Blog

  • দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালীর রেমিট্যান্সযোদ্ধা রুবেলের

    দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালীর রেমিট্যান্সযোদ্ধা রুবেলের

    জীবিকার তাগিদে দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো নোয়াখালীর মো. রুবেল (৩৯) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন। গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।

    পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালে সচ্ছলতার আশায় দক্ষিণ আফ্রিকায় গিয়ে ফুফাতো ভাইয়ের দোকানে কাজ শুরু করেছিলেন রুবেল। কিন্তু একটি দুর্ঘটনা তার সব স্বপ্ন কেড়ে নিল। শনিবার রাতে মালামাল কিনে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাড়িতে এখন চলছে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মায়ের আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। এমতাবস্থায় রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

    এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

  • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বড় কূটনৈতিক মোড়: তেহরানে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

    মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বড় কূটনৈতিক মোড়: তেহরানে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

    মধ্যপ্রাচ্যে চলমান চরম অস্থিরতা ও আঞ্চলিক নিরাপত্তা সংকটের মধ্যে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে সমবেত হচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। আজ সোমবার (২৬ অক্টোবর) এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    রয়টার্সের তথ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের এই বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি, তুরস্কের গোয়েন্দাপ্রধানও এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন।

    বিশ্লেষকদের মতে, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের লাগাতার হামলা এবং সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন আক্রমণের পর ইরান ও এই তিন মুসলিম দেশের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম কোনো বড় ধরনের উচ্চপর্যায়ের প্রত্যক্ষ যোগাযোগ।

    বর্তমানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি অত্যন্ত উত্তপ্ত এবং বিশ্বজুড়ে তেলের বাজারও বেশ অস্থিতিশীল। এমন এক জটিল পরিস্থিতিতে তেহরানের এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    সৌদি আরব: নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেন সংকটের স্থায়ী লাগাম টানতে আগ্রহী।

    পাকিস্তান ও তুরস্ক: আঞ্চলিক সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, তা রোধ করতে এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে মধ্যস্থতাকারীর জোরালো ভূমিকা পালন করছে।

    মক্কা চুক্তিভুক্ত এই তিন প্রভাবশালী দেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের তেহরান সফর এবং এই আলোচনা মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • চট্টগ্রামে জাগৃকের এস্টেট কর্মকর্তা নাসির উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির পাহাড়

    চট্টগ্রামে জাগৃকের এস্টেট কর্মকর্তা নাসির উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির পাহাড়

    বাতিল হওয়া সরকারি প্লটের বরাদ্দ ২৮ বছর পর পুনরুজ্জীবন, বাংলাদেশ ব্যাংকে অস্তিত্ব না থাকা চালানকে বৈধ ধরে সনদ দেওয়া, ঘুষের টাকা কর্মচারীর মাধ্যমে গ্রহণ, নিয়োগ ছাড়াই লোক দিয়ে অফিসে কাজ করানো এবং সরকারি জায়গার দোকান ও স্থাপনা থেকে ভাড়া আদায়ের অভিযোগ—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. নাসির উদ্দিনকে ঘিরে উঠেছে এমন একাধিক গুরুতর অভিযোগ।

    ২০১১ সালে চাকরিতে যোগ দেওয়ার পর ২০১৩ সালে চট্টগ্রামে বদলি হয়ে আসেন তিনি। তারপর অল্প সময়ের জন্য অন্যত্র দায়িত্ব পালন করলেও দীর্ঘ সময় ধরে চট্টগ্রামেই কর্মরত রয়েছেন। এসময়ে ঘুষ ও জাল-জালিয়াতি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামিও হয়েছেন তিনি। কাগজে-কলমে তিনি এখন ওই মামলার পলাতক আসামি।

    তারপরও বর্তমানে নিজ দায়িত্বের পাশাপাশি একাধিক হাউজিং এস্টেট ও প্রকল্পসহ মোট ৬টি দায়িত্বও পালন করছেন তিনি। এই দীর্ঘ সময়কে ঘিরেই তার বিরুদ্ধে তৈরি হয়েছে প্রভাবের একটি বলয়। জাগৃক চট্টগ্রাম কার্যালয়ের প্লট ও ফ্ল্যাটের নামজারি, বরাদ্দ, সরকারি জমির ব্যবস্থাপনা সবই হয় তার ইশারায়।

    জাগৃক চট্টগ্রাম দপ্তরে ঘুষ লেনদেনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এক ব্যক্তির কাছ থেকে টাকা গুনে নিতে দেখা যায় জাগৃকের এক অফিস সহকারীকে। সংশ্লিষ্টদের অভিযোগ, নামজারির কাজের জন্য ওই টাকা নেওয়া হয়েছিল এবং নাসিরের হয়ে টাকা গ্রহণ করেছিলেন ওই অফিস সহকারী। সংশ্লিষ্টরা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও দাবি করেছেন, সেটি ঘুষ নয়, চালানের টাকা।

    শুধু এই ভিডিও নয়, নাসিরের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। হালিশহর হাউজিং এস্টেটের প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের একটি বাণিজ্যিক প্লটের ১৯৯১ সালের বাতিল বরাদ্দ প্রায় ২৮ বছর পর পুনরুজ্জীবনের প্রক্রিয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই প্লটের প্রথম কিস্তি পরিশোধের যে চালান দেখানো হয়েছিল, পরবর্তী যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকে তার কোনো রেকর্ড পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের সরকারি সম্পত্তির বিপরীতে মাত্র ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা পরিশোধের ভিত্তিতে দায়মুক্তির প্রক্রিয়া এগোয়। এ ঘটনায় নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

