Blog

  • যুক্তরাষ্ট্র-চীন দ্বিপাক্ষিক বৈঠকে মানবাধিকার উপেক্ষিত হওয়ায় তিব্বতি নেতার হতাশা

    যুক্তরাষ্ট্র-চীন দ্বিপাক্ষিক বৈঠকে মানবাধিকার উপেক্ষিত হওয়ায় তিব্বতি নেতার হতাশা

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও নিরাপত্তাকে প্রাধান্য দিলেও মানবাধিকার ও তিব্বত ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হতাশা ব্যক্ত করেন।

    বাণিজ্যের ওপর অতিরিক্ত জোর: সেরিংয়ের মতে, পশ্চিমা দেশগুলো বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় মানবাধিকারের বিষয়টি চাপা পড়ে যাচ্ছে, যা চীনকে আরও শক্তিশালী করে তুলছে।

    মার্কিন সমর্থন অব্যাহত: ট্রাম্প প্রশাসনের আমলে তিব্বতের প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় সমর্থন অপরিবর্তিত থাকলেও, শীর্ষপর্যায়ের আলোচনায় তিব্বত বা মানবাধিকারের প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হচ্ছে।

    আসন্ন শীর্ষ সম্মেলন: আগামী সপ্তাহে এপেক সম্মেলন এবং পরবর্তী মাসে ফ্লোরিডার জি-২০ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিব্বত ইস্যু স্থান পাওয়ার সম্ভাবনা দেখছেন না নির্বাসিত তিব্বতি এই নেতা।

    সাংস্কৃতিক পরিচয়ের সংকট: চীনের ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি’ নীতির কঠোর সমালোচনা করে সেরিং জানান, এসব নীতির মাধ্যমে তিব্বতিদের ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে দুর্বল করার চেষ্টা চলছে, অথচ আন্তর্জাতিক মহল থেকে এর জোরালো কোনো প্রতিবাদ আসছে না।

    অন্যদিকে, চীন তিব্বতের নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয় না। বেইজিংয়ের দাবি, ১৯৫০ সালে নিয়ন্ত্রণের পর থেকে তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়নে এবং সামন্ততান্ত্রিক প্রথার অবসান ঘটিয়ে অঞ্চলটিকে এগিয়ে নিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    সম্পর্কিত আরও খবর পড়তে দেখতে পারেন: চীনের সঙ্গে ট্রাম্পের আলোচনায় ঠাঁই হয়নি মানবাধিকারের, তিব্বতি নেতার আক্ষেপ অথবা রয়টার্সের প্রতিবেদন।

  • গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ  বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

    গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

    গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রতিভা উন্নয়নের জন্য এ কর্মশালার আয়োজন করা হয় ।

    আজ শনিবার (১৪ নভেম্বর) প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখায় সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এতে ফরিদপুর শাখা, বরিশাল বি.এম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা ও গোপালগঞ্জ শাখার ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

    কর্মশালায় ব্যাংকের ব্যাংকের ডিএমডি নিয়ামত উদ্দিন আহমেদ, ভিপি সাদিয়া মবিন হান্নান, এসএভিপি মোহাম্মদ আরাফাত রায়হান, এভিপি মাহমুদ হাসান, এসএভিপি মোঃ বদিউজ্জামান প্রমূখ এ প্রশিক্ষক হিসেবে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

    বক্তরা তাদের বক্তব্যে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। শেখান কৌশল ।

    প্রশিক্ষকরা এ প্রশিক্ষনে অর্জিত জ্ঞান কর্মজীবনে চর্চার আহবান জানান।

  • ছাতকে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার, আদালতে প্রেরণ

    ছাতকে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওয়াহিদ গ্রেফতার, আদালতে প্রেরণ

    সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেফতারকৃত ওয়াহিদ কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়া ও সুফিয়া বেগম দম্পতির সন্তান।

    থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মিফতা উদ্দিন ওয়াহিদের বিরুদ্ধে ছাতক থানায় দুটি নিয়মিত মামলা রয়েছে:

    প্রথম মামলা: ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা এই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    দ্বিতীয় মামলা: ২০২৬ সালের ৯ আগস্ট দায়েরকৃত অপর মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

    ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ইন্দো-প্যাসিফিক থেকে আটলান্টিক: বিশ্বমঞ্চে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ভারতীয় নৌবাহিনী

    ইন্দো-প্যাসিফিক থেকে আটলান্টিক: বিশ্বমঞ্চে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ভারতীয় নৌবাহিনী

    আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চলতি বছরজুড়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে আটলান্টিক ও ভূমধ্যসাগর পর্যন্ত বিভিন্ন বহুজাতিক ও দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় অংশ নিয়ে ভারত মহাসাগরের সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় নিজেদের জোরালো প্রস্তুতি ও সামর্থ্যের জানান দিয়েছে দেশটি।

    চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকেই বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ধারাবাহিক যৌথ সামরিক কার্যক্রম পরিচালনা করে আসছে ভারতীয় নৌবাহিনী। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

    মিয়ানমারের সঙ্গে যৌথ টহল ও চেন্নাইয়ে মানবিক সহায়তা বিষয়ক মহড়া ‘রাহাত মিত্র’।

    শ্রীলঙ্কার সঙ্গে ১৩তম নৌ-মহড়া ‘স্লিনেক্স’ এবং বিমসটেকের প্রথম সামুদ্রিক নিরাপত্তা মহড়া।

    বর্তমানে বিশাখাপত্তনমে চলমান ভারত-মিয়ানমারের অষ্টম যৌথ নৌ-মহড়া ‘আইএমএনইএক্স-২৬’।

    মালয়েশিয়ার লুমুটে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে ‘সমুদ্র লক্ষ্মণ’ মহড়ায় আইএনএস মহীশূরের অংশগ্রহণ।

    ফিলিপাইনের সুবিক উপসাগরে আইএনএস সহ্যাদ্রি ও আইএনএস কুলিশের নিরাপত্তা মহড়া এবং অক্টোবরে বিশাখাপত্তনমে সিঙ্গাপুরের সঙ্গে ‘সিমবেক্স’ মহড়া।

    এশিয়া ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গেও যৌথ মহড়ায় অংশ নিয়েছে ভারতের যুদ্ধজাহাজগুলো:

    রাশিয়া ও পূর্ব এশিয়া: ভ্লাদিভোস্তকে রুশ নৌবাহিনীর সঙ্গে ‘ইন্দ্র’ মহড়া, দক্ষিণ কোরিয়ার বুসানে দ্বিপাক্ষিক মহড়া এবং জাপানের ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে মর্যাদাপূর্ণ ‘মালাবার’ মহড়া।

    ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল: আইএনএস ত্রিশূলের মাধ্যমে মিসরের আলেকজান্দ্রিয়ায় নৌ-মহড়া, ফ্রান্সের তুলনে ‘ভারুনা’, যুক্তরাজ্যের প্লাইমাউথে রয়্যাল নেভির সঙ্গে ‘কোঙ্কন’ মহড়া এবং স্পেনের ভ্যালেন্সিয়া বন্দর ও ওমানের সঙ্গে ‘নাসিম আল বাহর’ মহড়ায় অংশ নেওয়া।

    আফ্রিকা ও অন্যান্য অঞ্চল: কেনিয়ার মোম্বাসায় আইএনএস তারকাশের মহড়া এবং দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউনে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিপক্ষীয় ‘আইবিএসএমআর’ মহড়ায় অংশ নেওয়া। এ ছাড়া ইতালির লিভোর্নো বন্দর পরিদর্শন করেছে ভারতের প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী।

    এই ধরনের বহুমুখী সামরিক কার্যক্রমের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সমুদ্রে তল্লাশি অভিযান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়মিতভাবে বিনিময় করছে ভারতীয় নৌবাহিনী।

  • রাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকরা বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    রাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকরা বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    অতীতে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক যোগ্য ও মেধাবী চিকিৎসক তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি, যা বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায় না। দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চিকিৎসকরা আন্তর্জাতিক মানের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই; বরং তাদের নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। তবে দেশের বিশাল জনগোষ্ঠীর তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপ্রতুল বলে তিনি মন্তব্য করেন।

  • খাগড়াছড়ির রামগড় সীমান্তে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

    খাগড়াছড়ির রামগড় সীমান্তে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

    খাগড়াছড়ির রামগড় সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার ফেনী নদী থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) সাবেক সদস্য ছিলেন।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন অংথেপ্রু মারমা। রাতেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি স্থানীয় বিওপি বিজিবিকে জানানো হয়।

