Blog

  • ডি-থ্রি ট্রফি নিলাম: তাসকিনকে পেছনে ফেলে সর্বোচ্চ মূল্য পেলেন শরীফুল

    রাজধানীর শেরাটন হোটেলে জমে উঠেছে ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির প্লেয়ার্স ড্রাফট বা নিলাম। এবারের নিলামের মূল আকর্ষণ ছিলেন জাতীয় দলের তারকারা। ফ্র্যাঞ্চাইজিগুলোর তুমুল লড়াইয়ের মাঝে রেকর্ড গড়েছেন পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

    নিলামের শুরুতে সবাইকে চমকে দিয়ে পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভেড়ায় ওয়ালটন। কিছুক্ষণ পরই সেই রেকর্ড ভেঙে দেন আরেক পেসার শরীফুল ইসলাম। তাকে পেতে রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করে সিটিজেন ব্যাংক, যা এখন পর্যন্ত এবারের নিলামের সর্বোচ্চ দাম।

    নিলামের উল্লেখযোগ্য কিছু দলবদল:

    শরীফুল ইসলাম: ২ কোটি ৩০ লাখ পয়েন্ট (সিটিজেন ব্যাংক)

    তাসকিন আহমেদ: ২ কোটি ১০ লাখ পয়েন্ট (ওয়ালটন)

    তানজিদ হাসান: ২ কোটি পয়েন্ট (ফরচুন)

    সাইফ হাসান: ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট (সেভেন রিংস)

    জাকের আলী: ১ কোটি ৭০ লাখ পয়েন্ট (সিটিজেন ব্যাংক)

    নিলামের অন্যান্য নিয়মাবলী
    আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাওয়া তিন সংস্করণের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। প্রতিটি দলের জন্য ১০ কোটি পয়েন্টের বাজেট নির্ধারণ করা হয়েছে। তবে আয়োজকরা স্পষ্ট করেছেন যে, নিলামে পয়েন্টের হিসাব বড় হলেও ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি-ই।

  • বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না — সেলিমুজ্জামান সেলিম এমপি

    গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি বলেছেন, “বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখন থেকেই পরিশ্রম শুরু করতে হবে।”

    সোমবার (২৬ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

    নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ নাঈম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম রোমান, লোহাচুড়া দাখিল মাদ্রাসার সুপার ওহিদুজ্জামান, মৌলভী আঃ হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, কৃতী শিক্ষার্থী সমুজিত পাল ও তাসফিয়া সাফারী সাফাসহ অনেকে।

    অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

    এসময় মুকসুদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়

  • ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হেড ক্লার্ক মহিউদ্দিনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও সিন্ডিকেটের পাহাড়সম অভিযোগ

    ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী (হেড ক্লার্ক) মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বদলি বাণিজ্য, ঘুষ-দুর্নীতি এবং নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন ধরে একই কর্মস্থলে থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে তিনি অনিয়মের সাম্রাজ্য চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ফরিদপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ‘ফরিদপুর জেলার ঠিকাদারগণ ও সর্বসাধারণের পক্ষে’ ইউসুফ মিয়া স্বাক্ষরিত এই আবেদনটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, কনস্টেবল থেকে শুরু করে এসআই (উপ-পরিদর্শক) পর্যন্ত বিভিন্ন পদের পুলিশ সদস্যদের সুবিধাজনক স্থানে পোস্টিং দেওয়ার কথা বলে নির্ধারিত হারে ঘুষ লেনদেন করেন মহিউদ্দিন। নির্দিষ্ট অংকের টাকা না দিলে তাদের দুর্গম বা অপছন্দনীয় স্থানে বদলি করার হুমকি দেওয়া হয়। এমনকি সাধারণ পুলিশ সদস্যদের নৈমিত্তিক ও চিকিৎসা ছুটির ফাইল আটকে রাখাসহ অবসরপ্রাপ্ত কিংবা মৃত পুলিশ সদস্যদের পরিবারের পেনশন ফাইল ছাড় করাতে চরম হয়রানি করার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    অধীনস্থ কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর-এ (ACR) ভালো নম্বর দেওয়ার কথা বলে অতিরিক্ত আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রধান সহকারীর বিরুদ্ধে। এছাড়া পদোন্নতির তালিকা আটকে রেখে কর্মচারীদের মানসিক চাপ সৃষ্টি এবং নানা উপায়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে।

