Blog

  • ‘জামায়াতে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করে, বগুড়ার মোকামতলায় সুধী সমাবেশে প্রতিমন্ত্রী’

    ‘জামায়াতে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করে, বগুড়ার মোকামতলায় সুধী সমাবেশে প্রতিমন্ত্রী’

    ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই ইতিহাস পাল্টানো যাবে না। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তাঁর সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

    শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তাঁর আর দেশে ফেরা হয় না। অন্যদিকে, তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা আর জনসমর্থনের পার্থক্য।’

    তিনি বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। বিএনপির নেতাকর্মীরা গর্ব করে বলতে পারেন, তাঁরা শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দলের কর্মী। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

    জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

    তিনি আরও বলেন, জামায়াত ইসলাম নিয়ে বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে যারা আগে জামায়াতকে ভোট দিয়েছেন, তাঁদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

    মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোকামতলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

    বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

    শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

    মোকামতলা উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • মৃত্যুর মুখ থেকে ফেরা: নিজ হাতে পা কেটে ৪৯১ দিন পর ড্রোনে উদ্ধার ইউক্রেনীয় সেনা

    মৃত্যুর মুখ থেকে ফেরা: নিজ হাতে পা কেটে ৪৯১ দিন পর ড্রোনে উদ্ধার ইউক্রেনীয় সেনা

    চারপাশে ঝাঁকে ঝাঁকে শত্রু ড্রোন, সামান্য নড়াচড়াতেই নিশ্চিত মৃত্যু—এমন এক ‘কিল জোন’ বা মৃত্যুপুরীতে কেটেছে টানা ৪৯১ দিন। রুশ ড্রোন হামলায় এক পা হারানোর পর পচে যাওয়া অন্য পা-টি নিজের ছুরি দিয়েই কেটেছিলেন ইউক্রেনীয় পদাতিক সেনা কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো। সব আশা যখন শেষ, ঠিক তখনই এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ড্রোনের সাহায্যে তাঁকে শূন্যে তুলে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হলো।

    যুদ্ধের ময়দানে ড্রোনের এমন উদ্ধারকাজ আধুনিক সামরিক ইতিহাসে এটিই প্রথম কোনো জানা ঘটনা।

    ৪৯ বছর বয়সী কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের হয়ে খারকিভ অঞ্চলে লড়াই করছিলেন। গত বছরের মে মাসে তাঁকে যুদ্ধক্ষেত্রের একেবারে সামনের সারিতে পাঠানো হয়। সেখানে ‘বাস্কি’ নামের এক সহযোদ্ধার সঙ্গে ছোট একটি মাটির গর্তে গাদাগাদি করে দিন কাটাতেন তিনি। ড্রোনের মাধ্যমেই তাঁদের খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হতো।

    কিন্তু গত ফেব্রুয়ারি মাসে একটি রুশ ড্রোন তাঁদের আদানপ্রদানের জায়গায় বোমা ফেললে সেই হামলায় বাস্কি নিহত হন। অন্যদিকে, ভ্লাসেনকোর বাঁ পা ছিন্নভিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে ভেঙে বেঁকে যায়। হামাগুড়ি দেওয়ারও উপায় ছিল না। কোনোমতে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের বয়লারকক্ষের নিচু গর্তে আশ্রয় নেন তিনি।

    দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভ্লাসেনকোর বাঁ পা পুরোপুরি পচে যেতে শুরু করে। আর ডান পায়ের অবস্থা এমন হয়েছিল যে হাড় বেরিয়ে আসছিল। বুঝতে পেরেছিলেন, ইনফেকশনে মৃত্যুর মুখেই পড়তে হবে তাঁকে। উপায় না পেয়ে পচে যাওয়া পা-টি নিজের কাছে থাকা ছুরি দিয়েই কেটে ফেলেন তিনি এবং রক্তপাত বন্ধ করতে ব্যান্ডেজ বেঁধে নেন।

