
ফ্যাসিস্ট সরকারের ধ্বংস ও আতঙ্কের রাজনীতির বিপরীতে দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্থ ধারার রাজনীতি চালু করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেঘনা উপজেলা যুবদল এই র্যালি ও সমাবেশের আয়োজন করে।
বর্তমান সরকারের নীতি তুলে ধরে ড. খন্দকার মারুফ বলেন, সরকার অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো জায়গা নেই উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, অন্যায় করে বিএনপির নাম ভাঙিয়ে কেউ পার পাওয়ার সুযোগ পাবে না।
যুবদলের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বিএনপির ভ্যানগার্ড’ হিসেবে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল তাঁর এক দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এস.এম. সালাহউদ্দিন সরকার, জয়নাল আবেদীন, অধ্যাপক শহীদুল ইসলাম, মো. শহীদুল্লাহ সরকার, আবু ইউসুব নয়ন, মো. জহিরুল ইসলাম ও দিলারা শিরীন প্রমুখ।
এর আগে সকালে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তারের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন ডেস্ক 



















