Blog

  • কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

    কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

    গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের (সুমন), এমপি মহোদয় ফিতা কেটে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জনাব মোঃ জসীম উদ্দিন, কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম এবং কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ও পরিকল্পিত বিন্যাস এবং পুলিশ সুপারের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

    নবনির্মিত অফিস কক্ষটি কুমিল্লা জেলার পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। এটি পুলিশ সুপারের দাপ্তরিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক সমন্বয় এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

  • সচিবালয়ে ধাওয়া খেয়ে পালানো স্বামী-স্ত্রী এখন শীর্ষ সচিব

    সচিবালয়ে ধাওয়া খেয়ে পালানো স্বামী-স্ত্রী এখন শীর্ষ সচিব

    ৫ আগস্ট, ২০২৪ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তখনকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক এবং সায়লা ফারজানা সাবেক আইজিপি, গুম-খুনের নায়ক মনিরুল ইসলামের স্ত্রী উভয়েই গা-ঢাকা দিয়ে থাকেন কয়েকদিন। সচিবালয়ে আসেন ১৩ আগস্ট, ২০২৪। আওয়ামী লীগ আমলে বঞ্চিত শত শত কর্মকর্তা ওই সময় প্রতিদিনই সচিবালয়ে শো-ডাউন করছিলেন। ১৩ আগস্ট সকালে সায়লা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা মাত্রই বঞ্চিত কর্মকর্তারা তার ওপর চড়াও হন।

    কয়েকজন কর্মকর্তা তাকে চরম নাজেহাল অবস্থা থেকে উদ্ধার করে গাড়িতে তুলে পুলিশি প্রহরায় বাসায় পাঠিয়ে দেন। এরপরেই বঞ্চিত কর্মকর্তাদের হাতে লাঞ্চিত হন সিপিটি উইংয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। ঠেলা-ধাক্কাসহ তার গায়ে হাতও তুলেন কেউ কেউ এবং দু’একজন ‘লাথি’ও দেন।

    সরকারি গোয়েন্দা সংস্থার রেকর্ডকৃত তথ্যে জিয়াউল হকের ‘লাথি খাওয়া’র কথা উল্লেখ আছে। গুরুতর জখম হওয়ার ভয়ে জিয়াউল হক তখন দৌড়ে স্থান ত্যাগ করেন। এ সময় পেছন থেকে উচ্চকণ্ঠে ‘ধর’ ‘ধর’ শব্দও বলা হয়। জিয়াউল হকের স্ত্রী অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (তখন কৃষি মন্ত্রণালয়ে পদায়নে) এ সময় ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের করিডোরেই, তবে একটু দূরে।

    স্বামীর এ রকমের পরিস্থিতি দেখে তিনিও তাৎক্ষণিকভাবে দ্রুত স্থান ত্যাগ করেন।
    আর সেই স্বামী-স্ত্রী জিয়াউল হক ও নূরুন্নাহার চৌধুরী এখন সচিবালয় প্রশাসনের শীর্ষ পদে অবস্থান করছেন। সচিবালয়ের ৬ এবং ৭ নম্বর ভবনের সর্বোচ্চ ফ্লোরে তাদের দু’জনের অবস্থান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে আছেন ড. মোহাম্মদ জিয়াউল হক, যেটির অবস্থান ৯ তলা বিশিষ্ট ৭ নম্বর ভবনের নবম তলায়। অন্যদিকে স্ত্রী নূরুন্নাহার চৌধুরী আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে।

    এর অবস্থান ২০ তলা বিশিষ্ট ৬ নম্বর ভবনের সর্বোচ্চ তলায়। এমনিতেই মন্ত্রণালয় দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারমধ্যে বর্তমান বিএনপি সরকারের আমলে বড় রকমের ক্রয় চুক্তির কারণে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বর্তমান বিএনপি সরকারের সাড়ে আট মাসে যা কিছু ক্রয় চুক্তি হয়েছে তারমধ্যে এই দুটি মন্ত্রণালয়ই শীর্ষে রয়েছে।