    মাসের পর মাস ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকা এই সেনা বলেন, ‘আমি নিজেকে কবর দিয়েই ফেলেছিলাম। আমি জানতাম, বেঁচে ফেরার আর কোনো আশা নেই।’

    ড্রোনের মাধ্যমে নাটকীয় উদ্ধার অভিযান
    ভ্লাসেনকোকে বাঁচাতে পিকআপ ট্রাক বা সাঁজোয়া যান পাঠানোর চেষ্টা করা হলেও রুশ ড্রোনের কারণে তা অসম্ভব হয়ে পড়েছিল। এমনকি দুটি চালকবিহীন স্থলযানও সেখানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়।

    অবশেষে ‘গুরজুফ ডিফেন্স’ নামের একটি স্থানীয় কোম্পানির তৈরি নতুন একটি বিশাল ভারী ড্রোনের ওপর ভরসা করে ইউক্রেনীয় বাহিনী। ছয়টি খাড়া পাখাওয়ালা এই ড্রোনটি সর্বোচ্চ ৯০ কেজি ওজন বহন করতে সক্ষম।

    গত ৪ অক্টোবর সেই নাটকীয় অভিযান চালানো হয়। আকাশে রুশ ড্রোনগুলোর মনোযোগ সরাতে এবং হামলা ঠেকাতে ইউক্রেনের গোলন্দাজ বাহিনী ও আরও কয়েকটি ছোট ড্রোন মিলে টানা দুই ঘণ্টা চারপাশ কাঁপিয়ে রাখে। এর মাঝেই বিশাল ওই ড্রোনটি ভ্লাসেনকোর কাছে পৌঁছায়। হার্নেস ও হুকের সাহায্যে নিজেকে ঝুলিয়ে দেন দুই পা হারানো ভ্লাসেনকো।

    এরপর মাটি থেকে প্রায় ৭০ মিটার উঁচুতে ড্রোনের তারে ঝুলে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে নিরাপদ আশ্রয়ে পৌঁছান তিনি।

    বর্তমানে খারকিভের একটি হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের এই ভয়াবহ অধ্যায় পার করছেন ভ্লাসেনকো। দুপা হারিয়েও মৃত্যুর মুখ থেকে তাঁর এই ফিরে আসা ইউক্রেনীয় বাহিনীর কাছে এক অসম্ভব জয়ের সমতুল্য।

  • সিরাজগঞ্জে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

    সিরাজগঞ্জে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার উধারিয়া বা গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিবকে (৩০) আটক করেছে পুলিশ।

    নিহত আকরাম সরকার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে এবং অভিযুক্ত মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে মারুফ বিন হাবিব মোবাইল ফোনে আকরামকে তার বাড়িতে ডেকে নেন। পরে ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মারুফকে আটক করে।

    উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়; বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

    নিহতের বড় ভাই রাকিব সরকার জানান, বিকেলে বাড়ি থেকে বের হওয়ার সময় আকরাম বলেছিল—’মারুফ ভাই ফোন দিয়েছেন, ওনাদের বাড়িতে যাচ্ছি।’ তিনি আরও জানান, দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলাচল করতেন। কী এমন অপরাধের কারণে ভাইকে প্রাণ হারাতে হলো, তার সঠিক বিচার ও ঘাতক মারুফের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

  • সরকারের ব্যর্থতা ঢাকতে গোয়েন্দা তথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে: মৌলভীবাজারে জামায়াত আমির

    সরকারের ব্যর্থতা ঢাকতে গোয়েন্দা তথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে: মৌলভীবাজারে জামায়াত আমির

    সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও অবৈধ অর্থ অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা দেশে ঢুকলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।” আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে বর্তমান প্রশাসনের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ের কাজে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। তবে মাঠপর্যায়ে পুলিশের অনেক দেশপ্রেমিক ও দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

    সংসদে একটি দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাওয়ার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের ভালো উদ্যোগগুলোতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো ভুল বা অনিয়ম দেখলে বিরোধী দল তার জোরালো সমালোচনা করবে এবং সরকারের কোনো অপকর্মের দায় তারা নেবে না।

