Blog

  • গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

    গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

    গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

    আজ রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত সারজিল শহরের ব্যাংকপাড়ার শাহ আলম শিকদারের ছেলে। তার মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।

    সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ।
    পৌর বিএনপি’র সভানেত্রী নিরালা বেগমের ছেলে সারজিল নিহত হওয়ার পেয়ে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর সহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। ‌ সেখানে তারা শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

    ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের যাচ্ছিলেন সারজিল। গোবরা মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত কলেজ ছাত্রের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

  • জাপানে ইসলামের ইতিহাস: সুদূর অতীত থেকে বর্তমান

    জাপানে ইসলামের ইতিহাস: সুদূর অতীত থেকে বর্তমান

    সাধারণ ধারণায় মনে করা হয়, ১৮ বা ১৯ শতকের দিকে জাপানে প্রথম মুসলমানদের পদার্পণ ঘটেছিল। তবে ঐতিহাসিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে জাপানে মুসলিম আগريদের ইতিহাস আরও অনেক প্রাচীন। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির কারণে দেশটিতে ইসলামের ব্যাপক প্রসার পরবর্তীতে ঘটলেও, এর শেকড় ছড়িয়ে রয়েছে ইতিহাসের অনেক গভীরে।

    প্রাচীন ঐতিহাসিক সংযোগ ও প্রথম মুসলিম পর্যটক
    ইতিহাসবিদদের মতে, ৭৩৬ খ্রিস্টাব্দে পারস্যের একদল পর্যটক জাপান ভ্রমণ করেছিলেন, যাদের মধ্যে সিরীয় খ্রিস্টান ও পারস্যের জরথ্রুস্ট ধর্মের অনুসারীরাও অন্তর্ভুক্ত ছিল। তবে সংরক্ষিত ঐতিহাসিক নথি অনুযায়ী, জাপানে আগমনকারী প্রথম মুসলমানের নাম সদরুদ্দিন। মঙ্গোলীয় শাসক কুবলাই খানের প্রতিনিধি হিসেবে ১২৭৫ খ্রিস্টাব্দে তিনি জাপান সফর করেছিলেন।

    ইতিহাসে জাপানের প্রথম কোনো লিখিত মুসলিম বিবরণ পাওয়া যায় দ্বাদশ শতাব্দীর মুসলিম মানচিত্রকার ইবনে খুরদাদবেহের (মৃত্যু ৯১৩ খ্রি.) লেখায়। তিনি জাপানকে ‘ওয়াকওয়াক’ ভূমি হিসেবে উল্লেখ করেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এই ভূমি সোনা ও আবলুস কাঠে অত্যন্ত সমৃদ্ধ ছিল। পরবর্তী সময়ে একাদশ শতকের মানচিত্রকার মাহমুদ কাশগরি ঐতিহাসিক সিল্ক রোডের শেষ প্রান্ত হিসেবে জাপানকে চিহ্নিত করেছিলেন।

    কুবলাই খানের প্রতিনিধিদল: ১২৭৫ খ্রিস্টাব্দে পাঠানো মঙ্গোল প্রতিনিধিদলের সদস্য সদরুদ্দিন ছাড়াও ইউয়ান ও মিং রাজবংশের যুগে হুই মুসলিমদের সঙ্গে জাপানের গভীর যোগাযোগ ছিল। যেমন—মিং সাম্রাজ্যের সেনাপতি লান ইউয়ের মালিকানাধীন ১০ হাজার কাতানা (জাপানি তলোয়ার) দুই দেশের দৃঢ় সম্পর্কের প্রমাণ দেয়।

    প্রথম ইসলাম প্রচারের চেষ্টা: পর্তুগিজ নাবিকদের নথিপত্র অনুযায়ী, ১৫৫৫ খ্রিস্টাব্দে একজন আরব যাত্রী মালাক্কা দ্বীপপুঞ্জ হয়ে জাপানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেছিলেন।

    পরোক্ষ জ্ঞান থেকে উসমানীয় নৌযানের দুর্ঘটনা
    এদো যুগ (১৬০৩-১৮৬৮): এই সময়ে ডাচদের মাধ্যমে ইউরোপীয় জ্ঞানচর্চার সুবাদে জাপানি পণ্ডিতরা উসমানীয় সাম্রাজ্য ও ইসলাম ধর্ম সম্পর্কে পরোক্ষ ধারণা লাভ করেন। আরাই হাকুসেকির ‘ডাচ ইতিহাস’ গ্রন্থে ইসলামের প্রাথমিক পরিচয় তুলে ধরা হয়েছিল।

    ১৮৭০ সালের সিরাত অনুবাদ: এই বছরে জাপানি ভাষায় মহানবী (সা.)-এর জীবনচরিত অনূদিত হয়, যা সাধারণ মানুষের মাঝে ইসলাম সম্পর্কে কৌতূহল বাড়ায়।