    গত সপ্তায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মেট্রোরেল নির্মাণ প্রকল্পে নতুন করে আড়াই লাখ কোটি টাকার চুক্তি করেছে। অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৩৫টি বোয়িং ও এয়ারবাস ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে। যদিও ১৩ আগস্ট, ২০১৩ সচিবালয়ে লাথি ও ধাওয়া খেয়ে দ্রুত প্রস্থানের পর জিয়াউল হক ও তার স্ত্রী বেশ কয়েকদিন আর সচিবালয়ে ঢোকেননি। তবে তলে তলে এরা খুব দ্রুত সবকিছু লাইন ফেলেন মোটা অংকের টাকা দিয়ে।

    এরফলে জিয়াউল হকের আকর্ষণীয় পদায়ন হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে। যোগদানের পর মন্ত্রণালয়ের তখনকার উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আস্থাভাজন হয়ে ওঠেন রাতারাতি। ২০২৫ সালের অক্টোবরের শেষে অনুষ্ঠিত এসএসবিতে জিয়াউল হক এবং তার স্ত্রী নূরুন্নাহার চৌধুরী- দু’জনকেই সচিব পদে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমে এ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রকাশিত হওয়ায় জিয়াউল হকের পদোন্নতি কিছুটা আটকে যায়।

    নূরুন্নাহার চৌধুরী ৩ নভেম্বর, ২০২৫ সচিব পদে পদোন্নতি পান। তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। আলোচিত সায়লা ফারজানার ‘মায়াবতী’ গ্রুপের সদস্য, ফ্যাসিস্ট কর্মকর্তা নূরুন্নাহার চৌধুরীর ওই পদোন্নতি নিয়েও গণমাধ্যমসমূহে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়। এর দেড় মাস পরে ২২ ডিসেম্বর, ২০২৫ জিয়াউল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। প্রশাসন সংশ্লিষ্টরা এটিকে ফ্যাসিস্ট পুনর্বাসনের ‘নতুন নজির’ বলে আখ্যায়িত করেন তখন। নিয়ম অনুযায়ী সাধারণত সিনিয়র সচিবরাই এ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন পেয়ে থাকেন।
    এ ব্যয়গুলোর স্বচ্ছতা নিয়ে বড় রকমের প্রশ্ন রয়েছে; যেমন প্রশ্ন রয়েছে, এই দুই কর্মকর্তার বর্তমান অবস্থান নিয়ে।
    গত বছরের ডিসেম্বরে ১৭ ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ জিয়াউল হককে যখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের

    সচিব পদে পদোন্নতি দেওয়া হয় ওই সময় প্রশাসনের ১০ম ব্যাচ, ১১তম ব্যাচ এবং ১৫ ব্যাচের ১১৮ জন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা ছিলেন, যারা সচিব হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমনকি বেশ কয়েকজন কর্মকর্তা আছেন, যারা আওয়ামী লীগ আমলে একটিও পদোন্নতি পাননি। দীর্ঘ ১৬ বছর সিনিয়র সহকারী সচিব পদে কাটিয়েছেন। এদের সবাইকে ডিঙিয়ে জিয়াউল হক সচিব পদ বাগিয়ে নেন, তাও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মতো পদায়নে! যা অন্ততঃ ড. মুহাম্মদ ইউনূস সরকারের আমলে কেউ কল্পনাও করেননি! শুধু ড. মুহাম্মদ ইউনূসের আমলেই নয়, বর্তমান বিএনপি আমলে স্বামী-স্ত্রী ফ্যাসিস্ট এই দুই কর্মকর্তা আরও যেন ক্ষমতাবান হয়ে উঠেছেন! ফ্যাসিস্ট আমলে বহুল আলোচিত সায়লা ফারজানার ‘মায়াবতী’ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন নূরুন্নাহার চৌধুরী।

    আর তার স্বামী ড. মো. জিয়াউল হক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ক্যাশিয়ার’ হিসেবে চিহ্নিত ছিলেন। শেখ হাসিনার ‘ক্যাশিয়ার’ জিয়াউল হক এখন কার ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করছেন সেই প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের বদলি বাণিজ্য নিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন জিয়াউল হক। এ নিয়ে সাপ্তাহিক শীর্ষকাগজ এবং শীর্ষনিউজ ডটকম-এ গত ৫ অক্টোবর “সড়ক পরিদর্শনের নামে রাজেন্দ্রপুর ডাকবাংলোয় বসে লেনদেন: সচিবের নেতৃত্বে সড়ক বিভাগে বড় অংকের বদলি বাণিজ্য, বঙ্গবন্ধু পরিষদ নেতাদের লোভনীয় পদায়ন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক গত ২২ আগস্ট সড়ক পরিদর্শন কর্মসূচির নামে গাজীপুর রাজেন্দ্রপুরের ডাকবাংলোয় সারাদিন কাটান, যা ছিল অনেকটা পিকনিকের মতোই।

