রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পদে আসীন থেকে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, প্রকল্পের অর্থ লোপাট ও নৈতিক স্খলনের মতো গুরুতর সব অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড-৬) ড. মোহাম্মদ খায়রুল বাশার। সম্প্রতি ‘সচেতন সাভারবাসী’র ব্যানারে প্রকাশিত একটি তথ্যচিত্র ও পোস্টারের মাধ্যমে এসব চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে আসার পর থেকেই প্রতিষ্ঠানটির ভেতরে-বাইরে তোলপাড় শুরু হয়েছে এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলছে নানা সমালোচনা।
গণমাধ্যমে প্রকাশিত সূত্র ও প্রাপ্ত নথিপত্রের তথ্যে দেখা যায়, ড. খায়রুল বাশারের কর্মজীবনের শুরুটাই হয়েছিল মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক প্রভাব এবং আর্থিক লেনদেনের মাধ্যমে। ছাত্রজীবনে প্রথমে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকলেও ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ভোল পাল্টে তিনি ছাত্রলীগে যোগ দেন। এই রাজনৈতিক ডিগবাজিকে পুঁজি করে এবং জামালপুরের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের বিশেষ অনুকম্পায় বড় অঙ্কের ঘুষের বিনিময়ে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই বিএলআরআই-এ নিয়োগ বাগিয়ে নেন তিনি। সময়ের সাথে সাথে ক্ষমতার পালাবদলে নিজের খোলস বদলানোর এই প্রবণতা এখনো অব্যাহত রেখেছেন তিনি; বর্তমানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে এনসিপি (NCP)-র সমর্থক হিসেবে জাহির করে নিজের চেয়ার ও প্রভাব ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই কর্মকর্তা।
চাকরিতে যোগদানের পর বিগত সরকারের আমলে বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. খান শহিদুল হকের ছত্রছায়ায় থেকে বেপরোয়া দুর্নীতিতে জড়িয়ে পড়েন খায়রুল বাশার। সরকারি প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ২০২৫ সালে তিনি প্রায় অর্ধ-কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি ক্রয় করেন। একজন সরকারি স্কেলের সীমিত বেতনের কর্মকর্তা হয়েও রাজধানী ঢাকা শহরে একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের মালিক বনে গেছেন তিনি, যা তার বৈধ আয়ের সাথে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ এবং সাধারণ সহকর্মীদের কাছে রীতিমতো বিস্ময়কর।
আর্থিক দুর্নীতির পাশাপাশি কর্মক্ষেত্রে তার নৈতিক স্খলন ও আচরণগত বর্বরতার অভিযোগও অত্যন্ত ভয়াবহ। প্রকাশিত তথ্যচিত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অধস্তন নারী কর্মী ও সহকর্মীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছেন। শুধু হয়রানিই নয়, প্রাতিষ্ঠানিক বিরোধ ও নিজস্ব হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এক নারী কর্মীকে সরাসরি জুতা দিয়ে প্রহার করার মতো চরম ন্যক্কারজনক ও অমানবিক ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিবেশকে চরমভাবে কলুষিত করেছে।
শুধু প্রশাসন ও আর্থিক খাতই নয়, একজন বিজ্ঞানী হিসেবে তার শিক্ষাগত ও গবেষণাগত যোগ্যতা নিয়েও বড় ধরনের জালিয়াতির প্রমাণ মিলেছে। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অর্থায়নে একটি ভুয়া পিএইচডি ডিগ্রি হাসিল করেন বলে অভিযোগ রয়েছে। এই পিএইচডি কার্যক্রমের আড়ালে তিনি চরম অনিয়মের আশ্রয় নিয়ে দেশি এবং বিদেশি—উভয় উৎস থেকেই তহবিল উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি পিএইচডি গবেষণার নামে বিদেশে অবস্থানকালে অতিরিক্ত অর্থের লোভে জার্মানির রাস্তায় কাগজ বিক্রির মতো কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যা দেশের বৈজ্ঞানিক সমাজের জন্য চরম লজ্জাজনক।
এই বিষয়ে ড. মোহাম্মদ খায়রুল বাশার এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোন বক্তব্য সংগ্রহ
Blog
-

নারী কর্মীকে হেনস্থা ও সীমাহীন দুর্নীতির অভিযোগ বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারের বিরুদ্ধে
-

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদে বিলাসী জীবনযাপন কাস্টমস সম্রাজ্ঞী যুগ্ন কমিশনার ফরিদা ইয়াসমিনের
ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর যুগ্ন কমিশনার ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদান, ক্ষমতার অপব্যবহার, আওয়ামী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
কে এই কাস্টমস কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ? কি তার ক্ষমতার উৎস ?