    আর্তুগুল ফ্রিগেট দুর্ঘটনা: ১৮৯০ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় আবদুল হামিদের পাঠানো ‘আর্তুগুল’ নামক যুদ্ধজাহাজ জাপানের ওয়াকায়ামা উপকূলে ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়। এই দুর্ঘটনায় স্থানীয়দের উদ্ধার তৎপরতা ও পরবর্তী সময়ে নির্মিত স্মৃতিসৌধ জাপানিদের মনে মুসলমানদের প্রতি আগ্রহ তৈরি করে।

    রাশিয়া ও মধ্য এশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের বিপর্যয়ের সময় তুর্কি ও তাতার জনগোষ্ঠীর বহু মুসলিম শরণার্থী জাপানে আশ্রয় নেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৩৫ সালে কোবে শহরে জাপানিদের প্রথম প্রাচীন মসজিদ নির্মিত হয় (যদিও এর আগে ১৯০৫ সালে ওসাকা দ্বীপে সেনাসদস্যদের উদ্যোগে একটি মসজিদ নির্মিত হলেও বর্তমানে তার অস্তিত্ব নেই)।

    রাশিয়ায় জন্ম নেওয়া লেখক আবদুর রশিদ ইবরাহিমের আহ্বানে সাড়া দিয়ে কোতারো ইয়ামাউকো প্রথম জাপানি হিসেবে ১৯০৯ সালে ইসলাম গ্রহণ করেন এবং ‘ওমর ইয়ামাউকা’ নাম ধারণ করেন। তিনিই প্রথম জাপানি হিসেবে পবিত্র হজ পালনের সৌভাগ্য অর্জন করেন।

    ইতিহাসের সেই সুদীর্ঘ পথ পেরিয়ে বর্তমানে জাপানে প্রায় চার লাখ ২০ হাজার মুসলমান বসবাস করছেন। যাদের একটি বড় অংশের পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় জাপানি নাগরিকও ইসলাম ধর্মের অনুসারী হয়ে এই ধারায় যুক্ত রয়েছেন।

  • ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার আশা ক্ষীণ: মার্কো রুবিও

    ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার আশা ক্ষীণ: মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তেহরানের অবাস্তব দাবির কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক উপায়ে কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। ফলে বর্তমান আলোচনার মাধ্যমে দ্রুত কোনো ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা দেখছেন না তিনি। জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে প্যারিস যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

    রুবিও বলেন, বিভিন্ন দেশ এখনো তেহরানের সঙ্গে যোগাযোগ রাখলেও কোনো বড় চুক্তির কাছাকাছি তারা পৌঁছাতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময়ই সংঘাতের কূটনৈতিক সমাধান চান উল্লেখ করে তিনি বলেন, “দুর্ভাগ্যবশত সবসময় তা সম্ভব হয় না।”

    চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্পের
    এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে চীন ও রাশিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

    ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ত্রিমুখী বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হবে।

  • আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চের পরিচয়পত্র পেশ, রোহিঙ্গা সংকটে সহযোগিতার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চের পরিচয়পত্র পেশ, রোহিঙ্গা সংকটে সহযোগিতার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সেভাল গুজেলকিলিঞ্চ। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তিনি নিজের পরিচয়পত্র পেশ করেন।

    বৈঠকে বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রমে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে চলতি বছরের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের সময় আইএফআরসির দ্রুত উদ্ধার ও ত্রাণতৎপরতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। পাশাপাশি, ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

    বৈঠকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক চাহিদার বিপরীতে আন্তর্জাতিক সহায়তা কমে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইএফআরসিকে তাদের বৈশ্বিক নেটওয়ার্ক সক্রিয় করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ মিয়ানমারে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই এবং কার্যকর সমাধান।

    বাংলাদেশ সরকারের এই আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ। তিনি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জানান, তাঁর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—

    মানবিক সেবার পরিধি বাড়ানো

    স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা শক্তিশালী করা

    দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার প্রক্রিয়া উন্নত করা

    প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করা

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, নতুন এই নেতৃত্বের অধীনে আইএফআরসি বাংলাদেশের মানুষের কল্যাণে তাদের কার্যক্রম আরও বেগবান করবে।

  • তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার

    তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার

    কুমিল্লা জেলার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে তিন দিনের সাঁড়াশি অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার করেছে জেলা পুলিশ।

    দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করে।

    নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যেন নিষিদ্ধ কর্মকান্ডে অংশগ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

    এ অভিযানে তিন দিনে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ২ জনসহ সর্বমোট ৮১ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার করা হয়েছে।

