Blog

  • গোপালগঞ্জে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আছে ১ জন

    গোপালগঞ্জে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আছে ১ জন

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে কৃষ্ণ বাড়ৈ (৩৫) ও মনোতোষ হালদার (৩৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

    উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

    গত শনিবার ( ২৪ অক্টোবর) ও রোববার (২৫ অক্টোবর) উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত কৃষ্ণ বাড়ৈ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে। অপরজন নিহত মনোতোষ হালদার একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মিলে মদ্যপান করে। মদ্য পান করার পরে রাতে ওই তিন যুবক অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন যুবকের শারীরিক অবস্থার অনবতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।পরবর্তীতে ঢাকার পপু লার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ( ২৪ অক্টোবর) মনোতোষ হালদার ও রোববার (২৫ অক্টোবর) সোহরাওয়ার্দী হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যায়।

    কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দূর্গাপূজা উপলক্ষে আমার ভাই কৃষ্ণান্তসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের গ্রাম খাগবাড়ি যায়। সেখানে গিয়ে কয়েকজনে মিলে মদ্যপান করে। মদ্যপানে কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ব্যাপারে আমরা থানায় কোন অভিযোগ দায়ের করিনি।

    মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, আমার ভাই মনোতোষ হালদার পূজায় ডেকোরেটরের কাজে গিয়ে পানি জাতীয় কিছু খেয়েছিল। যার কারনে সে অসুস্থ হয়ে পড়লে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।এরপরে এখানে বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করি। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় পপুলার হাসপাতালে সে মারা যায়।

    রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার-পাঁচজন তরুণ তরল জাতীয় কিছু একটা পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছে।

    এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। আমরাও এ বিষয়ে অবগত নই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু :

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু :

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

    আজ সোমবার ( ২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

    এ সময় অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের, কাজেই এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো একটু একটু করে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।

    সমাজবিজ্ঞান বনাম বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বনাম ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এই দাবা প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। শরীরচর্চা শিক্ষা দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর ২০২৬।

  • বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি নেতা আলালের সৌজন্য সাক্ষাৎ

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি নেতা আলালের সৌজন্য সাক্ষাৎ

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা তুঙ্গে রয়েছে।

    আসন্ন এই উপনির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তাঁর বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সাক্ষাৎ শেষে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে জানান, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

  • যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র জিসানের মরদেহ উদ্ধার

    যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র জিসানের মরদেহ উদ্ধার

    সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পানিতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদকে (২৩) ১৯ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    সোমবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত জিসান গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র সন্তান।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার চার বন্ধু মিলে ঢাকা থেকে এনায়েতপুরের গোলামের হোটেল-এ খাবার খেতে যান। খাবার শেষে যমুনা নদীতে গোসলে নামলে স্রোতের টানে পানিতে তলিয়ে যান জিসান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরিশেষে সোমবার সকালে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়ে তার মরদেহটি খুঁজে পায়।

    এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ইয়েমেনের হুথিদের দমনে এআই প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব: নেপথ্যে মার্কিন ‘ম্যাভেন স্মার্ট সিস্টেম’

    ইয়েমেনের হুথিদের দমনে এআই প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব: নেপথ্যে মার্কিন ‘ম্যাভেন স্মার্ট সিস্টেম’

    প্রতিবেশী ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের হামলার মুখে মিত্রদেশগুলোর সহযোগিতা চেয়েও মার্কিন ডোনাল্ড প্রশাসনের কাছ থেকে সরাসরি সামরিক হস্তক্ষেপের সবুজ সংকেত পায়নি সৌদি আরব। তবে সরাসরি সেনা পাঠিয়ে যুদ্ধ না জড়ালেও, সৌদি বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক প্রযুক্তির গোয়েন্দা সহায়তা দিয়ে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।

    সিএনএনের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ, নতুন একটি যৌথ বাহিনী কমান্ডের আওতায় সৌদি আরবে বর্তমানে ১০০ থেকে ২০০ মার্কিন সেনা কাজ করছেন। তাঁরা মূলত সৌদি সামরিক কর্মকর্তাদের যুদ্ধক্ষেত্রের রিয়েল-টাইম তথ্য বা তাৎক্ষণিক পরিস্থিতি বুঝতে সহায়তা করছেন।

