
জাপান সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর পাশাপাশি বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। এই অনুকূল পরিবেশের কারণে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে নতুন করে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার ওপরও এ সময় উভয় পক্ষ জোরালো গুরুত্বারোপ করে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারো আসোর অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রী ২০০৬ সালে বিএনপি সরকারের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তার জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। জবাবে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর আগের সাক্ষাতের স্মৃতিচারণ করেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, জাপানি প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ জাপানি সংসদের বেশ কয়েকজন সিনিয়র সংসদ সদস্য।
অনলাইন ডেস্ক 





