    এর বাইরে জাগৃকের চট্টগ্রাম কার্যালয়ে নিয়োগ ছাড়াই কয়েকজনকে দিয়ে কাজ করানো, তাদের বেতন-ভাতা নিজের পক্ষ থেকে দেওয়ার অভিযোগ, সরকারি জায়গায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা শতাধিক দোকান থেকে মাসে লাখ লাখ টাকা ভাড়া আদায়, পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসকারীদের কাছ থেকে টাকা নেওয়া, নিজের ও আপন বোনের নামে কক্সবাজারে ফ্ল্যাট বরাদ্দ এবং নকশার বাইরে নির্মিত ভবনের নামজারি নিয়ে আশ্বাস দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ আছে, নাসিরের মনোনীত দালাল না ধরলে প্লটের নামজারি বা অন্যান্য সেবা পেতে সেবাগ্রহীতাদের দিনের পর দিন ঘুরতে হয়।

    নাসির উদ্দিন অবশ্য এসব অভিযোগের বেশির ভাগই অস্বীকার করেছেন। তার দাবি, অফিসে জনবল সংকট থাকায় কয়েকজন সহযোগিতা করেন, দোকান থেকে ভাড়া আদায়ের সঙ্গে তিনি জড়িত নন, ফ্ল্যাট বরাদ্দে তিনি নিয়ম মেনেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন।

    জাগৃক চট্টগ্রাম কার্যালয়ের একটি কক্ষ। সেখানে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গুণে নিচ্ছেন অফিস সহকারী হেলাল উদ্দিন। কয়েক মাস আগের ওই দৃশ্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে টাকা প্রদানকারী ব্যক্তি জয়নাল। সংশ্লিষ্টদের কাছে তিনি ওই হাউজিং কার্যালয়ের দালাল হিসেবে পরিচিত। আর টাকা গ্রহণকারী হেলাল উদ্দিন জাগৃক চট্টগ্রাম কার্যালয়ের অফিস সহকারী।

    সংশ্লিষ্টদের অভিযোগ, একটি নামজারির কাজের জন্য ওই টাকা নেওয়া হয়েছিল। তাদের দাবি, প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) নাসির উদ্দিনের হয়ে টাকাটি গ্রহণ করেন হেলাল। ভিডিওটির বিষয়ে হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, এটা কোনো ঘুষের টাকা নয়। জয়নালের চালানের টাকা তিনি জমা দিয়েছিলেন। ওই টাকা জয়নাল পরিশোধ করেছেন।

    তবে সরকারি কর্মচারী হয়ে অন্য ব্যক্তির চালানের টাকা কেন তিনি জমা দিয়েছেন—এ প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি হেলাল। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর টাকা লেনদেনের বিষয়ে জয়নালকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।

    জাগৃকের চট্টগ্রাম কার্যালয়ের এস্টেট শাখায় সান্টু নামে একজন কয়েক বছর ধরে সহকারী হিসেবে কাজ করছেন। তবে তার কোনো নিয়োগ হয়নি। সরকারি কোষাগার থেকেও তিনি কোনো বেতন-ভাতা পান না। অভিযোগ রয়েছে, তার বেতন পরিশোধ করেন নাসির উদ্দিন। একই অফিসে উজ্জ্বল ও পিল্টন নামে আরও দুজন এবং কৈবল্যধাম হাউজিং এস্টেট কার্যালয়ে অনিক, সাজ্জাদ, আবু ও মিনহাজ নামে আরও চারজন নিয়োগ ছাড়াই কাজ করেন বলে অভিযোগ রয়েছে। তাদের বেতন-ভাতাও নাসির বহন করেন বলে সংশ্লিষ্টদের দাবি।

    নিয়োগ ছাড়াই লোকজনকে দিয়ে কাজ করানোর বিষয়ে নাসির উদ্দিন বলেন, আমাদের অফিসে জনবল সংকট রয়েছে। তারা কাজে সহযোগিতা করেন। সান্টুর বিষয়টি আলাদা। তার নানি আগে ওই অফিসে কাজ করতেন। সেই সুবাদে অনেক আগে থেকেই তিনি অফিসে আসা-যাওয়া করেন এবং কাজ করেন। অন্যদের কেউ কেউ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নিয়মিত অফিসে আসেন।

    নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকায় জাগৃকের জায়গায় সেভেন মার্কেট নামে শতাধিক দোকান
    গড়ে উঠেছে। কিছু কাঁচা, কিছু পাকা এসব দোকান থেকে মাসে অন্তত তিন লাখ টাকা ভাড়া ওঠে বলে অভিযোগ রয়েছে। এছাড়া জাগৃক চট্টগ্রাম কার্যালয়ের ফটকের পাশে রয়েছে একটি দোকান।

    এসব দোকানের অনুমোদন না থাকায় ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা হয় না। অভিযোগ রয়েছে, দুই ব্যক্তির মাধ্যমে প্রতি মাসে এসব টাকা আদায় করা হয় এবং সেই টাকা নাসির উদ্দিনের কাছে পৌঁছে। বাজারটির অদূরে জাগৃকের একটি পরিত্যক্ত ভবনও রয়েছে। কয়েক বছর আগে ভবনটি ভেঙে ফেলার