  • হরমুজ প্রণালিতে তেল পাচার পুরোপুরি বন্ধের দাবি ইরান আইআরজিসির

    হরমুজ প্রণালিতে তেল পাচার পুরোপুরি বন্ধের দাবি ইরান আইআরজিসির

    হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে অবৈধভাবে তেল পাচার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের ভাষ্যমতে, ওই এলাকার শত্রুপক্ষ সমর্থিত নৌ-সংকেত ও সহায়ক অবকাঠামো ধ্বংস করার পর থেকে কোনো জাহাজ আর ওই নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করতে পারেনি।

    সোমবার ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির এক নৌ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

    নাম গোপন রাখার শর্তে তিনি জানান, প্রণালির দক্ষিণের পাহাড়ি ও পাথুরে এলাকায় বসানো শত্রুপক্ষের নৌ-চলাচল নির্দেশক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে গত রাতে কোনো নৌযান ওই পথে ঢোকার সাহস পায়নি এবং তেল পাচারের রুটটিও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর তেহরান হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয় এবং তাদের অনুমোদিত নির্ধারিত পথ ব্যবহারের নির্দেশনা জারি করে।

    ইরানি বিধিনিষেধের মুখে উপসাগরীয় দেশগুলো মার্কিন নৌবাহিনীর পাহায় শিপ-টু-শিপ (জাহাজ থেকে জাহাজে) জ্বালানি স্থানান্তরের মাধ্যমে বিকল্প উপায়ে রপ্তানি সচল রাখার চেষ্টা করছে। তবে ইরান এ ধরনের প্রচেষ্টাকে ‘আইন লঙ্ঘন’ হিসেবে গণ্য করে বেশ কয়েকটি জাহাজে অভিযান ও হামলা চালিয়েছে, যা গত অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

  • প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিদেশ সফর: অভিজ্ঞতা অর্জনে তুরস্ক ও পাকিস্তান যাচ্ছেন উচ্চপদস্থ কর্তারা

    প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিদেশ সফর: অভিজ্ঞতা অর্জনে তুরস্ক ও পাকিস্তান যাচ্ছেন উচ্চপদস্থ কর্তারা

    প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তার একটি প্রতিনিধিদল খুব শীঘ্রই তুরস্ক সফরে যাচ্ছে, অন্যদিকে বিসিএস কর্মকর্তাদের একটি দল ইতোমধ্যে প্রশিক্ষণ নিতে পাকিস্তানে অবস্থান করছে।

    আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর তুরস্ক সফর করবে বাংলাদেশ সরকারের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এই সফরের পুরো ব্যয় বহন করবে তুরস্ক সরকার।

    প্রতিনিধিদলে কারা থাকছেন: অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন।

    সফরের মূল উদ্দেশ্য: প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, দুর্যোগ মোকাবিলা, এবং সরকারি কর্মকর্তাদের নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বাড়ানো। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ল্যাব স্থাপন, বজ্রপাত ও ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার প্রযুক্তি এবং রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হবে। এছাড়া ঢাকায় তুরস্কের অর্থায়নে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

    ভবিষ্যৎ পরিকল্পনা: ২০২৭ সালের ২০ ও ২১ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা হওয়ার কথা রয়েছে। নভেম্বরের এই সফরে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত হলে তা পরবর্তীতে চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পথ সুগম করবে।

    পাকিস্তানে বিসিএস কর্মকর্তাদের দুই সপ্তাহের প্রশিক্ষণ
    এদিকে, পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় প্রশাসনিক প্রশিক্ষণের অংশ হিসেবে দেশটির লাহোরে গেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার এসব কর্মকর্তা দেশটির ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

    ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা এই ১৪ দিনের প্রশিক্ষণে সরকারি খাতের ব্যবস্থাপনা, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ, আর্থিক ও কৌশলগত ব্যবস্থাপনা এবং সরকারি চাকরিতে নৈতিকতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর সমস্ত খরচ পাকিস্তান সরকার বহন করছে।

    এর আগে চলতি বছরের মে মাসে ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম দফায় দেশটির সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।

    জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের প্রশাসন থেকে অভিজ্ঞতা অর্জন এবং তা দেশের কাজে লাগাতে পারলে তা বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ ও ইতিবাচক পদক্ষেপ হবে।

  • অতলান্তিকের বুকে ফের প্রাণহানি: সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত বেড়ে ৩৫

    অতলান্তিকের বুকে ফের প্রাণহানি: সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত বেড়ে ৩৫

    ইউরোপের আশায় অনিশ্চিত সমুদ্রযাত্রার এক মর্মান্তিক পরিণতির সাক্ষী হলো পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। দেশটির উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে।

    ফরাসি বার্তা সংস্থা এএফপি ও সেনেগালের সংবাদ সংস্থা এপিএস সূত্রে জানা গেছে, গত শুক্রবার কিংবা শনিবার ডাকার এবং সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের এলাকার লুমপুল বালিয়াড়ির নিকটবর্তী সাগরে এই দুর্ঘটনা ঘটে। তবে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    হতাহত ও নিখোঁজ: দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে কতজন আরোহী ছিলেন তা এখনো সুনির্দিষ্ট করে জানা যায়নি। তবে এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