    মার্কিন সামরিক বাহিনীর প্রধান এআই কর্মসূচি ‘প্রজেক্ট ম্যাভেন’ থেকে গড়ে ওঠা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি এমএসএস (Maven Smart System) নামে পরিচিত। ইতিপূর্বে ইরাক, সিরিয়া ও ইরানে সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে এটি ব্যবহার করেছে মার্কিন বাহিনী।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এমএসএস হলো যুদ্ধক্ষেত্রের একধরণের ‘গুগল আর্থ’। এর প্রধান কাজগুলো হলো:

    লাইভ স্যাটেলাইট ইমেজ এবং ড্রোন ক্যামেরার তথ্য রিয়েল-টাইমে বিশ্লেষণ করা।

    বিপুল পরিমাণ ডেটা প্রসেস করে সম্ভাব্য রকেট লঞ্চার, ট্যাংক বা সন্দেহজনক যানবাহনের গতিবিধি চিহ্নিত করা।

    লক্ষ্যবস্তুতে আঘাত হানার সবচেয়ে কার্যকর উপায় ও কৌশল নির্ধারণ করা।

    আগে যেখানে সেনাসদস্যদের ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য ম্যানুয়ালি যাচাই করতে হতো, সেখানে এমএসএস শত শত উৎসের তথ্য একনিমেষে একত্র করে লক্ষ্যবস্তু নির্ধারণ প্রক্রিয়াকে অত্যন্ত দ্রুত করে তুলেছে। সামরিক পরিভাষায় এই দ্রুত প্রক্রিয়াকে ‘কিল চেইন’ বলা হয়।

    বিশেষজ্ঞদের মতে, ইয়েমেনের ভূপ্রকৃতি এবং হুথিদের গেরিলা যুদ্ধকৌশলের কারণে এমএসএস শতভাগ নিখুঁত ফলাফল নাও দিতে পারে। এর মূল কারণগুলো হলো:

    দ্রুত অবস্থান পরিবর্তন: হুথি যোদ্ধারা দুর্গম পাহাড়ি ও গিরিখাতে ট্রাকে বসানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক ব্যবহার করে দ্রুত স্থান পরিবর্তন করেন। ফলে হামলা চালানোর আগেই তারা নিরাপদ দূরত্বে সরে যেতে পারেন।

    পরিবেশগত ও কৌশলগত বাধা: ধূলিঝড়, মরুভূমির পরিবর্তন কিংবা শত্রুর পাতা ভুয়া লক্ষ্যবস্তুর কারণে এই এআই প্রযুক্তির কার্যকারিতা অনেক সময় কমে যায়।

    এআইয়ের মাধ্যমে হামলার প্রক্রিয়া দ্রুত করা হলেও এর রয়েছে মারাত্মক নৈতিক ঝুঁকি। প্রযুক্তি কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করলে তা যাচাই করার মূল দায়িত্ব মানুষের ওপর থাকার কথা থাকলেও বাস্তবে সবসময় তা নিশ্চিত করা যায় না। অতীতে এ ধরনের প্রযুক্তিগত ত্রুটির মর্মান্তিক উদাহরণও রয়েছে; যেমন—ইরানে যুদ্ধের শুরুর দিকে এমএসএসের মাধ্যমে ভুলবশত একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় ৭ থেকে ১২ বছর বয়সী প্রায় ২০০ শিশু নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছিল।

  • প্রকল্প পরিচালক কাইয়ুমের অনিয়মে মুখ থুবড়ে পড়েছে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন

    প্রকল্প পরিচালক কাইয়ুমের অনিয়মে মুখ থুবড়ে পড়েছে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রকল্পের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একাধিক দুর্নীতিগ্রস্ত প্রকল্প পরিচালককে পরিবর্তনের জন্য কৃষি মন্ত্রণালয়ে তালিকা প্রেরণের পর কিছু পিডিকে পরিবর্তন করা হলেও, এখনো বহাল তবিয়তে ও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার। তাঁর নেতৃত্বে চলমান নানা অনিয়মের কারণে প্রকল্পের আওতাভুক্ত সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আজ মুখ থুবড়ে পড়েছে।

