Blog

  • চট্টগ্রাম বন বিভাগে অনিয়মের পাহাড়: লোভনীয় পদায়ন আর সিন্ডিকেটের নেপথ্যে অভিজিত কুমার বড়ুয়া

    চট্টগ্রাম বন বিভাগে অনিয়মের পাহাড়: লোভনীয় পদায়ন আর সিন্ডিকেটের নেপথ্যে অভিজিত কুমার বড়ুয়া

    বন বিভাগে কোনো ধরনের তদবির কিংবা আর্থিক জোর না থাকলে সৎভাবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বছরের পর বছর দুর্গম ও অবহেলিত এলাকায় কাটাতে হয়—এটাই যেন দপ্তরের চিরন্তন নিয়ম। তবে এই প্রচলিত চিত্রের সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছেন ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া। চট্টগ্রাম অঞ্চলে একের পর এক আকর্ষণীয় ও লোভনীয় কর্মস্থলে পদায়ন বাগিয়ে নেওয়া এই কর্মকর্তার খুঁটির জোর নিয়ে ইতিমধ্যে সাধারণ ও বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ পুঞ্জীভূত হয়েছে।

    চট্টগ্রামের বিভিন্ন লাভজনক কর্মস্থলে বহাল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আর্থিক সুবিধা দিয়ে ম্যানেজ করার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে কয়েক কোটি টাকার সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পদায়নের এই দীর্ঘ প্রক্রিয়ায় তাঁর একচ্ছত্র আধিপত্যের সূচনা হয়েছিল তৎকালীন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের আমলে, যখন তাঁকে বান্দরবানের পাল্পউড প্লান্টেশন বিভাগে পোস্টিং দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তৎকালীন বিভাগীয় বন কর্মকর্তাকে নানামুখী চাপে রেখে এবং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ফরেস্টার পদেই থাকা অবস্থায় তিনি সদর ও চেমী—উভয় রেঞ্জের দায়িত্ব নিজের নিয়ন্ত্রণে নেন।

    বান্দরবানের পাল্পউড প্লান্টেশন বিভাগের সদর ও চেমী রেঞ্জে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে একটি বিশাল জালিয়াতি সিন্ডিকেট গড়ে তোলার তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভুয়া ‘এ’ ফরম সংগ্রহ করে গাছপালাশূন্য বাগান এলাকায় স্থানীয় পাহাড়িদের নামে সাজানো জোত পারমিট দেখিয়ে ভুয়া ‘ডি’ ফরম প্রস্তুত করা হতো। এর বিপরীতে মনগড়া ট্রানজিট পাস বা টিপি ইস্যু করে সংরক্ষিত বনাঞ্চলের মহামূল্যবান কাঠ নির্বিচারে কেটে ঢাকায় পাচারের নিরাপদ রুট তৈরি করে দেওয়া হতো।

    এই অবৈধ সুযোগ নিশ্চিত করার বিনিময়ে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে বস্তাভর্তি টাকা আদায় করা হতো এবং সেই উপার্জনের একটি নির্দিষ্ট অংশ কাঠের ঘনফুটের হিসাব কষে নিয়মিত ঊর্ধ্বতন মহলের কাছে পাঠিয়ে তাঁদের সন্তুষ্ট রাখা হতো। এভাবে প্রায় শতাধিক ভুয়া টেবিল জোত পারমিট ইস্যুর মাধ্যমে তিনি যেমন নিজে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, তেমনি সরকারি ও সংরক্ষিত বিশাল বনাঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।

    বন বিভাগের প্রচলিত বদলি নীতিমালায় বান্দরবান ও পাল্পউড প্লান্টেশন বিভাগে দায়িত্ব পালনের পর কক্সবাজার উত্তর বা দক্ষিণ বন বিভাগ কিংবা উপকূলীয় বন বিভাগে বদলি হওয়ার বিধান রয়েছে। কিন্তু ঊর্ধ্বতন মহলের বিশেষ কৃপায় সাবেক বন সংরক্ষক তাঁকে চট্টগ্রামের অন্যতম লোভনীয় কর্মস্থল বন ব্যবহারিক বিভাগের রেঞ্জে পদায়ন করেন এবং সেখানেও তিনি একটানা দুই বছরের বেশি সময় কাটিয়েছেন। সর্বশেষ গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বর্তমান বন সংরক্ষক মিহির কুমার দো স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম উত্তর বন বিভাগে পদায়ন করা হয়, যা দপ্তরের কর্মীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও লোভনীয় হিসেবে পরিচিত।

    সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও বেশ পুরোনো। ২০১২-২০১৩ সালের দিকে চট্টগ্রামের পোমরা বিট, পোমরা চেক স্টেশন ও পোমরা নার্সারিতে টানা প্রায় তিন বছর দায়িত্ব পালনের সময় তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং বিএনপি-জামায়াতবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। একজন সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা চাকরির শৃঙ্খলার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে দপ্তরের অভ্যন্তরেই প্রশ্ন উঠেছে।

    এ ছাড়া তাঁর চাচা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার সুবাদে এবং তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ড. হাছান মাহমুদ ও বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের নাম ব্যবহার করে তিনি দপ্তরে একধরনের ভীতিকর ও প্রভাবশালী বলয় তৈরি করেছিলেন। তদবির ও অর্থের জোড়ে অভিজিত বড়ুয়ার এই ধারাবাহিক সুবিধাজনক পদায়ন সাধারণ ও সৎ কর্মীদের মাঝে তীব্র হতাশার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা আক্ষেপ করে জানান যে, অভিজিতের মতো ব্যক্তিরাই টাকার জোর এবং ঊর্ধ্বতন মহলের আনুকূল্যে বরাবর ভালো পোস্টিং ভোগ করে থাকেন, যা সৎ কর্মচারীদের ভাগ্যে জোটে না। বন বিভাগের অভ্যন্তরীণ এই বৈষম্য এবং সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা। এসব অভিযোগের বিষয়ে সরকারি ওয়েবসাইটের তালিকা অনুযায়ী বর্তমানে বন ব্যবহারিক রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো মন্তব্য করেননি।

  • চাঁদাবাজিতে বাধা দেওয়ায় আকিজ ফুড কারখানায় অচলাবস্থা: ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ

    চাঁদাবাজিতে বাধা দেওয়ায় আকিজ ফুড কারখানায় অচলাবস্থা: ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ

    ঢাকার ধামরাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় পণ্য লোড-আনলোড (খালাস ও বোঝাই) কার্যক্রমে কৃত্রিম সংকট তৈরি করে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, পণ্যবাহী গাড়ির চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা ও বকশিশ নিতে না পারায় শ্রমিকদের একটি অংশকে উসকানি দিয়ে এই অচলাবস্থা তৈরি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে স্থানীয় এক ইউপি সদস্য, ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতার প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। এর আগে সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

    কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার পণ্য লোড-আনলোডের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স এম. এম. এন্টারপ্রাইজ’-এর কিছু শ্রমিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাকের চালকদের কাছ থেকে জোরপূর্বক বকশিশ ও চাঁদা নেওয়ার অভিযোগ উঠছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ অননুমোদিতভাবে টাকা নেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।

    এরই জেরে সংশ্লিষ্ট শ্রমিকেরা প্রথমে কাজ বন্ধ করে দেন। পরে কাজে ফিরলেও এক-তৃতীয়াংশ লোকবল দিয়ে ধীরগতিতে কাজ শুরু করেন। এতে কারখানার স্বাভাবিক পণ্য সরবরাহ ব্যাহত হয় এবং ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ নতুন ভেন্ডর (ঠিকাদার) নিয়োগ দিলে স্থানীয় প্রভাবশালীরা তাঁদের কাজ বন্ধ করতে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    এর জেরে সোমবার বিকেলে ওই ভেন্ডরের শ্রমিকেরা কাজ বন্ধ করে ঢাকা-আরিচা মহাসড়কে নেমে আসেন। এ সময় তাঁরা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ এসে তাঁদের সড়ক থেকে সরিয়ে এনে যান চলাচল স্বাভাবিক করে।

    এদিকে কাজ চালু রাখার জন্য নতুন ভেন্ডরের কিছু শ্রমিক কাজ করলে সোমবার দুপুরে তাঁদের কয়েকজনকে মারধর করা হয়। এ বিষয়েও নতুন ভেন্ডর কর্তৃপক্ষ ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সে অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল কাদের নামের শ্রমিক সরদারকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়।

    কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এই পুরো ঘটনার নেপথ্যে থেকে ইন্ধন জোগাচ্ছেন মেসার্স এম. এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হক ও স্থানীয় কুশুন্দিয়া এলাকার ইউপি সদস্য (মেম্বার) মো. ঈমান আলী। এই প্রভাবশালী মহলটি নতুন ভেন্ডরকে সরিয়ে দিয়ে পুনরায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কারখানা কর্তৃপক্ষকে নানামুখী চাপ দিচ্ছে।

    একই সঙ্গে এই অবৈধ কর্মকাণ্ডে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মো. মামুন এবং নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় যুবদলের এক নেতার বিরুদ্ধে। তাঁরা নতুন ভেন্ডরের কর্মীদের কারখানা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং কেবল তাঁদের নিজস্ব লোক দিয়েই কাজ সচল রাখার জন্য কারখানা কর্তৃপক্ষের ওপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করছেন।

    কারখানা কর্তৃপক্ষ যোগাযোগ করলে লেবার সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন ভেন্ডরকে বাদ দেওয়ার শর্তেই কেবল তাঁদের শ্রমিকেরা পুরোদমে কাজ করতে রাজি আছেন।

    সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যেকোনো ধরনের চাঁদাবাজি, শ্রমিক বা চালকদের ওপর শারীরিক নিগ্রহের মতো অনভিপ্রেত ঘটনা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী। একটি সুনির্দিষ্ট চক্রের অযৌক্তিক কর্মবিরতি ও ধীরগতির কারণে কারখানার উৎপাদন ও সরবরাহ চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমকে ঝুঁকিতে ফেলেছে। আমরা কারখানার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং কর্মরত প্রত্যেকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছি। একই সঙ্গে, উৎপাদন সচল রাখতে আইনানুগ পন্থায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

    এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষের একটি লিখিত আবেদন পাওয়া গেছে। একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • রাজধানীকে বাসযোগ্য করতে মাঠে নামছেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    রাজধানীকে বাসযোগ্য করতে মাঠে নামছেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে দেশের অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    প্রতিমন্ত্রী জানান, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমকে সফল করতে রাজধানীতে অঞ্চলভিত্তিক ২০টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে এসব কমিটি ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছে এবং বেশ কিছু ইতিবাচক অগ্রগতি সামনে এসেছে। এই অভিজ্ঞতাসম্পন্ন ৩৯ হাজার জ্যেষ্ঠ নাগরিককে (সিনিয়র সিটিজেন) রাষ্ট্রীয়ভাবে উক্ত কার্যক্রমের মূল দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে।

    বর্জ্য ব্যবস্থাপনায় কড়া বার্তা ও নতুন উদ্যোগ:
    অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন—

    মেডিকেল বর্জ্য: আমিনবাজারে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র উইং চালুর পরিকল্পনা রয়েছে। দক্ষিণ ঢাকার মতো এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্যও এই ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে।

    সরকারি কোয়ার্টার: সরকারি কোয়ার্টারগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে মানা না হলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

    অবাস্তব প্রতিশ্রুতির কথা বাদ দিয়ে সরকার বাস্তবসম্মত পদক্ষেপে বিশ্বাসী বলে উল্লেখ করেন মীর শাহে আলম। তিনি বলেন, “অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানিয়ে দেব; আমাদের লক্ষ্য ঢাকাকে একটি সত্যিকারের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা।”

    পরিশেষে, ক্লিন ও গ্রিন ঢাকা গড়ার এই কার্যক্রমে সফল হতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

  • কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

    কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

    বরুড়া (কুমিল্লা), ১৩ নভেম্বর, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

    তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে’ অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

    আজ শুক্রবার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফাইনাল ম্যাচে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

    বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।

    এ ছাড়া কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।

    ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ।

    টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চান্দিনা উপজেলা দলের মেহেদী।

    অনুষ্ঠানে বরুড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন :

    গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন :

    গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাই-সাইকেল চালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা বাসে আগুন দিয়েছে।এসময় আরো ৩ পথচারী মারাত্মক আহত হয়।

    আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

    নিহত বাই সাইকেল চালক মহিবুল মোল্লার(৪৫) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের ।

    এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধরা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

    কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান , ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” একটি এসি বাস আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামকস্থানে বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে চালক মহিবুল মোল্লা ঘটনাস্থলেই মারা যায় ।মারাত্মক আহত হয় ৩ পথচারী।নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন ফাল্গুনী পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে দেড় যান চলাচল বন্ধ ছিল । সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রন ও বাসটিকে মহসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

    হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে বাই সাইকেল চালকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

  • স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি! কৃষ্ণ ও তার পরিবারের বিরুদ্ধে থানায় যৌথ অভিযোগ

    স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি! কৃষ্ণ ও তার পরিবারের বিরুদ্ধে থানায় যৌথ অভিযোগ

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্বর্ণ কারিগর কেন্দ্র করে প্রতারণা, স্বর্ণ আত্মসাৎ ও আর্থিক লেনদেনের একাধিক অভিযোগ উঠেছে কৃষ্ণ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, এসব অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কৃষ্ণ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

    অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণ একসময় স্বর্ণের কারিগর হিসেবে এক দোকানে কাজ করতেন। তবে অল্প সময়ের ব্যবধানে তাঁর বিপুল সম্পদের মালিক হয়ে ওঠা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    অভিযোগকারীদের দাবি, অতীতে যে স্বর্ণের দোকানে কৃষ্ণ কাজ করতেন, সেই দোকানের সিসিটিভি ফুটেজে স্বর্ণ চুরির ঘটনার দৃশ্য ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে দোকানমালিক তাঁকে কাজ থেকে বের করে দেন। অভিযোগ রয়েছে, ওই সময় দোকানমালিকের কাছে ক্ষমা চেয়ে আত্মসাৎ করা স্বর্ণ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কৃষ্ণ। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

    এদিকে, কৃষ্ণের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। জানু নামে এক ভুক্তভোগী ও তার মা ২১ লক্ষ টাকা দিয়েছেন কৃষ্ণ কর্মকার ও তার বড় ভাই পলাশ কর্মকার কে , তখন জানু ও জানুর মাকে দেন স্ট্যাম্প ও ২টি ব্যাংক চেক কৃষ্ণ ও তার ভাই। পরবর্তীতে ভুক্তভোগী জানু ও জানুর মা কোর্টে মামলা দায়ের করেন । মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে ।অভিযোগে বলা হয়েছে, ওই ব্যক্তির মায়ের কাছ থেকেও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা নেওয়া হয়েছে। এসব অর্থ ফেরত না পাওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, একসময় অন্যের বাড়িতে ভাড়া থাকতেন এমন একজন ব্যক্তি কীভাবে অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেন ,তাঁর সম্পদের উৎস, ব্যবসায়িক লেনদেন এবং অভিযোগগুলোর পেছনের প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

    অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করতে মাঠে নামেন গণমাধ্যমকর্মীরা। অভিযোগ রয়েছে, এ সময় কৃষ্ণ ও তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং প্রাণনাশের হুমকি দেন।

    পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমকর্মীরা কলাপাড়া থানায় উপস্থিত হয়ে কৃষ্ণ ও তাঁর পরিবারের বিরুদ্ধে যৌথভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এখন প্রশ্ন হচ্ছে,স্বর্ণ ব্যবসার আড়ালে প্রতারণা ও আত্মসাতের অভিযোগগুলোর প্রকৃত সত্য কী? একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগের ভিত্তি কতটুকু ,আর অনুসন্ধানী সাংবাদিকদের হুমকি দেওয়ার পেছনে কী কারণ রয়েছে?

    এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল। এ সময় স্থানীয় এক সাংবাদিক এর ক্যামেরার সামনে কথা বলেন, তিনি বলেন কৃষ্ণার বাবা ও কৃষ্ণের চাচা আমাদের এলাকায় সাধারণ কর্মজীবী ও অন্যের বাসায় কাজ করে তাদের জীবনযাপন চলতো , কিন্তু ২০২০ সালের পর কলাপাড়া থানা এলাকায় কৃষ্ণা একটি বাড়ি করে আলোচনায় আসেন,বাড়ি ও জায়গাটির মূল্য প্রায় কোটি টাকা হবে । এবং পটুয়াখালীতে ও তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে । এবং ব্যাংকেও কোটি কোটি টাকার আর্ধিক লেনদেন এর প্রমাণ ও পাওয়া যায়। এলাকায় সাধারণ মানুষের দাবি রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলেন কিভাবে? এ সময় স্থানীয়রা বলেন আপনারা সাংবাদিক এগুলো সত্যটা খুঁজে বের করেন।

