Blog

  • ১১০ কোটির টেন্ডার বাণিজ্য: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভাবমূর্তি কি সংকটে?

    ১১০ কোটির টেন্ডার বাণিজ্য: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভাবমূর্তি কি সংকটে?

    সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি।

    ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে। অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না?

    ২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে।

    বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

    বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক, মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।

    অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ।

    অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে।

    অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

    ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

    শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা।

    ২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

    তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি।

    নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা।

    অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।

    প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

    শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।

    অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন।

    সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে।

    শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে।

    ২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি ‘সচেতন নাগরিক’-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

    এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন।

    এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি।

    দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে।

    একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

    এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক।
    বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে?

    একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

    কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়।

    এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।

  • বগুড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ ব্যাগ ভর্তি মাদকের চালান আটক, গ্রেফতার ১

    বগুড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ ব্যাগ ভর্তি মাদকের চালান আটক, গ্রেফতার ১

    বগুড়ায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে স্কুলব্যাগে লুকিয়ে পাচারের সময় ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরে অবস্থিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

    গ্রেফতার ব্যক্তির নাম মো. ইশরার হোসেন পাপ্পু (৪২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা) এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।

    ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল নিশ্চিত হয় যে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাসে বড় ধরনের ইয়াবার চালান বহন করা হচ্ছে। সংবাদের সত্যতা পেয়ে ডিএনসির টিম মহাসড়কে অবস্থান নেয় এবং ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি নৈশকোচে তল্লাশি চালায়। এ সময় বাসের টিকিট ছাড়া সফর করা যাত্রী পাপ্পুর আচরণ সন্দেহজনক মনে হলে তার স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করে ব্যাগটির ভেতর থেকে ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এই চক্রের পেছনে অন্য কারোর হাত রয়েছে কি না, তা বের করতে তদন্ত চলছে

  • ৪৪ বছর বয়সেও থামছেন না জেমস অ্যান্ডারসন: নতুন ঠিকানা সারেতে কিংবদন্তি পেসার

    ৪৪ বছর বয়সেও থামছেন না জেমস অ্যান্ডারসন: নতুন ঠিকানা সারেতে কিংবদন্তি পেসার

    বয়স কেবলই একটি সংখ্যা—এই প্রবাদটি যেন আবারও সত্য প্রমাণ করলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সেও পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। কাউন্টি ক্রিকেটের নতুন মৌসুমে তাকে দেখা যাবে সারে ক্লাবের জার্সিতে।

    ২০২৭ মৌসুমকে সামনে রেখে দ্য ওভালভিত্তিক ক্লাব সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ এই উইকেটশিকারি। দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে গত মাসেই ল্যাঙ্কাশায়ার ছাড়েন অ্যান্ডারসন। ২০০১ সালে ওই ক্লাবের হয়েই তার পেশাদার ক্রিকেটের পথচলা শুরু হয়েছিল। ল্যাঙ্কাশায়ার নতুন করে চুক্তির প্রস্তাব না দেওয়ায় অনেক কাউন্টি ক্লাব তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছিল, যার মধ্যে শেষ পর্যন্ত সারেকেই বেছে নিলেন এই অভিজ্ঞ পেসার।

    নতুন এই চুক্তির পর অ্যান্ডারসন নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, একটি পর্যায়ে তার মনে হয়েছিল হয়তো তার ক্রিকেট অধ্যায় এখানেই শেষ। তবে সারেতে নতুন সুযোগ পাওয়ায় তিনি দারুণ আনন্দিত ও রোমাঞ্চিত।

    টেস্ট ক্যারিয়ার: ইংল্যান্ডের হয়ে ১৮৮টি টেস্ট ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসের সার্বিক তালিকায় তার অবস্থান তৃতীয় হলেও পেসারদের মধ্যে তিনিই সবার শীর্ষে।

    আন্তর্জাতিক ক্রিকেট: সব ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ৯৯১টি, যা ইংল্যান্ডের ক্রিকেটে সর্বোচ্চ এবং পেসারদের মধ্যেও একটি অনন্য রেকর্ড।

    সাম্প্রতিক পারফরম্যান্স: ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি দলটির অধিনায়কের দায়িত্বও সফলভাবে পালন করেছিলেন এই পেসার।

  • আদেশ অমান্যের অভিযোগ: তেজগাঁও সিএসডিতে বহাল তবিয়তে খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম!

    আদেশ অমান্যের অভিযোগ: তেজগাঁও সিএসডিতে বহাল তবিয়তে খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম!