    অনুসন্ধানে জানা যায়, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের বিপরীতে কাগজে-কলমে বরাদ্দ দেখানো হলেও বাস্তবে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের কোনো অর্থ প্রদান করা হয় না। সমূদয় টাকা আত্মসাৎ করছেন পিডি নিজেই। কৃষি যন্ত্রপাতি ও পণ্যসামগ্রী কেনাকাটার নামেও চলছে হরিলুট। বিশেষ করে ২০২৬-২০২৭ অর্থবছরে কিশোরগঞ্জ ও নিকলীসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন জেলায় আধুনিক, লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন এবং বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষকদের যে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, তা নামমাত্র আয়োজন করা হয়েছে। হাতে গোনা কয়েকজন কৃষককে এনে নামমাত্র একটি প্যাকেটজাত খাবার ধরিয়ে দিয়েই সমাপ্ত করা হয় প্রশিক্ষণ। অথচ প্রশিক্ষণের নামে বরাদ্দের সিংহভাগ টাকাই লুটপাট করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাদের বরাদ্দের টাকা ফেরত দিতে চাপ প্রয়োগ করে তা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

    অফিসে মালামাল ক্রয় সংক্রান্ত কারচুপি, ডিপিপির বাইরে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খরচ দেখানো এবং ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। কৃষি সহায়তার অংশ হিসেবে কৃষকদের মাঝে সার, অতি নিম্নমানের বীজ ও আধুনিক কৃষি উপকরণ বিতরণেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের তদারকির কাজ ধীরগতিতে চলায় এবং পিডির আর্থিক দুর্নীতির কারণে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। খামারবাড়ি ও এর আওতাধীন বিভিন্ন প্রকল্পে এর আগে নানা অভিযোগে ব্যবস্থা নেওয়া হলেও ড. আবদুল কাইয়ুম মজুমদার এখনো অক্ষত রয়েছেন।

    বিগত বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে সংশ্লিষ্টরা জানান, এর আগে ঢাকার শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ ল্যাবরেটরি আধুনিকায়ন প্রকল্পে কাজ শুরুর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়ম করে প্রায় ১৬ কোটি টাকা অগ্রিম ছাড় করার প্রমাণ পেয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক), এবং মামলা দায়েরের আগেই সেই পিডিকে সরানো হয়েছিল। এ ছাড়া কৃষি যান্ত্রিকীকরণসহ প্রায় ৪০ হাজার কৃষিযন্ত্র বিতরণ ও কার্যক্রমে অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এবং অনিয়মের অভিযোগে সাবেক মহাপরিচালক বেনজির আলমের পেনশন সুবিধা স্থগিত হয়। ই-টেন্ডার প্রদান নিয়ে ঠিকাদার কর্তৃক প্রকল্প পরিচালককে হুমকি ও লাঞ্ছিত করার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছে। এসবের পাশাপাশি ভুয়া বিল-ভাউচার এবং প্রণোদনার অর্থ আত্মসাতের মাধ্যমে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্য চরম আকার ধারণ করেছে।

    চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করার কথা থাকলেও, এই প্রশিক্ষণের বিপরীতে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক ও রপ্তানিমুখী কৃষিতে রূপান্তরের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যিকভাবে লাভজনক ফসল নির্বাচন, উন্নত জাত ও মানসম্মত বীজ ব্যবহার, আধুনিক উৎপাদন প্রযুক্তি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ ও পোকা দমন, নিরাপদ কৃষি উৎপাদন এবং বাজারজাতকরণের কলাকৌশল কৃষকদের শিখিয়ে মাঠপর্যায়ে তার প্রয়োগ ঘটানো। কিন্তু পিডির দুর্নীতির কারণে রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য, পণ্যের গুণগত মান, অবশিষ্টাংশমুক্ত উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ চরম বেহাল দশায় পড়েছে। কৃষকদের চাহিদাভিত্তিক ও রপ্তানিমুখী উৎপাদনে উৎসাহিত করার যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আজও আলোর মুখ দেখেনি।