    कार্যালয়ের বার্ষিক কেনাকাটা, স্টেশনারি ও বিভিন্ন মেরামত কাজের ভাউচারে কৃত্রিমভাবে অস্বাভাবিক বাজেট দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার সিন্ডিকেটের বিরুদ্ধে। মানিকগঞ্জের একটি লাইসেন্স ব্যবহার করে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম এবং ঠিকাদারি কাজের বিলের বিপরীতে ৫% কমিশন নেওয়ারও অভিযোগ উঠেছে।

    বৈধ আয়ের তুলনায় তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। ক্ষমতার অপব্যবহার করে মানিকগঞ্জ শহরের কালিবাড়ী সড়কে ৮ তলা আলিশান বাড়িসহ নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছেন তিনি।

    মহিউদ্দিনের এমন স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে সাধারণ পুলিশ সদস্য ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা বাহিনীটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্বকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন সচেতন মহল। এ অবস্থায় দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    সব অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান সহকারী মহিউদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এগুলো মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি।

    অন্যদিকে, এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামছুল আযমের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, “অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এই মুহূর্তে এর বেশি আর কিছু বলা সম্ভব নয়।”

  • রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মৃত্যুর গুঞ্জন: ফরিদপুরের রাজুর পরিবারে চলছে শোকের মাতম

    ভালো চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার গুঞ্জনে স্তব্ধ ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রাম। নিখোঁজ বা মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে রাজু মাতুব্বর (২৮) নামের এক যুবকের পরিবার। আড়াই বছরের ছেলে ও এক বছরের কোলের শিশুকে নিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন তার স্ত্রী শারমিন আক্তার।

    রাজু মাতুব্বর নগরকান্দার কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে চলতি বছরের গত ৮ মে সাড়ে ১৪ লাখ টাকা চুক্তিতে রাশিয়া পাড়ি জমিয়েছিলেন তিনি।

    রাজুর পরিবারের দাবি, প্রতিবেশী কফাইবালিয়া গ্রামের প্রিন্স মাতুব্বর ও তার ভাই রানার মাধ্যমেই রাশিয়ায় যাওয়ার চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী নগদ সাড়ে ৪ লাখ টাকা দেওয়া হলেও বাকি ১০ লাখ টাকা রাশিয়ায় পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। তবে সেখানে পৌঁছানোর পর কথা না রেখে তাকে ৩০ লাখ টাকার চুক্তিতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনেরা।

    গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রাতুল’ নামের এক যুবকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে রাজুর মৃত্যুর দাবি জানিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করা হয়। এরপর থেকেই রাজুর ছোট ভাই রাজন মাতুব্বরসহ পরিবারের লোকজন রাতুলের সঙ্গে যোগাযোগ করেন এবং মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তবে ঠিক কীভাবে, কোথায় ও কখন তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

    এদিকে রাজুর পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রিন্স মাতুব্বরের ছোট ভাই রানা। তার দাবি, রাশিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কে রাজুকে আগে থেকেই জানানো হয়েছিল। তিনি নিজে প্রিন্সের সঙ্গে যোগাযোগ করে সেখানে যান এবং তাকে জোর করে বা প্রতারণা করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

    এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানিয়েছেন, রাজুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    স্বামীর প্রকৃত অবস্থা জানতে এবং ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করে সরকারের সহযোগিতা চেয়েছেন রাজুর পরিবার।

  • অমিত শাহকে নিয়ে মানহানির মামলা: দীর্ঘ আট বছর পর বেকসুর খালাস পেলেন রাহুল গান্ধী

    ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলা থেকে অবশেষে অব্যাহতি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার (২৬ অক্টোবর) উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত উপযুক্ত প্রমাণের অভাবে তাকে এই মামলা থেকে সম্পূর্ণ খালাস দেন। আদালতের এই রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতাকর্মীরা।

    ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণার সময় বেঙ্গালুরুতে অমিত শাহকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। ওই মন্তব্যের জেরে একই বছরের ৪ আগস্ট কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র। দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রাহুল। এরপর গত জুলাই মাসে তার জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরবর্তীতে উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত ৬ থেকে ১২ অক্টোবর মামলার চূড়ান্ত যুক্তি উপস্থাপন চলে।