    পরদিন শনিবার ভোরে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা আবারও খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে তার ঘাসের বস্তা এবং পরবর্তীতে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। নিহতের কপাল ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তার ছেলে থৈ অংগ্য মারমা।

    খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহতের কপাল ও নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী

    বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের পথ সুগম করতে চলতি ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    সেশনজট নিরসন: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের সেশনজট দূর করতে সরকার এবং সংশ্লিষ্ট মহল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    শিক্ষার মানোন্নয়ন: আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর।

    গবেষণা ও বিনিয়োগ: দেশের ধারাবাহিক উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে গবেষণার ওপর বিশেষ জোর দিয়ে তিনি জানান যে সরকার বিজ্ঞান এবং কৃষিখাতে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে।

  • গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত

    “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষে আজ শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম তারেক সুলতান।
    বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রিহাব ইনাম, ডায়াবেটিক সমিতি হাসপাতালের পরিচালনা পর্যাদের সদস্য আলহাজ্ব মো: মোশাররফ হোসেন ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য জাকির হোসেন উকিল।

    ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আজীবন সদস্য ডা. অসিত মল্লিক, ডা. আরিফুর রহমান, আব্দুল মান্নান, আল-আমীন চৌধূরী, সাইফুল ইসলাম, আলীউজ্জামান মিন্টু, ফারজানা ইসলাম তন্বী সহ অরো অনেকে বক্তব্য রাখেন।

    আলোচনা সভার শুরুতে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. কাজী রবিউল ইসলাম।
    বক্তারা বলেন, পরিবর্তনশীল জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

    ডায়াবেটিসকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে তাঁরা বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

    বক্তারা আরো বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

    এতে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা মতদেন ।

  • প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেটে লোপাট আজিমপুর আবাসন প্রকল্পের ২০০ কোটি টাকা

    প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেটে লোপাট আজিমপুর আবাসন প্রকল্পের ২০০ কোটি টাকা

    রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বহুতল আবাসন প্রকল্পে বিভিন্ন সময়ে নানা পর্যায়ে ব্যয় বাড়িয়ে দুই শতাধিক কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। আজিমপুর গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পে কেবল কন্টিনজেন্সি খাত থেকেই অর্ধশতাধিক কোটি টাকা লোপাটের তথ্য-প্রমাণ মিলেছে। অভিযুক্ত এই প্রকৌশলী বর্তমানে লোকচক্ষুর আড়ালে থাকতে ঢাকা ছেড়ে সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি বর্তমান গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুরকে নিজের আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে এবং খোলস পাল্টে জাতীয়তাবাদের স্লোগান তুলে নব্য বিএনপি সাজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    প্রকল্পের শুরু থেকেই অনিয়ম ও ঘুষের সিন্ডিকেট: অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটির সূচনালগ্ন থেকেই সাবেক নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। প্রকল্পের কাজের দরপত্র বা টেন্ডার সম্পন্ন হওয়ার পর বিভিন্ন অনিয়মের কারণে সে সময় একটি মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু সরকারি নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে অর্ধযুগেরও বেশি সময় ধরে এই ডিভিশনের দায়িত্বে থেকে তিনি নিজস্ব বলয়ের একটি লুটপাট সিন্ডিকেট গড়ে তোলেন। ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১২ শতাংশ হারে ঘুষ আদায়ের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও ঘুষ-বাণিজ্য চালানোর কারণে প্রকল্প শুরুর বছরখানেক পরই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন। তবে তৎকালীন গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে নিবিড় সখ্যের সুবাদে শাস্তির পরিবর্তে তিনি পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন বলে সংশ্লিষ্টরা জানান।

    রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলি ও হত্যা মামলার আসামি: ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকৌশলী ইলিয়াস আহমেদ নিজের ইচ্ছায় অর্থ খরচ করে সিলেটে বদলি হয়ে যান। শিক্ষার্থীদের আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা ও দলীয় ঠিকাদারদের অর্থের জোগান দেওয়ার অভিযোগে দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে। হত্যা মামলা মাথায় নিয়েই বর্তমানে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

