Blog

  • আদালতের ক্ষমতা খর্ব করে নির্বাহী বিভাগকে আরও শক্তিশালী করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

    আদালতের ক্ষমতা খর্ব করে নির্বাহী বিভাগকে আরও শক্তিশালী করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

    মার্কিন ফেডারেল সংস্থাগুলোর নেওয়া যেকোনো নীতি বা সিদ্ধান্ত একযোগে দেশজুড়ে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের যে দীর্ঘদিনের আইনি ক্ষমতা রয়েছে, তা আরও সংকুচিত করতে এবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। প্রশাসনের যুক্তি, আদালত কোনো সরকারি সংস্থার প্রণীত বিধিমালা পুরোপুরি বাতিল করতে পারবে না; বরং আদালতের দেওয়া প্রতিকার কেবল নির্দিষ্ট মামলার বাদীদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।

    এর আগে গত বছর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার প্রশাসনিক আইনের (এপিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) আওতায় থাকা বিচারকদের আরেকটি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হলো।

    ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, প্রশাসন এই আইনি লড়াইয়ে জয়ী হলে কোনো বিতর্কিত বিধিমালা আদালত অবৈধ ঘোষণা করার পরও, আইনি লড়াই চলাকালীন মাসের পর মাস বা বছরের পর বছর সেটি সবার ওপর কার্যকর রাখা সম্ভব হবে। এটি নির্বাহী বিভাগকে বাড়তি স্বাধীনতা দিলেও, এর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি জনসাধারণের সমর্থনের ওপর নির্ভর করে মতভেদ রয়েছে।

    ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফেরার পর থেকেই অভিবাসন নিয়ন্ত্রণ, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারের মতো বিভিন্ন কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছেন ট্রাম্প। এসব নীতির বৈধতা নিয়ে বিভিন্ন আদালতে অসংখ্য মামলা ও বিচারকদের হস্তক্ষেপে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত বছরের জুনে সুপ্রিম কোর্ট ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করলেও, আইনের অন্য একটি ধারার কারণে ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষমতা বিচারকদের হাতেই রয়ে গিয়েছিল। নতুন আপিলটিতে ঠিক সেই ক্ষমতাই কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছে বিচার বিভাগ।

    টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলার রেশ ধরেই এই আইনি পদক্ষেপের সূত্রপাত হয়েছে। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই আপিলটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

    টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্য সরকার এবং আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে রায় দিলে সাধারণ জনগণ ও অঙ্গরাজ্যগুলোর পক্ষে সরকারের যেকোনো অবৈধ নিয়ম চিরতরে বাতিল করা বেশ কঠিন হয়ে পড়বে।

  • গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

    গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা।

    আজ শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

    জানাগেছে, রাতে কার‌্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে।এর এক পয্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

    অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

    গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কায্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।

  • মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন

    মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন

    হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অংশগ্রহণ নিয়ে সৃষ্ট বিরোধের অবসানে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে মাহফিল অনুষ্ঠিত হবে, তবে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন না তাহেরী।

    আগামী রবিবার (১৫ নভেম্বর) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর উপস্থিত থাকার কথা ছিল।

    তবে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। তাঁর অংশগ্রহণের বিরোধিতা করে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে তাহেরী কে বয়কটের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই মাহফিলে তাহেরীর অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিগত সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ সময় তিনি তাহেরীকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।

    অন্যদিকে, বিরোধিতার মধ্যেও মাহফিলে উপস্থিত হওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।’

    এদিকে, সুষ্ঠু পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসন তাহেরীকে ছাড়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত কর্মসূচি বহাল থাকলেও প্রধান বক্তা হিসেবে তাঁর অংশগ্রহণ থাকছে না।

    মাহফিলের প্রচারপত্রে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট এ বিরোধের মধ্যে প্রশাসনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আয়োজক ও স্থানীয়দের প্রত্যাশা, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে।