    তবে সেটি আদতে পিকনিকও ছিল না। বাস্তবে তা ছিল সড়ক বিভাগের বিভিন্ন স্তরের প্রকৌশলীদের বদলি বাণিজ্যের কর্মযজ্ঞ। রাজেন্দ্রপুর ডাকবাংলোয় বদলি বাণিজ্যের যেসব লেনদেন হয়েছে তারমধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ পেয়েছেন সচিব এবং সড়কের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে মূল অংশটি চলে গেছে অদৃশ্য স্থানে। অদৃশ্য স্থান বলতে প্রভাবশালী মহলকেই বোঝানো হয়েছে।

    প্রভাবশালী মহলকে সন্তুষ্ট করার মাধ্যমে জিয়াউল হক এখন আরও ক্ষমতাবান হয়ে উঠেছেন। স্ত্রী নূরুন্নাহার ছিলেন ডাম্পিং পদায়নে। অদক্ষতা ও দুর্নীতির দায়ে তাকে ইতিপূর্বে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে ডাম্পিং পদায়নে দেওয়া হয়েছিল।

    জিয়াউল হকের বদলি বাণিজ্যের সফলতার পর নূরুন্নাহার চৌধুরীকে সেই ডাম্পিং পদায়ন থেকে এনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন দিয়েছে সরকার। যেটিকে জিয়াউল হকের বদলি বাণিজ্যের সফলতার পুরস্কার হিসেবেই দেখা হচ্ছে। অবশ্য, সচিব জিয়াউল হক ইতিমধ্যে আরও বড় রকমের পারফরম্যান্স দেখিয়েছেন মেট্রোরেলের ‘অস্বাভাবিক’ ও ‘প্রশ্নবিদ্ধ’ ব্যয় বাড়িয়ে। যা নিয়ে গোটা সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

  • রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সালের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

    রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সালের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বাদল এবং কারারক্ষী/পুলিশ সদস্য পরিচয়ে মো. মোর্শেদ ফয়সাল—উভয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং পারস্পরিক হয়রানির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

    ব্যক্তিগত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সরকারি কর্মচারীর এই সংঘাত এখন প্রকাশ্য রূপ নিয়েছে, যা নিয়ে প্রশাসনিক ও আইনি মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

    ​রাজউক ইন্সপেক্টর বাদলের বিরুদ্ধে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ : অভিযোগ রয়েছে যে, রাজউক ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বাদল অতীতে সাধারণ জীবনযাপন করলেও বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে প্রায় ২০০ কোটি টাকার মালিক বনে গেছেন। তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে রয়েছে।

    অবৈধ ফ্ল্যাট ও জমি : ঢাকার বিভিন্ন এলাকায় তার ৩টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া বরিশাল রূপাতলী, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা এবং নিজ এলাকা ছোট প্রমথক ও উত্তর কান্দায় ২০ বিঘা জমিসহ বিভিন্ন সম্পত্তিতে তার কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

    পারিবারিক বেনামি সম্পত্তি : তার মা, ভাই, বোন ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পত্তি এবং প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তার বোন মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা সুমী আক্তারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন এবং ২০ লাখ টাকার গাড়ি ব্যবহারের নেপথ্যেও বাদলের হাত রয়েছে বলে অভিযোগ।

    ঘুষ সিন্ডিকেট ও ভুয়া নিয়োগ : রাজনৈতিক প্রভাব ও ভুয়া সনদ দিয়ে চাকরিতে ঢোকার পর থেকেই তিনি এলাকার আসলাম নামের এক ব্যক্তির মাধ্যমে ঘুষ ও দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন। ২০২০ সালে দুদকের তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    ​কারারক্ষী ফয়সাল ফয়সালের ভূমিকা ও পাল্টা হয়রানির অভিযোগ : অন্যদিকে, এই অভিযোগকারী মো. মোর্শেদ ফয়সাল (যিনি কারারক্ষী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচিত) নিজে একজন সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একযোগে ১২টি দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।

    ফয়সালের দাবি, আসাদুজ্জামান বাদল তার বাবাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাঁদা দাবি করে আসছেন।

