যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গাজীপুর জেলার জন্য একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা। একই সঙ্গে প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এর স্বচ্ছ মূল্যায়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার (অক্টোবর ২৪) জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা গ্যাজেট’ বা ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বিআরটি প্রকল্পের সমস্যা ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
ফোরামের সভাপতি ফয়সাল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান। প্রবন্ধে বলা হয়, অপরিকল্পিত শিল্পায়ন ও শিল্পবর্জ্যের কারণে গাজীপুরের পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। যানজট, মাদক, কিশোর গ্যাং, জলাবদ্ধতা, ছিনতাই, রেলস্টেশনের অকার্যকারিতা, বনভূমি দখল ও কৃষিজমি ভরাট এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
বিশেষ করে, ৯৭ শতাংশ কাজ শেষের পর হঠাৎ বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত এবং তা ভাঙার উদ্যোগে গাজীপুরসহ ১৮ জেলার যাত্রীদের চরম ভোগান্তির বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। পাশাপাশি কালিয়াকৈরে বনভূমি দখল এবং কালীগঞ্জে আবাসন প্রকল্পের নামে জলাভূমি ও কৃষিজমি ধ্বংসের চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এ কে এম ফজলুল হক মিলন (এমপি, গাজীপুর-৫): তিনি বলেন, দেশের প্রায় সব অঞ্চলের মানুষ গাজীপুরে বসবাস করেন। তাই এই বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে জনসংখ্যাভিত্তিক মহাপরিকল্পনা করা এখন সময়ের দাবি।
ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি, গাজীপুর-৩): গাজীপুরের বর্তমান পরিস্থিতিকে ‘বিপন্ন’ উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে পরিকল্পনা না করলে এই শহর একসময় মানুষের বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে।
মো. মজিবুর রহমান (এমপি, গাজীপুর-১): তিনি বলেন, সড়কের মাঝখানে ডিভাইডার দিয়ে রাস্তা সংকুচিত না করে উত্তরা থেকে ফ্লাইওভারের মাধ্যমে সংযোগ বাড়ানো উচিত ছিল। সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা ব্যবহারের দাবি জানান তিনি।
সালাহ উদ্দিন আইয়ুবী (এমপি, গাজীপুর-৪): বিআরটি প্রকল্প বাতিল করা হলে এর বিকল্প হিসেবে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান। এছাড়া জয়দেবপুরে একটি আধুনিক পার্ক নির্মাণ এবং গাজীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের দাবি তোলেন তিনি।
১. বিআরটি প্রকল্প বাতিলের কারণ জনসমক্ষে প্রকাশ করা এবং কোনো অনিয়ম-দু্র্নীতি থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা।
২. গাজীপুরের দীর্ঘ ১৪ বছরের জনদুর্ভোগ ও ১৮ জেলার মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে সাশ্রয়ী ও দ্রুত বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।
৩. ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ করা।
৪. শ্রীপুরের সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন পুরোপুরি কার্যকর করে ট্রেনের যথাযথ যাত্রাবিরতি নিশ্চিত করা।
সেমিনারে আয়োজক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