কাস্টমস কর্মকর্তা ফরিদা ইয়াসমিন দিনাজপুর জেলার ফয়েজ উদ্দিনের কন্যা। ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের অবৈধ নিয়োগে ২৯তম শুল্ক ও আবগারি ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নিয়ম নীতির তোয়াক্কা না করে সমর্থক, দলীয় নেতা-কর্মীদের সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছিল শত শত কোটি টাকা। এই অবৈধ নিয়োগের তালিকার মধ্যে আছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন পরিচিতি নাম্বার (৩০০২৩৬)। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে । অনিয়ম দুর্নীতি বিভিন্ন অপকর্মের শত শত অভিযোগ ছিল কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে রেখেছিলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই নিজেদের প্রার্থীদের সিভিল সার্ভিসে নিয়োগ দিতে মরিয়া হয়ে ওঠে। ২০১২ সালে ২৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ‘Age, Qualification and Examination for Direct Recruitment Rules-1982’ সংশোধন করে নতুন এস.এর.ও নং-৫৫/আইন/২০১২/০৫.০০.০০০০.১৭৪.২২.০১৩.২০১০ তারিখ ২৩/০২/২০১২ জারি করে। সংশোধিত এসআরও অনুযায়ী, পিএসসির সুপারিশকৃত প্রার্থীদের মধ্য থেকে মেডিকেলে অনুপস্থিত প্রার্থীদের স্থানে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা থেকে নিয়োগ দেওয়া যাবে। ২০১২ সালের ওই এসআরও ২০০৮ সালে অনুষ্ঠিত ২৮তম বিসিএস থেকে পরবর্তী সকল পরীক্ষার ক্ষেত্রে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত ২৯, ৩০ ও ৩১ বিসিএসে এ আইনের প্রয়োগ ঘটায় আওয়ামী লীগ সরকার। এরপর এ আইন কাজে লাগিয়ে পিএসসির সুপারিশ ছাড়াই নন-ক্যাডার থেকে প্রার্থীদের নিয়োগ দেওয়া শুরু হয়। মুক্তিযোদ্ধা সনদ নেই এবং কোটায় আবেদন করেননি এমন অনেককেও ভুয়া সনদ বানিয়ে নিয়োগ দেওয়ার প্রমাণ মিলেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নির্দেশনা, পরামর্শ ও নেতৃত্বে অনিয়মের এই আয়োজন সম্পন্ন হয়।
২৯ তম বিসিএসে অনিয়মের মাধ্যমে নিয়োগ পান ২৯ কর্মকর্তা। এই ২৯ প্রার্থীর মধ্যে কাউকে নিয়োগের ব্যাপারে পিএসসির কোনো সুপারিশ ছিল না। এর মধ্যে শুল্ক ও আবগারি ক্যাডারে যে ৪ জন নিয়োগ পান তার মধ্যে একজন ফরিদা ইয়াসমীন (রোল : ০৩৭৪৩৮/ ৭১) ।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ফরিদা ইয়াসমীনকে ৫ আগষ্টের পর ২০১৩ অবৈধ নিয়োগের চলমান রীটের ফয়সালা না হওয়া পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচনা না করার কথা থাকলেও তিনি তা পেয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ২০২৪ সালের ৫ই আগস্ট এর পরে পদোন্নতি, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং সবই তিনি পেয়েছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠ সখ্যতা ও জালিয়াতি অনিয়ম-দূর্নীতির দায়ে পাওয়ার কথা ছিল শাস্তি কিন্তু তা পাননি। অভিযোগ আছে ডিগবাজি দিয়ে তিনি তার ক্ষমতা ঠিকই ধরে রেখেছেন।
অবৈধ নিয়োগে কর্মজীবন শুরু হলেও ছিলেন ব্যাপক প্রভাবশালী, ছিল না কোন ভয় ভীতি করতেন না কোন নিয়ম-নীতির তোয়াক্কা, কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ প্রভাবশালীদের মধ্যে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা এইচ টি ইমাম তার হাত ছিল ফরিদা ইয়াসমিনের মাথার উপরে। এজন্যই পেয়েছেন দ্রুত একের পর এক পদোন্নতি। অবৈধ অর্থ উপার্জন করেছেন দুহাত ভরে। এমনটাই আমাদের কাছে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে প্রভাবশালী এমপি মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সখ্যতার কারণে সব সময় লোভনীয় জায়গায় প্রাইজ পোস্টিং পেয়েছেন এবং যখন যেখানে কর্মরত ছিলেন সেখানেই অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন সরকারের রাজস্ব ক্ষতি করে।
কর্মস্থলের গুরুত্বপূর্ণ ও লোভনীয় জায়গায় তালিকার মধ্যে ছিলেন দ্বিতীয় সচিব, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তর, কাস্টমস হাউস আইসিডি ঢাকা কমলাপুর, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট ঢাকা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ গুলশান। ৭/৮/২০২২ থেকে ১০/৯/২০২৩ পর্যন্ত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ গুলশানে কর্মরত থাকাকালীন সময়ে ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। আবার ২০২৪ সালে ছিলেন কাস্টমস হাউস আইসিডি কমলাপুর ঢাকা। এখানেও কর্মরত থাকাকালীন অবস্থায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন অনিয়ম দুর্নীতির মাধ্যমে।
২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও ফরিদা ইয়াসমিন এর ক্ষমতা এক বিন্দু পরিমাণ কমেনি বরং রাজনৈতিক ভোল পাল্টিয়ে হয়ে গেছেন আরো প্রভাবশালী যেখানে তার পাওয়ার কথা শাস্তি সেখানে তিনি উল্টো পেয়েছেন পদোন্নতি। আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৬ সালের শুরুর দিকে যুগ্ন কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন যা জাতীয় রাজস্ব বোর্ডে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল।
ফরিদা ইয়াসমিনের কর্মস্থলের প্রত্যেকটি জায়গায় সীমাহীন অনিয়ম দুর্নীতি করেছেন রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে নিজের পকেট ভারী করেছেন। এত অনিয়ম দুর্নীতি অভিযোগ মামলাঝ কোন কিছুই তাকে দমাতে পারেনি তিনি কাস্টমস বিভাগের অঘোষিত সম্রাজ্ঞী বলে পরিচিত অনেকের কাছে।
ঢাকা উত্তর কমিশনারেট, কমলাপুর আইসিডি, ঢাকা কাস্টম হাউস থেকে কয়েকশো কোটি টাকা অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে এবং এর অধিকাংশ অর্থ দেশের বাহিরে পাচার করেছেন।
তার কর্মস্থলের প্রত্যেকটি জায়গার পুনরায় নথিপত্র তদন্তের দাবি করা হয়েছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন যা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বেনামে ক্রয় করে রেখেছেন।
একজন যুগ্ন কমিশনারের বেতন কত ? তিনি বসবাস করেন রাজধানীর অভিজাত এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সহ বিলাসবহুল লাক্সারি ফ্ল্যাটে তার বসবাস !