    ​তবে আইনি বিশ্লেষকদের মতে, একজন সরকারি কর্মচারী হয়ে প্রতিবেশীর সাথে ব্যক্তিগত শত্রুতার জেরে পদের প্রভাব ব্যবহার করে এভাবে দপ্তরে দপ্তরে চিঠি চালাচলি করা সরাসরি চাকরি শৃঙ্খলা ও আচরণ বিধিমালার পরিপন্থী।

    অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা : বিষয়ে অভিযুক্ত রাজউক ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বাদলের বক্তব্য জানতে তার মুঠোফোনে, হোয়াটসঅ্যাপে এবং ইমোতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

    প্রশাসন ও আইনের কঠোর ব্যবস্থার দাবি : বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি কেবল দুই ব্যক্তির ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীদের দ্বারা শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার চরম অপব্যবহারের নগ্ন উদাহরণ।

    যদি রাজউক ইন্সপেক্টর বাদলের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সত্য হয়, তবে তার শতকোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত।

    পাশাপাশি, সরকারি চাকুরিতে বহাল থেকে ক্ষমতার অপব্যবহার ও নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত বিরোধ মেটানোর অভিযোগে কারারক্ষী ফয়সালের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।

  • রাজউকে অফিস সহকারী জাফর সাদেককে ঘিরে নানা অভিযোগ

    রাজউকে অফিস সহকারী জাফর সাদেককে ঘিরে নানা অভিযোগ

    ‎রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন কর্মচারী মো. জাফর সাদেক। পদে অফিস সহকারী হলেও সংস্থাটির কর্মচারী রাজনীতিতে তার অবস্থান বেশ প্রভাবশালী। তিনি রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি। পাশাপাশি রাজউক শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

    রাজনৈতিক পরিচয়, দলীয় যোগাযোগ এবং ক্ষমতার পালাবদলের সঙ্গে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।

    ‎জানা গেছে, রাজউকের এস্টেট-২ (পূর্বাচল) বিভাগের পরিচালকের দপ্তরে অফিস সহকারী হিসেবে কর্মরত মো. জাফর সাদেক আওয়ামী লীগ সরকারের আমলে কর্মচারী রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

    ‎অভিযোগ রয়েছে, ওই সময়ে শ্রমিক লীগের কার্যালয়ে তার নিয়মিত যাতায়াত ছিল। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নিতেন তিনি। এমনকি বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শনে যাওয়ার বিষয়টিও নিজের বক্তব্যে স্বীকার করেছেন।

    ‎৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন আসে। পরবর্তী সময়ে বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের রাজনীতিতে সক্রিয় হন।

    একদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কর্মচারী রাজনীতিতে প্রভাবশালী অবস্থান, অন্যদিকে সরকার পরিবর্তনের পর বিএনপিপন্থী সংগঠনে নেতৃত্ব—তার রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তন রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

    ‎অভিযোগ রয়েছে, রাজনৈতিক যোগাযোগ ও কর্মচারী সংগঠনে নিজের প্রভাব কাজে লাগিয়ে রাজউকের বিভিন্ন দাপ্তরিক কাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন জাফর সাদেক। নকশা অনুমোদন, ভূমি ব্যবহারের ছাড়পত্র, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর, নির্মাণ অনুমোদন, অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন এবং ফাইল ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

    এসব ক্ষেত্রে রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    ‎বিশেষ করে বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজউকের অনুমোদন ও দাপ্তরিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করিয়ে দেওয়া কিংবা প্রয়োজনীয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারের আশ্বাস দিয়ে এসব সুবিধা নেওয়া হয়েছে।

    ‎রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে নিজের পছন্দমতো কাজ আদায় করে নেওয়ার অভিযোগও রয়েছে জাফর সাদেকের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিচয়, দলীয় যোগাযোগ ও কর্মচারী সংগঠনে প্রভাবের কথা বলে তিনি অনেক সময় কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন।

    ‎নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, জাফরের চাহিদা অনুযায়ী কোনো ফাইলের কাজ এগিয়ে নেওয়া, সিদ্ধান্ত পরিবর্তন কিংবা নির্দিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রভাবিত করেন। কোনো কর্মকর্তা তার কথামতো কাজ করতে না চাইলে তাকে নানাভাবে চাপে রাখেন বলেও দাবি তাদের।