    নির্দেশনা দেওয়া হলেও তা এখনো ভাঙা হয়নি। বর্তমানে সেখানে অন্তত ৩০টি পরিবার বসবাস করছে। ঝুঁকি নিয়ে বসবাসকারী এসব পরিবারের কাছ থেকেও নাসির টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

    কক্সবাজারের কলাতলী মোড়ে সরকারি জায়গায় জাগৃক নির্মিত একটি ভবনে ৪৬৯টি আবাসিক ফ্ল্যাট রয়েছে। ওই ভবনের ৭৫০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট (এফ/৫) নীলা রহমান নামে এক নারীকে বরাদ্দ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি নাসির উদ্দিনের আপন বোন।

    অভিযোগ রয়েছে, অন্যান্য কোটায় তাকে ফ্ল্যাটটি বরাদ্দ দেওয়া হয়। সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগও দেওয়া হয়। একই ভবনে একটি ফ্ল্যাট নাসির উদ্দিন নিজেও বরাদ্দ পেয়েছেন। অথচ তিনি ওই ফ্ল্যাট বরাদ্দ কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্টদের দাবি। এ ছাড়া রাঙামাটির নানিয়ারচর সদর উপজেলার থানার পাশে নাসির উদ্দিন একটি অত্যাধুনিক বাড়ি করেছেন বলে অভিযোগ রয়েছে। তার শ্বশুরবাড়ি দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ এলাকায়ও তিনতলা বাড়ি করে দেওয়ার অভিযোগ রয়েছে।

    চট্টগ্রাম নগরের পূর্ব ফিরোজশাহ আবাসিক এলাকার এ ব্লকের ৫৫ নম্বর প্লটে হেভেন মাউনটেন নামে গৃহায়ণের জায়গায় একটি ভবন নির্মাণ করা হচ্ছে। সিডিএ অনুমোদিত নকশায় ভবনটির প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার ১২৩ বর্গফুট। কিন্তু ভবনের সামনে ঝোলানো সাইনবোর্ডে ১ হাজার ৭১৫, ১ হাজার ৭৩৫ ও ১ হাজার ৮২৫ বর্গফুটের ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

    অভিযোগ রয়েছে, নাসির উদ্দিনের কাছে নামজারির আশ্বাস পেয়ে নকশাবহির্ভূত এসব ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর আগে পাশের ৫৪ নম্বর প্লটে চারতলা ভবনের অনুমোদন নিয়ে পাঁচতলা ভবন নির্মাণ করা হয়। পরে ভবনটির নামজারিও করা হয় বলে অভিযোগ রয়েছে।

    হালিশহর হাউজিং এস্টেটের ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের ২ নম্বর লেনের ৬ নম্বর বাণিজ্যিক প্লটটির বর্তমান বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। ১৯৯০ সালের ২৭ আগস্ট প্লটটির নিলামে অংশ নেন মোহাম্মদ আলম। সাতজনের মধ্যে তিনি সর্বোচ্চ দরদাতা হন। পরে ১৪ নভেম্বর তার নামে বরাদ্দপত্র জারি হয়। এককালীন মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ৮০ হাজার ৮৭৭ টাকা এবং কিস্তিতে ৩ লাখ ৩ হাজার ৩৪৮ টাকা। প্রথম কিস্তি ছিল ৯৩ হাজার ৬২৬ টাকা।

    বরাদ্দপত্রের শর্ত অনুযায়ী ৩০ দিনের মধ্যে ওই টাকা পরিশোধ না করলে বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করা হয়নি। এ কারণে ১৯৯১ সালের ২০ ডিসেম্বর হাউজিং বরাদ্দকরণ কমিটির সভায় প্লটটির বরাদ্দ বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়।

    এরপর প্লটটি অনিবণ্টিত হিসেবে নথিতে ছিল। ২০০৭ সালের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তালিকাতেও প্লটটি অনিবণ্টিত ও অবৈধ দখলে থাকা হিসেবে উল্লেখ করা হয়। ২০১০ সালে প্লটটি পুনরায় বরাদ্দের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এর মধ্যেই ২০০৯ সালে মোহাম্মদ আলম আবার প্লটটির বিষয়ে আবেদন করেন। বাতিলের সিদ্ধান্ত বহাল থাকা অবস্থায় পুরোনো ফাইলের মাধ্যমে বরাদ্দটি পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়।

    এ সময় ১৯৯০ সালের প্রথম কিস্তির ৯৩ হাজার ৬২৬ টাকা পরিশোধের একটি কথিত চালানের তথ্য সামনে আসে। ২০১০ সালে প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোহাম্মদ একরামুল কবীর চালানটি যাচাই করে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামে টাকা জমা হয়েছে বলে প্রতিবেদন দেন। নির্বাহী প্রকৌশলী এ.কিউ.এম. শাহজালাল মজুমদারও ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। কিন্তু ২০২০ সালের ৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের যাচাইয়ে ১৯৯০ সালের ১৬ নভেম্বরের ওই চালানের কোনো রেকর্ড পাওয়া যায়নি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই তারিখ ছিল শুক্রবার। ফলে চালানটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