    বেঁচে আছেন মাত্র একজন: নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে ভাগ্যক্রমে কেবল একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

    নাগরিকত্ব: অভিবাসী সহায়তা সংগঠন ‘বোজা ফিই’-এর প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ জানিয়েছেন, প্রাথমিকভাবে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই সেনেগালের নাগরিক।

    এই মর্মান্তিক দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান চালানো, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির সুচিকিৎসা নিশ্চিত করা এবং শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে রাষ্ট্রের সকল প্রশাসনিক কর্তৃপক্ষ ও সম্পদ পুরোপুরি নিয়োজিত করা হয়েছে।

  • ৯০ শতাংশ উৎপাদন পতন: ভেনেজুয়েলার তেলক্ষেত্র পুনরুদ্ধারে ওএনজিসির বড় উদ্যোগ

    ৯০ শতাংশ উৎপাদন পতন: ভেনেজুয়েলার তেলক্ষেত্র পুনরুদ্ধারে ওএনজিসির বড় উদ্যোগ

    ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা ওএনজিসি (ONGC) ভেনেজুয়েলার জ্বালানি খাতের সান ক্রিস্টোবল তেলক্ষেত্রে প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। দীর্ঘদিন ধরে উৎপাদন বিপর্যয়ের মুখে থাকা এই তেলক্ষেত্রের উৎপাদন স্বাভাবিক করতে আগামী এক বছরে এই বড় অঙ্কের বিনিয়োগ করা হবে।

    উৎপাদনে বড় পতন: একসময় সান ক্রিস্টোবল ক্ষেত্রটিতে দৈনিক ৪৫ থেকে ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হলেও নানা সংকটে তা বর্তমানে মাত্র ৪ থেকে ৫ হাজার ব্যারেলে নেমে এসেছে, যা প্রায় ৯০ শতাংশ কম।

    বিনিয়োগ ও মালিকানা কাঠামো: ওএনজিসির বিদেশি শাখা ওএনজিসি বিদেশ (ওভিএল) এই ক্ষেত্র পরিচালনার জন্য মার্কিন অনুমোদন পেয়েছে। এই প্রকল্পে পিডিভিএসএ-র ৬০ শতাংশ এবং ওভিএলের ৪০ শতাংশ অংশীদারি রয়েছে। এমনকি প্রয়োজনে পিডিভিএসএ-র অংশের অর্থও অগ্রিম বহন করবে ওএনজিসি, যা পরবর্তীতে উৎপাদিত তেল বিক্রির লভ্যাংশ থেকে তুলে নেওয়া হবে।

    আটক বকেয়া উদ্ধারের আশা: সান ক্রিস্টোবলে উৎপাদন বাড়লে ভারতীয় সংস্থাটি ভেনেজুয়েলায় আটকে থাকা প্রায় ৫০ কোটি ডলারের বকেয়া ও লভ্যাংশ ফিরে পাওয়ার পথ সুগম হবে বলে আশা করছে।

    অন্যান্য প্রকল্প: সান ক্রিস্টোবলের পাশাপাশি কারাবোবো-১ প্রকল্পেও অংশীদারি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ওএনজিসি।

  • হেমন্তের শেষেই কনকনে শীতের পরশ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

    হেমন্তের শেষেই কনকনে শীতের পরশ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

    উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। হেমন্তের বিদায়লগ্নে ভোরের হালকা কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেল গড়াতেই চারপাশ জুড়ে জেঁকে বসছে হিমেল হাওয়া।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করা হলেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া সোমবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ছিল শতভাগ (১০০%)।

    এদিকে হঠাৎ করে সকালের এই ঠান্ডায় কিছুটা দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। বিশেষ করে ভোরের আলো ফোটার আগেই চা বাগান ও পাথর উত্তোলনের কাজে বের হওয়া শ্রমিকদের পড়তে হচ্ছে বিপাকে। জীবিকার তাগিদে হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই কাজের উদ্দেশ্যে ছুটছেন তারা।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তাজ উদ্দীন আহাম্মেদ বলেন, “সকালের দিকে ঠান্ডা ও কুয়াশার প্রকোপ বেশ ভালোই অনুভূত হচ্ছে। চা বাগান ও পাথর শ্রমিকদের জন্য এ সময়ে কাজ করা কিছুটা কষ্টকর হলেও পেটের টানে আমাদের ঠান্ডা উপেক্ষা করেই মাঠে নামতে হচ্ছে।”

    পঞ্চগড় জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরে তাপমাত্রা কিছুটা কম থাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে আসে।