    বেনামি ঠিকাদারি ও নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে হরিলুট: প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আজিমপুর ডিভিশনের দায়িত্ব নেওয়ার পর ইলিয়াস আহমেদ প্রথম পর্যায়ের ভবন নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের প্রজেক্ট প্রোফাইল তৈরি এবং সংশোধিত ডিপিপির (আরডিপিপি) বিভিন্ন পর্যায়ের কাজে যুক্ত থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত লুটপাটের নীলনকশা বাস্তবায়ন করেন। ওই বছরের নভেম্বরে তার পদোন্নতি হলেও আরও বেশি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে তিন মাস পর দায়িত্ব হস্তান্তর করেন এবং এই সময়ে পেছনের তারিখ দিয়ে অসংখ্য ফাইলে স্বাক্ষর করে অনিয়ম ঢাকার চেষ্টা চালান।

    সাড়ে ছয় বছরের দায়িত্বকালে তিনি অযোগ্য ঠিকাদারদের কাজ দিয়ে এবং নিজে বেনামি ঠিকাদারি ব্যবসা করে দুই শতাধিক কোটি টাকা হাতিয়ে নেন। এ সময় মুস্তাফিজ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে প্রকল্পের অসংখ্য কাজ দেওয়ার পাশাপাশি বার্ষিক ক্রয় পরিকল্পনার (এপিপি) বহু কাজ করিয়ে বরাদ্দের বড় অংশ নিজেই আত্মসাৎ করেন। একইভাবে স্যুয়ারেজ ট্রিটমেন্টের কাজগুলো কেবল ইকবাল ট্রেডিং করপোরেশনকে দিয়ে করানোর ফলে প্ল্যান্টে নানা ভৌত ও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ ছাড়া পদ্মা অ্যাসোসিয়েট, নুরানী কনস্ট্রাকশন, বঙ্গ বিল্ডার্স, জননী এন্টারপ্রাইজ, তনিমা এন্টারপ্রাইজ ও আব্দুল্লাহ এন্টারপ্রাইজের নামে বিভিন্ন কাজ পাইয়ে দিয়ে তিনি মোটা অঙ্কের কমিশন বাগিয়ে নেন। প্রকল্পের ইটিপি, অভ্যন্তরীণ আরসিসি সড়ক, অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ, সাব-স্টেশন ও জেনারেটর বিল্ডিং, সার্ভিস এরিয়ার সীমানা প্রাচীর, খেলার মাঠ, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, পুকুর ও জলাধার নির্মাণেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। পাশাপাশি ডিভিশনে কর্মরত থাকাকালে হিসাব শাখার এক নারী কর্মচারীকে ঘিরেও তার বিরুদ্ধে ঠিকাদারদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    ঢাকাকেন্দ্রিক দীর্ঘ চাকরিজীবন ও ‘ম্যানেজ মাস্টার’ পরিচিতি: প্রকৌশলী ইলিয়াস তার চাকরিজীবনের প্রায় পুরো সময়টাই ঘুরেফিরে ঢাকায় কাটিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির নেতা মৃণাল কান্তিকে ম্যানেজ করে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) হিসেবে সবচেয়ে আকর্ষণীয় পদ রমনা গণপূর্ত বিভাগ-১-এ পদায়ন বাগিয়ে নেন। সেখানে প্রায় চার বছর দায়িত্ব পালনকালে নিজের ভাইসহ আত্মীয়-স্বজনের নামে ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বেনামে ব্যবসার মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট করেন। পরবর্তীতে লুটপাটের অর্থ বিনিয়োগ করে সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদকে ম্যানেজ করে পদোন্নতিসহ মহাখালী গণপূর্ত বিভাগে এবং সেখান থেকে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ-২-এ বদলি হন।

