Blog

  • রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের জোরালো সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী মনে করেন, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো মিয়ানমারের এই নাগরিকদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা। আর এ লক্ষ্যে বিশ্বনেতাদের আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ।

  • আসিয়ান শীর্ষ সম্মেলন ২০২৬: নানা সংকট মোকাবেলায় ম্যানিলায় বসছেন বিশ্বনেতারা

    আসিয়ান শীর্ষ সম্মেলন ২০২৬: নানা সংকট মোকাবেলায় ম্যানিলায় বসছেন বিশ্বনেতারা

    দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান-এর ১১ সদস্য দেশের শীর্ষ সম্মেলন আজ ১৫ নভেম্বর থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হচ্ছে। ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই তিন দিনব্যাপী বৈঠকে প্রধানত মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য দ্বন্দ্ব এবং দক্ষিণ চীন সাগরের ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে জোরালো আলোচনা হওয়ার কথা রয়েছে।

    এবারের আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ভারত, কানাডা এবং ব্রাজিলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করছেন। এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত থাকবেন। আসিয়ান সূত্রে জানা গেছে, আগামী ১৭ নভেম্বর জোটের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি বিশেষ বৈঠক নির্ধারিত রয়েছে; পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র-এর সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

    প্রায় ৬৯ কোটি ৪০ লাখ জনসংখ্যার ১১টি দেশ নিয়ে গঠিত আসিয়ান জোটের এবারের বৈঠকে প্রধান আলোচিত বিষয়গুলো হলো:

    জ্বালানি সংকট: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ফিলিপাইন গত মার্চে জাতীয় জ্বালানি জরুরি অবস্থাও ঘোষণা করেছে।

    ভূরাজনৈতিক ও বাণিজ্য উত্তেজনা: দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে আসিয়ানের কিছু সদস্যরাষ্ট্রের দীর্ঘদিনের সীমান্ত ও ভূখণ্ডগত বিরোধ, মার্কিন শুল্কনীতি এবং থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনা।

    মিয়ানমার সংকট ও রোহিঙ্গা সমস্যা: ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা মিয়ানমারের গৃহযুদ্ধ এবং আসিয়ানের ব্যর্থ হওয়া পাঁচ দফা শান্তি পরিকল্পনা ও রোহিঙ্গা শরণার্থী সংকট।

    পরিবেশগত চ্যালেঞ্জ: ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট আন্তসীমান্ত পরিবেশদূষণ।

    বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক স্বার্থ বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সদস্য দেশগুলোর মধ্যে সুদৃঢ় ঐকমত্য গড়ে তোলাই এবারের সম্মেলনের সবচেয়ে বড় পরীক্ষা।

  • মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির জাতীয় কমিটি গঠন

    মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির জাতীয় কমিটি গঠন

    মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য একটি জাতীয় কমিটি গঠন করেছে বিএনপি। শনিবার (১৪ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নতুন গঠিত এই কমিটিতে দলের শীর্ষস্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে:

    আহ্বায়ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

    সদস্যসচিব: প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

    এছাড়া, কমিটিতে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সদস্য হলেন:

    মির্জা আব্বাস

    গয়েশ্বর চন্দ্র রায়

    নজরুল ইসলাম খান

    বেগম সেলিমা রহমান

    ইকবাল হাসান মাহমুদ টুকু

    অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

    মওলানা ভাসানীর এই মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা: চালক ও সুপারভাইজার আটক

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা: চালক ও সুপারভাইজার আটক

    রংপুরের তারাগঞ্জে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক; বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

    নিহত দুজন হলেন—নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিবসহ এলাকার ছয়জন ব্যক্তি কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে নিজ বাড়িতে ফিরছিলেন। তাদের সাথে থাকা চাচা আতিক ইসলামের কাছে তিন লাখ টাকা ছিল।

    বাসটি তারাগঞ্জ এলাকা অতিক্রম করার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে সুকৌশলে আতিক ইসলামকে জিম্মি করেন বাসের হেলপার ও সুপারভাইজার। তারা আতিকের গলায় গামছা পেঁচিয়ে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মুকুল ও শাকিব তাদের বাঁচাতে এগিয়ে এলে বাসটি চলন্ত অবস্থাতেই ওই দুজনকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেয়।