    ‎রাজউকের চেয়ারম্যানের দপ্তরে জাফর সাদেকের দীর্ঘ সময় অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

    ‎অভিযোগ রয়েছে, হাজিরা দেওয়ার পর নিজের নির্ধারিত আসনে না থেকে দিনের বড় একটি সময় চেয়ারম্যানের দপ্তরে কাটান তিনি। কখনো চেয়ারম্যানের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন।

    এতে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের অপেক্ষা করতে হয় এবং অনেকে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তার এমন অবস্থান নিয়ে কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ রয়েছে।

    ‎এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ও আলোচনায় তার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

    ‎নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, সংস্থাটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দাপ্তরিক বিষয় অনেক সময় জাফর সাদেকের সামনেই আলোচনা করতে হয়। এতে গোপনীয় তথ্য অনাকাঙ্ক্ষিতভাবে অন্যের কাছে পৌঁছে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে তাদের আশঙ্কা।

    ‎তাদের প্রশ্ন, একজন অফিস সহকারীর দাপ্তরিক দায়িত্বের বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় উপস্থিত থাকার সুযোগ কীভাবে তৈরি হচ্ছে? এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো নির্দেশনা রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

    ‎বিশেষজ্ঞরা মনে করেন রাজউকের মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় একজন কর্মচারীর দাপ্তরিক দায়িত্ব ও ক্ষমতার সীমা কতটুকু, তা স্পষ্ট থাকা জরুরি। রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব ব্যবহার করে প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

    কারণ, এ ধরনের প্রভাব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও সেবাপ্রার্থীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে।

    ‎এব্যাপারে জাফর সাদেক বলেন, ২০২২ সাল থেকে তিনি রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক বছর ধরে রাজউক শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

    ‎আওয়ামী লীগ সরকারের আমলে তার রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সে সময়ও তিনি শ্রমিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ছিলেন এবং শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

    এ ছাড়া জাফর সাদেক দাবি করেন, তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ‘মজনু কমিটি’তে পদে ছিলেন। কুমিল্লায় নিজের উপজেলায় বিএনপির মূল দলের সদস্য পদেও ছিলেন বলে জানান তিনি। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে এক কথোপকথনে তিনি নিজেকে ছাত্রলীগের পদধারী হিসেবে পরিচয় দিয়েছিলেন।

    ওই কথোপকথনের রেকর্ডও সংরক্ষিত রয়েছে। তার বর্তমান বক্তব্যের সঙ্গে আগের কথোপকথনের এই ভিন্নতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

    ‎রাজনৈতিক পরিচয় ও কর্মচারী সংগঠনের প্রভাব ব্যবহার করে রাজউকের প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে জাফর সাদেক বলেন, এসব অভিযোগ শুধু অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ। এর কোনো বাস্তবতা নেই।

    ‎নকশা অনুমোদন, ভূমি ব্যবহারের ছাড়পত্র, প্লট-ফ্ল্যাট হস্তান্তর ও ফাইল নিষ্পত্তিসহ বিভিন্ন দাপ্তরিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগও তিনি অস্বীকার করেন। একইভাবে রাজউকে নিজস্ব প্রভাববলয় তৈরি করার অভিযোগও নাকচ করেন।

    ‎তবে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে নিজের পছন্দমতো কাজ করিয়ে নেওয়া এবং চেয়ারম্যানের দপ্তরে দীর্ঘ সময় অবস্থান ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

  • গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ার শেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে

    গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ার শেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে

    গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার ‘লেভেন্ডা গার্মেন্টস’-এর শ্রমিকরা কারখানায় আসেন। তবে কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

    প্রায় আধা ঘণ্টা সড়কটি অবরোধ থাকায় ওই রুটে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান এবং সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

    এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার সার্বিক পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে সকালে মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা সরে যাওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।