অভিযোগ পত্রের তথ্যের সত্যতা জানতে আমাদের অনুসন্ধানে জানা যায় বাসা ৩/এন, ডব্লিউ/২, স্বপ্ননীড় বিল্ডিং, লেক সিটি কনকর্ড, খিলখেত ঢাকা এখানে তিনি বসবাস করেন এবং এই ফ্ল্যাটের মালিক তিনি নিজে। যার বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা । আধুনিক সুযোগ-সুবিধা সহ এই বিলাসবহুল ফ্ল্যাটে বৈধ আয় দিয়ে কোনভাবে ফ্ল্যাট ক্রয় অথবা ভাড়া থাকার কোন সুযোগ নেই।
আমাদের কাছে আসা অভিযোগ পত্র উল্লেখ করা হয়েছে নিজ জেলা দিনাজপুর, শ্বশুর বাড়ি ময়মনসিংহ সদর, রাজধানী ঢাকায় নামে বেনামে একাধিক প্লট ফ্লাট ও বিপুল পরিমাণ জমি জমা ক্রয় করেছেন । বিদেশে অর্থ পাচারের অভিযোগ তো আছেই। অভিযোগকারী দাবি দুর্নীতি দমন কমিশনে তার পরিবারের সদস্যদের ও বিভিন্ন আত্মীয়-স্বজনের সম্পদ বিবরণী তথ্য যাচাই করলেই সত্যতা বেরিয়ে আসবে বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আর উল্লেখ করা হয়েছে আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ সম্পদ পিতা ফয়েজ উদ্দিন, মাতা মর্জিনা বেগম, স্বামী মইনুল ইসলাম আকন্দ, শপিং মাহমুদ আকন্দ শশুর শাশুড়ি ও পরিবারের আরো বেশ কিছু সদস্যদের নামই বেনামে ক্রয় করেছেন। অভিযোগের বিষয়ে জানতে যুগ্ন কমিশনার ফরিদা ইয়াসমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা দক্ষিণ কার্যালয় গিয়ে তাকে পাওয়া যায়নি এমনকি তার হোয়াটসএপে খুদেবার্তা পাঠিয়ে কোন উত্তর মেলেনি এবং অফলাইনে তার সঙ্গে একবার যোগাযোগ হলে সাংবাদিক নাম শুনেই তিনি ফোন কেটে দেন পরবর্তীতে আর কখনোই ফোন রিসিভ করেননি। -

ডেসকোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বারিধারা সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম গ্রাহক হয়রানি অবৈধ সম্পদ অর্জনসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যম বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন ।
একসময়ের মুনাফায় থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) লোকসান এখন হাজার কোটি টাকার উপরে। নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের মত ঘুষ দুর্নীতিবাজ কর্মকর্তার জন্যই আজকে এই প্রতিষ্ঠানের বেহাল দশা এমনটাই অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম মাগুরা শ্রীপুর উপজেলা, শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হোগলডাঙ্গা গ্রামের কৃষক মফিজ উদ্দিনের ছেলে ২০০৮ সালে ডেসকো-তে যোগদান করেন। অভিযোগ আছে কর্মজীবনের শুরুতেই জড়িয়ে পড়েন নানা অনিয়ম দুর্নীতিতে অবৈধ অর্থের লোভে। বর্তমানে তিনি বারিধারা সার্কেলের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) পরিচিতি নাম্বার:(১০৬২) দায়িত্বে আছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এ ব্যাপক অনিয়ম, সিন্ডিকেট ও দুর্নীতি হয়েছিল। এক সময়ের লাভজনক এই বিদ্যুৎ বিতরণ সংস্থাটিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি ও লুটপাটের কারণে বিপুল লোকসান ও প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়। আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত সুবিধাভোগী কর্মকর্তাদের অনেকেই পাঁচই আগস্টের পরে পেয়েছেন বিভিন্ন শাস্তির মুখে, আবার কেউ রাজনৈতিক ভোল পাল্টিয়ে পেয়েছেন পদোন্নতি, আছেন বহাল তবিয়তে। সেই তালিকায় আছেন নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।
ডেসকোর সবচেয়ে দুর্নীতিবাজ সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাউসার আমীর আলী এবং সাবেক প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরী সহ দুর্নীতিবাজ সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য বর্তমান নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম এমনটাই অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কাউসার আমীর আলী এবং প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করে। সরকারি নির্দেশনা অমান্য করে এবং কোনো অনুমোদন ছাড়াই প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে নিজস্ব ডেটা সেন্টার নির্মাণ করার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ৭৪ কোটি ৮৩ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধনের সুনির্দিষ্ট তথ্য পায় দুদক। অথচ প্রকৌশলী মনিরুল ইসলাম আছেন পর্দার আড়ালে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি এমনটাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মনিরুল ইসলাম ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের প্রভাবশালী সদস্য।
মাগুরায় গ্রামের বাড়ি হওয়ায় আওয়ামী লীগের আর একজন প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শিখরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই রাজনৈতিক প্রভাব তিনি বিস্তার করতেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বদলি বাণিজ্যেতে ব্যাপক ভূমিকা রাখতেন মনিরুল ইসলাম এবং এই ধরনের তদবির বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-র বারিধারা সার্কেল (বা গুচ্ছভুক্ত জোনের মধ্যে থাকা বসুন্ধরা, বাড্ডা বা সংলগ্ন জোন) ও সামগ্রিক বিদ্যুৎ বিতরণ বিভাগে রয়েছে প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ।বিভিন্ন সময়ে গ্রাহক হয়রানি, অতিরিক্ত বিলিং, প্রিপেইড মিটারের ত্রুটি সহ বিভিন্ন অভিযোগে এই মনিরুল ইসলাম সিন্ডিকেটের কাছে ঘুষের বিনিময়ে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করে আসছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে নতুন সংযোগ এবং মিটার পরিবর্তন সংক্রান্ত কাজে ঘুষ না দিলে গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি ও ভোগান্তি পোহাতে হয়। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের তালিকায় এখানেও শেষ নয় আরো উল্লেখ করা হয়েছে ঘুষ দুর্নীতি অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।অভিযোগ উল্লেখ করা হয়েছে রাজধানীর তেজগাঁও তেজকুনি পাড়া ২৫ আনোয়ার গার্ডেন এই বাড়িতে প্রায় দুই কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন যা বৈধ আয় দিয়ে কোনভাবেই সম্ভব না। এছাড়াও উল্লেখ করা হয়েছে রাজধানীতে তার রয়েছে একাধিক প্লট ও ফ্লাট এবং গ্রামের বাড়ি মাগুরা ও শ্রীপুর উপজেলায় বিপুল পরিমাণ জমি জমা ক্রয়ের অভিযোগ রয়েছে অবৈধ অর্থ দিয়ে। আইনের চোখ ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ সম্পদ বাবা মা স্ত্রী শ্বশুর-শাশুড়ি ও সন্তানের নামে ক্রয় করেছেন। বিশেষ করে তার স্ত্রী সায়মা আক্তার ও তার সন্তান সামিহা মুসারাতের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ নগদ অর্থ গচ্ছিত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে এবং সত্যতা যাচাইয়ের জন্য তার আত্মীয়-স্বজন সকলের আয়ের উৎস নিয়ে তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে বলে উল্লেখ করা হয়।
এই বিষয়ে জানতে ঢাকায় ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর বারিধারা সার্কেল এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি বিধায় তার বক্তব্য নেওয়া যায়নি। -

জবাবদিহিতা না থাকায় আরও বেপরোয়া রামপাল ভূমি অফিসের কানুনগো আবুল বশার
বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসের কানুনগো আবুল বশারের বিরুদ্ধে নামজারি কার্যক্রমে ঘুষ গ্রহণের সত্যতা প্রমাণিত হওয়ার পরও চার মাস পেরিয়ে গেলেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তিনি বহাল তবিয়তে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের জবাবদিহি না থাকায় ওই কর্মকর্তা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন এবং আগের মতো আজও নামজারির ফাইলপ্রতি মোটা অঙ্কের আর্থিক লেনদেন অব্যাহত রেখেছেন। এহেন পরিস্থিতিতে স্থানীয় সেবাগ্রহীতাদের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে রামপালের এক ভুক্তভোগীর নিকট থেকে কানুনগো মো. আবুল বশার বড় অংকের অর্থ হাতিয়ে নেন, যা অন্য এক ব্যক্তি ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করেন। পরবর্তীতে এই ভিডিওটি প্রকাশ্যে আসলে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘুষ লেনদেনের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীর নজরে আসার পর গত ৬ আগস্ট অভিযুক্ত কানুনগো মো. আবুল বশারের বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়।
উক্ত নোটিশে উল্লেখ করা হয়, দাপ্তরিক দায়িত্ব পালনের সময় নিজ কার্যালয়ে বসে নামজারি কেসের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে নগদ অর্থ নেওয়ার বিষয়ে ৩ মিনিট ৫৬ সেকেন্ড ও ৫ মিনিট ২২ সেকেন্ডের দুটি ভিডিওর প্রমাণ সংশ্লিষ্ট দপ্তর হাতে পেয়েছে। ভিডিও ক্লিপের বিষয়ে নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় সরকারি সেবামূলক কাজের বিনিময়ে উৎকোচ গ্রহণের অপরাধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধিমোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগে মো. আবুল বশারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে উপজেলা ভূমি অফিস।
পরবর্তীতে গত ১২ আগস্ট সমস্ত তথ্যপ্রমাণসহ অভিযুক্ত কানুনগোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আরেকটি পত্র প্রেরণ করা হয়। ওই চিঠির প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন অভিযুক্ত মো. আবুল বশারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের অনুরোধ জানিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পত্র প্রেরণ করেন।
কিন্তু দীর্ঘ চার মাস অতিবাহিত হলেও বহুল আলোচিত এই ঘটনায় দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, নামজারি সম্পন্ন করতে নির্ধারিত সরকারি ফি ছাড়াও নানা অজুহাতে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এতে সাধারণ মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারের রাজস্ব আহরণও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
একাধিক ভূমি সেবাগ্রহীতা জানান, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন কূটকৌশলে তাদের নিকট থেকে বড় অংকের টাকা আদায় করা হয়ে থাকে। এসব অবৈধ দাবি মেটাতে অসমর্থ হলে আবেদনের কাগজপত্রে নানা ধরনের ত্রুটি ও জটিলতা সৃষ্টি করা হয়। অথচ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের পর সেই একই আবেদনপত্রের সকল ত্রুটি রাতারাতি নিখুঁত হয়ে যায় বলে তারা অভিযোগ করেন।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, ঘুষ লেনদেনের এই ঘটনায় অভিযুক্ত কানুনগো আবুল বশারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পূর্বে বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখিতপত্র পাঠিয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনারের দপ্তরে মামলা দায়েরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠি দিয়েছেন। এরপর এই বিষয়ে বর্তমানে তার কাছে নতুন কোনো আপডেট তথ্য নেই।
-

ঝাড়ুদার থেকে কোটিপতি: রাজউকের কর্মচারী ইসমাইলের আলাদিনের চেরাগ কোথায়?
