Blog

  • ‎চেয়ারম্যান হওয়ার আগে ই চেয়ারম্যানের কাজ করলেন মালেক শাহ— ‎নিজের টাকায় বাঁশের সাঁকো বানিয়ে দুই পাড়ের মানুষকে জোড়া লাগালেন

    ‎চেয়ারম্যান হওয়ার আগে ই চেয়ারম্যানের কাজ করলেন মালেক শাহ— ‎নিজের টাকায় বাঁশের সাঁকো বানিয়ে দুই পাড়ের মানুষকে জোড়া লাগালেন

    ‎ভোটের আগেই কাজ, পদের আগেই সেবা — এমন দৃষ্টান্তই রাখলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৭ নং ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মালেক শাহ।
    ‎
    ‎সিংহগ্রাম ও ফান্দাউকের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে উদ্বোধন করেছেন তিনি। তাঁর এই উদ্যোগে আপাতত নদীর দুই পাড়ের মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
    ‎
    ‎স্থানীয় সূত্রে জানা যায়, নদীর কারণে সিংহগ্রাম ও ফান্দাউকের মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলে আসছিল। প্রতিদিন নানা প্রয়োজনে নদী পারাপার হতে গিয়ে দুর্ভোগে পড়তে হতো বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টকর।
    ‎
    ‎এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন মালেক শাহ।
    ‎
    ‎তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সমস্যার তাৎক্ষণিক সমাধানে এগিয়ে আসায় বিষয়টি এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
    ‎
    ‎এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ০৭ নং ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনাব মালেক শাহর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের যাতায়াত সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
    ‎
    ‎জানা গেছে, জনাব মালেক শাহ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন তিনি।
    ‎
    ‎সাঁকো নির্মাণের বিষয়ে জনাব মালেক শাহ বলেন, “মহান আল্লাহ পাক যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে আমি চেয়ারম্যান হবো। আর যদি কবুল না করেন, তবুও চেয়ারম্যান না হয়েও আমার এই সামাজিক কাজগুলো আজীবন করে যাবো। আমি চাই, আমার ইউনিয়নের মানুষ সবসময় ভালো থাকুক। মানুষের উপকারে আসতে পারাটাই আমার কাছে অনেক বড় কিছু।”
    ‎
    ‎তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া বা কোনো পদ-পদবির অপেক্ষায় না থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
    ‎
    ‎স্থানীয়দের প্রত্যাশা, বাঁশের সাঁকোর মাধ্যমে আপাতত যাতায়াতের দুর্ভোগ কমলেও নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।
    ‎

  • ফরিদগঞ্জ থানার ওসিকে না চিনলেও সাংবাদিক পরিচয়ে সুবিধা নেওয়ার অভিযোগ! বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ, প্রতিবাদে আওলাদ শেখ

    ফরিদগঞ্জ থানার ওসিকে না চিনলেও সাংবাদিক পরিচয়ে সুবিধা নেওয়ার অভিযোগ! বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ, প্রতিবাদে আওলাদ শেখ

    মুগদা থানার মামলা ও ফরিদগঞ্জে পাল্টা অভিযোগের পর এবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আওলাদ শেখ ও খোকন শেখকে নিয়ে বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য না নিয়েই ছবি ব্যবহার করে তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর জমিন, দৈনিক প্রভাতী কাগজ, দৈনিক প্রধান সংবাদ, দৈনিক চাঁদপুর দর্পণ এবং ফরিদগঞ্জ টাইমসে আওলাদ শেখ ও খোকন শেখকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

    আওলাদ শেখের দাবি, এসব প্রতিবেদনে তাঁকে দৈনিক প্রথম আলোর অফিসিয়াল স্টাফ বা সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। এমনকি ফরিদগঞ্জ থানার কাছ থেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও প্রকাশ করা হয়েছে। অথচ এসব বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

    ফরিদগঞ্জ থানার ওসির বক্তব্যে নতুন প্রশ্ন

    এ ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে এসেছে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য।

    সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ওসি জানিয়েছেন বলে প্রতিবেদকের দাবি, তিনি আওলাদ শেখকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং জীবনে তাঁকে দেখেছেন বলেও মনে করতে পারেন না। তাঁর কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগও তিনি সমর্থন করেননি।

    এ বিষয়ে ওসির সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের একটি ভিডিও রেকর্ডিং রয়েছে বলে প্রতিবেদকের পক্ষ থেকে জানানো হয়েছে। ভিডিওটি যাচাই করে প্রকাশ করা হলে এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।