    বেপরোয়া অনিয়মের কারণে পরবর্তী প্রধান প্রকৌশলী তাকে নড়াইলে বদলি করলেও মাত্র এক বছরের মাথায় তিনি পুনরায় ২ নম্বর বিভাগে ফিরে আসেন। তবে ব্যাপক দুর্নীতির অভিযোগে এসএসএফ প্রধানের আপত্তির মুখে সেখান থেকে সরে গিয়ে প্রধান প্রকৌশলী রফিককে ম্যানেজ করে এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের সুপারিশে আজিমপুরে বদলি হন। আজিমপুরে থাকাকালীন মাঝখানে পদোন্নতির সুযোগ এলেও অবৈধ আয়ের লোভে তিনি পদোন্নতি বিলম্বিত করেন। অবশেষে আওয়ামী লীগের শেষ মেয়াদে পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি নিয়ে ১ নম্বর সার্কেলে বসেন। ‘ম্যানেজ মাস্টার’ হিসেবে পরিচিত এই প্রকৌশলী ওই পদে বসার ছয় মাস না যেতেই ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন ঘটলে প্রশাসন তাকে সিলেটে বদলি করতে বাধ্য হয়।

    সংশোধিত ডিপিপিতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি ও গরমিল: সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পের শুরু থেকেই আইনের তোয়াক্কা না করে ইচ্ছেমতো ব্যয় ধরা হয়েছে এবং সংশোধিত ডিপিপিতে তা দুই থেকে তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। কোথাও কোন কোম্পানির কী পরিমাণ উপকরণ ব্যবহৃত হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করেই এবং কিছু ক্ষেত্রে কাজের পরিধি কমিয়েও অর্থ সমন্বয় করা হয়নি।

    হিসাব অনুযায়ী, প্রথমে ৬৫ হাজার ৪৪৫ ঘনমিটার ভূমি উন্নয়নের জন্য ৪ কোটি ১৫ লাখ টাকা ধরা হলেও সংশোধনের পর বাড়তি ৪ হাজার ৮৩৫ ঘনমিটারের জন্য আরও ১ কোটি টাকা ধরা হয়; এতে প্রতি ঘনমিটার মাটি উন্নয়নের খরচ ৬৩৫ টাকা থেকে ১ হাজার ৪১৫ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকায় দাঁড়ায়। ৪ হাজার মিটার সীমানা প্রাচীর ও অরনামেন্টাল গেটের ব্যয় ৯ কোটি ৪৭ লাখ টাকা থেকে ৩৭ লাখ টাকা বাড়িয়ে ৯ কোটি ৮৪ লাখ টাকা করা হয়েছে, যেখানে মিটারপ্রতি খরচ ৯২৫ টাকা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬০০ টাকা। ১৫ হাজার বর্গমিটার জলাশয় উন্নয়ন ও আধুনিকীকরণের নামে বর্গমিটারপ্রতি ৪ হাজার টাকা হিসাবে মোট ৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যেখানে আয়তনও বাড়িয়ে দেখানো হয়েছে। ৬ লাখ ৫০ হাজার গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ অগ্নিনির্বাপক জলাধারের ব্যয় ৫ কোটি ৯৮ লাখ টাকা থেকে প্রায় ২ কোটি টাকা বাড়িয়ে ৭ কোটি ৬ লাখ টাকা করা হয়েছে, যা প্রতি গ্যালনে ১০৮ টাকা পড়ে।

    এ ছাড়া গভীর নলকূপ, জলাধার ও বৃক্ষরোপণে প্রায় ১৭ কোটি টাকা (যার মধ্যে ডিস্ট্রিবিউশন লাইনসহ ৪টি গভীর নলকূপে ৬ কোটি এবং আরবরিকালচার ও প্লেগ্রাউন্ড উন্নয়নে ৪ কোটি টাকা), মাটি পরীক্ষা ও ডিজিটাল সার্ভেতে ৫৫ লাখ টাকা এবং আরসিসি রাস্তা, পার্কিং, ফুটপাত ওয়াকওয়ে ও ডাস্টবিন নির্মাণে ২২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভবনগুলোর বেসমেন্ট, নিচতলা ও সারফেস পার্কিং পর্যাপ্ত না হওয়ায় ১২ তলাবিশিষ্ট একটি মেকানিক্যাল কার পার্কিং নির্মাণের কথা বলা হয়। সেখানে ২৮৮টি গাড়ি রাখার কথা থাকলেও বাস্তবে ২৪০টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে; এতে প্রায় ১১ কোটি টাকা কম খরচ হলেও তা উদ্বৃত্ত বা সমন্বয় হিসেবে দেখানো হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছিল।