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন সাধারণ ঝাড়ুদার হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন। অথচ অভিযোগ রয়েছে, মাত্র ১৭-১৮ বছরের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন রাজউকের কর্মচারী মো. ইসমাইল হোসেন মিয়া।
রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক দোকান, জমি, গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন, এমনকি পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলেও তার শেয়ার থাকার অভিযোগ উঠেছে। একজন সাধারণ কর্মচারীর এমন সম্পদ অর্জনের উৎস কী—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজউকসহ সংশ্লিষ্ট মহলে।
ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে এসব সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে মাস্টাররোলে ঝাড়ুদার হিসেবে রাজউকে যোগ দেন মো. ইসমাইল হোসেন মিয়া। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নয়াদিল গ্রামে। তিনি ওই গ্রামের রিকশাচালক হারেছ মিয়ার ছেলে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, রাজউকে যোগদানের পর বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রভাব খাটিয়ে পরবর্তী সময়ে অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর থেকেই তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদ গড়ে তোলার অভিযোগ সামনে আসতে থাকে।
ইসমাইলের সম্পদের তালিকা নিয়ে স্থানীয় ও সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা রয়েছে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর বনানী, রামপুরা, ভূঁইয়াপাড়া, নন্দীপাড়াসহ বিভিন্ন এলাকায় তার নামে বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে রয়েছে ৭ থেকে ৮টি বিলাসবহুল ফ্ল্যাট।
বর্তমানে তিনি রাজধানীর বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর রোডের ২৮ নম্বর কপোতাক্ষ ভবনের পঞ্চম তলায় সপরিবারে বসবাস করেন বলে জানা গেছে।
এ ছাড়া মৌচাক মার্কেটে দুটি দোকান এবং কক্সবাজারের একটি অভিজাত হোটেলে শেয়ার থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্বাচলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ নামে কিংবা অন্যের নামে জমি ও সম্পদ থাকার কথাও আলোচনায় এসেছে।
শুধু রাজধানীতেই নয়, নিজ গ্রামের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামেও বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে ইসমাইলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, সেখানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ফাউন্ডেশনের একটি প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি কোটি টাকা মূল্যের একটি দীঘি কেনা এবং প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে অটোরিকশার শোরুম প্রতিষ্ঠার কথাও জানা গেছে।
এ ছাড়া ব্যক্তিগত দামি প্রাইভেটকার ও একাধিক মোটরসাইকেল ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। একজন সাধারণ কর্মচারীর বৈধ আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
ইসমাইলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, রাজউকের বিভিন্ন নথি ও নকশাসংক্রান্ত কাজে অনৈতিকভাবে প্রভাব বিস্তার। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূত নথি ও নকশার কাজ সম্পন্ন করতে তিনি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখেন।
এমনকি রাজউকের অভ্যন্তরে তার প্রভাব ও দাপট নিয়েও সহকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করে আনা জরুরি।
ইসমাইলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের মার্চ এবং ২০২২ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছিল বলে জানা গেছে।
এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিবেদন প্রকাশের পর তিনি প্রতিবাদলিপি পাঠিয়ে অভিযোগগুলো খণ্ডনের চেষ্টা করেন।একাধিক অভিযোগ ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। দুদক ও রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর বর্তমান অবস্থা এবং এ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসমক্ষে পরিষ্কার করার দাবি উঠেছে।
স্থানীয়দের কাছে ইসমাইলকে একজন প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান এবং অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তার মাধ্যমে এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বলেও জানা গেছে।
এসব দান-অনুদানের অর্থের উৎস এবং তার ঘোষিত আয়ের সঙ্গে বিপুল সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
রাজউকের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে একজন সাধারণ কর্মচারীর বিরুদ্ধে এত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার প্রকৃত আয়, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন, জমি-ফ্ল্যাট কেনাবেচার দলিল এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সম্পদের উৎস অনুসন্ধান করা প্রয়োজন।
সচেতন মহলের দাবি, অভিযোগগুলো আমলে নিয়ে দুদক ও রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা স্বাপেক্ষে অবৈধ সম্পদ অর্জন, ঘুষ-দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া প্রয়োজন।
একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে ইসমাইল হোসেন মিয়ার বক্তব্য, সম্পদের বৈধ উৎস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থানও প্রকাশ করা জরুরি। কারণ, একজন সরকারি কর্মচারীর সম্পদের উৎস নিয়ে ওঠা প্রশ্নের জবাব কেবল অভিযোগ-পাল্টা অভিযোগে নয়, বরং স্বচ্ছ তদন্ত ও প্রমাণের মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া উচিত।
-

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিএস ছোটনের বিরুদ্ধে তদবির ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন ও তদবির বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তথা এপিএস মনিরুজ্জামান ছোটন রয়েছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে। মন্ত্রীর নাম ভাঙিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে ইডিসিএল থেকে শুরু করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর পর্যন্ত প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বদলি, নিয়োগ ও প্রশাসনিক সিদ্ধান্তে এপিএস ছোটন প্রভাব বিস্তার করছেন। এতে স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইডিসিএলে ১০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগ
রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উপব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মো. শামীম আহমেদের বদলিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ২০১৩ সালে আর্থিক অনিয়মের দায়ে বরখাস্ত হলেও পরবর্তীতে তিনি পুনরায় দায়িত্বে ফেরেন।
সাম্প্রতিক বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ইডিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ আহছান উল্লাহর স্বাক্ষরিত এক আদেশে শামীম আহমেদকে ঢাকা থেকে বগুড়া কারখানায় বদলি করা হয়। তবে এই বদলি ঠেকাতে এপিএস ছোটনের মাধ্যমে তদবির করা হয় বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শামীমকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার আশ্বাসে ছোটন চক্রের সঙ্গে ১০ লাখ টাকার নগদ লেনদেন হয়েছে। স্থানীয় একটি চায়ের দোকানে দুই ব্যক্তির কথোপকথনে এ লেনদেনের তথ্য প্রকাশ পায় বলে সূত্রগুলোর দাবি। এছাড়া মন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এপিএস ছোটন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানকে একাধিকবার ফোন করিয়ে বদলি ঠেকানোর চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
‘জুলাই যোদ্ধা’র পরিচয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শুধু বদলি বাণিজ্যই নয়, ‘জুলাই যোদ্ধা’র পরিচয় ব্যবহার করে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে। ইডিসিএলের বগুড়া কারখানায় ছাব্বির আহমেদ নামে এক ব্যক্তিকে সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ দেওয়া হয়, যিনি সম্পর্কে শামীম আহমেদের ভায়রা ও নিকটাত্মীয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যথাযথভাবে যাচাই না করেই এপিএস ছোটনের প্রভাব ও শামীমের তদবিরে তাকে চাকরি দেওয়া হয়েছে।
নার্সিং অধিদপ্তরে ডিজিকে চাপ প্রয়োগের অভিযোগ
ইডিসিএলের পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরেও তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে এপিএস ছোটনের বিরুদ্ধে। অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজকে বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ এবং হেনস্তা করার অভিযোগ রয়েছে।
ঘনিষ্ঠ মহলের দাবি, মন্ত্রীর নাম ব্যবহার করে প্রায় ২০টি তদবির এবং ১০ থেকে ১২টি বদলির বিষয়ে ডিজিকে চাপ দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থানকালেও ফোন করিয়ে বিভিন্ন তদবির বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। উচ্চপদস্থ একজন কর্মকর্তার ওপর এ ধরনের ব্যক্তিগত কর্মকর্তার চাপ প্রয়োগ প্রশাসনিক স্বাধীনতার জন্য অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রীর অজান্তেই সমান্তরাল প্রশাসন?
মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার মতে, এপিএস ছোটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও সিন্ডিকেটের কর্মকাণ্ডের অনেক কিছুই মন্ত্রীর অজ্ঞাতসারে ঘটতে পারে। মন্ত্রীর ব্যস্ততার সুযোগ নিয়ে তার নাম ভাঙিয়ে এই প্রভাবশালী চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
স্বাস্থ্য খাতের মতো একটি সংবেদনশীল সেক্টরে এ ধরনের ঘুষ লেনদেন, বদলি বাণিজ্য ও নিয়োগে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এসব অভিযোগের ব্যাপারে মনিরুজ্জামান ছোটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। -

তদন্তের চাতুর্যে আড়াল বিপিসি কর্মকর্তার ‘আটতলা’ দুর্নীতি!
কাগজে-কলমে তদন্ত ছিল ২০ কার্যদিবসের। আবেদন করে বাড়ানো হলো আরও ১০ দিন। টানা এক মাসের ‘পরিশ্রম’ শেষে যখন প্রতিবেদন জমা পড়ল, দেখা গেল দুর্নীতির মূল ইমারতটিই এড়িয়ে যাওয়া হয়েছে নিখুঁত চাতুর্যে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন আর টেন্ডার বাণিজ্যের পাহাড়সম অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে।
কিন্তু অভিযোগের কেন্দ্রে থাকা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সেই আটতলা ভবনটির দিকে চোখই মেলেননি তদন্তকারীরা। ফলে দুর্নীতির অনুসন্ধানে যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়েই এখন তৈরি হয়েছে বড় প্রশ্ন।
অভিযোগের তীর বিপিসি চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব (পিএস) ও বর্তমান উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ারের দিকে।সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ার পর গত ১৮ আগস্ট গঠন করা হয়েছিল দুই সদস্যের তদন্ত কমিটি।
গত ৫ অক্টোবর সেই কমিটি রিপোর্ট জমা দিলেও, নথিপত্র পর্যালোচনায় স্পষ্ট-তদন্তের নামে চলেছে মূল সত্যকে আড়াল করার আনুষ্ঠানিকতা।
তদন্তের সবচেয়ে বড় গলদ ফুটে উঠেছে আহম্মদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে থাকা বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের আটতলা ভবনটিকে ঘিরে।
গত মে মাসেই সংবাদমাধ্যমে এই ভবনের তথ্য সামনে আসে। কিন্তু অনুসন্ধানের দায়িত্বে থাকা বিপিসির দুই কর্মকর্তা-আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ নাজিম উদ্দিন ও সদস্য সচিব (ব্যবস্থাপক) মো. বদরুল ইসলাম ফকির-ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনই বোধ করেননি।
জমির মালিকানা, নির্মাণকাজের অর্থের উৎস কিংবা বিশাল এই অট্টালিকার পেছনের কারিগর কারা-তার কিছুই ঠাঁই পায়নি প্রতিবেদনে।
সবচেয়ে বিস্ময়কর নীরবতা দেখা গেছে একটি নামফলক নিয়ে। ওই ভবনে চট্টগ্রামভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘বাশার গ্রুপ অব কোম্পানি’র মালিক আবুল বশর আবুর নামফলক ঝুলছে।
উল্লেখ্য, আবুল বশর বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের চার্টারে চলা ২২টি ট্যাংকার জাহাজের একটি বড় অংশের নিয়ন্ত্রক।
একজন সরকারি কর্মকর্তার পরিবারের মালিকানাধীন ভবনে দেশের জ্বালানি পরিটাইট কোনো ব্যবসায়ীর নাম কেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা দূরে থাক, বিষয়টি ছোঁয়াও হয়নি।
বিপিসির সংস্থাপন শাখা থেকে কর্মকর্তাদের ব্যক্তিগত ফাইল আর পদোন্নতির নথি ঘেঁটেই দায়িত্ব শেষ করেছেন তদন্তকারীরা। রিপোর্টে সগর্বে বলা হয়েছে-দুই কর্মকর্তা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, জেলা কোটার ব্যত্যয় ঘটেনি।
তবে মূল অভিযোগ যেখানে ছিল টেন্ডার সিন্ডিকেট, বদলি বাণিজ্য, এলসি অনিয়ম, এফডিআর কমিশন এবং চাঁদাবাজির মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়া-সেখানে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাব দেখিয়ে পার করে দেওয়া হয়েছে।
আহম্মদুল্লাহর গ্রামের বাড়ি ঝালকাঠিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটির বিষ্যেও একই নীরবতা বজায় রাখা হয়েছে।
আর অবৈধ সম্পদের বিষয়ে তদন্তকারীদের সোজা যুক্তি-যেহেতু বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে, তাই বিপিসির আর কিছু করার নেই! প্রশ্ন উঠেছে, নিজস্ব প্রশাসনিক তদন্তের ক্ষেত্রে দুদকের ওপর দায় চাপিয়ে হাত গুটিয়ে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত?