    তিনি আরও অভিযোগ করেন, দেশে বর্তমানে ব্যাপকহারে আত্মীয়করণ, দলীয়করণ ও গোষ্ঠীকরণ চলছে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের হতে পারে না, তারা দিনশেষে দলকে ডুবিয়ে দেয়।”

    প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, শুধু গোয়েন্দা তথ্যের অজুহাতে দায়সারা বক্তব্য দেওয়া যায় না। প্রধানমন্ত্রী কোথায় ও কখন বৈঠক করেছেন, তা স্পষ্ট করে প্রমাণসহ দেশবাসীর সামনে তুলে ধরার চ্যালেঞ্জ জানান তিনি।

    পিএসসি এবং জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, নীতি ও আদর্শের প্রশ্নে কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই। নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ায় ২৪ ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করার উদাহরণ দিয়ে তিনি বলেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়।

    স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ না নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষা বিবেচনা করে সময়মতো নেওয়া হবে।

    ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে গণমাধ্যমেরও কিছু দায় থাকতে পারে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও সঠিক তথ্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ছাড়া সৌদি আরবের কারাগারে বন্দি থাকা সাত হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং তারা ন্যায়বিচার পান, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীন আলী, হবিগঞ্জ জেলা আমির মাওলানা মোখলেছুর রহমান, জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা।

    এর আগে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জামায়াত আমিরকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

  • পারদ থেকে স্বর্ণ তৈরির চাঞ্চল্যকর দাবি মার্কিন স্টার্টআপের, বাস্তবে কি সম্ভব?

    পারদ থেকে স্বর্ণ তৈরির চাঞ্চল্যকর দাবি মার্কিন স্টার্টআপের, বাস্তবে কি সম্ভব?

    পারদ থেকে সোনা তৈরি করা সম্ভব—এমনই চাঞ্চল্যকর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ ম্যারাথন ফিউশন। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ফিউশন প্রক্রিয়ায় তৈরি উচ্চশক্তির নিউট্রন ব্যবহারের মাধ্যমে পারদকে স্বর্ণে রূপান্তর করা যায়। তবে এই প্রযুক্তি বিশ্ববাজারে স্বর্ণের বাজারে কোনো বড় প্রভাব ফেলবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজেদের এই অর্জনের কথা প্রকাশ করে ম্যারাথন ফিউশন। তাদের দাবি, তাদের এই প্রক্রিয়ায় সোনা উৎপাদনের হার ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা ‘সার্ন’ (CERN)-এর আগের যেকোনো রেকর্ডের তুলনায় ১০ গুণ বেশি।

    বিজ্ঞানীরা এই পদ্ধতির নাম দিয়েছেন নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। এর মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াসে পরিবর্তন এনে এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তর করা হয়।

    ম্যারাথন ফিউশনের পরিকল্পনা অনুযায়ী, ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের ফিউশন বিক্রিয়ায় যে উচ্চশক্তির নিউট্রন উৎপন্ন হয়, তা পারদের নির্দিষ্ট আইসোটোপে প্রয়োগ করা হবে। পরবর্তীতে তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে সেটি স্থিতিশীল স্বর্ণ-১৯৭ (Gold-197)-এ রূপ নেবে। তবে এই প্রক্রিয়ার বড় একটি চ্যালেঞ্জ হলো তেজস্ক্রিয় উপজাত তৈরি হওয়া, যা দূর করতে উৎপাদিত স্বর্ণ দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে।

    এর আগেও পরীক্ষাগারে সোনা তৈরির চেষ্টা হয়েছে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে সিসার নিউক্লিয়াসের সংঘর্ষ ঘটিয়ে স্বর্ণের নিউক্লিয়াস তৈরি করা হয়েছিল। সে সময় প্রায় ৮৬ বিলিয়ন স্বর্ণের নিউক্লিয়াস তৈরি হলেও সেগুলোর মোট ভর ছিল মাত্র ২৯ পিকোগ্রাম। তাছাড়া উৎপন্ন সোনাগুলো দ্রুত ভেঙে যাওয়ার কারণে তা কোনো বাণিজ্যিক কাজে লাগেনি।