    ২০১৮ সালে চট্টগ্রাম হাউজিং এস্টেটের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) ছিলেন নাসির উদ্দিন। অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী, তিনি মোহাম্মদ আলমকে নথিপত্রসহ হাজির হতে বলেন। পরে জাতীয়তা সনদ যাচাই করেন। সবশেষে ৭ অক্টোবর ২০১৮ তিনি মোহাম্মদ আলমকে মূল্য পরিশোধের দায়মুক্তির ছাড়পত্র দেন। ওই ছাড়পত্রে প্লটের কিস্তির টাকা ও সুদ পরিশোধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। একই নথিতে ১৯৯০ সালের কথিত প্রথম কিস্তির ৯৩ হাজার ৬২৬ টাকা পরিশোধের তথ্যও গ্রহণ করা হয়।

    এরপর ১৩ নভেম্বর ২০১৮ নাসির উদ্দিন নির্বাহী প্রকৌশলীকে মোহাম্মদ আলমের অনুকূলে প্লটটির দখল হস্তান্তরের ব্যবস্থা নিতে চিঠি দেন। পরে বকেয়া কিস্তি ও সুদ হিসাব করে মোট ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা পরিশোধের সুযোগ তৈরি হয়। অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের সরকারি সম্পত্তির বিপরীতে ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা পরিশোধের ভিত্তিতে দায়মুক্তির প্রক্রিয়া এগিয়ে যায়।

    এ ঘটনায় ২০২২ সালে নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রকাশিত প্রতিবেদনে এই মামলায় সরকারি সম্পত্তির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত উপেক্ষা, কথিত জাল চালান এবং ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা পরিশোধ দেখিয়ে দায়মুক্তির সনদ দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

    ২০১১ সালের ৩০ জানুয়ারি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি শুরু করেন নাসির উদ্দিন। প্রথমে তার পোস্টিং হয় দিনাজপুর হাউজিং এস্টেটে। ২০১৩ সালের ২৪ মার্চ চট্টগ্রামে বদলি হন তিনি। এরপর ঢাকা ও কুমিল্লায় অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করলেও ঘুরেফিরে চট্টগ্রামেই কর্মরত রয়েছেন।

    বর্তমানে নিজ দায়িত্বের পাশাপাশি নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেট, শেরশাহ হাউজিং এস্টেট, হালিশহর হাউজিং এস্টেট, ফিরোজশাহ হাউজিং এস্টেট ও কক্সবাজার ফ্ল্যাট প্রকল্পের দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কৈবল্যধাম হাউজিং এস্টেট ম্যানেজারের দায়িত্বও পালন করছেন তিনি।

    গৃহায়ণের এস্টেট শাখায় কাজ করতে গিয়ে বছরের পর বছর ঘুরতে হয়েছে—এমন অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ফজলুর রহমানের স্ত্রীর একটি প্লটসংক্রান্ত সমস্যা নিয়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের এস্টেট শাখায় একাধিকবার যেতে হয়েছে। কখনো একটি কাগজ, কখনো অন্য কাগজের সমস্যা দেখিয়ে ফাইল পড়ে থাকত নাসিরের দপ্তরে।

    ফজলুর রহমান বলেন, “২০২৫ সালে গৃহায়ণের চেয়ারম্যানের সঙ্গে আমি দেখা করি। এরপর উনার দপ্তর বলে দেওয়ার পর আমার ফাইলের চূড়ান্ত অনুমোদন হয়।”

    মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামের বিশ্ব কলোনী এলাকার একটি প্লটের রেজিস্ট্রিকরণের জন্য অন্তত ১০ মাস ধরে ঘুরছেন এস্টেট শাখা অফিসে। তিনি বলেন, আমার কাজটি মাত্র একদিনের। যাচাই-বাছাই করলেও সর্বোচ্চ এক সপ্তাহের। ব্যাংকের চালান যাচাই করে ফাইল ফরোয়ার্ড করার কথা। কিন্তু একাজের জন্য আমি প্রায় সময় যাচ্ছি। কোনো দিন নাসির নিজে থাকে না, থাকলেও ফাইল ধরেন না, ফাইল ধরলেও কাগজের এই সমস্যা, ওই সমস্যা। সবমিলিয়ে ফাইল নড়ে না নাসিরের দপ্তর থেকে। আমার মনে হয় বাংলাদেশে এত হয়রানি করা হয় আর কোনো দপ্তর নেই।

    টাকা লেনদেনের বিষয়ে মো. নাসির উদ্দিন বলেন, আমি শুনেছি, সেটি চালান জমা দেওয়ার টাকা। হেলাল আমার স্টাফ নন। তাই বিষয়টি তার কাছ থেকে জেনে নিতে পারেন।

    কুয়াড প্রকল্পের জরাজীর্ণ দোকান সম্পর্কে তিনি বলেন, তৎকালীন সময়ে কেন দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়নি, তা আমার জানা নেই। এস্টেট ম্যানেজারের দায়িত্ব পালনকালে জানতে পেরেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১০ থেকে ১১ বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আমিও জরিপ করে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছি। বড় জায়গাটিতে প্রকৌশল শাখা থেকে প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করে তা বাস্তবায়ন করা হবে। কর্তৃপক্ষের বরাদ্দ ছাড়া কোনো জায়গা ভাড়া দেওয়ার বিধান নেই, তাই অবৈধ দখল করা স্থাপনা থেকে ভাড়া নেওয়ার প্রশ্নই আসে না।

    ডি-টাইপ কোয়ার্টারের বকেয়া ভাড়া আদায়ে পত্রিকায় বিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ও পত্রিকার কাটিং সংরক্ষিত আছে। বস্তির লোকজনের দখল ঠেকাতে গিয়ে আমি, নির্বাহী প্রকৌশলী ও অন্য প্রকৌশলীরা আহত হয়েছি। এর ফুটেজও আছে।’