    উক্ত অভিযোগের বিষয়ে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পিডি ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের মোবাইলে ফোন করে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি জানান যে, তাঁর প্রকল্পের বিষয়ে কোনো মন্তব্য নিতে হলে তাঁকে সরাসরি অফিসে গিয়ে সাক্ষাৎ করতে হবে।

  • গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

    গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

    গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে গতকাল ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

    গতকাল রোববার গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।

    এ মামলায় ১০০ জনকে আসামি করা হয়। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরতঃ পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

    এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়।এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

  • মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ৩

    মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক নারীর অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (২৬ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃত তিন তরুণ হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার ফাহিম মোল্লা (২১), রবিন মোল্লা (২২) এবং জিসান দেওয়ান (২০)।

    পুলিশ জানায়, গত রবিবার দুপুরে সদর উপজেলার রনছ হাওলাদার পাড়া এলাকায় এক নারী কাপড় পরিবর্তনের সময় কৌশলে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করেন অভিযুক্তরা। এরপর ‘Lamiya Khan’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়। ধারণ করা ভিডিওটি পাঠিয়ে তাঁকে সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় এবং এর বিনিময়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।

    ঘটনাটি জানাজানি হওয়ার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মাঠে নামে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই ইয়াকুব হোসেন ও এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

  • ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা: জামায়াত-শিবিরকে নিয়ে কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

    ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা: জামায়াত-শিবিরকে নিয়ে কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

    ক্ষমতায় যাওয়ার আগেই ভিন্নমতের মানুষের জানাজা ও দাফনে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি সতর্ক করে বলেছেন, এই দলগুলো ক্ষমতায় গেলে পরিস্থিতি আরও বর্বর হয়ে উঠতে পারে। দেশের মানুষকে জামায়াত-শিবিরের প্রভাব থেকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

    সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

    ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী হওয়ার কারণে মানিক পশারী নামের এক ব্যক্তির জানাজায় বাধা দেওয়া হয়েছে। এমনকি পরিবারের নারী সদস্যরা মোবাইলের আলো জ্বেলে কবর খুঁড়ে তাঁর দাফন সম্পন্ন করেছেন। এই ঘটনাকে ‘জামায়াত-শিবিরের বর্বরতা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ক্ষমতায় না থাকতেই যদি তারা এমন আচরণ করে, তবে ভবিষ্যতে তারা আরও ভয়ংকর রূপ ধারণ করবে।

    জামায়াতের রাজনৈতিক কৌশল ও নতুন দল এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির জন্ম মূলত জামায়াত-শিবিরকে সংকট থেকে রক্ষা করার জন্য। দলটির ৮০ শতাংশ নেতাকর্মীই জামায়াত-শিবিরের সাবেক সদস্য বলে দাবি করেন তিনি। তাঁর মতে, আগামী নির্বাচনে জামায়াতের কাছ থেকে আসন ছাড় পাওয়ার আশায় এনসিপির নেতারা জামায়াতি রাজনীতির তোষামোদি করছেন।

    নতুন বন্দোবস্তের নামে এই রাজনৈতিক দলগুলো বর্বরতাকে বৈধতা দেওয়ার রাজনীতি করছে—এমন অভিযোগ করে পোস্টে আরও বলা হয়, বিতর্কিত ও নানা কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের কাছ থেকে তরুণ সমাজ বা সাধারণ মানুষ এর চেয়ে বেশি কিছু আশা করতে পারে না।

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’ বলায় দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’ বলায় দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত নেতার ফাঁসির রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর রায় বলে মন্তব্য করায় সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী। সোমবার (২৬ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-২-এ হাজিরা দিয়ে তারা এই ক্ষমা চান। আদালত অবমাননার মাত্রা বিবেচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

    এই মামলার শুনান্টিকেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং ট্রাইব্যুনালে আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    গত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়ে। এর জেরে ১৬ সেপ্টেম্বর আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন পক্ষ।

    প্রসিকিউশনের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল, পেশায় আইনজীবী হয়ে এমন নেতিবাচক মন্তব্য বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। সেই আইনি পদক্ষেপের অংশ হিসেবেই আজ তারা ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করলেন।