  • ডিসেম্বর পর্যন্ত জ্বালানি নিয়ে শঙ্কা নেই, স্বাভাবিক হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানিমন্ত্রী

    ডিসেম্বর পর্যন্ত জ্বালানি নিয়ে শঙ্কা নেই, স্বাভাবিক হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানিমন্ত্রী

    বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি এবং তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করার ফলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

    শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এর দ্বিতীয় অধিবেশনে মন্ত্রী এসব তথ্য জানান। ‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক ওই অধিবেশনে তিনি দেশের বর্তমান জ্বালানি অবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং আগামী গ্রীষ্মকালীন প্রস্তুতির চিত্র তুলে ধরেন।

    সংকটের পটভূমি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, তিনি দায়িত্ব নেওয়ার মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়, যা দেশের প্রচলিত জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। এর পাশাপাশি একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। এর প্রভাবে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায় এবং শিল্পকারখানাগুলো তীব্র ভোগান্তির মুখে পড়ে।

    উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি সংগ্রহ করেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় প্রতি ইউনিট এলএনজির মূল্য ছিল ১২ ডলার, যা সর্বশেষ ৩১ ডলারে কিনতে হয়েছে। এত উচ্চমূল্যের এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ এবং তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় সমান হয়ে যাওয়ায় সরকার তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু করার সিদ্ধান্ত নেয়।

    বর্তমান পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ এখন অনেকটাই স্থিতিশীল এবং বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক। গত ১৫ থেকে ২০ দিনে দেশের খুব কম এলাকাতেই লোডশেডিং হয়েছে; যেসব স্থানে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, তার মূল কারণ ছিল কারিগরি ত্রুটি। চাহিদা অনুযায়ী জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে এবং পরবর্তীতে জানুয়ারি মাসের জন্য নতুন আমদানির পরিকল্পনা গ্রহণ করা হবে।

  • প্রযুক্তির ছোঁয়া ও সিসিটিভি নেটওয়ার্কে পাল্টে যাচ্ছে ঢাকা-১৩: অপরাধ দমনে ববি হাজ্জাজের কঠোর হুশিয়ারি

    প্রযুক্তির ছোঁয়া ও সিসিটিভি নেটওয়ার্কে পাল্টে যাচ্ছে ঢাকা-১৩: অপরাধ দমনে ববি হাজ্জাজের কঠোর হুশিয়ারি

    অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পুরোনো পদ্ধতি থেকে বের হয়ে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও পরিকল্পিত নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

    শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থার নানা চিত্র তুলে ধরে তিনি বলেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে একটি নিরাপদ ও নাগরিকবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

    মূল বিষয়গুলো এক নজরে:
    সিসিটিভি নেটওয়ার্ক: এলাকার ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টে (যেমন- বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেট) বর্তমানে ৮০টি হাই-রেজ্যুলেশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা কয়েকশতে উন্নীত করা হবে।

    বিশেষ নজরদারি ও সাফল্য: থানা পুলিশের তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ ও জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতে গোপন ক্যামেরা বসানো হয়েছে। সম্প্রতি জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের এই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই শনাক্ত ও গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    মহল্লাভিত্তিক কমিটি: নিরাপত্তা জোরদার করতে ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মন্দির ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।

    এআই প্রযুক্তি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন: সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করতে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শুরু হবে। এছাড়া যানজট নিয়ন্ত্রণে শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭-এর পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে আরও কয়েকটি পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।

    কিশোর গ্যাং ও মাদক নির্মূল: কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে তরুণদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্বব্যাংক, এডিবি, বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে।

    প্রতিমন্ত্রী জানান, সিসিটিভি নজরদারি এবং পুলিশের তৎপরতায় ইতোমধ্যে মোহাম্মদপুরের বেশ কিছু এলাকায় ছিনতাইয়ের মতো অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধারা আরও জোরদার করা হবে।

