হলেও তাঁর প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়ে গেছে। একই গ্রামের আরেক কৃষক রুবেল হোসেন ২৫ কাঠা জমিতে চিনিআতব ধান চাষ করেছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, হঠাৎ এই রোগের আক্রমণে ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন ওই জমি থেকে এক থেকে দুই মণের বেশি ধান পাওয়া যাবে কি না সন্দেহ। এতে তাঁর প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

    এদিকে মনিয়ারি ইউনিয়নের মনিয়ারি গ্রামের কৃষক ফারুক জানান, তাঁদের মাঠের ধান যখন পাকার চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়। এতে তাঁর প্রায় এক বিঘা জমির সম্পূর্ণ ফসল নষ্ট হয়েছে। এছাড়া উপজেলার নওদুলী দীঘিরপাড় মাঠের অধিকাংশ জমিতেও ব্লাস্ট রোগের লক্ষণ ছড়িয়ে পড়েছে। কৃষকরা সাধ্যমতো বিভিন্ন বালাইনাশক স্প্রে করেও রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। চোখের পলকে এক সপ্তাহের মধ্যে মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকরা।

    ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকার ধানগাছের পাতা ও শিষে ব্লাস্টের মারাত্মক লক্ষণ দেখা দিলেও মাঠপর্যায়ে প্রকৃত চিত্র সঠিকভাবে নিরূপণ করা হচ্ছে না। নিয়মিত তদারকি ও কার্যকর উদ্যোগের অভাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কৃষি অফিসের প্রাথমিক তথ্যে উঠে আসছে না। এই পরিস্থিতিতে দ্রুত সরেজমিন ক্ষতিগ্রস্ত মাঠগুলো পরিদর্শন করে সঠিক রোগ নির্ণয় এবং কৃষকদের জন্য কার্যকর সুনির্দিষ্ট পরামর্শ ও সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা।

    এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, ‘হঠাৎ আবহাওয়ার পরিবর্তন—বিশেষ করে রাতে কিছুটা ঠান্ডা এবং দিনে অতিরিক্ত গরম অনুভূত হওয়ার কারণে ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এতে আশঙ্কাজনক হারে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অল্প সময়ের মধ্যেই রোগটি নিয়ন্ত্রণে আনতে আমাদের মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

  • কপ৩১ জলবায়ু সম্মেলন শেষ: ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কপ৩১ জলবায়ু সম্মেলন শেষ: ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ৩১) তিন দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট তুরস্কের আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। আন্তালিয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাতে জানা গেছে, ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে ঢাকার পথে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ভোর ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।

    গত ১০ নভেম্বর (মঙ্গলবার) জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন।

    সম্মেলনের মূল কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব দেশীয় পাটজাত পণ্যের প্রদর্শনীও পরিদর্শন করেন। তাঁর এ সফর প্রধানত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব বহন করে।

  • আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন

    আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন

    নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতাধীন ‘পাইপড ওয়াটার স্টেশন’ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাটকালুপাড়া দাখিল মাদরাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেশনটির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পানি এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থার কোনো বিকল্প নেই। ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই উদ্যোগ শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা এখান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার যে অভ্যাস গড়ে তুলবে, তা পরবর্তীতে তাদের পরিবার ও সমাজকেও সচেতন করতে সহায়তা করবে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সোজাউদ্দীন এবং উপজেলা ব্র্যাক কর্মকর্তা। এছাড়াও চকশিমলা দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী বাদলসহ মাদরাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত পাইপড ওয়াটার স্টেশন ও হ্যান্ড ওয়াশিং কর্নার পরিদর্শন করেন এবং এর দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।