    আওলাদ শেখের বক্তব্য

    এ বিষয়ে আওলাদ শেখের সঙ্গে কথা হলে তিনি বলেন,

    “আমি কোনো সাংবাদিক নই। আমি ট্রান্সক্রাফট লিমিটেডে অফিসিয়াল স্টাফ হিসেবে চাকরি করি। সাংবাদিকতার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ফরিদগঞ্জ থানায় আমি কখনো কোনো ক্ষমতা বা সাংবাদিক পরিচয় ব্যবহার করিনি। আমি জীবনে মাত্র একবার থানায় গিয়েছি। আমার বাড়ির জানালার কাচ ভাঙচুরের ঘটনায় অভিযোগ দিতে গিয়েছিলাম।

    আপনারা তো থানায় গিয়ে খোঁজ নিয়েছেন। ওসি সাহেব আমাকে চেনেন না বলেছেন। তাহলে স্থানীয় পত্রিকাগুলো আমার বক্তব্য না নিয়ে কীভাবে আমার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশ করল? আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”

    তিনি আরও বলেন, ফরিদগঞ্জ টাইমস নামে একটি সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে একটি ভিডিও তৈরি করে প্রচার করা হয়েছে, যেটিকে তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করছেন। এ ধরনের সংবাদ ও ভিডিও প্রচারের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

    প্রথম আলোর পরিচয় নিয়ে বিতর্ক

    আওলাদ শেখের কর্মস্থল হিসেবে প্রাপ্ত প্রত্যয়নপত্রে ট্রান্সক্রাফট লিমিটেডের নাম উল্লেখ রয়েছে। সেখানে তাঁকে ওয়েব বিভাগের সিনিয়র অপারেটর হিসেবে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

    প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার-প্রোডাকশন মোঃ বাহাউদ্দীন ২৯ নভেম্বর ২০২৫ তারিখে প্রত্যয়নপত্রটি প্রদান করেন। এতে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসে উপস্থিত থাকার তথ্য রয়েছে।

    অন্যদিকে স্থানীয় পত্রিকায় তাঁকে প্রথম আলোর সাংবাদিক বা অফিসিয়াল স্টাফ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে। এখানে তাঁর প্রকৃত পদবি, কর্মস্থল এবং সংবাদমাধ্যমে প্রকাশিত পরিচয়ের মধ্যে কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

    সংবাদ প্রকাশে ন্যূনতম পেশাগত দায়িত্ব কোথায়?

    কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া, অভিযোগের নথি যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    কোনো সংবাদমাধ্যম যদি বক্তব্য না নিয়ে কারও ছবি ব্যবহার করে তাঁকে অপরাধের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করে থাকে, তাহলে সেই প্রতিবেদনের তথ্যসূত্র ও সম্পাদনাগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

    এ ঘটনায় সংশ্লিষ্ট পত্রিকাগুলোর সম্পাদক ও প্রতিবেদকদের কাছে জানতে চাওয়া প্রয়োজন—

    ১. আওলাদ শেখের বক্তব্য না নিয়েই তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছিল কি?

    ২. তাঁকে প্রথম আলোর সাংবাদিক বা অফিসিয়াল স্টাফ হিসেবে পরিচয় দেওয়ার তথ্যের উৎস কী?

    ৩. ফরিদগঞ্জ থানার কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগের পক্ষে কী প্রমাণ রয়েছে?

    ৪. ফরিদগঞ্জ থানার ওসির বক্তব্য নেওয়া হয়েছিল কি?

    ৫. ফরিদগঞ্জ টাইমসে প্রকাশিত ভিডিওর তথ্য ও বক্তব্য যাচাই করা হয়েছিল কি?

    প্রশাসন ও সংবাদমাধ্যমের কাছে জবাবদিহির দাবি

    একজন নাগরিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অধিকার সংবাদমাধ্যমের রয়েছে। তবে সেই সংবাদ হতে হবে তথ্যনির্ভর, যাচাইকৃত এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে। একইভাবে পুলিশের কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ প্রকাশ করা হলে তারও নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন।

    মুগদা থানার মামলা, খোকন শেখের ২২ দিনের কারাভোগ, আওলাদ শেখের অফিসে উপস্থিতির প্রত্যয়নপত্র, ফরিদগঞ্জের পাল্টা অভিযোগ এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন—সবকিছু মিলিয়ে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি রাখে।