  • অতীত ব্যর্থতা ভুলে প্রোটিয়া বধের স্বপ্নে বিভোর শান্ত

    অতীত ব্যর্থতা ভুলে প্রোটিয়া বধের স্বপ্নে বিভোর শান্ত

    সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার টেস্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পাশাপাশি ব্যাটারদের ধারাবাহিক ছন্দহীনতা দলকে বেশ চিন্তায় ফেলেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের ক্ষত নিয়েই এবার কঠিন চ্যালেঞ্জের মুখে নাজমুল হোসেন শান্তর দল; প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে পেছনের হতাশা ঝেড়ে ফেলে প্রোটিয়াদের ডেরায় ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক।

    আসন্ন এই সিরিজকে সামনে রেখে দলের মানসিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে শান্ত জানান, অতীত নিয়ে পড়ে না থেকে সামনের দিকে তাকানোই এখন মূল লক্ষ্য। তিনি বলেন, ‘সবাই মানসিকভাবে বেশ চাঙা আছে। এটা ঠিক যে আমাদের সর্বশেষ দুই-তিনটি ম্যাচ ভালো যায়নি। তবে পেছনের ব্যর্থতা নিয়ে না ভেবে সামনে কীভাবে ভালো করা যায়, সেটিই আমাদের কাছে মুখ্য। আগের ভুলগুলো শুধরে নেওয়ার বিষয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। কন্ডিশন ভিন্ন হলেও আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারি, তবে ভালো লড়াই হবে।’

    দক্ষিণ আফ্রিকার কন্ডিশন পেস সহায়ক হলেও বোলিং আক্রমণের ওপর পূর্ণ আস্থা রাখছেন শান্ত। তিনি মনে করেন, পেসারদের পাশাপাশি অভিজ্ঞ স্পিনাররাও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শান্তর ভাষায়, ‘উইকেট ও কন্ডিশন এখনো কাছ থেকে দেখা হয়নি, তবে এখানকার উইকেট পেসারদের বাড়তি সুবিধা দেবে। তাই পেস বোলারদের কাঁধে দায়িত্বটা একটু বেশিই থাকবে। পাশাপাশি আমাদের স্পিনাররাও বেশ অভিজ্ঞ, তারা ঠিকমতো সঙ্গ দিলে দারুণ একটি ম্যাচ উপহার দেওয়া সম্ভব।’

    প্রোটিয়াদের মাটিতে অতীতে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি এবারের টেস্ট সিরিজে বাড়তি প্রেরণা জোগাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলপতি। তিনি বলেন, ‘এই মাঠে আমাদের ওয়ানডে সিরিজ জয়ের দারুণ রেকর্ড রয়েছে, যা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। আমাদের সামনে প্রমাণ আছে যে, এখানে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা সম্ভব। তবে দিনশেষে মাঠে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে।’

    বোলিং বিভাগের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত পুরো সিরিজ জুড়েই ভালো কিছুর আশা করছেন। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘দলের ওপর আমার অগাধ বিশ্বাস রয়েছে, আর বিশ্বাস না থাকলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। পুরো দলই বিশ্বাস করে আমরা এখানে ভালো খেলব। আমাদের বোলাররা ছন্দে আছে। দু-একটি ইনিংস বা সিরিজ দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না। আশা করি এই সিরিজে নতুন বল কিংবা মিডল ওভার—সব জায়গাতেই বোলাররা দারুণ কিছু করবে, ইনশাআল্লাহ।’

  • মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

    মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

    গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মর্মান্তিক এ ঘটনায় একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মা ও ছেলেকে।

    শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির (৫০) আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

    ইলিয়াস ফকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন। শনিবার সকাল ১০টার দিকে তাঁর জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

    এরপর বেলা ১১টার দিকে তাঁর মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে মারা গেছেন মা হাসিনা বেগম। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম।

    মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কবরস্থানে শনিবার সকালে ছেলে ইলিয়াস ফকির এবং বিকেলে মা হাসিনা বেগমকে পাশাপাশি দাফন করা হয়েছে।

  • আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ

    আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ

    ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসক সংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, পরীক্ষার রিপোর্টে অসংগতি, অননুমোদিতভাবে চিকিৎসাসেবা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় দুই কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত, বকেয়া বেতন-ভাতা আটকে রাখা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন হাসপাতালটির সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মারুফ রায়হান সোহাগ।

    এ ঘটনায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মারুফ রায়হান সোহাগ গত প্রায় আড়াই মাস ধরে জামগড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ডক্টরস জেনারেল হাসপাতালে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল বারী, জেনারেল ম্যানেজার শেখ ফরিদ এবং অ্যাডমিন ম্যানেজার মো. শাওনকে অভিযুক্ত করা হয়েছে।

    অভিযোগকারীর দাবি, হাসপাতালের চিকিৎসকদের তালিকায় যেসব চিকিৎসকের নাম রয়েছে, তাঁদের অনেকেই নিয়মিত উপস্থিত থাকেন না। পাশাপাশি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে এবং বিদ্যমান সরঞ্জামের অধিকাংশই নষ্ট। এ কারণে হাসপাতালের বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ভুল ও অসংগতি দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

    এ ছাড়া পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, হাসপাতালের এসব অনিয়মের বিষয়ে কেউ প্রতিবাদ করলে সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে চাকরিচ্যুত করা এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

    সবচেয়ে গুরুতর অভিযোগটি ১৩ নভেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগকারীর দাবি, ওই দিন হাসপাতালের অপারেশন থিয়েটারে অ্যানেসথেসিয়া চিকিৎসক উপস্থিত না থাকায় ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল বারী নিজেই অ্যানেসথেসিয়ার দায়িত্ব পালন করেন।

    একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে হাসপাতালের এসব অনিয়ম নিয়ে মারুফ রায়হান সোহাগ ও তাঁর সহকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রতিবাদ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দুজনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে বলে অভিযোগ করা হয়েছে।

    পরবর্তী সময়ে তাঁরা তাঁদের পাওনা বেতন-ভাতা চাইলে অভিযুক্ত ব্যক্তিরা এবং তাঁদের সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পাওনা পরিশোধ করবেন না বলে জানিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    মারুফ রায়হান সোহাগের আরও অভিযোগ, এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে ডা. আব্দুল বারী তাঁকে কোনো কারণ ছাড়াই চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে তাঁকে ও তাঁর সহকর্মী আব্দুল্লাহ আল মামুনকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

    এ ঘটনায় নিজের ও সহকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী। ভবিষ্যতে তাঁদের বড় ধরনের ক্ষতি করা হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

    লিখিত অভিযোগে হাসপাতালের কথিত অনিয়মের সুষ্ঠু তদন্ত, অনিয়ম বন্ধ, চাকরিচ্যুতির ঘটনায় পাওনা বেতন-ভাতা আদায় এবং মারধর ও হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন মারুফ রায়হান সোহাগ।

    তবে এসব অভিযোগের বিষয়ে ডক্টরস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