    বিশেষ ম্যাজিস্ট্রেট শুভম ভার্মা ২৬ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। রায় শোনার জন্য এদিন আদালতেই উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। আদালত তাকে বেকসুর খালাস ঘোষণা করতেই আদালত চত্বরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। তাঁরা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। কংগ্রেসের পক্ষ থেকেও আদালতের রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখা হয়— ‘সত্যেরই জয় হয়’।

    শুনানি চলাকালীন রাহুলের আইনজীবী আদালতে স্বীকার করেন যে মন্তব্যটি তার মক্কেল করেছিলেন। তবে তিনি জোরালোভাবে যুক্তি দেখান যে, ওই মন্তব্য কোনো ব্যক্তিগত অপমান করার উদ্দেশ্যে করা হয়নি এবং তা সৎ উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এছাড়া রাহুলের বক্তব্যকে বিকৃত করে প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তার আইনজীবী।

  • কালকিনিতে তাইজুল হত্যা: প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

    কালকিনিতে তাইজুল হত্যা: প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

    মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। নিহতের প্রতিপক্ষের লোকজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

    সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব চালানো হয়।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা আধিপত্যের দ্বন্দ্বের জেরে গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নিহত হন। এই হত্যাকাণ্ডের পর থেকেই উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বাড়িতে চড়াও হয়।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা নির্বিচারে অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। একপর্যায়ে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে।

    এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ সুপারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরেই প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের না হলেও পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফুটবল বিশ্বকে শাসন করলেও যে নিয়মের বেড়াজালে ব্যালন ডি’অর জেতেননি পেলে ও ম্যারাডোনা

    ফুটবল বিশ্বকে শাসন করলেও যে নিয়মের বেড়াজালে ব্যালন ডি’অর জেতেননি পেলে ও ম্যারাডোনা

    বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি ‘ব্যালন ডি’অর’। লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদান কিংবা রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিরা এই সোনালি ট্রফি নিজেদের করে নিয়েছেন। ফুটবলের অনেক বড় বড় নাম এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে থাকলেও ফুটবলের দুই অবিসংবাদিত সম্রাট—পেলে ও দিয়েগো ম্যারাডোনা কখনো এই সম্মান অর্জন করতে পারেননি। ফুটবলপ্রেমীদের মনে তাই প্রশ্ন জাগা স্বাভাবিক, যাঁদের নাম উচ্চারণ না করলেই নয়, তাঁরা কেন বঞ্চিত রইলেন এই স্বীকৃতি থেকে?

    এর মূল কারণ ছিল ব্যালন ডি’অরের দীর্ঘদিনের এক নিয়ম। ১৯৫৬ সালে চালুর পর দীর্ঘ সময় ধরে এই পুরস্কার কেবল ইউরোপের খেলোয়াড়দের জন্যই সীমাবদ্ধ ছিল; যে কারণে একে ‘ইউরোপিয়ান বর্ষসেরা ফুটবলার’ অ্যাওয়ার্ডও বলা হতো।

    ১৯৯৫ সাল থেকে নিয়মে পরিবর্তন এনে ইউরোপের ক্লাবগুলোতে খেলা বিশ্বের যেকোনো দেশের খেলোয়াড়দের জন্য এর দরজা উন্মুক্ত করা হয়। ওই বছরই প্রথম অ-ইউরোপিয়ান ফুটবলার হিসেবে এসি মিলানের লাইবেরিয়ান স্ট্রাইকার জর্জ উইয়াহ ব্যালন ডি’অর জেতেন। পরবর্তীতে ২০০৭ সাল থেকে পুরস্কারটি বিশ্বের যেকোনো ক্লাবে খেলা খেলোয়াড়দের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়।

    তবে পেলে ও ম্যারাডোনা এই নিয়মের সুবিধা পাওয়ার আগেই তাঁদের সোনালী ক্যারিয়ার শেষ করেছিলেন:

    ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে
    ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমস থেকে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন পেলে। প্রথম অ-ইউরোপিয়ান হিসেবে জর্জ উইয়াহর ব্যালন ডি’অর জেতার প্রায় দুই দশক আগেই ফুটবলকে বিদায় জানিয়েছিল ‘কালো মানিক’। ফলে ইউরোপীয় সীমানার বেড়াজালে থাকা এই পুরস্কারের জন্য তিনি কখনোই বিবেচিত হননি।