    অভিযোগ সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর সংবাদে কারও বিরুদ্ধে অসত্য তথ্য প্রকাশিত হয়ে থাকলে সংশোধনী ও প্রয়োজনীয় প্রতিকার নিশ্চিত করা হোক।

  • ভাইরাল গান মানেই কালজয়ী নয়: অনু মালিক

    ভাইরাল গান মানেই কালজয়ী নয়: অনু মালিক

    সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজকাল যেকোনো গান মুহূর্তের মধ্যে শ্রোতাদের কাছে পৌঁছে যায়। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত জনপ্রিয়তা লাভ করলেই সেই গানকে সফল বা কালজয়ী বলা চলে না বলে মন্তব্য করেছেন বলিউডের খ্যাতিমান ও বর্ষীয়ান সংগীত পরিচালক অনু মালিক。

    সংগীতজগতে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের গানের ধরন এবং সংগীত তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে নিজের সুচিন্তিত মতামত তুলে ধরেছেন এই সুরকার।

    সংগীত পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে অনু মালিক জানান, প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করতে পারে ঠিকই, তবে তা কখনোই মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারে না। তার মতে, এআই মূলত আগের তৈরি সুর ও গানের ধরন অনুকরণ করে। কোনো নির্দিষ্ট ধাঁচ বা আবহ তৈরি করতে এটি পারদর্শী হলেও, একেবারে নতুন এবং মৌলিক কিছু সৃষ্টির ক্ষেত্রে মানুষের মেধার সঙ্গে এর কোনো তুলনা হয় না।

    তাই সংগীত পরিচালকদের প্রতি তার স্পষ্ট পরামর্শ—প্রযুক্তিকে কাজের সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত, তবে এর ওপর অন্ধভাবে বা পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। এআই যেন কোনোভাবেই শিল্পীর নিজস্ব সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

    বর্তমান সময়ের গান নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে অনু মালিক বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো গান ছড়িয়ে পড়লেই তা কালজয়ী হয় না। শ্রোতার মনে দীর্ঘস্থায়ী জায়গা করে নিতে হলে সুরের পাশাপাশি গানের কথায় অবশ্যই আবেগ ও গভীরতা থাকতে হবে।

    তার মতে, আজকাল গান তৈরিতে শব্দ ও সংগীতের আবহ নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে, যার ফলে অনেক সময়ই গানের কথার মূল গুরুত্ব আড়ালে চলে যাচ্ছে। অথচ শ্রোতারা একটি ভালো গান দীর্ঘদিন মনে রাখেন মূলত তার মর্মস্পর্শী কথা ও অনুভূতির জন্যই। যে গান মানুষের হৃদয় ছুঁয়ে যায়, কেবল সেই গানই সময়ের পরীক্ষায় টিকে থাকে।

    নতুন প্রজন্মের শিল্পী ও সুরকাররা যখন তার পুরোনো গানগুলো নতুন আঙ্গিকে এবং নতুন সংগীতায়োজনে উপস্থাপন করেন, তা দারুণভাবে উপভোগ করেন অনু মালিক। তরুণ প্রজন্ম তার সৃষ্টিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে এবং প্রজন্মের পর প্রজন্ম তার সুরের প্রতি আগ্রহ দেখাচ্ছে—বিষয়টিকে নিজের জন্য ভীষণ আনন্দ ও গর্বের বলে মনে করেন এই সংগীত পরিচালক।

  • ৩নং গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমে সন্তোষ প্রকাশ, নেই সাধারণ মানুষের অভিযোগ

    ৩নং গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমে সন্তোষ প্রকাশ, নেই সাধারণ মানুষের অভিযোগ

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ ও ১ নং ৩ নং ওয়ার্ড এর কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল এবং সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন আহবায়ক মোঃ ওবায়দুল ইসলাম চেয়ারম্যান বিএনপির সদস্যসচিব মোঃ মিন্টু লস্কর। কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখ মকসুদপুর উপজেলা বিএনপি

    তারা বলেন, ৩নং গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কার্যক্রমে এলাকার মানুষ সন্তুষ্ট ও আনন্দিত। তারা বর্তমান সরকার এবং গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিমের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। কারণ, বিগত সময়ে তারা এ ধরনের সুযোগ-সুবিধা পাননি।

    এদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মীরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোঃ মিন্টু লস্করের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বলেন, তিনি ব্যস্ততার মধ্যেও তাদের মূল্যবান সময় দিয়েছেন এবং কাজের বিষয়ে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন। এজন্য তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    কর্মীরা আরও জানান, ৩নং গোবিন্দপুর ইউনিয়নে কাজ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। সাধারণ মানুষের সহযোগিতা এবং স্থানীয় নেতৃত্বের আন্তরিকতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।

    সার্বিকভাবে ৩নং গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিবেশ ও অগ্রগতিতে সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ বিরাজ করছে।

  • পোশাক খাতে অস্থিরতা: ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা বিজিএমইএ-এর

    পোশাক খাতে অস্থিরতা: ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা বিজিএমইএ-এর

    ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

    শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সুদূরপ্রসারী ও উদ্দেশ্যমূলকভাবে তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির কারণে একদিকে যেমন কলকারখানার নিয়মিত উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, অন্যদিকে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত—তৈরি পোশাক রপ্তানি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

  • ফ্লাইট বিপর্যয়ের পর বিমান নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কারে ৫০ বিলিয়ন ডলার চাইল ট্রাম্প প্রশাসন

    ফ্লাইট বিপর্যয়ের পর বিমান নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কারে ৫০ বিলিয়ন ডলার চাইল ট্রাম্প প্রশাসন

    পুরোনো প্রযুক্তির কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচল স্থবির হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ঢেলে সাজাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চেয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

    এর আগে ট্রাম্প প্রশাসন বিমানবন্দর ও নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়নে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিল। তবে শুক্রবার রাডার ও যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ রাখতে বাধ্য হলে হাজার হাজার ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়। এ ঘটনার পরই তহবিলের চাহিদা বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলার করার ঘোষণা দেন ডাফি।

    সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী বলেন, কয়েক দশক আগের সুইচ ও রাউটারের ওপর নির্ভরশীল বর্তমান ব্যবস্থাটি অতিরিক্ত তথ্যের চাপে অকার্যকর হয়ে পড়ছে। এটিকে একটি ‘জরুরি পরিস্থিতি’ উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, দ্রুত আধুনিকায়ন না করলে ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘটতে পারে।

    কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ডাফি। এ খাতের সংস্কারকে কোনো দলীয় বিষয় না দেখে ‘জাতীয় স্বার্থ’ হিসেবে বিবেচনা করে দ্রুত অর্থ ছাড়ের জন্য তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

  • বিশ্বনাথে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

    বিশ্বনাথে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

    সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন—বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আহমদ (পিতা: শুকুর আলী, গ্রাম: রায়পুর) এবং যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র চন্দ্র (পিতা: রমেশ চন্দ্র, গ্রাম: মদনপুর)।

    পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আটগ্রাম বাজার (নয়া বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি ও কার্যকারিতা বাড়াতে তিনি পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন।

    শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

    বৈঠকে পরিচ্ছন্নতা কমিটির চলমান কার্যক্রম, ইতোমধ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং সামগ্রিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। আলোচনায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সড়ক ও জনসমাগমস্থলগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টি প্রাধান্য পায়। নগরবাসীর জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সব দপ্তরের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

  • শেরপুর সীমান্তে অপরাধ দমনে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো এআই ক্যামেরা ও ড্রোন

    শেরপুর সীমান্তে অপরাধ দমনে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো এআই ক্যামেরা ও ড্রোন

    সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় ৩৯ বিজিবির হলদীগ্রাম ক্যাম্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

    সীমান্তের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে ওই ক্যাম্পে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা।

    মহড়ায় ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম ক্যাম্পের কমান্ডার সুবেদার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত অঞ্চলে দ্রুত টহল পরিচালনা ও নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং অপরাধ দমনে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • এক সপ্তাহের সফরে লন্ডনে নাহিদ ইসলাম, থাকছে নানা কর্মসূচি

    এক সপ্তাহের সফরে লন্ডনে নাহিদ ইসলাম, থাকছে নানা কর্মসূচি

    লন্ডন (যুক্তরাজ্য): এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম (এমপি)। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে তিনি লন্ডন বিমানবন্দরে অবতরণ করেন।

    এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এই সফরে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। লন্ডনে পৌঁছালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

    ব্রিটিশ পার্লামেন্ট ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক: সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব পাবে।

    কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য: সফরের অংশ হিসেবে তিনি ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

    নাগরিক সংবর্ধনা: আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

    সফর শেষে আগামী ২১ নভেম্বর এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।