    কক্সবাজারে নিজের নামে ফ্ল্যাট থাকার বিষয়ে তিনি বলেন, আমার নামে কোনো ফ্ল্যাট নেই। সেখানে প্রায় পাঁচ দফায় লটারি হয়েছে। গ্রাহকেরা বরাদ্দ পাওয়ার পর ফ্ল্যাট পছন্দ না হওয়ায় জামানতের টাকা তুলে নেওয়ায় পুনরায় লটারি করতে হয়েছে। এখনো প্রায় পাঁচ থেকে সাতটি ফ্ল্যাট খালি আছে। আমার বোনের ফ্ল্যাট আমি বরাদ্দ দিইনি। আমার কাউকে বরাদ্দ দেওয়ার ক্ষমতা নেই। পত্রিকায় বিজ্ঞপ্তির পর নিয়মতান্ত্রিকভাবে বরাদ্দ দেওয়া হয়। এ পক্রিয়ায় আমার বোনও পেয়েছেন।

    ভবন নির্মাণ ও ফ্ল্যাটের আয়তনসংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এস্টেট শাখা মূলত জমির মালিকানা দেখে। নির্মাণের অনুমতি ও তদারকির দায়িত্ব উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রকৌশল শাখার। নামজারি আমরা করি না; লিজ দেওয়া সম্পত্তির নামজারির জন্য অনাপত্তি দিই।

    একাধিক এস্টেটের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষ আমাকে যেখানে দায়িত্ব দিয়েছে, সেখানে কাজ করেছি। কুয়াড প্রকল্পে নিজস্ব জনবল না থাকায় কর্তৃপক্ষের নির্দেশে আমি ও আরও দুজন অতিরিক্ত দায়িত্ব পালন করছি। চাকরির শুরুতে দিনাজপুর, মোহাম্মদপুর, প্রধান দপ্তরের প্রশাসন শাখা ও কুমিল্লায় কাজ করেছি।

    সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, কাগজপত্রের জটিলতার কারণে কাজ বিলম্বিত হতে পারে। মালিকানাসংক্রান্ত সমস্যা, অবৈধ বাণিজ্যিক স্থাপনা, অতিরিক্ত জমি দখল, মামলা, দ্বৈত বরাদ্দ, বয়স জালিয়াতি বা নাম পরিবর্তনের মতো কারণে বিলম্ব হতে পারে। ইতিমধ্যে অতিরিক্ত জমি দখল, দ্বৈত বরাদ্দ ও ভুয়া বরাদ্দের কয়েকটি নথি বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে। এসব কারণে কেউ কেউ আমাকে নাম-পরিচয় গোপন করে চিঠি দিয়ে হয়রানির চেষ্টা করছেন।

    হালিশহর হাউজিং এস্টেটের বাণিজ্যিক প্লটসংক্রান্ত দুদকের মামলা বিষয়ে তিনি বলেন, আমি চাকরিতে যোগ দেওয়ার আগেই প্লটটি বরাদ্দ হয়েছিল। ১৯৯০ সালে যখন প্লটটি বরাদ্দ দেওয়া হয়, তখন আমি দ্বিতীয় শ্রেণিতে পড়তাম। আমি শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নির্ধারিত তিনটি কিস্তির টাকা আদায় করেছি। ১৯৯০ সালের কোনো কিস্তি আমি আদায় করিনি। দুদকের মামলার পর আমি পুনঃতদন্তের আবেদন করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং মূল নথি জব্দ করা হয়েছে। আশা করি, তদন্তে সঠিক সিদ্ধান্ত আসবে।

    সার্বিক বিষয়ে জাগৃক চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, “ঘুষ লেনদেনের যে ভিডিওর কথা এসেছে, ঘটনাটি আমি যোগদানের আগে হয়েছে। এ বিষয়ে আমি বিস্তারিত মন্তব্য করতে পারব না। নাসির উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা আছে এবং তিনি কাগজে-কলমে পলাতক—এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিষয়টি আমি খোঁজ নেব। আর ঝুঁকিপূর্ণ ভবন, মার্কেট ও দোকান থেকে ভাড়া আদায়ের বিষয়গুলো আমার জানা নেই। ভোগান্তির বিষয়ে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।”

    নাসিরের বিরুদ্ধে হওয়া দুদকের মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থাটির উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, “মামলায় নাসিরসহ কোনো আসামিই জামিন নেননি। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিভিন্ন নথি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।”

    দুদক চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম ঢাকা বলেন, “দুদকের দায়ের করা মামলাগুলো আমলযোগ্য। এ ধরনের মামলায় তদন্ত কর্মকর্তা আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করতে পারেন। অথবা আসামিকে আদালতে হাজির হয়ে জামিন নিতে হয়। না হয় কাগজে-কলমে তারা পলাতক হিসেবে গণ্য হন। তবে অনেক সময় দুদকের জনবল সীমাবদ্ধ কিংবা তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার করেন না। আসামিরা সরকারি কর্মকর্তা মানে সচেতন লোক। তাদের উচিৎ নিজেদেরকে আদালতে হাজির হয়ে জামিন নেওয়া।”

  • বিমান চলাচলে প্রযুক্তির অগ্রগতির সাথে বাড়াতে হবে নিরাপত্তা: বিমান বাহিনী প্রধান

