
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর পানিতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদকে (২৩) ১৯ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত জিসান গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার চার বন্ধু মিলে ঢাকা থেকে এনায়েতপুরের গোলামের হোটেল-এ খাবার খেতে যান। খাবার শেষে যমুনা নদীতে গোসলে নামলে স্রোতের টানে পানিতে তলিয়ে যান জিসান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরিশেষে সোমবার সকালে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়ে তার মরদেহটি খুঁজে পায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