  • শেষ মুহূর্তের অভিশাপ: আবারও ‘ফার্গি টাইমে’ ভেঙে গেল বাংলাদেশের সাফ স্বপ্ন

    শেষ মুহূর্তের অভিশাপ: আবারও ‘ফার্গি টাইমে’ ভেঙে গেল বাংলাদেশের সাফ স্বপ্ন

    ফুটবলে ‘ফার্গি টাইম’ বলতেই রোমাঞ্চ আর শেষ মুহূর্তের জয়ের রোমাঞ্চকর এক ইতিহাস বোঝায়। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহূর্তে গোল করে যেভাবে ম্যাচ জিতে নিত, প্রতিপক্ষের জন্য তা ছিল ত্রাস। কিন্তু বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে এই ‘ফার্গি টাইম’ কোনো রোমাঞ্চকর অর্জন নয়, বরং এক নির্মম দুঃস্বপ্ন ও অব্যক্ত বেদনার নাম।

    ঘড়ির কাঁটা ৮০ মিনিট পার হলেই যেন এক অদৃশ্য আতঙ্ক গ্রাস করে লাল-সবুজ জার্সিধারীদের। শনিবার রাতে সাফের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আরও একবার সেই চেনা চিত্র দেখল দেশের ফুটবলপ্রেমীরা। কোচ থমাস ডুলির শিষ্যরা ম্যাচের প্রায় পুরো সময় লড়াই করলেও শেষ মুহূর্তে এসে খেই হারায়। ৮৬ মিনিটে আবদুল সামাদের করা গোলে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় বাংলাদেশ।

    মাত্র এক বা দুটি ম্যাচের ব্যর্থতা হলে একে নিছক ‘দুর্ভাগ্য’ বলে এড়িয়ে যাওয়া যেত। কিন্তু গত দেড় যুগ ধরে চলা এই ধারা প্রমাণ করে এটি কেবল ক্ষণিকের ভুল নয়, বরং গভীর কোনো কাঠামোগত বা মানসিক সমস্যার ফল। পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে সেই হতাশার দীর্ঘ তালিকা স্পষ্ট হয়ে ওঠে:

    ২০১৩: ভারতের বিপক্ষে জয়ের সুবাস পেলেও ৮২ মিনিটে আতিকুর রহমান মিশুর গোলে এগিয়ে গিয়েও যোগ করা সময়ে সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে জয় হাতছাড়া হয়। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও যোগ করা সময়ে গোল খেয়ে ২-১ ব্যবধানে হার।

    ২০১৯: বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের মাটিতে ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে থেকেও ৮৮ মিনিটে গোল হজম করে জয়বঞ্চনা।

    ২০২১: সাফের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় নেপালের বিপক্ষে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে (১-১ ড্র)। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে চার জাতি টুর্নামেন্টেও ৯০ মিনিটে পেনাল্টিতে গোল হজম করে ১-২ ব্যবধানে হার।

    ২০২৩ ও ২০২৪: সাফ চ্যাম্পিয়নশিপে লেবাননের বিপক্ষে শেষ দিকে জোড়া গোল হজম এবং ২০২৪ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে ১-০ ব্যবধানে পরাজয়।

    ২০২৫: হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে যোগ করা সময়ে সমতা ফিরিয়েও মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে আবার গোল হজম করে বসা।

    ২০২৬ (সর্বশেষ): সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮৬ মিনিটে গোল খেয়ে ফাইনাল থেকে ছিটকে পড়া।

    কোচ, খেলোয়াড় ও প্রতিপক্ষ বদলালেও ম্যাচের শেষ ১০ মিনিটে বাংলাদেশের ভেঙে পড়ার প্রবণতা বদলায়নি। স্মরণকালের অন্যতম সেরা স্কোয়াড এবং ঘরের মাঠে ২৩ বছরের ট্রফি খরা কাটানোর বড় স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল দল। কিন্তু প্রশ্ন উঠছে—এই শেষ মুহূর্তের বিপর্যয় কি খেলোয়াড়দের শারীরিক ফিটনেসের অভাব, নাকি মানসিক দৃঢ়তা ও ম্যাচ ধরে রাখার কৌশলগত দুর্বলতা?

    উত্তর হয়তো ভবিষ্যতে মিলবে। তবে আপাতত বাস্তবতা হলো—আরেকবার স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো দেশের ফুটবলকে। আর নেপথ্যে রয়ে গেল সেই পুরোনো ভূত, বাংলাদেশের ফুটবলের চিরচেনা ‘ফার্গি টাইম’!

