Blog

  • দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

    দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

    বিগত সরকারের আমলের সীমাহীন লুটপাট ও অর্থপাচারের কারণে ধ্বংসের মুখে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং অর্থনৈতিক পুনর্গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে ‘বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মজুমদার এবং সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন।

    বিগত প্রায় দুই দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে হুইপ দুলু বলেন, সে সময় দেশে কোনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বা গণতন্ত্র ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ভোটাধিকার। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন এবং অগণিত মানুষের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলেই আজ দেশের মানুষ বাকস্বাধীনতা ও হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে।

    অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর কথা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক উদ্যোগও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

    পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, “আপনি আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সাধারণ মানুষও আপনার অপেক্ষায় রয়েছে।”

    অর্জিত গণতন্ত্র রক্ষায় বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যেন কোনো সুযোগ না পায়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

  • জাপানি বিনিয়োগের নতুন দিগন্ত: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তারো আসোর সাক্ষাৎ

    জাপানি বিনিয়োগের নতুন দিগন্ত: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তারো আসোর সাক্ষাৎ

    জাপান সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

    সাক্ষাৎকালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর পাশাপাশি বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। এই অনুকূল পরিবেশের কারণে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে নতুন করে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার ওপরও এ সময় উভয় পক্ষ জোরালো গুরুত্বারোপ করে।

    বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারো আসোর অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রী ২০০৬ সালে বিএনপি সরকারের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তার জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। জবাবে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর আগের সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

    গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন:

    অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

    প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    অন্যদিকে, জাপানি প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জাপানি সংসদের বেশ কয়েকজন সিনিয়র সংসদ সদস্য।

  • লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছাত্রদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা রক্তাক্ত

    লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছাত্রদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা রক্তাক্ত

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে জুয়েল হোসেন নিরব নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে শাহেদ নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে ঘটা এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চিকিৎসক ও কর্মচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অন্যদিকে অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

    স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় একটি মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে আহত অবস্থায় জুয়েল চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। খবর পেয়ে শাহেদ তার অনুসারীদের নিয়ে হাসপাতালে হাজির হন এবং বাইরে জুয়েলকে মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে জুয়েল দৌড়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে আশ্রয় নিলেও রক্ষা পাননি। হামলাকারীরা সেখানে ঢুকে তাকে চেয়ার দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি কিল-ঘুসি ও লাথি মেরে রক্তাক্ত জখম করে।

    ঘটনা প্রসঙ্গে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, “হাসপাতালে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে রেকর্ড হয়েছে। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করেছি, বর্তমানে চিকিৎসকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

    জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি জানান, অভিযুক্ত শাহেদ বর্তমানে সংগঠনের কোনো পদ-পদবীতে নেই, তবে তিনি পৌর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাজেকে পঞ্চম দিনের সড়ক অবরোধ অব্যাহত: প্রশাসনের সঙ্গে বৈঠকে অনুপস্থিত আন্দোলনকারীরা

    সাজেকে পঞ্চম দিনের সড়ক অবরোধ অব্যাহত: প্রশাসনের সঙ্গে বৈঠকে অনুপস্থিত আন্দোলনকারীরা

    পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে রাঙামাটির সাজেকে দুটি স্থানীয় সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ সোমবার টানা পঞ্চম দিনের মতো চলছে। চলমান এই সংকট নিরসনে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বাঘাইছড়ি উপজেলায় একটি মতবিনিময় সভা করলেও, তাতে অংশ নেয়নি আন্দোলনকারী সংগঠন দুটির কোনো প্রতিনিধি।

    সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) কর্মীদের সাজেক এলাকা থেকে প্রত্যাহারসহ মোট পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ এবং ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ এই অবরোধ কর্মসূচি পালন করছে। সংগঠনগুলোর লাগাতার ডাকে এটি তৃতীয় দফার কর্মসূচি।

    সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে স্থানীয় হেডম্যান ও কারবারিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য ভবতোষ দেওয়ান, শান্তিবিজয় চাকমা ও কল্যাণত্রি চাকমা, বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন, সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

    বৈঠকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সবার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হলেও, আন্দোলনকারী সংগঠনগুলোর অনুপস্থিতি আলোচনার টেবিলে কিছুটা শূন্যতা তৈরি করে। এ বিষয়ে কমিটির সদস্য শান্তিবিজয় চাকমা জানান, স্থানীয় হেডম্যান ও কারবারিরা সরাসরি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    এদিকে সাজেকের বর্তমান পরিস্থিতি সরজমিন দেখতে উজোবাজার এলাকায় গেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। তাদের সঙ্গে রয়েছেন দুই জেলার জেলা প্রশাসক (নাজমা আশরাফী ও মো. আনোয়ার শাহাদাৎ) এবং পুলিশ সুপারবৃন্দ (মুহম্মদ আব্দুর রকিব ও মুরতোজা আলী খান)। এই সফরকালে সড়ক অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

  • ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির মাসব্যাপী বা নানা বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

    ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির মাসব্যাপী বা নানা বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

    আসন্ন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দেশব্যাপী র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

    সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    পতাকা উত্তোলন: ৭ নভেম্বর সকাল ৬টায় ঢাকাসহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

    শ্রদ্ধা নিবেদন: ওই দিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন কেন্দ্রীয় নেতারা।

    র‍্যালি: ঢাকায় বর্ণাঢ্য র‍্যালির পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালি বের করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    অন্যান্য আয়োজন: দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিশেষ আলোচনা সভা, পোস্টার প্রকাশ এবং ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ নভেম্বর আলোচনা সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

    ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে রিজভী বলেন, দেশের সংকটময় মুহূর্তে এ দিনের চেতনা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মানুষকে অনুপ্রাণিত করে। সেসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রে এসে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা ছাত্র-জনতার জুলাই আন্দোলনকেও প্রভাবিত করেছিল। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই ফ্যাসিবাদের পতন ঘটেছে উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি যেন আর জনগণের ওপর কর্তৃত্ব ফলাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

  • সাতক্ষীরাকে বাসযোগ্য করতে ১০০ বছরের মহাপরিকল্পনা ও শ্রমজীবীদের আবাসন দাবি

    সাতক্ষীরাকে বাসযোগ্য করতে ১০০ বছরের মহাপরিকল্পনা ও শ্রমজীবীদের আবাসন দাবি

    নগরকে সুন্দর ও পুনরুজ্জীবিত রাখতে দিনরাত পরিশ্রম করে যাওয়া শ্রমজীবী মানুষের জন্য অবিলম্বে পরিকল্পিত আবাসন ব্যবস্থার দাবি জানানো হয়েছে। বিশ্ব নগর দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই জোরালো দাবি জানান।

    আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’।

    মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরার অনেক মানুষ এখনও মৌলিক নগরসুবিধা থেকে বঞ্চিত। তাই নগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের অধিকার এবং পর্যাপ্ত আবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

    পাশাপাশি, সাতক্ষীরাকে একটি পরিবেশবান্ধব ও আধুনিক বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে অবিলম্বে অন্তত ১০০ বছরের একটি দূরদর্শী মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানান জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

    মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন—

    সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল

    সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি

    জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল

    লেখক সিদ্দিকুর রহমান

    ভূমিহীন নেতা আব্দুস সামাদ

    গ্রীন জোটের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন

    বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান

    শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার ও ইমতি জামিল প্রমুখ।

    উল্লেখ্য, সুপরিকল্পিত নগর উন্নয়ন ও জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে ‘বিশ্ব নগর দিবস’ পালিত হয়ে থাকে।

  • কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণাকালে একজন আটক

    কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণাকালে একজন আটক

    গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে শাসনগাছা এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দিলে সে নিজেকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং নিজের নাম রাসেল বলে জানায়। তবে তার মোটরসাইকেলের বৈধ কাগজাদি ও উপযুক্ত প্রমাণ না থাকায় কর্তব্যরত সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে প্রেরণ করেন।
    পরবর্তীতে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অভিযুক্ত রাসেল হোসেন ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেলটি ছাড়িয়ে নেওয়ার জন্য ট্রাফিক পুলিশ অফিসে এসে পুনরায় নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে জাহির করে। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) অবহিত করেন।

    খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ট্রাফিক পুলিশ অফিসে উপস্থিত হয়। সেখানে তার পরিচয় ও কর্মস্থল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, সে সিআইডির কেউ নয়; বরং একজন পেশাদার প্রতারক। সে দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন উপায়ে প্রতারণা করে আসছিল। এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া আইডি কার্ডের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা কটি পরা ভুয়া ছবি উদ্ধার করা হয়। প্রাথমিক ও ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রাসেল হোসেন স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ভুয়া ও প্রতারক চক্রের বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভুয়া পরিচয়ধারীদের অপতৎপরতা রোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারী মাসুদ রানাকে সেরেস্তা থেকে অব্যাহতি,  ঘোষণা

    নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারী মাসুদ রানাকে সেরেস্তা থেকে অব্যাহতি, ঘোষণা

    ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোঃ মাসুদ রানা নামে এক আইনজীবী সহকারীকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মোঃ শাহীন কাদির ডলার।

    সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানাকে সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই সম্মানিত মোয়াক্কেল ও সর্বসাধারণকে মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক কোনো বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেরেস্তার নাম ব্যবহার করে মাসুদ রানার সঙ্গে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেন করা হলে তার দায় সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না।

    সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শালিকাকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। এর মধ্যে গত ২৫ অক্টোবর তিনি শালিকাকে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

    এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁকে অব্যাহতি ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীর গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    এ বিষয়ে মন্তব্য জানতে মাসুদ রানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

  • পয়েন্টের লড়াইয়ে বাজিমাত: ডি থ্রি ট্রফির নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন শরীফুল

    পয়েন্টের লড়াইয়ে বাজিমাত: ডি থ্রি ট্রফির নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন শরীফুল

    ডিসেম্বরে মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য জমজমাট নিলাম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এই নিলামে প্রথাগত অর্থের ঝনঝনানি না থাকলেও পয়েন্টের লড়াইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে।

    এবারের নিলামে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন পেসার শরীফুল ইসলাম। বিভিন্ন দলের দীর্ঘ টানাটানির পর শেষ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করে তাকে নিজেদের দলে ভিড়িয়েছে সিটিজেনস ব্যাংক।

    অন্যান্য তারকা ক্রিকেটারদের দলবদল ও পয়েন্টের চিত্রগুলো একনজরে দেখে নেওয়া যাক:

    তাসকিন আহমেদ- ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ওয়ালটন।

    তানজিদ হাসান তামিম- ২ কোটি পয়েন্টে তাকে কিনেছে ফরচুন গ্রুপ।

    শেখ মেহেদী হাসান- নিলামের প্রথম ডাকেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন, যাকে দলে নেয় এইস ব্লুস্টার।

    সৌম্য সরকার- বাঁহাতি এই ওপেনারকে নিয়ে ওয়ালটন ও ফরচুনের লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে দলে টানে ফরচুন গ্রুপ।

    টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ লাখ ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।

  • প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে পিএসসির সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে পিএসসির সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

    সোমবার সকালে পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বিদ্যালয় দুটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

    পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই শূন্যতা দ্রুত দূর করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সরকারের আলোচনা চলছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ হলে বিদ্যালয়ের নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।

    প্রতিমন্ত্রী আরও জানান, শুধু সরাসরি নিয়োগ নয়, বরং দায়িত্ব পালনে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিদ্যমান নিয়োগবিধি ও পিএসসির নিয়মের সঙ্গে সমন্বয় করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টিও নতুন করে গুরুত্ব পাবে বলে জানান তিনি।

    এ সময় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।