    ম্যারাথন ফিউশন এবার ফিউশন নিউট্রন ব্যবহার করে তুলনামূলক বড় পরিসরে সোনা উৎপাদনের সম্ভাবনার কথা বলছে। তাদের এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে, বাণিজ্যিক পর্যায়ে প্রতি গিগাওয়াট তাপীয় ক্ষমতার স্থাপনা থেকে বছরে প্রায় দুই টন স্বর্ণ উৎপাদন করা সম্ভব।

    তবে এই দাবির বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ, বর্তমানে ম্যারাথন ফিউশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তাদের পরীক্ষামূলক রিঅ্যাক্টরের ফিউশন ক্ষমতা মাত্র ১ কিলোওয়াট, অথচ বাণিজ্যিক হিসাবটি ধরা হয়েছে ১ গিগাওয়াট ক্ষমতার ওপর ভিত্তি করে। এছাড়া, তেজস্ক্রিয়তার ঝুঁকি এড়াতে উৎপাদিত সোনা বিক্রির উপযোগী করতে আনুমানিক ৭ থেকে ১৭ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হতে পারে।

    প্রতিষ্ঠানটি ঠিক কী পরিমাণ সোনা তৈরি করেছে বা তাদের গবেষণার পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত এখনো প্রকাশ করেনি। ফলে এই প্রযুক্তির বাণিজ্যিক সাফল্য নিয়ে বিজ্ঞানী মহলে এখনো যথেষ্ট বিতর্ক ও অনিশ্চয়তা রয়েছে।

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বায়েরার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপ

    রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বায়েরার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় ধাপের (বি-২) ফিজিক্স টেস্টসহ সব ধরনের কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মূল্যায়নের পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। এখন শুধু নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত ছাড়পত্র মেলার অপেক্ষা; ছাড়পত্র পেলেই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপ বা ‘সি স্টেজ’-এ প্রবেশ করবে।

    প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি অক্টোবরের শেষ নাগাদ পরীক্ষামূলক পাওয়ার স্টার্টআপ শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি বায়েরার আনুষ্ঠানিক অনুমোদনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল।

    এদিকে, প্রকল্পের সামগ্রিক অগ্রগতি পর্যবেক্ষণে রাশিয়া থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করছে। গত বৃহস্পতিবার রাতে তারা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিনিধিদল রিয়্যাক্টরের ক্রিটিক্যাল পর্যায়সহ বিভিন্ন কারিগরি অগ্রগতির বিস্তারিত তথ্য মন্ত্রীর সামনে তুলে ধরেন। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

    রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বি-২ ধাপের সব জটিল পরীক্ষা শতভাগ সফল হয়েছে এবং বুধবারই বায়েরার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। এখন নিয়ন্ত্রণ সংস্থার অনুমতি মিললেই ইউনিটটি পাওয়ার স্টার্টআপ প্রক্রিয়ায় চলে যাবে। শুরুতে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদিত হলেও, প্রতিটি ধাপের ফলাফল যাচাই করে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে।

    প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা, উৎপাদন ক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা সম্ভব হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে। সে লক্ষ্য সামনে রেখে চলতি বছরের শেষ নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই পুরো বিষয়টি প্রতিটি ধাপের নিখুঁত সাফল্য ও সংশ্লিষ্ট সব সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।

  • রিজভী: মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে

    রিজভী: মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সাধারণ জনগণ তা কখনোই মেনে নেবে না।

    শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খাদ্য নিরাপত্তা বিষয়ে রিজভী বলেন, আন্তর্জাতিক খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে। তা সত্ত্বেও একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