    জনস্বার্থে সত্য উদ্‌ঘাটন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

    সত্যের সন্ধানে, নিরপেক্ষ সাংবাদিকতায়,জনস্বার্থে আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।

  • মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ

    মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ

    বিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে জগদীশপুর জেসি হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আবিদ মিয়া নির্বাচিত হয়েছেন।

    শনিবার (১৪ নভেম্বর) উপজেলা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দিললর আলী।

    নির্বাচনে সভাপতি পদে এ কে এম সাইফুল আলম ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম পেয়েছেন ১৫৫ ভোট।

    সাধারণ সম্পাদক পদে মো. আবিদ মিয়া ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট।

    এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশিকুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের তাউছ মিয়া পেয়েছেন ১০৭ ভোট।

    অর্থ সম্পাদক পদে মনতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খলিলুর রহমান ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আউলিয়াবাদ আরকে হাইস্কুলের নুরুল আমিন পেয়েছেন ১৫৭ ভোট।

    নির্বাচনে মাধবপুর উপজেলার ২৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৯৯ জন ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ৩৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

  • ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

    ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

    দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী।

    আজ শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে একাংশই রাজধানী ঢাকার। তথ্য অনুযায়ী:

    ঢাকা বিভাগ: ৬ জন

    চট্টগ্রাম বিভাগ: ১ জন

    রাজশাহী বিভাগ: ১ জন

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। এছাড়া এই সময়ে দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন।

  • বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ: অ্যাটর্নি জেনারেল

    বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ: অ্যাটর্নি জেনারেল

    দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং তার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপি-এর যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    সভায় অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। কেবল নতুন আইন প্রণয়ন করলেই চলবে না, বরং এর সঠিক বাস্তবায়নই মূল চাবিকাঠি।

    এদিকে, পরামর্শ সভায় ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, কেবল পুঁজি বা অবকাঠামো থাকলেই বিনিয়োগ আসে না; অনুকূল পরিবেশ তৈরি করতে হলে বিনিয়োগকারীদের মনে আইনের শাসনের প্রতি পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি হলে তারা যাতে বিচারব্যবস্থার ওপর ভরসা রাখতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ জোর দেন।

  • ক্যারিয়ারের কঠিন সময়ে কার্তি: ঘুরে দাঁড়াতে ভরসা ‘মার্শাল’ ও ‘কার্তি ৩০’

    ক্যারিয়ারের কঠিন সময়ে কার্তি: ঘুরে দাঁড়াতে ভরসা ‘মার্শাল’ ও ‘কার্তি ৩০’

    ‘ভা ভাথিয়ার’-এর পর দারুণ প্রত্যাশা নিয়ে মুক্তি পেয়েছিল দক্ষিণী অভিনেতা কার্তির কার্তি ‘সরদার ২’। তবে পরপর দুটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হওয়ায় বর্তমানে বেশ কঠিন সময় পার করছেন এই তামিল তারকা। ক্যারিয়ারের এই ধাক্কা সামলে নিতে এখন তার সব মনোযোগ নতুন দুটি প্রজেক্টে—তামিজ পরিচালিত ‘মার্শাল’ এবং কল্যাণ শঙ্কর পরিচালিত ‘কার্তি ৩০’।

    শুরুতে চলতি বছরের দীপাবলিতে ‘মার্শাল’ মুক্তির পরিকল্পনা থাকলেও আর্থিক জটিলতায় শুটিং আটকে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে স্বস্তির খবর হলো, নির্মাতারা আর্থিক সংকট কাটিয়ে উঠেছেন। বর্তমানে ছবিটির আরও ৪০-৫০ দিনের শুটিং বাকি রয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে এর কাজ পুনরায় শুরু হতে পারে এবং এটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ‘মার্শাল’-এর বাকি কাজ ধরার আগে কার্তি তার ‘কার্তি ৩০’ সিনেমার পুরো কাজ শেষ করতে চান।

    চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, কার্তির হারানো অবস্থান ফিরে পেতে আসন্ন সিনেমাগুলোকে বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পেতেই হবে। ছবিগুলোর সাফল্যই নির্ধারণ করবে এই জনপ্রিয় তারকা দুর্দান্ত প্রত্যাবর্তন করতে পারবেন কি না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।