
বিগত সরকারের আমলের সীমাহীন লুটপাট ও অর্থপাচারের কারণে ধ্বংসের মুখে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং অর্থনৈতিক পুনর্গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে ‘বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মজুমদার এবং সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশ নেন।
বিগত প্রায় দুই দশকের শাসনব্যবস্থার সমালোচনা করে হুইপ দুলু বলেন, সে সময় দেশে কোনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বা গণতন্ত্র ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ভোটাধিকার। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন এবং অগণিত মানুষের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলেই আজ দেশের মানুষ বাকস্বাধীনতা ও হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে।
অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর কথা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক উদ্যোগও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, “আপনি আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সাধারণ মানুষও আপনার অপেক্ষায় রয়েছে।”
অর্জিত গণতন্ত্র রক্ষায় বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যেন কোনো সুযোগ না পায়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক 
























