
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (আজ) দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকালে ও বিকেলে পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন চসিকের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সকালের অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার। এ সময় ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।
অন্যদিকে, বিকেলের অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এ সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান প্রসঙ্গে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান জানান, নগরীর সড়ক ও ফুটপাত কেবল সাধারণ মানুষের হাঁটার জন্য। কোনোভাবেই কাউকে এসব স্থান দখল করতে দেওয়া হবে না। নগরবাসীর স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব নগরী গড়তে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে চসিকের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের এমন তৎপরতা আগামীতেও চলমান থাকবে।
অনলাইন ডেস্ক 




