  • ‎ঘাম ঝরিয়ে ঘরে সোনা তুলছেন কৃষক, নাসিরনগরের মাঠে এখন শুধুই ধান কাটার ধুম

    ‎ঘাম ঝরিয়ে ঘরে সোনা তুলছেন কৃষক, নাসিরনগরের মাঠে এখন শুধুই ধান কাটার ধুম

    ‎
    ‎সকালের মিষ্টি রোদ এসে পড়েছে ধরনীর সবুজ প্রান্তরে। যতদূর চোখ যায়, শুধু সোনালি আর সোনালি। পাকা ধানের শীষে ভরে গেছে মাঠের পর মাঠ। বাতাসে দুলছে সোনালি ধান, মনে হচ্ছে যেন সোনার সমুদ্রে ঢেউ খেলছে। আর সেই সোনালি মাঠে হাসছে কৃষক। মাঠে মাঠে এখন ধান কাটা, ধান বাঁধা আর ধান বাড়ি তোলার ব্যস্ততা।
    ‎
    ‎ভোরের আলো ফুটতে না ফুটতেই কাস্তে হাতে মাঠে নামছেন কৃষকরা। সাথে আছেন বাড়ির ছেলে, মেয়ে, স্ত্রী, এমনকি বৃদ্ধ বাবাও। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, কেউ মাথায় করে ধানের আঁটি বয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির উঠানে। কৃষকের ঘামে ভেজা মুখে তবুও লেগে আছে তৃপ্তির হাসি। কারণ এই হাসির পেছনে আছে সারা বছরের পরিশ্রম, সারা বছরের স্বপ্ন।
    ‎
    ‎একজন কৃষক হাসিমুখে বলেন, “এইবার ফলন খুব ভালো হইছে। মাঠের দিকে তাকাইলেই মনটা ভইরা যায়। সারা বছরের কষ্ট যেন একদিনে সার্থক হইছে।”
    ‎
    ‎আরেকজন বলেন, “ধান দেখলেই বোঝা যায়, আল্লাহ এবার মুখ তুলে চাইছেন। ঘরে নতুন ধান উঠবো, ছেলেমেয়েরা নতুন চালের ভাত খাইবো, এর চেয়ে বড় আনন্দ আর কী আছে?
    ‎
    ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার মাঠগুলো এখন যেন একেকটা উৎসবের মাঠ। কোথাও চলছে ধান কাটা, কোথাও চলছে মাড়াই, কোথাও চলছে খড় শুকানো। শিশুরা মাঠের আইল ধরে ছুটছে, ধানের আঁটির উপর বসে খেলছে। নারীরা উঠানে ধান শুকাতে দিচ্ছেন, নতুন ধানের গন্ধে ভরে যাচ্ছে পুরো গ্রাম।
    ‎
    ‎বিকেল হলেই মাঠে ভিড় আরও বাড়ে। গরু গাড়ি, ভ্যান, ট্রাক্টরে করে ধান আসছে বাড়ি বাড়ি। উঠানে উঠানে ধানের স্তূপ। বয়স্করা উঠানে বসে গল্প করছেন, আর তরুণরা ব্যস্ত ধান গোছাতে। মনে হচ্ছে, পুরো নাসিরনগর যেন এখন সোনালি আনন্দে ভাসছে।
    ‎
    ‎কৃষকরা জানান, এবার আবহাওয়া ভালো থাকায় এবং সময়মতো সেচ ও সার পাওয়ায় ফলন ভালো হয়েছে। তবে তাদের একটাই চাওয়া, ধানের ন্যায্য দাম। তারা চান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই যেন সরাসরি ভালো দামে ধান বিক্রি করতে পারেন।
    ‎
    ‎কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, এবার নাসিরনগরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে। ফলনও ভালো। কৃষকদের পরামর্শ আর সহযোগিতা অব্যাহত আছে।
    ‎
    ‎ঘরে নতুন ধান উঠা মানেই কৃষকের ঘরে নতুন স্বপ্ন। কারো স্বপ্ন ছেলেকে স্কুলে ভর্তি করানো, কারো স্বপ্ন মেয়ের বিয়ে, কারো স্বপ্ন ঘরের টিন বদলানো, কারো স্বপ্ন একটা নতুন গরু কেনা। এই সোনালি ধানই তো কৃষকের জীবনের সোনালি ভবিষ্যৎ।
    ‎
    ‎সন্ধ্যা নামতেই মাঠ থেকে ভেসে আসে নতুন ধানের মিষ্টি গন্ধ। পাখিরা ফিরে যায় নীড়ে। কৃষকও ক্লান্ত শরীরে, কিন্তু ভরা মনে বাড়ি ফেরেন। তার মুখে তখনো লেগে থাকে সেই সোনালি হাসি।
    ‎
    ‎নাসিরনগরের মাঠে মাঠে এখন শুধু একটাই দৃশ্য — সোনালি ফসল, ব্যস্ত কৃষক, আর মুখে মুখে তৃপ্তির হাসি।