    বাসের অপর যাত্রী ও প্রত্যক্ষদর্শী আতিক ইসলাম জানান, টাকার কারণে তাকে বাস থেকে নামানো হয়নি বরং তাকে জিম্মি করা হয়েছিল। মুকুল ও শাকিব তাকে রক্ষায় এগিয়ে আসতেই তাদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে তার চিৎকারে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন এবং স্থানীয়দের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটক করা হয়। বাসটি আটক করা না হলে তাকেও একইভাবে ফেলে দেওয়া হতো বলে জানান তিনি।

    তারাগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে সকাল আটটার দিকে জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশ থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

  • গণপূর্তের সব দপ্তরে ‘প্রজেক্ট মনিটরিং সফটওয়্যার’ (পিপিএমএস) ব্যবহারের নির্দেশ

    গণপূর্তের সব দপ্তরে ‘প্রজেক্ট মনিটরিং সফটওয়্যার’ (পিপিএমএস) ব্যবহারের নির্দেশ

    উন্নয়ন ও রাজস্ব খাতের প্রকল্পের কাজে গতিশীলতা আনতে এবং বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ওপর জোর দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এর অংশ হিসেবে এখন থেকে অধিদপ্তরের অধীন সব চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে ‘পিডব্লিউডি প্রজেক্ট মনিটরিং সফটওয়্যার’ বা পিপিএমএস (PPMS) ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

    গত ২৮ অক্টোবর গণপূর্ত ইএম এমআইএস বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারিকৃত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী প্রকৌশলী (ইএম) সাহিয়া তামান্না হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রধান প্রকৌশলীর জরুরি নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, এই সফটওয়্যার ব্যবহারের ফলে মাঠপর্যায়ের দপ্তর থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত সব স্তরে কার্যকর সংযোগ তৈরি হবে। এর মাধ্যমে খুব দ্রুত তথ্য আদান-প্রদান, নিরাপদ তথ্য সংরক্ষণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। গণপূর্ত অধিদপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সার্কেল ও মাঠপর্যায়ের অফিসগুলোর কাজের সমন্বয় বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    চিঠিতে মনিটরিং অফিস এবং মাঠপর্যায়ের দপ্তরগুলোর সুনির্দিষ্ট কিছু দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে:

    মনিটরিং অফিসের কাজ: নতুন প্রকল্প শুরু ও অনুমোদন দেওয়া, ডিপিপি (DPP) ও প্রকিউরমেন্ট প্ল্যানের মতো প্রয়োজনীয় ফাইল সংযুক্ত করা, প্যাকেজ অনুযায়ী ব্যবহারকারী নির্ধারণ, প্রকিউরমেন্ট প্যাকেজ প্রস্তুত-অনুমোদন এবং সামগ্রিক তদারকি ও রিপোর্ট প্রদান।

    মাঠপর্যায়ের দপ্তরের কাজ: জমি প্রাপ্তির তথ্য ও প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি, টেন্ডার ও চুক্তির (NOA ও Agreement) তথ্য আপলোড, সেগমেন্টভিত্তিক ওয়ার্ক প্রোগ্রাম তৈরি এবং কাজের অগ্রগতি নিয়মিত ছবি ও ভিডিওসহ সফটওয়্যারে হালনাগাদ করা।

    সফটওয়্যারটি ব্যবহারের জন্য গণপূর্ত অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (pwd.gov.bd) ভিজিট করে অভ্যন্তরীণ ই-সেবা (Internal E-Services) অপশনে এর লিংক পাওয়া যাবে। সফটওয়্যারটি পরিচালনায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ইএম এমআইএস বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী কিংবা পিপিএমএস সাপোর্ট নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সিটি ব্যাংকের ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার শেয়ার কেলেঙ্কারি: বড় অনিয়মে সামান্য শাস্তি

    সিটি ব্যাংকের ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার শেয়ার কেলেঙ্কারি: বড় অনিয়মে সামান্য শাস্তি

