
কিশোরীদের ক্ষমতায়ন, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে বরগুনার তালতলীতে দিনব্যাপী ‘পিয়ার লিডার প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।
বুধবার তালতলী কারিতাস কার্যালয়ের হলরুমে কারিতাস ইটালিয়ানার অর্থায়নে এবং ‘সংলাপ প্রকল্প’-এর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। তিনি তাঁর বক্তব্যে বাল্যবিয়ে রোধ, মাদকাশক্তি দূরীকরণ, নারী শিক্ষার প্রসার এবং কিশোরীদের সার্বিক ক্ষমতায়নে আরও বেশি সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকাশক্তি দূরীকরণ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সঠিক নারী শিক্ষা এবং নিজেদের আইনি অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। এই ধরনের উদ্যোগ কিশোরীদের মাঝে নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন ডেস্ক 























