
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১৪৩টি ভারতীয় স্মার্টফোন, মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ বিড়ির পাতা ও মশলা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন মডেলের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে। এরপর সকাল ১০টার দিকে একই বিওপির নিয়মিত টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মশলা এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
জব্দ করা সমস্ত মালামাল ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 






