    সিটি ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্লক মার্কেটে লেনদেন ও ‘কাউন্টারপার্টি ট্রেডিংয়ের’ মাধ্যমে সিটি ব্যাংক পিএলসির বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগতভাবে অন্যায্য মুনাফা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে এসব লেনদেনে অনিয়ম ও কারসাজির তথ্য উঠে এসেছে। এ ঘটনায় সিটি ব্যাংক, ব্যাংকটির সাবেক ফান্ড ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।

    তবে এ ঘটনায় ব্যাংকটির তিন ডিএমডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে খাতসংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে বিএসইসির আরোপ করা জরিমানার পরিমাণ ও কার্যকর ব্যবস্থা নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

    বিএসইসির তদন্তে সংশ্লিষ্ট হিসেবে উঠে এসেছে সিটি ব্যাংকের সাবেক ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খান এবং ব্যাংকটির তিন ডিএমডি- এ কে এম সাইফ উল্লাহ কাওছার, মোহাম্মদ মাহমুদ গনি ও মো. আশানুর রহমানের নাম।

    এ ছাড়া আরও একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য রয়েছে বিএসইসির তদন্ত ও এনফোর্সমেন্ট কার্যক্রমে।

    বিএসইসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের তহবিল ব্যবহার করে কয়েকজন কর্মকর্তা কম দামে শেয়ার কিনে বেশি দামে ব্যাংকের তহবিলের কাছেই বিক্রি করেছেন। কোনো কোনো ক্ষেত্রে বাজারদরের চেয়ে বেশি দামে ব্যাংকের তহবিলে শেয়ার বিক্রি করে ব্যক্তিগত মুনাফা করেছেন তাঁরা। এতে ব্যাংকের বিনিয়োগ তহবিলের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

    আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনের কারণে দেশের বেসরকারি ব্যাংক খাতে পরিচিত নাম সিটি ব্যাংক। গত জুনে ব্যাংকটি ‘ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ স্বীকৃতি পেয়েছে। একই আয়োজনে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্যাংক ক্যাপিটাল ও সিটি ব্রোকারেজও স্বীকৃতি পায়। গত নভেম্বরে ‘বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস’-এর চতুর্থ আসরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।

    তবে ব্যাংকের অভ্যন্তরীণ বিনিয়োগ কার্যক্রমে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ এসব অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

    বিএসইসির তদন্তের সূত্রপাত হয় সিটি ব্যাংকের তৎকালীন ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানকে কেন্দ্র করে। তদন্তে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি নিজের এবং স্ত্রী আসমাউল হুসনার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ব্যবহার করে ব্যাংকের বিনিয়োগ তহবিলের সঙ্গে কাউন্টারপার্টি ট্রেডিংয়ে জড়িত ছিলেন।
    অর্থাৎ, ব্যাংকের পক্ষে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে থাকা অবস্থায় একই লেনদেনে ব্যক্তিগত বিনিয়োগকারী হিসেবেও অংশ নেন তিনি। বিএসইসির পর্যবেক্ষণে এ ধরনের লেনদেনকে স্বার্থের সংঘাত ও বিনিয়োগ কার্যক্রমের নৈতিকতাবিরোধী হিসেবে দেখা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অগ্নি সিস্টেমস, ক্যাপিটেক জিবিএফ ইউনিট ও বিডি পেইন্টসের শেয়ার লেনদেনে অনিয়মের তথ্য উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংকের তহবিল ব্যবহার করে ৩০ টাকা দরে শেয়ার কেনার পর একই শেয়ার ৪১ টাকা ২০ পয়সা দরে ব্যাংকের কাছেই বিক্রি করেন সানোয়ার খান ও তাঁর স্ত্রী। এতে তাঁরা ব্যক্তিগতভাবে মুনাফা অর্জন করেন। এসব লেনদেনে ব্যাংকের বিনিয়োগ তহবিলের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