    অবকাঠামো ও যন্ত্রপাতি ক্রয়ে বিশাল অঙ্কের বরাদ্দ: ডিপিপির তথ্যমতে, ১ হাজার ৮০০ বর্গফুটের ২২৮টি ফ্ল্যাটের জন্য ২০ তলাবিশিষ্ট ৩টি ভবন নির্মাণে ৩০৮ কোটি ৩১ লাখ টাকা, ১ হাজার ৫০০ বর্গফুটের ৬০৮টি ফ্ল্যাটের জন্য ২০ তলাবিশিষ্ট ৮টি ভবন নির্মাণে ৭২০ কোটি ৭১ লাখ টাকা এবং ১ হাজার ২৫০ বর্গফুটের ৩০৪টি ফ্ল্যাটের জন্য ৪টি ভবন নির্মাণে ৩২৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মাল্টিপারপাস ভবন, ৫টি ক্লাব হাউস, ২টি গণপূর্ত সার্ভিস মেইনটেন্যান্স ভবন ও কার পার্কিং ভবনসহ ইউটিলিটি ভবনগুলোর মূল ব্যয় ১০৬ কোটি ৯০ লাখ টাকা থেকে ২২ কোটি টাকা বাড়িয়ে ১২৮ কোটি ৮৮ লাখ টাকা করা হয়েছে। মসজিদসহ ধর্মীয় স্থান ও উপাসনালয় নির্মাণে ৫ কোটি ৯৫ লাখ টাকা, ডেসকো-ডিপিডিসির চার্জ ৮ কোটি ৫০ লাখ টাকা, ওয়াসা সংযোগ চার্জ ২ কোটি ৬০ লাখ টাকা এবং আধুনিক ভবন নির্মাণের অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণ বাবদ ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

    যন্ত্রপাতি ও অন্যান্য খাতে ১৭টি সাব-স্টেশন যন্ত্রপাতি, এইচটি ক্যাবল ও ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ডে ৫৩ কোটি টাকা, ফুয়েলসহ ১৭টি ডিজেল জেনারেটরে ৬ কোটি ৯৪ লাখ টাকা, লিফটে ৬১ কোটি ৫১ লাখ টাকা এবং পাম্প মোটর সেটে ৫ কোটি ২৫ লাখ টাকা ধরা হয়েছে। মূল ডিপিপি থেকে প্রায় ১ কোটি টাকা বাড়িয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ফায়ার রেটেড ডোরে ২৭ কোটি ৩৪ লাখ টাকা, সৌরবিদ্যুতে (৫৪০ কিলোওয়াট) প্রায় ১ কোটি বাড়িয়ে ৭ কোটি ৭৫ লাখ টাকা, কম্পাউন্ড ও গেট লাইটসহ পানির হিটারে ৮ কোটি ৬১ লাখ টাকা, বেসমেন্টের কৃত্রিম ভেন্টিলেশন ও এয়ারকুলারে ৮ কোটি বাড়িয়ে ১৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সিসিটিভিতে প্রায় ২ কোটি বাড়িয়ে ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এসব সামগ্রী কোথায় কী পরিমাণে বসানো হবে তা নির্দিষ্ট করা হয়নি।

    এ ছাড়া পিএবিএক্স সিস্টেম ও ইন্টারকমসহ অন্যান্য ডিভাইসে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা এবং যানবাহন খাতে ১টি পাজেরো জিপ ৯৫ লাখ, ২টি ডাবল কেবিন পিকআপ ৫৫ লাখ, ১টি প্রাইভেটকার ৩০ লাখ ও ২টি মোটরসাইকেল ৪ লাখ টাকাসহ মোট ২ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। এর বাইরে গাড়ির নিবন্ধনে ১৫ লাখ এবং জ্বালানি বাবদ ১৫ লাখ টাকা রাখা হয়েছে। পাশাপাশি ৪ শতাংশ ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে কাগজ-কলম ও মনোহারি দ্রব্যাদি সরবরাহ দেখিয়ে প্রকৌশলী ইলিয়াসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় অর্ধশত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