    বিমান চলাচলে প্রযুক্তির অগ্রগতির সাথে বাড়াতে হবে নিরাপত্তা: বিমান বাহিনী প্রধান

    প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলেও এর পাশাপাশি কিছু নিরাপত্তা চ্যালেঞ্জও তৈরি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনার-২৬ (International Flight Safety Seminar)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ ব্যবস্থাপনায় এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

    ফ্লাইট সেফটি বা উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বর্তমান যুগে ফ্লাইট সেফটি আরও সুসংহত করতে উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় এবং দলগত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বিত প্রয়োগের কোনো বিকল্প নেই।

    তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনারগুলো বিভিন্ন দেশ ও সংস্থার মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং সর্বোত্তম চর্চা (Best Practices) বিনিময়ের অনন্য সুযোগ সৃষ্টি করে, যা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে।

    সেমিনারে ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, এবারের এই আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

  • বারবার তারিখ বদল আর বাণিজ্যিক চাপে হারাচ্ছে অমর একুশে বইমেলার মূল চেতনা?

    বারবার তারিখ বদল আর বাণিজ্যিক চাপে হারাচ্ছে অমর একুশে বইমেলার মূল চেতনা?

    ভাষার মাস ফেব্রুয়ারি মানেই বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। তবে পবিত্র মাহে রমজান ও বিভিন্ন প্রতিকূলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই ঐতিহ্যের নিয়মে বারবার ঘটছে ছন্দপতন। ২০২৭ সালের বইমেলা ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও এই পরিবর্তন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

    সাধারণত ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মাসজুড়ে বইমেলা অনুষ্ঠিত হওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। তবে বিভিন্ন সময়ে নানা কারণে এই সূচিতে পরিবর্তন আনতে হয়েছে:

    ২০২০ সাল: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে মেলা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি।

    ২০২১ সাল: করোনা মহামারির কারণে মেলা পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়, যেখানে বিক্রি নেমে আসে ১ যুগের মধ্যে সর্বনিম্ন ৩ কোটি ১১ লাখ টাকায়।

    ২০২২ ও ২০২৪ সাল: নানা জটিলতা ও বৃষ্টির কারণে মেলার সময় বাড়িয়ে মার্চ মাস পর্যন্ত দীর্ঘায়িত করা হয়।

    ২০২৬ সাল: সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয় এই বছর। রমজান ও নানা টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলে ১৫ মার্চ পর্যন্ত, যার পুরো সময়টাই ছিল রমজানের মধ্যে।

    রমজান মাসের পবিত্রতা ও রোজা পালনের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বা-পুস) মেলা আরও এগিয়ে এনে ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তাব দেয়। গত ১৩ অক্টোবর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই নতুন সূচি চূড়ান্ত করা হয়।

    একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, পূর্বপ্রস্তুতি থাকায় বাংলা একাডেমি এই সময়ে মেলা আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

    স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তধারার চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমি প্রাঙ্গণে চট বিছিয়ে ৩২টি বই নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তা আজ মহীরূহে রূপ নিয়েছে। ১৯৭৮ সালে বাংলা একাডেমি এবং পরের বছর প্রকাশক সমিতি এর সঙ্গে যুক্ত হয়। ১৯৮৪ সাল থেকে মাসব্যাপী মেলার ধারা প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে এটি সোহরাওয়ার্দী উদ্যানে প্রসারিত হয়।

    মেলা এগিয়ে আনার পেছনে প্রকাশকদের বাণিজ্য টিকিয়ে রাখার যুক্তি থাকলেও এটি নিয়ে রয়েছে ভিন্নমত।

    লেখক ও গবেষক সালেক খোকনের মতে, অমর একুশে বইমেলাকে সাধারণ বাণিজ্যের মাপকাঠিতে দেখা উচিত নয়। জানুয়ারি বা মার্চে মেলা হলে তার নামকরণের সার্থকতা ও একুশের চেতনা দুর্বল হয়ে পড়ে।

    ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন মনে করেন, প্রকাশনা শিল্প লাভজনক না হলে প্রকাশকদের অস্তিত্ব এবং একুশের চেতনার ভিত্তিই হুমকির মুখে পড়বে। অর্থনীতি ও সংস্কৃতির এই মেলবন্ধন অস্বীকার করার উপায় নেই।

    অন্যদিকে, ১৯৮৮ সাল থেকে মেলায় অংশ নেওয়া সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ আক্ষেপ করে জানান, আগের মতো সেই উৎসবের উচ্ছ্বাস ও আন্তর্জাতিক বাঙালির আবেগ এখন আর আগের মতো দেখা যাচ্ছে না।

    বারবার তারিখ পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে বই বিক্রি ও নতুন প্রকাশনার ওপর। ২০২৬ সালের মেলায় আনুমানিক ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে ধারণা করা হয়, যা ২০২০ সালের (প্রায় ৮২ কোটি টাকা) তুলনায় অনেক কম। পাশাপাশি, ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন বইয়ের সংখ্যাও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রকাশকদের মতে, দেরিতে মেলা শুরু হওয়া এবং রমজানের প্রভাব এর জন্য অনেকাংশে দায়ী। তবে এর পেছনে মূল্যস্ফীতি ও পাঠাভ্যাসের পরিবর্তনও বড় কারণ।