    আর্জেন্টাইন মহানায়ক ম্যারাডোনা
    বার্সেলোনা, নাপোলি ও সেভিয়ার জার্সিতে দীর্ঘ সময় ইউরোপ মাতালেও ১৯৯৩ সালে তিনি নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে যান। এর আগে ১৯৯১ সালে কোকেইন সেবনের দায়ে ১৫ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়ে তাঁর ইউরোপীয় ক্যারিয়ারের ইতি ঘটে অকালেই। ফলে নিয়মের কড়াকড়ি এবং ক্যারিয়ারের শেষ মুহূর্তের এই জটিলতায় ম্যারাডোনার ক্যাবিনেটেও অধরা থেকে যায় ব্যালন ডি’অর।

  • আত্মশুদ্ধি ও আনন্দের আবহে পটুয়াখালীর কলাপাড়ায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

    আত্মশুদ্ধি ও আনন্দের আবহে পটুয়াখালীর কলাপাড়ায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

    আত্মশুদ্ধি, অশুভ বর্জন এবং সত্য-সুন্দরের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে উপজেলার প্রতিটি বৌদ্ধবিহারে চলছে বিশেষ পূজা-প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে স্থানীয় রাখাইন পল্লিগুলো।

    সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শত শত রাখাইন নারী-পুরুষ বৌদ্ধবিহারগুলোতে সমবেত হন। দিনভর প্রদীপ প্রজ্জ্বলন, পবিত্র ত্রিপিটক পাঠ এবং বুদ্ধের উদ্দেশে ফুল ও প্রদীপ নিবেদনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে দিনটি পালন করছেন তাঁরা। সন্ধ্যার আকাশে রঙিন ফানুস ওড়ানোর মাধ্যমে উৎসবের আনন্দ আরও বর্ণিল রূপ নেবে বলে জানা গেছে।

    বৌদ্ধ ভিক্ষুরা জানান, আরাকানিক পঞ্জিকা বা চন্দ্র-সৌর পঞ্জিকা অনুসরণ করে কুয়াকাটার রাখাইন সম্প্রদায় ঐতিহ্যগতভাবেই এ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করে আসছে।

    ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়। গৌতম বুদ্ধের সময় থেকে চলে আসা এ ঐতিহ্যের মূল তাৎপর্য হলো—আত্মসংযম, আত্মশুদ্ধি এবং সব ধরনের অশুভ চিন্তা ও আচরণ পরিহার করা।

    এদিকে প্রবারণা পূর্ণিমার এই উৎসবের রেশ শেষ হচ্ছে না এখানেই। উৎসবের পরদিন থেকেই বৌদ্ধবিহারগুলোতে শুরু হবে মাসব্যাপী ঐতিহ্যবাহী ‘কঠিন চীবরদান’ উৎসব। এই মাসব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা ধর্মীয় সাধনা, দান এবং পারস্পরিক সম্প্রীতির চর্চায় আরও গভীরভাবে অংশ নেবেন।

  • ব্যালন ডি’অর ২০২৬: বিজয়ীর নাম নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের ছড়াছড়ি

    ব্যালন ডি’অর ২০২৬: বিজয়ীর নাম নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের ছড়াছড়ি

    ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও ভুয়া র‍্যাঙ্কিং। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। তবে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিজয়ীর প্রকৃত নাম এখনো সম্পূর্ণ গোপন রয়েছে।

    আজ সোমবার দিবাগত রাতে লন্ডনের প্যালাডিয়ামে বসছে ব্যালন ডি’অরের এই জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারই প্রথম প্যারিসের ঐতিহ্যবাহী শাতলে থিয়েটারের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। অনুষ্ঠান শুরুর আগে সম্ভাব্য বিজয়ীকে নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তালিকা এবং স্ক্রিনশট নিয়ে প্রশ্ন উঠেছে।

    বিশেষ করে ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ফ্রান্স ফুটবলের সম্পাদক ভিনসেন্ট গার্সিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথিত কথোপকথনের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত র‍্যাঙ্কিং আগেই ফাঁস করেছেন গার্সিয়া। যদিও এসব দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। এছাড়া বিভিন্ন তালিকায় কখনো এমবাপ্পে, আবার কখনো হ্যারি কেইনকে শীর্ষে রেখে বিভ্রান্তি বাড়ানো হচ্ছে।