  • ঘুষের হিসাব রাখা ‘জাদুর ডায়েরি’ আর ২৩ দালালের কারসাজিতে বিপর্যস্ত ক্যান্টনমেন্ট ভূমি অফিস

    ঘুষের হিসাব রাখা ‘জাদুর ডায়েরি’ আর ২৩ দালালের কারসাজিতে বিপর্যস্ত ক্যান্টনমেন্ট ভূমি অফিস

    রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ভূমি সেবা নিতে গিয়ে চরম হয়রানি ও আর্থিক শোষণের মুখে পড়ছেন। ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, নামজারি ও মিস কেস নিষ্পত্তিতে ব্যাপক অনিয়ম এবং বহিরাগত দালাল চক্র পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রচলিত সরকারি আইন ও বিধিমালা উপেক্ষা করে এই দপ্তরটিকে রীতিমতো দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে, যেখানে অবৈধ অর্থ লেনদেন ছাড়া কোনো ফাইলের কাজ এক চুলও এগোয় না।

    নামজারিতে চার গুণ ঘুষ ও ‘জাদুর ডায়েরি’র রহস্য: ভুক্তভোগী সেবাগ্রহীতারা জানান, নামজারির আবেদন নিয়ে কার্যালয়ে এলেই সাধারণ মানুষকে নানা আইনি জটিলতা ও নিয়মকানুনের ভয় দেখিয়ে কার্যত জিম্মি করা হয়। সাধারণ প্রক্রিয়ায় যে কাজ সম্পন্ন হতে সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যায়, নির্ধারিত ফির বাইরে ঘুষের অঙ্ক চার গুণ বাড়িয়ে দিলে সেই ফাইলের প্রস্তাব মাত্র একদিনেই তৈরি হয় এবং পরদিনই তা মঞ্জুর হয়ে যায়। অনুসন্ধানে জানা গেছে, এসিল্যান্ড মো. রৌশন আহমেদের ব্যক্তিগত একটি বিশেষ বা ‘জাদুর ডায়েরি’র সংকেত ছাড়া এই সার্কেলে কোনো ফাইল নথিভুক্ত বা সচল হয় না। কেবল ওই ডায়েরিতে তালিকাভুক্ত কেস বা ফাইলগুলোর কার্যক্রমই দ্রুতগতিতে এগোয়। অভিযোগ রয়েছে, দাপ্তরিক দায়িত্ব পালনের চেয়ে তিনি এই বিশেষ ডায়েরি এবং ঘুষের অর্থের হিসাব মেলাতেই বেশি সময় ব্যয় করেন। অনিয়মের এই ‘জাদুর ডায়েরি’র আধিপত্য কবে শেষ হবে, এখন সেটিই স্থানীয়দের প্রধান প্রশ্ন।

    ২৩ দালালের চক্র ও গোপন বৈঠকের নেপথ্যে: অভিযোগ উঠেছে, এসিল্যান্ড মো. রৌশন আহমেদ দাপ্তরিক শৃঙ্খলা মেনে কার্যালয় পরিচালনার পরিবর্তে ২৩ জন বহিরাগত দালাল ও একটি অসাধু চক্রের মাধ্যমে পুরো ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিস নিয়ন্ত্রণ করছেন। এই সার্কেলে দীর্ঘদিন কর্মরত থাকার সুযোগে পার্শ্ববর্তী এশিয়ান সিটি ও স্বদেশ প্রপার্টিজ এলাকার বিভিন্ন ভূমি জালিয়াতি চক্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অফিস চলাকালীন দরজা-গেট বন্ধ রেখে তিনি বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক করেন। দপ্তরের সাধারণ তথ্য ও নথিপত্র বাইরে প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি থাকলেও, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু ব্রোকার ও কম্পিউটার দোকানের মাধ্যমে নামজারির ফাইল অনায়াসেই অনুমোদন পাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, দালাল সিন্ডিকেটের মাধ্যমে সংগৃহীত ঘুষের হিসাব এসিল্যান্ড তার ওই ব্যক্তিগত ‘জাদুর ডায়েরি’-তেই সংরক্ষণ করেন। পাশাপাশি প্রতিটি ফাইলের ঘুষের হার নির্ধারণ, সেকেন্ড অর্ডার ও নম্বর ফেলার বিষয়টি তিনি নিজেই নিয়ন্ত্রণ করেন এবং সার্কেলের অধীনস্থ প্রতিটি নায়েবকে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে।