  • ভোরে কড়াইল বস্তির অগ্নি’কা’ণ্ড  প্রা;ণ গেল ১৯ বছরের তরুণের, পুড়ে ছাই ৮ ঘর

    ভোরে কড়াইল বস্তির অগ্নি’কা’ণ্ড প্রা;ণ গেল ১৯ বছরের তরুণের, পুড়ে ছাই ৮ ঘর

    রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে ভোরে লাগা আকস্মিক আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

    আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে কলোনির পশ্চিম পাড়ার স্যাটেলাইট গেইট এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    নিহত শাহরিয়ার রহমান শুভ্র ওই এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে; তার বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা।

    বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডে এক তরুণ প্রাণ হারিয়েছেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় অর্ধঘণ্টার চেষ্টায়—ভোর ৫টা ২০ মিনিটে—আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

    প্রাথমিক তথ্যানুযায়ী, আকস্মিক এ আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর ও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় ভোরে হঠাৎ আগুন লাগায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট চালুর উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসী বিনিয়োগ উৎসাহিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬’-এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এই তথ্য জানান।

    এনআরসি অ্যাকাউন্ট: রিজার্ভ বাড়াতে ইতোমধ্যে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এর আন্তর্জাতিক প্রচার চলছে। প্রতিবেশী দেশগুলোর মতো (ভারত ৩২ বিলিয়ন এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে) বাংলাদেশও এই খাতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে।

    বন্ডের বিধিনিষেধ শিথিল: প্রবাসীদের জন্য থাকা তিন ধরনের বন্ডের ১৫ বছরের মেয়াদ ও বিনিয়োগসীমা সংক্রান্ত কড়াকড়ি শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এই বন্ডগুলোতে প্রায় ৬০৪-৬০৬ মিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে, যা বিধিনিষেধ উঠলে আরও বাড়াবে।

    ঋণ বিতরণে নতুন লক্ষ্যমাত্রা: বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্পোরেট ঋণের অতি-নির্ভরতা (বর্তমানে ৭০-৮০%) কমিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতে ব্যাংকগুলোকে মোট ঋণের অন্তত ২০ শতাংশ রিটেইল গ্রাহক এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে, যেখানে কর্পোরেট ঋণ নামিয়ে আনা হবে ৪৫ শতাংশে।

    এদিকে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন অনুষ্ঠানে বলেন, ব্যাংকিং খাতের সংস্কারে জনগণের আস্থা ফিরছে। ব্যাংকগুলোর হাতে বর্তমানে প্রায় ৪ লাখ ৮২ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০.১২ বিলিয়ন ডলারে এবং রেমিট্যান্স প্রবাহ ১৪.২ শতাংশ বেড়ে প্রায় ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

  • নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ: রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম গ্রেফতার

    নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ: রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম গ্রেফতার

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।

    রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ।

    এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

    পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১০ নভেম্বর তার দুটি মোবাইল ফোন (ব্যক্তিগত ও সরকারি) জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়।

    তদন্ত সূত্র জানায়, এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীরকে তার দপ্তরে ডেকে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের সত্যতা পাওয়ায় তার ফোনগুলো জব্দ করা হয়।

    ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে ডাকা হয়েছিল এবং এ ঘটনায় সাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করছে।

    ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।

  • জনগণকে সঙ্গে নিয়েই যেকোনো অস্থিরতা মোকাবিলা করবে বিএনপি: গণপূর্তমন্ত্রী

    জনগণকে সঙ্গে নিয়েই যেকোনো অস্থিরতা মোকাবিলা করবে বিএনপি: গণপূর্তমন্ত্রী

    দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ এবং পোশাক শ্রমিকদের অর্থ প্রদানের নেপথ্যে কারা জড়িত, তা দেশের মানুষের কাছে স্পষ্ট।

    শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে মন্ত্রী বলেন, দলটি আবারও দেশে ফেরার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে বিএনপি নিজেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। জনগণই বিএনপির মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তারা দেশে পুনরায় স্বৈরাচার বা আওয়ামী লীগের শাসন চান কি না—জবাবে সমবেত জনতা ‘না’ বলে মত দেন।

    আইনি প্রক্রিয়া ও বিচার প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেকোনো ব্যক্তির প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে এবং চূড়ান্ত রায় হলেই তা কার্যকর হবে। পাশাপাশি ক্ষমতাচ্যুতদের বিচার ও ক্ষমা করার বিষয়টি সম্পূর্ণভাবে দেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও তিনি মন্তব্য করেন। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পাশে জনগণই থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

    ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।