শাস্তির সুপারিশ নেই, আছে কেবল উপদেশের চাদর
অভিযোগ যত গুরুতরই হোক না কেন, দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা বা শাস্তির সুপারিশ করেনি কমিটি। উল্টো সামগ্রিক প্রশাসনকে ‘ভালো থাকার’ তিনটি উপদেশ দিয়ে শেষ করা হয়েছে প্রতিবেদন:১. তিন বছর পরপর কর্মকর্তাদের বদলি নিশ্চিত করা। ২. চেয়ারম্যানের পিএস বা সংবেদনশীল পদে সতর্কতার সঙ্গে পদায়ন। ৩. নিয়োগবিধি ও প্রবিধানমালা মেনে চলা।
কর্তৃপক্ষের জবানবন্দি ও আড়ালের চেষ্টা
তদন্ত কমিটির প্রধান নাজিম উদ্দিনের কাছে আটতলা ভবন ও সম্পদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ফের দুদকের অনুসন্ধানের কথাই আওড়ান। তাঁর দাবি, তদন্তে কোনো অনিয়ম হয়নি। সদস্য সচিব বদরুল ইসলাম ফকিরের ভাষ্য, কোনরূপ চাপ ছাড়াই বাস্তবতার নিরিখে রিপোর্ট তৈরি করা হয়েছে।তবে বিপিসির ভেতরেই উঠেছে বিপরীত সুর। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন, মূল অভিযোগগুলোকে এড়িয়ে গিয়ে একটি দায়সারা প্রতিবেদন সাজানো হয়েছে।
এদিকে, বিপিসির সচিব শাহিনা সুলতানা জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে জিআরএস পোর্টালে প্রতিবেদনটি আপলোড করা যায়নি, সেটি সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে।
সরকারি অর্থের হিসাব আর জ্বালানি খাতের স্বচ্ছতা রক্ষার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কীভাবে বৈধ আয়ের বাইরে গিয়ে কেরানীগঞ্জে বহুতল ভবন কিংবা ঝালকাঠিতে বিলাসবহুল ডুপ্লেক্স গড়ে তোলেন-সেই প্রশ্নের নিরপেক্ষ ফয়সালা না হলে বিপিসির অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না।
তদন্ত যদি লিখিত জবাবেই সীমাবদ্ধ থাকে আর মূল সূত্রগুলোকে আড়াল করা হয়, তবে ‘জিরো টলারেন্স’ কেবল কাগজেই থেকে যাবে।
এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চূড়ান্ত ও স্বাধীন অনুসন্ধানের দিকেই তাকিয়ে সচেতন মহল।
-

ঢাকার সার্ভেয়ার আফজাল হোসেনের ঘুষ বাণিজ্য ও অবৈধ সম্পদ
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা-২-এ জমির ক্ষতিপূরণের অর্থ ছাড় করিয়ে দেওয়ার নামে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শাখাটির সার্ভেয়ার আফজাল হোসেন। একাধিক ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, ক্ষতিপূরণের ফাইল প্রক্রিয়াকরণ ও অর্থ ছাড়ের ক্ষেত্রে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করার পরও জমির মালিকদের বারবার ঘোরানো এবং কমিশন না দিলে ফাইলের অগ্রগতি ধীর করে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
একই সঙ্গে আফজাল হোসেনের সম্পদ, অন্যত্র বদলির পর অল্প সময়ের মধ্যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসা এবং ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত বড় একটি প্রকল্পে কয়েক শ কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকার দাবিও সামনে এসেছে।
ক্ষতিপূরণের ফাইলে ৫–১৫ শতাংশ কমিশনের অভিযোগ
ভূমি অধিগ্রহণের কারণে জমি হারানো মালিকদের জন্য সরকারি ক্ষতিপূরণ কেবল আর্থিক পাওনা নয়; অনেক ক্ষেত্রে এটি তাঁদের জীবিকা, ব্যবসা কিংবা বিকল্প জমি কেনার প্রধান অবলম্বন। সেই অর্থ ছাড়ের প্রক্রিয়ায় কমিশন দাবির অভিযোগ তাই বিশেষ গুরুত্ব বহন করে।
একাধিক ভুক্তভোগীর অভিযোগ, ক্ষতিপূরণের ফাইলের প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পরও অর্থ ছাড়ের ক্ষেত্রে নানা অজুহাতে বিলম্ব করা হয়। ফাইলের বিভিন্ন ধাপের কথা বলে তাঁদের একাধিকবার অফিসে যেতে হয়। একপর্যায়ে নির্দিষ্ট হারে কমিশন দেওয়ার বিষয়ে আলোচনা হয় বলে দাবি তাঁদের।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থের ৫ শতাংশ থেকে শুরু করে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করা হয়। তাঁদের আরও অভিযোগ, এই দাবি মেনে না নিলে ফাইলের অগ্রগতি ধীর হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের অপেক্ষায় থাকা জমির মালিকেরা মধ্যস্থতাকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অর্থ দেওয়ার চেষ্টা করতে বাধ্য হন।
ফাইল নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এলএ শাখা-২-এর ক্ষতিপূরণের ফাইল প্রক্রিয়াকরণকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই চক্রের মাধ্যমে ফাইলের অগ্রগতি ও অর্থ ছাড়ের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, নির্ধারিত নিয়মে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও কোনো কোনো জমির মালিককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কখনো নথির ঘাটতি, কখনো প্রক্রিয়াগত জটিলতা কিংবা অন্য দাপ্তরিক কারণ দেখিয়ে তাঁদের বারবার যোগাযোগ করতে বলা হয় বলে অভিযোগ।
এ ক্ষেত্রে অভিযোগ ওঠা ফাইলগুলোর আবেদন গ্রহণের তারিখ, নথি যাচাইয়ের ধাপ, অনুমোদন, অর্থ ছাড়ের তারিখ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পর্যালোচনা করলে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হতে পারে।
বদলির পর চার মাসের মধ্যে ফের ঢাকা অফিসে?
