পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সাবমেরিন ও নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং আঞ্চলিক সামরিক ভারসাম্য রক্ষায় প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে জাপান। বিশেষ করে দেশটির সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে যে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে জাপানের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জন বা নির্মাণ করা উচিত কি না।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্য এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তিনটি মূল দলিল পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, তার সরকার বাস্তবসম্মত উপায়ে পারমাণবিক সাবমেরিনের সম্ভাব্যতা খতিয়ে দেখবে। দীর্ঘ সময় পানির নিচে অবস্থান, উচ্চ গতি এবং সুদূরপ্রসারী মিশনে সক্ষমতার কারণে এ ধরনের সাবমেরিন কৌশলগতভাবে অত্যন্ত লাভজনক হতে পারে।
এই বিতর্কের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ক্ষমতাসীন জোটের জুনিয়র অংশীদার ‘জাপান ইনোভেশন পার্টি’। তাদের মতে, চীনের নৌশক্তি ঠেকানোর একমাত্র কার্যকর উপায় হলো আন্ডারওয়াটার সক্ষমতা বাড়ানো। তবে প্রধান দল ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’ ও প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের দাবি, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রতিরক্ষা বাজেটের সুনির্দিষ্ট লক্ষ্য ও আর্থিক ঝুঁকির বিষয়টি মাথায় রাখা উচিত।
বর্তমানে জাপানের নৌবহরে বিশ্বমানের ২৩টি ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন রয়েছে। ২০২৬ সালে জাপানের রেকর্ড ৯ ট্রিলিয়ন ইয়েন প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ নতুন ‘টাইগেই-ক্লাস’ সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। এই অবস্থায় পারমাণবিক সাবমেরিনের জন্য চুল্লি প্রকৌশল, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষিত জনবল তৈরি করতে গেলে বিশাল অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, যা নিয়ে বড় ধরনের আর্থিক সংশয় রয়েছে।
প্রযুক্তি ও বাজেটের পাশাপাশি জাপানের অভ্যন্তরীণ আইন ও দীর্ঘদিনের নীতিও বড় চ্যালেঞ্জ। দেশটির পরমাণু শক্তি আইন অনুযায়ী পারমাণবিক প্রযুক্তির ব্যবহার কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ। যদিও পারমাণবিক সাবমেরিন মানেই পরমাণু অস্ত্র তৈরি নয়, তবুও এটি জাপানের ঐতিহ্যবাহী পারমাণবিক নীতি ও রাজনৈতিক ভাবমূর্তির জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়।
প্রত্যাশিত যে, ২০২৬ সালের শেষের দিকে জাপানের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত চূড়ান্ত নথিতে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে। আপাতত একটি গভীর সমীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা ও খরচ যাচাই করা হচ্ছে। শেষ পর্যন্ত জাপান এই পথে হাঁটুক বা না হাঁটুক, এই উদ্যোগটি দেশের আর্থিক ও সামরিক নিরাপত্তার জন্য সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর পথ বেছে নেওয়ার একটি সুচিন্তিত প্রয়াস হিসেবেই বিবেচিত হবে।