    ​সংযুক্তির আদেশ বাতিল হওয়ার পরও পূর্বের কর্মস্থলে যোগদান না করে বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। প্রশাসনিক আদেশ অমান্য করে এমন কার্যক্রমে এলাকায় ও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
    ​জানা যায়, গত ৫ নভেম্বর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর সংযুক্তি বাতিল করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন জামুর্কি টিপিসি থেকে তিনি তেজগাঁও সিএসডিতে সংযুক্তিতে কর্মরত ছিলেন। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বদলি ও পদায়ন নীতিমালা-২০১৯ (সংশোধিত-২০২২)-এর অনুচ্ছেদ ৩ অনুযায়ী তাঁকে অবিলম্বে মূল কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই আদেশে সংযুক্ত বাতিলের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
    ​তদবির ও অনিয়মের অভিযোগ:
    অভিযোগ রয়েছে, সরকারি আদেশ পাওয়ার পরও মির্জাপুরে যোগদান না করে তিনি তেজগাঁও সিএসডিতেই বহাল থাকার জন্য বিভিন্ন মহলে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এমনকি বিষয়টি নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়েও তাঁর দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

    একটি প্রশাসনিক আদেশ অমান্য করে একজন অভিযুক্ত কর্মকর্তা কীভাবে বহাল তবিয়তে দাপ্তরিক দায়িত্ব পালন করে যাচ্ছেন—তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। অবিলম্বে এই আদেশ কার্যকর করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে তীব্র সহিংসতা: ১৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

    নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে তীব্র সহিংসতা: ১৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

    নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা এই মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

    গত বুধবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। তিনি জানান, নাশকতার অভিযোগে ইতোমধ্যে ৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচীকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লগি-বৈঠা, ঢাল ও সড়কিতে সজ্জিত হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে মহড়া এবং বিক্ষোভ মিছিল বের করে।

    জনভোগান্তি ও যান চলাচল অচল করতে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে সড়ক কেটে ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এ ছাড়া কর্মসূচির আগের দিন গত ৯ নভেম্বর (সোমবার) রাতে জনমনে আতঙ্ক ছড়াতে শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি কাভার্ড ভ্যানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

    আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য অনুযায়ী, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক শান্তি বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ মামলার সঙ্গে জড়িত বাকি আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

    ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

    দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল বঙ্গভবন পরিদর্শনে গেলে তিনি এই দিকনির্দেশনা দেন।

    ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় এটি ছিল দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের বঙ্গভবন সফর। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে আসা এই দলে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক অংশ নেন, যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত ছিলেন।

    শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজ নিজ কর্মস্থলে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবসময় ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণের কথা ভাবতে হবে।

    সফরের মূল উদ্দেশ্য সম্পর্কে রাষ্ট্রপতি জানান, শিক্ষার্থীদের দেশপ্রেমের পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে ধারণা দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করতে পারবে।

    পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। সুদূর রাঙামাটি থেকে আসা এই প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি ভবিষ্যতে সময় ও সুযোগ পেলে রাঙামাটি সফরের আগ্রহও প্রকাশ করেন।

    বাসসের পাঠানো তথ্যে জানানো হয়, অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ৭৫ বছর বয়সেও দুর্দান্ত উদ্ভাস! ভাতিজা অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন রজনীকান্ত

    ৭৫ বছর বয়সেও দুর্দান্ত উদ্ভাস! ভাতিজা অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন রজনীকান্ত

    সিনেমার পর্দা হোক কিংবা বাস্তব জীবন—থালাইভা রজনীকান্তের স্টাইল আর ক্যারিশমা সব সময়ই ভক্তদের মুগ্ধ করে। সম্প্রতি গ্রিসে অনুষ্ঠিত ভাতিজা তথা জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিবাহোৎসবে নিজের উদ্দাম নাচে চারপাশ মাতিয়ে তুলেছেন এই দক্ষিণী সুপারস্টার। ৭৫ বছর বয়সেও তাঁর এমন প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে।

    গত ১১ নভেম্বর গ্রিসে সান গ্রুপের উত্তরাধিকারী কাব্য মারানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ। ১০ নভেম্বর ঐতিহ্যবাহী তামিল বাগদান পর্ব ‘নিশ্চয়তার্থম’ দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন রজনীকান্ত ও তাঁর স্ত্রী লতা রজনীকান্ত।

    ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, নবদম্পতি অনিরুদ্ধ ও কাব্যের পাশে দাঁড়িয়ে কোমর দুলিয়েছেন রজনীকান্ত। মজার বিষয় হলো, তিনি নাচেন তাঁরই অভিনীত ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা ‘ভেত্তাইয়ান’-এর জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’-এর তালে, যার সুরকার স্বয়ং বর অনিরুদ্ধ নিজেই! অর্থাৎ, বরের নিজের সুর করা গানেই বিয়ের আসরে নেচে ওঠেন রজনীকান্ত।