    গত জানুয়ারিতে অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেনসংক্রান্ত ঘটনায় সানোয়ার খান, তাঁর স্ত্রী ও ভাইকে জরিমানা করে বিএসইসি। একই ঘটনায় সিটি ব্যাংককেও এক লাখ টাকা জরিমানা করা হয়।
    বিএসইসির অনুসন্ধানের জবাবে গত বছরের ১০ জুলাই সিটি ব্যাংক প্রথমে দাবি করেছিল, সানোয়ার খানের লেনদেনগুলো ব্যাংকের তৎকালীন বিনিয়োগ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে ব্লক মার্কেটে লেনদেনের অনুমোদন ও অভ্যন্তরীণ নীতিমালা সম্পর্কে কমিশনের প্রশ্নের মুখে ব্যাংক পরবর্তী সময়ে ভিন্ন তথ্য দেয়।

    ব্যাংক জানায়, সংশ্লিষ্ট লেনদেনের সময় ব্লক মার্কেটে লেনদেনের বিষয়ে বিনিয়োগ নীতিমালা বা অভ্যন্তরীণ নীতিমালায় সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না। ফলে অন্য কোনো পদ্ধতি বা বিদ্যমান প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছিল। ব্যাংকের এই বক্তব্যে ব্লক মার্কেটে বিনিয়োগ কার্যক্রমের অনুমোদন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কর্মকর্তাদের ব্যক্তিগত লেনদেন তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
    বিএসইসির তদন্তে সানোয়ার খানের পাশাপাশি সিটি ব্যাংকের তিন ডিএমডির বিরুদ্ধে ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্লক মার্কেটে অন্যায্য সুবিধা নেওয়ার তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ডিএমডি এ কে এম সাইফ উল্লাহ কাওছার বিভিন্ন শেয়ারের লেনদেনে ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগত মুনাফা অর্জন করেন।

    ২০২৪ সালের ১৬ অক্টোবর তিনি সিটি ব্যাংকের তহবিলের কাছে ব্লক মার্কেটে ২৫ হাজার লাভেলো আইসক্রিমের শেয়ার ৯৭ টাকা দরে বিক্রি করেন। ওই সময় শেয়ারটির বাজারদর ছিল ৯২ টাকা ২০ পয়সা। এ লেনদেনে তাঁর অন্যায্য মুনাফার পরিমাণ ছিল এক লাখ ২০ হাজার টাকা।

    একইভাবে ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি মিডল্যান্ড ব্যাংকের সাড়ে তিন লাখ শেয়ার সিটি ব্যাংকের তহবিলের কাছে প্রতিটি ২৯ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করেন। ওই সময় শেয়ারটির বাজারদর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। এ লেনদেনে তিনি সাত লাখ ৭০ হাজার টাকা মুনাফা করেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৪ মে পর্যন্ত ১১টি লেনদেনের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস ও ওরিয়ন ইনফিউশনসের শেয়ার কেনাবেচা করে এ কে এম সাইফ উল্লাহ কাওছারের অন্যায্য মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৮৫ হাজার ৪০৫ টাকা।

    অন্যদিকে, ডিএমডি মোহাম্মদ মাহমুদ গনি মিডল্যান্ড ব্যাংক ও ফাইন ফুডসের শেয়ার লেনদেনের মাধ্যমে পাঁচ লাখ ৭১ হাজার টাকা মুনাফা করেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ডিএমডি মো. আশানুর রহমান সিটি ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ও ওরিয়ন ইনফিউশনসের শেয়ার কেনাবেচার মাধ্যমে চার লাখ ৩৫ হাজার টাকা অন্যায্য সুবিধা নেন বলে তদন্তে উঠে এসেছে।

    বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির ঘটনায় সিটি ব্যাংককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ব্যাংকটির সাবেক পোর্টফোলিও ম্যানেজার সানোয়ার খানকে এক কোটি ৫১ লাখ টাকা জরিমানা করা হয়। তদন্তে তাঁর ক্যাপিটাল গেইন বা মুনাফার পরিমাণ এক কোটি ৫৩ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