    গবেষক ও প্রকাশক মফিদুল হকের মতে, শুধু বইমেলার তারিখ বদল বা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। প্রকাশনা খাতের সামগ্রিক বিকাশ, কার্যকর গ্রন্থনীতি প্রণয়ন এবং দীর্ঘমেয়াদে পাঠক তৈরিতে সরকার, বাংলা একাডেমি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ও নীতিগত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

  • বিয়ে নিয়ে অযাচিত প্রশ্নে বিরক্ত সাফা কবির, কেমন জীবনসঙ্গী চান জানালেন অভিনেত্রী

    বিয়ে নিয়ে অযাচিত প্রশ্নে বিরক্ত সাফা কবির, কেমন জীবনসঙ্গী চান জানালেন অভিনেত্রী

    সমসাময়িক জনপ্রিয় তারকাদের অনেকেই থিতু হয়েছেন সংসারী জীবনে। তবে এখনো অবিবাহিত থাকা অভিনেত্রী সাফা কবিরকে নিয়মিতই মুখোমুখি হতে হয় এক পরিচিত প্রশ্নের—‘বিয়ে কবে করছেন?’ এই বিষয়ে নিজের বিরক্তি প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ে পুরোপুরি একটি ব্যক্তিগত বিষয় এবং এ ধরনের অনধিকারচর্চা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।

    সম্প্রতি এক খোলামেলা আলাপে নিজের জীবন, ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। চলুন দেখে নেওয়া যাক সাফা কবিরের ভাবনা ও প্রত্যাশার উল্লেখযোগ্য দিকগুলো:

    একক জীবন ও সন্তুষ্টি
    চারপাশের বন্ধুদের বিয়ে ও সংসারী হওয়ার গুঞ্জনের মাঝেও নিজের সিঙ্গেল জীবন নিয়ে বেশ ছান্দসিক ও সুখী আছেন সাফা। তার মতে, তারকা হোক বা সাধারণ মানুষ—সবারই ব্যক্তিগত সময় ও নিজস্ব স্বাধীনতাকে সম্মান করা উচিত।

    যেমন জীবনসঙ্গী চান
    নিজের ভবিষ্যতের জীবনসঙ্গীর বিষয়ে সাফা জানান, তার পছন্দ একজন শিক্ষিত, ভালো মনের এবং ভালো রসবোধসম্পন্ন মানুষ।

    অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা
    পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে অনেক সময় মানসিক চাপ নিতে হয় উল্লেখ করে তিনি জানান, নিজের কাজ নিয়ে তিনি কখনো শতভাগ সন্তুষ্ট নন, কারণ এই ঘাটতি বা অসন্তুষ্টিই তাকে সামনে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতে বড় পরিসরে ওয়েব ফিল্ম এবং বিশেষভাবে কোনো অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করার তীব্র আগ্রহের কথাও জানান তিনি।

    জীবনদর্শন
    নিজেকে একজন আত্মনির্ভরশীল ও ইতিবাচক মানুষ হিসেবে পরিচয় দিয়ে সাফা বলেন, জীবনের যেকোনো পরিস্থিতিতে নিজের সমস্যা নিজেই সমাধান করা এবং চারপাশের পরিবেশ হাসিখুশি ও ইতিবাচক রাখাই তার মূল লক্ষ্য।

  • দলের ব্যর্থতার পর তামিমের জরুরি সভা: সিনিয়রদের নিয়ে বিসিবি সভাপতির রূপরেখা

    দলের ব্যর্থতার পর তামিমের জরুরি সভা: সিনিয়রদের নিয়ে বিসিবি সভাপতির রূপরেখা

    সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে জয়হীন থেকে দেশে ফেরার পর দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তীব্র হতাশা। আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এমন বাজে পারফরম্যান্সকে বড় ধাক্কা হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। এই সংকটময় পরিস্থিতিতে দেশের ক্রিকেটকে সঠিক ট্র্যাকে ফেরাতে জরুরি বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

    বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় তামিমের সঙ্গে অংশ নেন দলের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার, জাতীয় নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট। উপস্থিত ক্রিকেটারদের তালিকায় ছিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সীমিত ওভারের অধিনায়ক লিটন দাস, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। এছাড়া কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও সভায় উপস্থিত ছিলেন।

    প্রাথমিকভাবে গুঞ্জন ছিল, সাম্প্রতিক ব্যর্থতার জেরে ক্রিকেটাররা কঠোর সমালোচনার মুখে পড়তে পারেন। তবে বৈঠকে কোনো উত্তপ্ত পরিবেশ তৈরি হয়নি। বরং বর্তমান পারফরম্যান্সের কারণ বিশ্লেষণ করে দলকে কীভাবে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ক্রিকেটাররাও নিজেদের মতামত ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

    বাংলাদেশ দলের সামনে এখন বেশ ব্যস্ত সময় অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের পরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। প্রোটিয়াদের বিপক্ষে আরও দুটি টেস্ট এবং সীমিত ওভারের দুটি সিরিজ খেলবে দল। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমীকরণে এই সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের পরিকল্পনাতেও তাই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • চমকপ্রদ প্রত্যাবর্তন: চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা

    চমকপ্রদ প্রত্যাবর্তন: চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা

    ব্রাজিলের রাজনীতিতে বিগত প্রায় চার দশকের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, সেটাই করে দেখালেন ৮০ বছর বয়সী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। প্রথম দফার ভোটে কিছুটা পিছিয়ে থাকলেও দুর্দান্ত এক কামব্যাক করে চতুর্থবারের মতো দেশটির সর্বোচ্চ রাষ্ট্রক্ষমতা দখল করলেন তিনি। তাঁর এই ঐতিহাসিক জয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার পরপরই ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের দ্বিতীয় দফার নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তাঁর পক্ষে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলসোনারো পেয়েছেন ৪৮.২৫ শতাংশ ভোট, যা সংখ্যায় প্রায় ৫ কোটি ৯০ লাখ।

    সকল জনমত জরিপ, পূর্বের পরিসংখ্যান এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকা প্রতিকূল পরিস্থিতিকে ভুল প্রমাণ করে লুলার এই অভাবনীয় জয় লাতিন আমেরিকা জুড়ে চলমান ডানপন্থী রাজনৈতিক অগ্রযাত্রার ধারাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

    এদিকে লুলার এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাতিন আমেরিকার অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা:

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম: সামাজিক মাধ্যমে লিখেছেন, “গণতন্ত্র দীর্ঘজীবী হোক! ব্রাজিলের জনগণ জয়ী হয়েছে। অভিনন্দন, প্রেসিডেন্ট লুলা।”

    কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল: এই জয়কে ‘ঐতিহাসিক বিজয়’ অ্যাখ্যা দিয়ে বলেছেন, “আপনার নেতৃত্বে ব্রাজিলীয় জনগণ শান্তি, সার্বভৌমত্ব ও সামাজিক ন্যায়বিচারের যে পথচলা শুরু করেছে, এই জয় তারই ধারাবাহিকতা নিশ্চিত করবে।”

    প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা: এক্স (সাবেক টুইটার) বার্তায় বলেন, “এই মহান গণতান্ত্রিক যাত্রার জন্য আমি ব্রাজিলের জনগণকে স্যালুট জানাই।”

    বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাস: উল্লেখ করেছেন, অভিন্ন ইতিহাস ও চ্যালেঞ্জ মোকাবিলায় বলিভিয়া ও ব্রাজিল ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে একসঙ্গে কাজ করে যাবে।

    উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি: লুলাকে ‘বন্ধু’ সম্বোধন করে বলেন, “বন্ধুকে এই জয়ের জন্য এবং চমৎকার গণতান্ত্রিক উৎসবের জন্য অভিনন্দন।”

    পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো: গণতান্ত্রিক এই সফল দিনটির জন্য ব্রাজিলীয় জনগণ এবং বিশেষ করে প্রেসিডেন্ট লুলাকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • স্লোগানে নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ সম্ভব: মালয়েশিয়ায় মাওলানা মামুনুল হক

    স্লোগানে নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ সম্ভব: মালয়েশিয়ায় মাওলানা মামুনুল হক

    শুধু গালভরা স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সমাজে প্রকৃত সাম্য, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়বিচার কায়েম হলেই কেবল মানুষ তার সুফল ভোগ করতে পারবে এবং ইসলামকে বিজয়ী করার মাধ্যমেই একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা সম্ভব।

    রোববার (২৫ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার কেলাংয়ের লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা আয়োজিত এক বিশাল সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ২৩ বছরের নবুয়তি জীবনের অন্যতম শিক্ষা হলো দাওয়াতের পাশাপাশি সমাজেসত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। মক্কায় দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করেও তিনি যেমন দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, তেমনি মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অনন্য নজির স্থাপন করেছেন।

    পৃথিবী থেকে সব ধরনের জুলুম ও অবিচার দূর করা নবী-রাসুলদের আগমনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেখানেই অন্যায় ও বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠবে, সেখানেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

    ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় দেশের বহু মানুষ প্রাণ দিয়েছেন, অসংখ্য পরিবার তাদের সন্তান হারিয়েছে। শহীদদের সেই ত্যাগের মূল লক্ষ্য বাস্তবায়নে কেবল স্লোগান যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি পুরোপুরি ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।

    ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, হাজি শরীয়তুল্লাহ, তিতুমীর ও মাওলানা কারামত আলী জৌনপুরী (রহ.)-এর মতো মহান ব্যক্তিরা অতীতে অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। সেই ঐতিহাসিক ধারায় একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।

    জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেন, দেশের অর্থনীতি ও জাতীয় অগ্রগতিতে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনকি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও প্রবাসীরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন। প্রবাসীদের এই সংগঠিত শক্তি দেশের যেকোনো ইতিবাচক পরিবর্তনে বড় ধরনের প্রভাব রাখতে পারে।

    এ সময় তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রমে যুক্ত হয়ে দেশ ও প্রবাসে সাংগঠনিক ভীত আরও মজবুত করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন।

    বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি তাকী উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি মুহাম্মাদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সল। সম্মেলনে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপিকে নিয়ে কটূক্তি: বিউটি পার্লার মালিক নারী উদ্যোক্তা আটক

    ময়মনসিংহের ভালুকায় বিএনপিকে নিয়ে কটূক্তি: বিউটি পার্লার মালিক নারী উদ্যোক্তা আটক

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামের এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লারে’র মালিক।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বিউটি পার্লারে বসে ফেসবুকে লাইভ কিংবা মন্তব্যের মাধ্যমে বিএনপি ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেন সাথী আক্তার। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

    পরবর্তীতে ক্ষুব্ধ জনতা ও রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে তার প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ওই নারী উদ্যোক্তাকে আটক করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।