
নগরকে সুন্দর ও পুনরুজ্জীবিত রাখতে দিনরাত পরিশ্রম করে যাওয়া শ্রমজীবী মানুষের জন্য অবিলম্বে পরিকল্পিত আবাসন ব্যবস্থার দাবি জানানো হয়েছে। বিশ্ব নগর দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই জোরালো দাবি জানান।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’।
মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরার অনেক মানুষ এখনও মৌলিক নগরসুবিধা থেকে বঞ্চিত। তাই নগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের অধিকার এবং পর্যাপ্ত আবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
পাশাপাশি, সাতক্ষীরাকে একটি পরিবেশবান্ধব ও আধুনিক বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে অবিলম্বে অন্তত ১০০ বছরের একটি দূরদর্শী মহাপরিকল্পনা গ্রহণের দাবি জানান জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন—
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল
সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি
জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল
লেখক সিদ্দিকুর রহমান
ভূমিহীন নেতা আব্দুস সামাদ
গ্রীন জোটের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন
বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান
শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার ও ইমতি জামিল প্রমুখ।
উল্লেখ্য, সুপরিকল্পিত নগর উন্নয়ন ও জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে ‘বিশ্ব নগর দিবস’ পালিত হয়ে থাকে।
অনলাইন ডেস্ক 






