    সময়ক্ষেপণ, সরেজমিন চিত্র ও অভিযুক্তের নীরবতা: অনুসন্ধানে আরও জানা যায়, ৩৩ দশমিক ৬৮ একর জমির ওপর ২ হাজার কোটি টাকা ব্যয়ে জোন-এ-তে বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও উদ্দেশ্যপ্রণোদিত সময়ক্ষেপণের কারণে ইতিমধ্যে দুই দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পটি শেষ করা যায়নি। এখন নতুন করে আরও এক বছর সময় বাড়ানোর পাশাপাশি ঠুনকো অজুহাতে আরও ৮ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রক্রিয়া চলছে। নিয়মিত অর্থ ছাড় দেওয়া হলেও ওয়াহিদ কনস্ট্রাকশনসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ রয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ওই সময় পর্যন্ত প্রতিষ্ঠানটি মাত্র ৬৫ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছে।

    প্রকল্পের মূল বরাদ্দের প্রায় ৯০ শতাংশ অর্থ ইতিমধ্যে ব্যয় হয়ে গেলেও ২০২৪ সালের ডিসেম্বরে কাগজে-কলমে কাজের সার্বিক অগ্রগতি দেখানো হয়েছে মাত্র ৮০ শতাংশ, যদিও প্রকৌশলীদের মতে বাস্তবে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরেও এই প্রকল্পে ২০৬ কোটি ১৬ লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ১৫টি বহুতল ভবনের মধ্যে ৪টি মূল ভবন, মসজিদ, ইউটিলিটি ভবন, ক্লাব, মাঠ, কার পার্কিং ও নলকূপ স্থাপনের কাজ এখনো চলমান—যার কোনোটি শেষ পর্যায়ে আবার কোনোটি সবে শুরু হয়েছে। নতুন একটি পুকুর খনন করা হলেও বাকি দুটি পুকুরের একটির সীমানা প্রাচীরের কাজ চলছে এবং অন্যটির নির্মিত প্রাচীর ইতিমধ্যেই ভেঙে গেছে; পুকুরগুলোতে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। বৃক্ষরোপণের জন্য বিপুল অর্থ বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি। নির্মিত আরসিসি রাস্তা, পার্কিং ও ফুটপাত ওয়াকওয়ের বিভিন্ন অংশ ভেঙে গেছে। এমনকি দীর্ঘদিনের পুরনো একটি পুকুরের বড় অংশ ভরাট করে আবার নতুন জলাধার নির্মাণের নামে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী ইলিয়াস আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

  • তেলেঙ্গানায় বিসিসিআই অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগের তীর স্থানীয় যুবকদের দিকে

    তেলেঙ্গানায় বিসিসিআই অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগের তীর স্থানীয় যুবকদের দিকে

    ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভিকারাবাদে ১৭ বছর বয়সী উদীয়মান নারী ক্রিকেটার নন্দিনী রাঠোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) ভিকারাবাদে তার দাদির বাড়ি থেকে এই তরুণী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের জোরালো অভিযোগ, স্থানীয় দুই যুবকের লাগাতার উত্যক্ত ও হয়রানির শিকার হয়েই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তিনি।

    নন্দিনী রাঠোর ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা হলেও পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণের সুবাদে ভিকারাবাদের মধু কলোনিতে বসবাস করছিলেন। স্থানীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করা এই তরুণী সম্প্রতি বিসিসিআই অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়ে বেশ সম্ভাবনার জানান দিয়েছিলেন।

    নিহত ক্রিকেটারের পরিবারের দাবি, অনিল নামের এক স্থানীয় যুবক প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে অনুসরণ ও হয়রানি করে আসছিল। এই কার্যকলাপে কৃষ্ণা নামের আরেক যুবক তাকে সহায়তা করত। প্রায় তিন মাস ধরে চলা এই হয়রানির বিষয়ে পরিবার ওই যুবকদের একাধিকবার সতর্ক করলেও তারা উল্টো নন্দিনীকে হুমকি দেয়। পরিবারের ধারণা, মানসিক এই চাপ ও হয়রানির কারণেই চরম পথ বেছে নিতে বাধ্য হন এই কিশোরী।

    এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় এলাকাবাসী ভিকারাবাদের রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

    ঘটনার সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে ভিকারাবাদ পুলিশ। ভিকারাবাদ সার্কেলের ইন্সপেক্টর রঘু জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভিকারাবাদ এরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল কিংবা ডিজিটাল প্রমাণের খোঁজে নন্দিনীর মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমগুলোও নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং ডিজিটাল পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।