    ঘরোয়া আয়োজনে বিয়েটি সম্পন্ন হলেও এতে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মতো বিশিষ্ট অতিথিরা। বিয়ের পর সামাজিক মাধ্যমে প্রথম ছবি শেয়ার করে অনিরুদ্ধ ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনে একবারই আসা, সারা জীবনের জন্য ১১.১১।”

    পারিবারিক সূত্রে রজনীকান্তের শ্যালক রবি রাঘবেন্দ্রের ছেলে হলেন অনিরুদ্ধ। সম্পর্কে ভাতিজা হলেও দুজনের মধ্যকার গভীর বন্ধুত্বের কারণে এই পারিবারিক আয়োজনটি রূপ নেয় এক অবিস্মরণীয় উৎসবে।

  • অগ্নিসংযোগের অভিযোগ বনাম শর্টসার্কিটের দাবি: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে বাহাস

    অগ্নিসংযোগের অভিযোগ বনাম শর্টসার্কিটের দাবি: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে বাহাস

    কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পরিত্যক্ত গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও আলোচনার সৃষ্টি হয়।

    গত বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নুসরাত তাবাসসুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় দাবি করেন, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেট্রল বোমা নিক্ষেপ করে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের অধিবেশনে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “ঘটনার পরপরই ফরেনসিক দলের পরিদর্শন ব্যতিরেকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কীভাবে দাবি করেন যে পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি? এমপি-র বাড়িতে আক্রমণের পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যায় কিনা?”

    বিরোধী দলের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি জানান:

    বাড়ির অবস্থা: অগ্নিকাণ্ডের শিকার বাড়িটি মূলত পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘটনার সময় নুসরাতের বাবা-মা অন্য একটি বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িটিতে কেবল কিছু গৃহস্থালি জিনিসপত্র এবং দুটি ছাগল ছিল।

    যৌথ তদন্ত: এটি হামলা না দুর্ঘটনা, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন মিলে একটি যৌথ তদন্ত পরিচালনা করছে।

    প্রাথমিক পর্যবেক্ষণ: মন্ত্রী উল্লেখ করেন যে, প্রথমিক তদন্ত অনুযায়ী সেখানে পেট্রল বোমা বা ককটেল বিস্ফোরণের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পুরাতন বৈদ্যুতিক তার ও ওয়্যারিংয়ের কারণে শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    যৌথ তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে।

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

    শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট জগতের সরাসরি সেতুবন্ধন তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন খাতের ৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

    উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)’র উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খুলনার খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

    এছাড়াও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ জাহিদ আলী বেরুনী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ওহিদুল ইসলাম, মেনকো ফার্মা লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস ও প্ল্যান্ট) মো. আমিনুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, নগদ লিমিটেডের প্রধান (ইউটিলিটি, শিক্ষা ও সরকারি পেমেন্ট) মো. গোলাম মুর্তজা মিলু এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালকের (মানবসম্পদ ও প্রশাসন) প্রতিনিধি।

    বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার তাগিদ দিয়ে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান পুঁজিবাজারের সঙ্গে তালমিলিয়ে উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই।

    অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন তিনি।

    শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। তার মতে, গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রেখে গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান। আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

    এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও বলেন তিনি।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কনফারেন্সে যোগ দেওয়ায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
    তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, ক্লাসরুম সংকট এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষক সংকটও রয়েছে। আমরা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দিতে পারি না। মাত্র ৫০ কোটি টাকা অর্থায়ন পেলে ল্যাব সংকট সমাধান হতো। এছাড়াও শিক্ষক সংকট দূরীকরণে ইউজিসির সদয় দৃষ্টি কামনা করেন তিনি।

    তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের যেমন চলনে বলনে, বসনে ভূষণে চাকরির বাজারের উপযোগী হয়ে উঠতে হবে, তেমনই শিক্ষকদের সততার সঙ্গে পাঠদানের পাশাপাশি ভালো গবেষক হতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেকারণে শিক্ষকরা সময় মতো ক্লাসে যাবেন, পড়াবেন, রেজাল্ট দেবেন। যাতে আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা অজর্ন করে কর্মজীবনে প্রবেশ করতে পারে।

    সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন।

    অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে আমন্ত্রিত অতিথিদের সামনে বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে এসিএসএস জিএসটিইউ চ্যাপ্টার।

    কনফারেন্সের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাজান জানান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

    মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

    বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) মুচনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুচনা গ্রাম থেকে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ আহমেদ, মুচনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদ শেখ, বিএনপি নেতা আহাদ মুন্সীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    মুচনা ইউনিয়নের সমাজসেবা কর্মী আসাদ শেখের তত্ত্বাবধানে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ছয়জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ জরিপ কার্যক্রমের মাধ্যমে মুচনা ইউনিয়নের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।