    সানোয়ার খানের স্ত্রী আসমাউল হুসনা ১৫ লাখ টাকা মুনাফা করলেও তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাঁর ভাই আনোয়ার পারভেজ খান দুই লাখ ৪৬ হাজার ২২৮ টাকা মুনাফার বিপরীতে দুই লাখ টাকা জরিমানার মুখে পড়েন।
    এ ছাড়া আবু তাহের শিকদারকে ৬৫ লাখ ৪৬ হাজার টাকা মুনাফার বিপরীতে ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উম্মে সালমা নিপাকে দুই লাখ টাকা এবং বিপ্লব শেখকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    তবে প্রতিবেদনে উল্লেখ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানার অঙ্ক, পৃথক তদন্তের বিষয় এবং সামগ্রিক এনফোর্সমেন্ট কার্যক্রমের অঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে মোট জরিমানার পরিমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরোপিত অর্থদণ্ডের পূর্ণাঙ্গ হিসাব বিএসইসির আদেশ থেকে যাচাই করা প্রয়োজন।

    সানোয়ার খানকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করা হলেও অন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সিটি ব্যাংক কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, তা স্পষ্ট নয়। ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ তদন্তে উঠে আসার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

    এ বিষয়ে সিটি ব্যাংকের সাবেক ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

    অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জানাচ্ছি’।

    জরিমানার বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম শীর্ষনিউজ ডটকমকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে তাঁদের অনিয়মের তথ্য উঠে আসে, তারই পরিপ্রেক্ষিতে জরিমানা করা হয়। সিটি ব্যাংক রিভিউ আবেদন করেছে, সেই রিভিউ আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াধীন রয়েছে। ’

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসাইন খান বলেন, সব অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক সব সময় সোচ্চার আছে। এসব বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ও জরিমানা গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং আরোপিত জরিমানার অর্থ আদায় নিশ্চিত করাও জরুরি।

  • জামানত ছাড়াই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত

    জামানত ছাড়াই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত

    প্রান্তিক ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে দেশের কেন্দ্রীয় ব্যাংক পুনরায় চালু করেছে ‘ই-ঋণ’ (ই-লোন) পুনঃঅর্থায়ন স্কিম। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে, যার মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

    সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংক-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তফসিলি ব্যাংকের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, এমএফএস ও ই-ওয়ালেটের সাহায্যে এই ঋণ গ্রহণ করা যাবে।

    ঋণের মূল বৈশিষ্ট্যসমূহ এক নজরে:
    সর্বোচ্চ ঋণের পরিমাণ: জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত।

    ঋণের মেয়াদ: সর্বোচ্চ ১২ মাস।

    সুদের হার: গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফা সর্বোচ্চ ৯% (নয় শতাংশ)। আর অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ১% সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

    কারা পাবেন অগ্রাধিকার?
    ডিজিটাল উপায়ে বিতরণকৃত এই ঋণ পাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে:

    প্রান্তিক জনগোষ্ঠী ও দূরবর্তী এলাকায় ব্যবসা পরিচালনাকারী ব্যক্তিরা।

    ব্যাংকিং সুবিধার বাইরে থাকা সাধারণ মানুষ, প্রান্তিক নারী এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তারা।

    ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীরা।

    বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

    তৃতীয় লিঙ্গের (হিজড়া) গ্রাহকেরা।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে প্রান্তিক মানুষের আর্থিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়বে, যা ক্যাশলেস বা নগদবিহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে।

  • মাধবপুরে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

    মাধবপুরে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

    হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার দায়ে নাঈমুর রহমান জুয়েল নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

    জরিমানাপ্রাপ্ত নাঈমুর রহমান জুয়েল উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশের উর্বর ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উপরিভাগের উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

    এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নাঈমুর রহমান জুয়েলকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

    উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি: আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বাড়বে সামরিক সমন্বয়

    ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি: আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বাড়বে সামরিক সমন্বয়

    দক্ষিণ চীন সাগরে কৌশলগত নিয়ন্ত্রণ ও বেইজিংয়ের প্রভাব প্রতিহত করতে প্রতিরক্ষা অংশীদারত্ব আরও সুদৃঢ় করল ফিলিপাইন ও অস্ট্রেলিয়া। সম্প্রতি রাজধানী ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনের ফাঁকে দেশ দুটির মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

    চুক্তির মূল উদ্দেশ্য: দুই দেশের মধ্যকার বিদ্যমান ‘ভিজিটিং ফোর্সেস চুক্তি’ বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও সহজ করা এবং যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কার্যক্রমে আমলাতান্ত্রিক বাধা দূর করা।