    এ বিষয়ে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি-এর সঙ্গে কথা বলেছে একটি নির্ভরযোগ্য সূত্র। তাদের ভাষ্যমতে, ‘এটি সম্পূর্ণ অসম্ভব। তবে এই গুঞ্জন ও উত্তেজনা অনুষ্ঠানকে ঘিরে বরাবরের মতোই তৈরি হচ্ছে।’

    ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাসকাল ফেরের মতে, বিশ্বজুড়ে এই গোপনীয়তা বজায় রাখতে বর্তমানে পাঁচজনের বেশি মানুষ বিজয়ীর নাম জানেন না। এছাড়া ২০২৪ সাল থেকে অনুষ্ঠানের আগেই বিজয়ীকে ফল জানিয়ে দেওয়ার প্রথাও বন্ধ করেছে আয়োজকেরা।

    ফেরে বলেন, ‘২০২৪ সাল থেকে বিজয়ী হওয়ার বিষয়টি আর আগে জানানো হয় না। লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত কেউ আগেভাগে উল্লাস করার সুযোগ পান না, কারণ কেউই জানেন না আসল বিজয়ী কে। মেসি-রোনালদো যুগের পর গোপনীয়তা আরও কঠোর করতে আমরা এই নিয়ম পরিবর্তন করেছি।’

  • শৈশবের ক্রাশের সঙ্গে পর্দা ভাগ, হাজার কোটি টাকার পথে রজনীকান্তের ‘জেলার ২’

    শৈশবের ক্রাশের সঙ্গে পর্দা ভাগ, হাজার কোটি টাকার পথে রজনীকান্তের ‘জেলার ২’

    ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার পথে থাকা এই ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। ছবির মূল তারকা রজনীকান্তের পাশাপাশি এর কলাকুশলীদের নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। বিশেষ করে, প্রথম পর্বের ধারাবাহিকতায় এই ছবিতেও রজনীকান্তের ছেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী মিরনা।

    সিনেমাটিতে পেশাগত সাফল্যের পাশাপাশি মিরনার জন্য এটি ছিল এক অনন্য ব্যক্তিগত প্রাপ্তি—শৈশবের স্বপ্নপূরণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের সঙ্গে শুটিংয়ের একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।

    শৈশবের ক্রাশ ও প্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা ব্যক্ত করে মিরনা লেখেন, ‘যিনি আমার শৈশবের ক্রাশ, যে নায়ককে দেখে এতদিন মুগ্ধ হয়ে এসেছি—আজ তার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অনুভূতি সত্যিই স্বপ্নের মতো অসাধারণ!’

    পর্দায় কাজের পাশাপাশি নেপথ্যে হৃতিকের ব্যক্তিত্বেও মুগ্ধ হয়েছেন মিরনা। হলিউড ও বলিউডের শীর্ষ তারকা হওয়া সত্ত্বেও হৃতিকের অমায়িক ব্যবহার, বিনয় ও সরলতা অভিনেত্রীর হৃদয়ে তাঁর প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে।

    ছবিতে হৃতিকের চমকপ্রদ ক্যামিও
    সামাজিক মাধ্যমে হৃতিক ও মিরনার একটি যৌথ দৃশ্য প্রকাশ পেলেও, সিনেমাটির প্রেক্ষাগৃহ সংস্করণে শেষ পর্যন্ত দৃশ্যটি রাখা হয়নি। মূলত ‘জেলার ২’ সিনেমায় হৃতিকের উপস্থিতি একটি হাই-ইমপ্যাক্ট ও চমকপ্রদ অ্যাকশন ক্যামিও কেন্দ্রিক। পর্দায় তাঁর উপস্থিতি সংক্ষিপ্ত হলেও রজনীকান্তের সঙ্গে হৃতিককে একই ফ্রেমে দেখার রোমাঞ্চ দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি করেছে।

    উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ ৩৮ বছর পর আবারও পর্দায় একত্রিত হলেন রজনীকান্ত ও হৃতিক রোশন। এর আগে ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভগবান দাদা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক। ফলে ‘জেলার ২’-এ এই দুই তারকার মেলবন্ধন ভক্তদের নস্টালজিয়ার সাগরে ভাসিয়েছে।

    রজনীকান্তের ‘মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং হৃতিক রোশনের চমকপ্রদ উপস্থিতি ও মিরনার আবেগঘন স্মৃতিচারণ—সব মিলিয়ে ‘জেলার ২’ এখন চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার সবচেয়ে বড় আকর্ষণ।