আফজাল হোসেনকে ঘিরে আরেকটি অভিযোগ তাঁর বদলি ও পুনঃপদায়ন নিয়ে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, অনিয়মের অভিযোগ ওঠার পর একপর্যায়ে তাঁকে ঢাকা এলএ শাখা থেকে অন্যত্র বদলি করা হয়েছিল। কিন্তু বদলির প্রায় চার মাসের মধ্যেই তিনি আবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে।
এই পুনঃপদায়ন ঘিরে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
একজন সরকারি কর্মচারীর বদলি ও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। তাই এ ক্ষেত্রে অনিয়মের অভিযোগ যাচাই করতে বদলির আদেশ, যোগদানপত্র, পুনঃপদায়নের আদেশ, সংশ্লিষ্ট দাপ্তরিক নথি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করা প্রয়োজন।
অভিযোগকারীদের দাবি, বর্তমানে এলএ শাখা-২-এ দায়িত্ব পালনকালে আফজাল হোসেন তাঁর পুরোনো যোগাযোগ ও প্রভাব কাজে লাগাচ্ছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্র ক্ষতিপূরণের ফাইল ছাড়ের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ রয়েছে।
ফ্ল্যাট, প্লট ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন
আফজাল হোসেনের বিরুদ্ধে ঘুষ ও কমিশন নেওয়ার অভিযোগের পাশাপাশি তাঁর কথিত সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।
তাঁদের দাবি, ঢাকার বিভিন্ন এলাকায় তাঁর নামে বা বেনামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় তাঁর নামে কিংবা কথিত ছদ্মনামে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল অর্থ জমা থাকার দাবিও করেছেন অভিযোগকারীরা।
অভিযোগগুলো যাচাইয়ের জন্য তাঁর দাখিল করা সম্পদ বিবরণী, আয়কর নথি, বৈধ আয়ের উৎস, জমি ও ফ্ল্যাটের নিবন্ধন দলিল, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা এবং আইনসম্মত প্রক্রিয়ায় প্রাপ্ত ব্যাংক-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা প্রয়োজন।
সরকারি চাকরিতে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তির সম্পদের পরিমাণ নিয়ে প্রশ্ন উঠলে তা যাচাইয়ের ভিত্তি হওয়া উচিত প্রামাণ্য নথি ও বৈধ আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য। ।
কয়েক শ কোটি টাকার দুর্নীতির মামলার দাবি
আফজাল হোসেনের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত একটি বড় প্রকল্পে কয়েক শ কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।
তাঁদের ভাষ্য, মামলার পর আইনি জটিলতা এড়াতে তিনি বিভিন্ন মহলে তদবির করছেন। প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।
মামলার অস্তিত্ব ও বিবরণ যাচাই করতে দুদকের সংশ্লিষ্ট দপ্তর, মামলার এজাহার, আদালতের নথি এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে তাঁর বর্তমান দায়িত্ব পালনের কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা নির্ধারণেও প্রমাণভিত্তিক অনুসন্ধান জরুরি।
ক্ষতিপূরণপ্রত্যাশীদের ভোগান্তি, জবাবদিহির প্রশ্ন
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া স্বচ্ছ, নিয়মভিত্তিক ও সময়োপযোগী হওয়া প্রয়োজন। কারণ, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্ত মালিকদের অনেকেই তাঁদের সম্পদের বিনিময়ে প্রাপ্য অর্থের ওপর নির্ভর করেন।
ভুক্তভোগীদের অভিযোগ সত্য হলে, ক্ষতিপূরণের অর্থ ছাড়ের প্রক্রিয়াকে কেন্দ্র করে কমিশন দাবি শুধু ব্যক্তিগত অনিয়মের বিষয় হবে না; এটি সরকারি সেবা, প্রশাসনিক জবাবদিহি এবং উন্নয়ন প্রকল্পের প্রতি নাগরিকদের আস্থার সঙ্গেও সম্পর্কিত হবে।
আফজাল হোসেনের কথিত সম্পদের উৎস নিয়ে ওঠা প্রশ্নের ক্ষেত্রে সম্পদ বিবরণী ও আয়কর নথি যাচাইয়ের পাশাপাশি জমি, ফ্ল্যাট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সম্পদের প্রকৃত মালিকানা শনাক্ত করা প্রয়োজন। দুদকের মামলা থাকার দাবি সত্য হলে সেই মামলার নথি ও বর্তমান অবস্থা যাচাই করাও গুরুত্বপূর্ণ।
বক্তব্য পাওয়া যায়নি আফজাল হোসেনের
সার্ভেয়ার আফজাল হোসেনের বিরুদ্ধে ওঠা ঘুষ, কমিশন, সম্পদ ও অনিয়মের অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে, এলএ শাখা-২-এ ক্ষতিপূরণের ফাইল ছাড়ের নামে কমিশন দাবির অভিযোগ, আফজাল হোসেনের সম্পদের উৎস এবং তাঁর বিরুদ্ধে দুদকের মামলা থাকার দাবির সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। -

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ মোতাবেক স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
-

পোশাকের গণ্ডি পেরিয়ে বহুমুখী রফতানি গন্তব্য হতে হবে: বাণিজ্যমন্ত্রী
কেবল তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশকে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, পোশাকশিল্প বিশ্ববাজারে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করলেও ভবিষ্যৎ রফতানি প্রবৃদ্ধির জন্য পণ্যের বৈচিত্র্যকরণ, উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। নতুন সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো আয়োজিত এই এক্সপোতে ১২টি সম্ভাবনাময় খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতবারের তুলনায় এবার দেশি-বিদেশি ক্রেতা ও স্টলের সংখ্যা বেড়েছে, যা বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। এছাড়া বিটুবি (B2B) সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে বিদেশি ক্রেতাদের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাণিজ্য সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।