
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা মো. অলিউর রহমান অলিকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক কাঁকন দে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান জেলার মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কিনে দেওয়ার নাম করে শাশুড়ি জাহানারা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান জামাতা অলিউর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার দুদিন পর ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশের বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে নিহত নারীর ছেলে মো. মিজানুর রহমান মরদেহটি তাঁর মায়ের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. গুলজার আহমেদ খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ভবিষ্যতেও তৎপর থাকবে।
অনলাইন ডেস্ক 























