Blog

  • আদিয়ালা কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করা হলো ইমরান খান ও বুশরা বিবির

    আদিয়ালা কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করা হলো ইমরান খান ও বুশরা বিবির

    পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির শারীরিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) একটি চিকিৎসক দল। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ডা. আরিফ খানের নেতৃত্বে গঠিত ওই বিশেষ চিকিৎসক দলটি কারাগারে পৌঁছালে কারা হাসপাতালের চিকিৎসকরা তাদের সার্বিক সহযোগিতা করেন।

    ইমরান খান: পরীক্ষার অংশ হিসেবে তার রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা মাপা হয়। এছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি বর্তমানে সেবন করা বিভিন্ন ওষুধের কার্যকারিতা এবং চলমান চিকিৎসার অগ্রগতিও নিবিড়ভাবে পর্যালোচনা করেন চিকিৎসকরা।

    বুশরা বিবি: ইমরান খানের পাশাপাশি তার স্ত্রী বুশরা বিবিেরও বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার শারীরিক সুস্থতার খোঁজ নেওয়ার পাশাপাশি নিয়মিত সেবন করা ওষুধগুলো পর্যালোচনা করেন পিআইএমএসের চিকিৎসকরা।

    পুরো স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কারা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিশেষ ভূমিকা পালন করেন।

  • আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

    আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং ০৯ নভেম্বর, ২০২৬, সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

    আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।

    এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সোনাইমুড়ীতে বাসে যৌথ অভিযান: ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    সোনাইমুড়ীতে বাসে যৌথ অভিযান: ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

    গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভানুয়াই এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই এলাকার মো. হারুনের ছেলে মো. জীবন (২২)।

    ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয় এবং এসআরবি-১১-এর একটি দল ভানুয়াই এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘সাগরিকা পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে থাকা আলমগীর ও জীবনের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক চোরাচালানে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়।

    ডিএনসি জানায়, আসামিরা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজার চালানিটি সংগ্রহ করে সোনাইমুড়ীর দিকে নিয়ে আসছিলেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর নির্যাতনের অভিযোগ

    নগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর নির্যাতনের অভিযোগ

    নওগাঁর বদলগাছী উপজেলায় স্বামীর সঙ্গে কলহের জেরে শাপলা রানী (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মিঠন পাহানের (২৮) সঙ্গে শাপলার বিয়ে হয় এবং তাদের সাত বছর বয়সি একটি ছেলে রয়েছে। শুরুতে উভয়ের আয়ে সংসার চললেও গত দেড় বছর ধরে মিঠন মাদকাসক্ত হয়ে পড়েন। ঘটনার দিন নেশার জন্য স্ত্রীর কাছে ১৫০ টাকা চান মিঠন। শাপলা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।

    পরে দুপুর সোয়া দুইটার দিকে তাদের সাত বছর বয়সি ছেলে অন্তর বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে মাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। মিঠন দ্রুত ছুটে এসে রশি কেটে তাকে নিচে নামান এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই শাপলার মৃত্যু হয়েছে।

    বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

  • এনসিপি ছাড়লেন রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম

    এনসিপি ছাড়লেন রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখা থেকে ইস্তফা দিয়েছেন সদস্য সচিব মো. জহিরুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

    ফেসবুক বার্তায় তিনি লেখেন, “দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির (রামগঞ্জ পৌর শাখা) সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

    প্রকাশ্যে ব্যক্তিগত অজুহাতের কথা বললেও পদত্যাগের নেপথ্যে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন জহিরুল। কারণ জানতে চাইলে তিনি রহস্য রেখে জানান, ব্যক্তিগত বিষয়ের বাইরেও কিছু প্রেক্ষাপট রয়েছে, যা তিনি পরবর্তীতে প্রকাশ করবেন।

    রাজনৈতিক পটভূমি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, জহিরুল একটি পরিচিত বিএনপি পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা দুলাল আটিয়া পূর্বে পৌর বিএনপির সদস্য ছিলেন এবং ২০২৫ সালের স্থানীয় কাউন্সিলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৪ সালের গণআন্দোলনের পর জহিরুল এনসিপিতে যোগ দেন এবং ২০২৬ সালের ২১ জানুয়ারি তাকে রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

    অন্যদিকে, বিষয়টিকে হঠাৎ পদত্যাগ হিসেবেই দেখছে দলটির স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মামুন হোসেন জানান, পদত্যাগের সুনির্দিষ্ট কারণ তাঁর জানা নেই। তবে জাতীয় নির্বাচনের পর থেকে জহিরুলের সঙ্গে দলীয় কর্মসূচিরে তেমন কোনো সম্পৃক্ততা বা যোগাযোগ ছিল না।

    জহিরুল ইসলামের এই পদত্যাগের ঘোষণায় রামগঞ্জের স্থানীয় রাজনীতি ও নেতাকর্মীদের মাঝে নতুন করে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

  • জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন শুরু: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

    জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন শুরু: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

    সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

    রোববার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ‘ভিশন ২০৩০’-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সম্মেলন শুরু হয়। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।

    হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবা আরও উন্নত করার উদ্দেশ্যে আয়োজিত এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান তাদের সেবা ও প্রযুক্তি প্রদর্শন করছে।

    সম্মেলনের পাশাপাশি আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করবেন। এই চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা ও দুই দেশের পারস্পরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সমঝোতা চূড়ান্ত হবে।

  • গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন :

    গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন :

    নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সন্ধ্যা ৬ টায় ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