    রাজনৈতিক সমঝোতা ও আঁতাতের অভিযোগের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আওয়ামী লীগের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা হয়ে থাকলে অভিযোগকারীদের অবশ্যই তার প্রমাণ ও নথিপত্র দেখাতে হবে। অথচ তাদের সঙ্গেই আঁতাতের স্পষ্ট তথ্যপ্রমাণ ও দলিল আমরা ইতোমধ্যে জাতির সামনে তুলে ধরেছি।”

    রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের অর্জন ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে।

  • স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের

    স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের

    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মাদকের ভয়াব্যতা রোধে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা ও অদক্ষতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

    শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুব মিশনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ডা. ইরান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে পরিচালনায় ব্যর্থতার ফলে দেশজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যাকাণ্ডের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চুরির ভয়ে রাতে ঘুমাতে পারছেন না; গবাদিপশু ও হাঁস-মুরগি রক্ষায় তাদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে। স্বাধীন দেশের নাগরিকদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একই সঙ্গে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    যুব মিশন কেন্দ্রীয় আহ্বায়ক সালমান খান বাদশার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম সোহাগ, মহানগর যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম সজীব, সাংগঠনিক সচিব মো. সাদ্দাম হোসেন, মহানগর সদস্য মো. আদেল উদ্দীন ও মো. পাভেল মাহমুদ প্রমুখ।

    সভাপতির বক্তব্যে সালমান খান বাদশা বলেন, জনগণের জানমালের সুরক্ষা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং মাদক নির্মূলে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও হ্রাস পাবে। ব্যর্থতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

    সভায় যুব মিশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • প্রশাসনে বদলি ও পদায়ন বাণিজ্য: লটারি পদ্ধতি হতে পারে দুর্নীতির কার্যকর দাওয়াই

    প্রশাসনে বদলি ও পদায়ন বাণিজ্য: লটারি পদ্ধতি হতে পারে দুর্নীতির কার্যকর দাওয়াই

    বাংলাদেশের সরকারি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অন্যতম প্রধান উৎস হলো ‘নিয়োগ ও বদলি বাণিজ্য’। একটি সংঘবদ্ধ দালাল ও মধ্যস্বত্বভোগী চক্র দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বদলিতে তদবিরের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে আসছে। সরকারের পালাবদল ঘটলেও এই চক্রের চরিত্র বদলায় না; বরং তারা নব্য শাসকদের ছায়াতলে আশ্রয় নিয়ে বহাল তবিয়তে নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। ফলস্বরূপ, প্রশাসনে দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং সরকারও বদনামের ভাগিদার হয়।

    বিশ্লেষকদের মতে, যে কর্মকর্তা বা কর্মচারী বিপুল অংকের ঘুষ দিয়ে কাঙ্ক্ষিত পদে আসীন হন, তার প্রথম ও প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সেই বিনিয়োগের টাকা তোলা। এরপর তারা ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন এবং ওই কর্মকর্তা বা কর্মচারীরাও জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যান। সচিবালয় থেকে শুরু করে একদম নিম্নস্তর পর্যন্ত—আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচার বিভাগ, ব্যাংক-বীমা, স্বাস্থ্য বিভাগ ও প্রকৌশল দপ্তরে এই বদলি বাণিজ্যের শেকড় অনেক গভীরে প্রোথিত।

    এই প্রেক্ষাপটে দুর্নীতি দমনে বর্তমান সরকারের নেওয়া কিছু পদক্ষেপ আশার সঞ্চার করেছে। বিশেষ করে, আইন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়া একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। অতীতে গুলশান, গাজীপুর, রূপগঞ্জ কিংবা কেরানীগঞ্জের মতো লাভজনক এলাকাগুলোয় সাব-রেজিস্ট্রার পদায়ন নিয়ে রীতিমতো নিলাম বসত। লটারি পদ্ধতি চালু হওয়ার পর এই খাতে দুর্নীতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। লটারির মাধ্যমে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা ঘুষের মানসিকতা থেকে মুক্ত হয়ে জনগণের প্রতি নিজেদের দায়বদ্ধতা বাড়াতে শুরু করেছেন।