    প্রশাসনিক ঝক্কি হ্রাস: ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র জানান, আগে যেকোনো প্রতিরক্ষা কাজ সম্পন্ন করতে প্রায় ১০০টি ধাপ পার হতে হতো, যা নতুন ব্যবস্থায় কমিয়ে মাত্র ১০টিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে সামরিক বাহিনীগুলোর মধ্যে সহযোগিতা আরও দ্রুত ও কার্যকর হবে।

    সহযোগিতার ক্ষেত্র: নৌ, স্থল ও বিমানবাহিনীর যৌথ কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা কার্যক্রমেও দুই দেশের অংশীদারত্ব বৃদ্ধি পাবে।

    অস্ট্রেলিয়ার বিনিয়োগ: সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করতে ফিলিপাইনে ড্রোন প্রযুক্তি, প্রয়োজনীয় সরঞ্জাম ও বিশেষ প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এর মাধ্যমে সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা হুমকি মোকাবিলা সহজ হবে।

    বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা সমীকরণে বড় ধরনের প্রভাব পড়বে এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য মোকাবিলায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে।

  • ম্যাচের আগে উত্তাপ: স্পেনে বর্ণবাদ নেই, টুখেলকে সাফ জানিয়ে দিলেন দে লা ফুয়েন্তে

    ম্যাচের আগে উত্তাপ: স্পেনে বর্ণবাদ নেই, টুখেলকে সাফ জানিয়ে দিলেন দে লা ফুয়েন্তে

    উয়েফা নেশন্স লিগে স্পেন ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে মাঠের ভেতরের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের পরিস্থিতি এখন বেশি গরম। মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জানিয়েছেন, তিনি তার শিষ্যদের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সম্পর্কে সতর্ক করবেন। আর টুখেলের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, “স্পেনে কোনো বর্ণবাদ নেই।”

    মাদ্রিদে দীর্ঘ দুই দশক পর ইংল্যান্ডের এটিই প্রথম ম্যাচ। ২০০৪ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে ইংলিশ খেলোয়াড়দের বর্ণবাদী স্লোগানের মুখে পড়তে হয়েছিল। এছাড়া সম্প্রতি স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ ও ইসলামবিদ্বেষী কিছু ঘটনার জেরে ফিফা জরিমানাও করেছে।

    এই বাস্তবতায় থমাস টুখেল জানিয়েছেন, মাঠে কোনো অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে উয়েফার তিন ধাপের প্রোটোকল নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলবেন তিনি। উয়েফার এই নিয়ম অনুযায়ী

    প্রথম ধাপ: রেফারি খেলা থামিয়ে লাউডস্পিকারে ঘোষণা দেওয়ার আহ্বান জানাবেন।

    দ্বিতীয় ধাপ: পরিস্থিতির উন্নতি না হলে ৫ থেকে ১০ মিনিটের জন্য ম্যাচ স্থগিত রেখে খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেওয়া হতে পারে।

    চূড়ান্ত ধাপ: বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচটি পুরোপুরি বাতিল করার ক্ষমতাও রেফারির রয়েছে।

    টুখেলের এমন সতর্কবার্তার জবাবে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্পেনের ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই। তার ভাষায়, “টুখেলকে বলে দিন যে, স্পেনে বর্ণবাদ নেই। বিষয়টি একদম পরিষ্কার; ঠিক যেমনটা ইংল্যান্ডেও। আমরা কেউ বর্ণবাদী নই।”

    মাঠের খেলায় স্পেন ও ইংল্যান্ড—উভয় দলই আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচটি মূলত ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই।

    পয়েন্ট টেবিল: ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে স্পেন। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইংল্যান্ড।

    শেষ পরিসংখ্যান: গত সেপ্টেম্বরে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম দেখায় ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এছাড়া তারা রেকর্ড টানা ৪৩ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে।

    বাংলাদেশ সময় আজ রাত পৌনে দুইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে শেষ হাসি কার কপালে ওঠে, সেটাই এখন দেখার বিষয়।