    পরে প্রদীপ প্রজ্বালন ও আরতি অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ধর্মীয় কীর্তন, রাত ১০টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা ও আরাধনা এবং রাত ১২টায় ধুনুচি নৃত্য পরিবেশিত হয়। পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    দীপাবলি উৎসব নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী দেবানন্দ কুমার পাল বলেন,‘আজ আমাদের জগৎজননী মা শ্যামার পূজা। পূজাকে ঘিরে এখানে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সবাই মিলে আনন্দের সঙ্গে দিনটি উপভোগ করছি। মায়ের কাছে একটাই আশা ও প্রার্থনা—তিনি যেন পৃথিবীর সকল অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি বর্ষণ করেন।’

    ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমরা চাই যে একটা সম্প্রীতির বাংলাদেশ হবে ।যেখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে। সবাই বাংলাদেশী হিসেবে ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সম্প্রীতির বাংলাদেশে আমাদের কামনা। যেখানে যার যার ধর্ম সে নির্ভীক ভাবে পালন করতে পারে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যারা সনাতন ধর্মের শিক্ষক – শিক্ষার্থী রয়েছে তাদের ধর্ম নির্ভীকভাবে পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের পাশে থাকবে।

    বিশ্ববিদ্যালয় মন্দিরের সহ-সভাপতি ড. সুজয় কুমার ভাজন বলেন,“দীপাবলিতে আসলে আমাদের প্রদীপ প্রজ্জ্বলন হয় এবং সমস্ত অন্ধকার দূর হয়ে আলোকিত হবে জগত এটি আমরা প্রত্যাশা করি। মানুষের মনের কালীমা দেশ ও শান্তির জন্য কামনা করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুখী থাকুক এটাই প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশ থেকে সমস্ত কালীমা দূর হয়ে যাক এবং সবাইকে শুভ দীপাবলীর শুভেচ্ছা।”

    কালীপূজা মন্দির পরিদর্শন শেষে প্রক্টর অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন,আজকে হিন্দু ধর্মাবলম্বী আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কালীপূজা বা শ্যামাপূজা উদ্‌যাপন করছে। বাংলাদেশের সংস্কৃতিই এমন যে, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে সব উৎসব ভাগাভাগি করে নিই।আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরনের আয়োজন নির্বিঘ্নে পালন করতে পারে।

    এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবসময় সোচ্চার রয়েছি। তাদের যখন যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে, আমরা তা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে।

    বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, যার যার ধর্ম সেই সেই পালন করবে এটাই আমাদের বাংলার সংস্কৃতি। আর এটাই দিন দিন চলতে থাকবে। আমি মাত্র নতুন এসেছি তাই আপনাদের যেকোনো সমস্যায় আমাদেরকে কিংবা প্রক্টর মহোদয়কে বলবেন। আপনারা যারা পূজারী আছেন তাদের মনের বাসনা পূজার মাধ্যমে পূরণ হোক সেই প্রত্যাশা কামনা করি।

    উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপের আলোয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদ্‌যাপনের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে পড়ে।

  • তুরস্কের উদ্দেশ্যে আগামীকাল রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্কের উদ্দেশ্যে আগামীকাল রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামীকালের (মঙ্গলবার) মধ্যে তুরস্কের আনতালিয়া পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জোরালো অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরবেন তিনি।

    আজ সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

    কপ-৩১ সম্মেলন: আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী শিল্পসমৃদ্ধ দেশগুলোর দায়বদ্ধতার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

    দ্বিপাক্ষিক বৈঠক: তুরস্ক সফরকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

    পররাষ্ট্র সচিব জানান, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং সরকারের উচ্চপদস্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি: ৩২ হাজার ১৩১ টাকা দাবির পাশাপাশি সড়কে বিক্ষোভ

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি: ৩২ হাজার ১৩১ টাকা দাবির পাশাপাশি সড়কে বিক্ষোভ

    তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে দুপুর ১২টায় শুরু হয়েছে। বোর্ডের সকল সদস্যের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

    তবে সভা শুরুর আগেই শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ও প্রতিবাদের খবর পাওয়া গেছে। ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের ৫টি জোটের পক্ষ থেকে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের স্মারকলিপি দেওয়া হয়েছে।

    মূল মজুরি (বেসিক): ২০০৬ সালের কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ করার প্রস্তাব। তাদের মতে, মূল মজুরি কম হলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে সার্ভিস বেনিফিট কমে যায়, যা দীর্ঘমেয়াদে শ্রমিকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

    বার্ষিক ইনক্রিমেন্ট: খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বার্ষিক মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট।

    অন্যান্য মানদণ্ড: জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড এবং সরকারি বেতন কাঠামোসহ ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।

    শ্রমিক নেতাদের মতে, দেশের প্রায় সাড়ে সাত কোটি শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ কাঠামো প্রয়োজন। এছাড়া আজকের সভার পর ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবি নিয়ে আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

    এদিকে সাধারণ শ্রমিক জোটের দাবির বাইরে ভিন্ন অবস্থানে রয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংগঠনটির সদস্যরা।

  • শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন: ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন: ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

    ৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও, তার এই পদক্ষেপকে সরাসরি ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

    শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।”

    বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির সূত্রে জানা যায়, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। চিঠিতে তার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে—এমন তথ্য পাওয়ার পরই তারা নতুন নথিপত্র ইস্যু করার জন্য আবেদন জানিয়েছেন।

    উল্লেখ্য, গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করলেও মাঝেমধ্যেই তার দেশে ফেরার গুঞ্জন এবং বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।