    সাব-রেজিস্ট্রার পদে কিছুটা স্বস্তি মিললেও রাষ্ট্রে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে এখনও তদবির ও উৎকোচের রাজত্ব কমেনি।

    আইনশৃঙ্খলা বাহিনী: দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত থানাকেন্দ্রিক পুলিশ প্রশাসন। অতীতে অভিজাত এলাকার একটি থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) চেয়ার পেতে ১০ থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত খরচ হওয়ার নজির রয়েছে। কনস্টেবল নিয়োগ বা বদলিতেও লাখ টাকার লেনদেনের অভিযোগ পুরনো।

    স্বাস্থ্য খাত: চিকিৎসকদের ঢাকামুখী প্রবণতার সুযোগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরেও অতীতে ব্যাপক রদবদল হয়েছে। চিকিৎসকরা জেলা-উপজেলায় না থেকে তদবির করে ঢাকা ও তার আশপাশে থাকতে লাখ লাখ টাকা ব্যয় করেন, যার ফলে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।

    অন্যান্য দপ্তর: গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং রাষ্ট্রীয় ব্যাংক ও বীমার এমডি বা প্রধান নির্বাহী পদায়ন নিয়েও কোটি কোটি টাকার বাণিজ্য চলে আসছে। অতীতে কিছু ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর পদ বা এমডি পদ পাওয়ার পেছনে বড় অংকের আর্থিক লেনদেনের অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে।

    দুর্নীতির এই উৎসমুখ পুরোপুরি বন্ধ করতে হলে লটারি পদ্ধতিকে কেবল এক বা দুই বিভাগে সীমাবদ্ধ না রেখে সরকারের সব সেবামূলক প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া জরুরি। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলিতেও লটারির উদ্যোগ নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট মহলের মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিচের ক্ষেত্রগুলোতেও লটারি পদ্ধতি কার্যকর করা যেতে পারে:
    ১. জেলা প্রশাসক (ডিসি) পদায়ন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে ফিট লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের মধ্যে লটারি চালুর মাধ্যমে ডিসি নিয়োগ দিলে এ সংক্রান্ত চিরচেনা বিতর্ক ও তদবির বাণিজ্য এড়ানো সম্ভব হবে।
    ২. থানার ওসি ও পুলিশ বদায়ন: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে স্বচ্ছতা ফেরাতে এই পদ্ধতি বড় ভূমিকা রাখতে পারে।
    ৩. ব্যাংক-বীমা ও স্বাস্থ্য খাত: রাষ্ট্রীয় ব্যাংক ও বীমার এমডি এবং চিকিৎসকদের পদায়নেও এই স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে।

    একজন সরকারি কর্মকর্তা যদি কোনো প্রকার ঘুষ বা তদবির ছাড়াই কেবল যোগ্যতার ভিত্তিতে পদায়ন পান, তবে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবেন। তাই সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে সফল ও টেকসই করতে সব সরকারি দপ্তরে পর্যায়ক্রমে লটারিভিত্তিক বদলি ও পদায়ন পদ্ধতি চালু করা সময়ের সবচেয়ে বড় দাবি।

  • জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু: ডিসেম্বরের মধ্যে খসড়ার লক্ষ্য

    জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু: ডিসেম্বরের মধ্যে খসড়ার লক্ষ্য

    দেশের সর্বোচ্চ আইন সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় গতি আনতে প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

    এর আগে বিভিন্ন শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মোট আটটি বৈঠক সম্পন্ন করেছে কমিটি। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব অংশীজনের সঙ্গে আলোচনা ও খসড়া তৈরির কাজ সম্পন্ন করা হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এদিকে গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো বর্তমান বৈঠকে অংশ নেয়নি। তবে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেষ পর্যন্ত বিরোধী দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে—এমন আশায় তাদের জন্য অপেক্ষা করা হবে।