
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী গাজীপুরা এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়।
জানা গেছে, আহত শিক্ষার্থী জাবেদ আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। মাদ্রাসা ছুটির পর বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।
এই দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজের দাবি নিয়ে রাজপথে নেমে আসেন। আজ দুপুর দুইটা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনের কারণে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটে নিজ গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।
অনলাইন ডেস্ক 

