    সাবেক সেনা কর্মকর্তার জমি দখল ও গুরুত্বপূর্ণ নথি গায়েব: এই সার্কেলের অনিয়মের সবচেয়ে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) তাজুল ইসলামের সম্পত্তি সংক্রান্ত একটি ঘটনায়। খিলক্ষেতের ডুমনি এলাকায় অবস্থিত ৮.২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত ‘সামিন ডেইরি ফার্ম’ (দলিল নম্বর ৫৬৩৯, খতিয়ান নং ৫৮১৬; দাগ নম্বর ১০০১৬, ১০০১০, ১০০১৩)-এর মূল্যবান জমি জবরদখল ও আইনি হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, পলাতক থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতা ও দক্ষিণখানের সাবেক কাউন্সিলর ডিএম শামীমের পক্ষে ‘মিসেস রায়’ নামক এক ব্যক্তি প্রভাব খাটাচ্ছেন। ১০ লক্ষ টাকার গোপন চুক্তির বিনিময়ে অতি দ্রুত একপেশে রায় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিস কেস নম্বর ২২৩/২৪ এবং ১ জুলাই, ২০২৬-এর রায়কে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। ভুক্তভোগী জমির মালিকরা রিভিউ আবেদনসহ আইনি পদক্ষেপ নিলেও সার্কেল অফিস থেকে চরম অসহযোগিতা ও হয়রানির শিকার হচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই সংক্রান্ত মূল খতিয়ান ও গুরুত্বপূর্ণ নথিপত্র মিস কেস দপ্তর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এবং এসিল্যান্ড নিজ তত্ত্বাবধানে দামি ফাইলগুলো আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

    অনুপস্থিতি, প্রভাব বিস্তার ও অভিযুক্তের অবস্থান: সরেজমিনে সার্কেল অফিসে গিয়ে দেখা যায়, প্রায় সময়ই “মিটিং আছে” বা দাপ্তরিক কাজের অজুহাত দেখিয়ে এসিল্যান্ড কার্যালয়ের বাইরে থাকেন, ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ সেবাগ্রহীতারা চরম বিপাকে পড়েন। অনিক নামের এক ভুক্তভোগী ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “বেশিরভাগ সময়ই তিনি অফিসে থাকেন না, বাইরে থাকেন। আমরা গরিব মানুষ, কার কাছে বিচার দেব? তিনিই এই সার্কেলের সবচেয়ে বড় কর্মকর্তা, তার বিচার করবে কে?” অভিযোগ রয়েছে, নিজের এসব অনিয়ম ও অপকর্ম ধামাচাপা দিতে তিনি বিভিন্ন মহলে উচ্চপর্যায়ের নাম ভাঙিয়ে দাপট দেখান। এমনকি কিছু অসাধু ও নামধারী ইউটিউবার এবং সাংবাদিকের একটি চক্র নিয়মিত তার আশপাশে ভিড় জমিয়ে তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে এবং বিনিময়ে অনৈতিক সুবিধা নেয়। এদিকে, উত্থাপিত এসব গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদের বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যম থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

    গোয়েন্দা নজরদারি ও বিভাগীয় তদন্তের দাবি: ভূমি প্রশাসন ও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী, দাপ্তরিক নথি গোপন রাখা, বহিরাগত দালালদের মাধ্যমে অর্থ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহার গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। রাজধানীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজস্ব সার্কেলে মো. রৌশন আহমেদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও ২৩ দালালের সিন্ডিকেট রাজত্ব বন্ধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থার জরুরি হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। ভূমি খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।