Blog

  • বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: তথ্য উপদেষ্টা

    বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: তথ্য উপদেষ্টা

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তিকেই একমাত্র পথ হিসেবে দেখছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতি তুলে ধরে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি; বরং একটি ল ফার্মের মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে। সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এটি তাঁর কোনো কৌশল কি না তা খতিয়ে দেখছে।

    ডা. জাহেদ উর রহমান বলেন শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই। সংবিধানেই স্পষ্ট বলা আছে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর বেশ কিছু মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে। তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটাই মূল বিষয়; আর তাঁকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে।”

    সংবাদ সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি ও শ্রম খাতের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি

    গার্মেন্টস শ্রমিকদের মজুরি তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এটি সম্পন্ন হবে।

    নাশকতা ও আইনশৃঙ্খলা: দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মাফিয়া চক্র এখনও তাদের অর্থায়ন অব্যাহত রেখেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে।”

  • বদলি বাণিজ্যের বরপুত্র সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন: সব সরকারের আমলেই বহাল তবিয়তে!

    বদলি বাণিজ্যের বরপুত্র সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন: সব সরকারের আমলেই বহাল তবিয়তে!

    চলতি বছরের অন্যতম আলোচিত ও বিতর্কিত সরকারি কর্মকর্তা হলেন সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। বছরজুড়েই বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর দুর্নীতির নানা খতিয়ান ও খবর প্রকাশিত হয়েছে। তবে এত সব অভিযোগের পরও তিনি বহাল তবিয়তেই নিজের চেয়ার আঁকড়ে রেখেছেন। অভিযোগ রয়েছে, দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে উচ্চপদস্থ মহলকে ম্যানেজ করার মাধ্যমে সব সরকারের আমলেই সুবিধাজনক অবস্থানে থাকেন। মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ যেন তারই এক বাস্তব উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন।

    সাব-রেজিস্ট্রাররা বলে থাকেন ক্যাশিয়ার ও দালাল হিসেবে। ইউনূস আমলেও একই চিত্র। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ম্যানেজ করে কয়েকশো কোটি টাকার বদলি বাণিজ্য করেছেন বলেও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে দুদকেও। অথচ বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখে সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছেন। সবাই বাহবা দিলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, এর মধ্যেও মাইকেল গংরা সুকৌশলে বদলি আদেশের আগে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে।

    অনেকের প্রশ্ন, মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে কেন তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স থেকে সরানো হলো না। তাঁর পেছনে কী এমন শক্তিশালী নেটওয়ার্ক আছে যে ভুরি ভুরি অভিযোগ ও দুর্নীতির পাহাড় জমা হলেও তাঁর শাস্তি হচ্ছে না। জানা গেছে, তিনি এখন আরও বেশি বেপরোয়া। পুরো রেজিস্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করছেন তিনি। গ্রাহকসেবার বদলে আরও দ্বিগুণ গতিতে ঘুষ লেনদেন হচ্ছে বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন। সবার প্রশ্ন, আলোচিত, বিতর্কিত ও দুর্নীতির অভিযোগ যাঁকে নিয়ে সরগরম, সেই সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ কেনই বা স্বপদেই বহাল থাকবেন।

    নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন সাব-রেজিস্ট্রার বলেছেন, আইনমন্ত্রীকে ম্যানেজ করে খিলগাঁও সাব-রেজিস্ট্রার হিসেবে একই জায়গায় রয়ে গেছেন তিনি। বিষয়টি এখন রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সবচেয়ে আলোচনার বিষয়। ইতিমধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য এ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়। এবং তাঁদের দেওয়া হবে ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের বিভিন্ন এলাকার সাব-রেজিস্ট্রার হিসেবে। এই অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    অথচ সাব-রেজিস্ট্রার মাইকেল আব্দুল্লাহ লটারি ব্যবস্থার বাইরে গিয়ে ঢাকার লোভনীয় সাব-রেজিস্ট্রি অফিসে স্বপদে বহাল আছেন। বিষয়টি সবার কাছে নতুন খেলা হিসেবে দেখছেন। খিলগাঁওয়ের বিতর্কিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও তদবিরের অভিযোগ ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বেশ কিছুদিন ধরে শোনা গেছে, তিনি আইনমন্ত্রীকে ম্যানেজ করে ফেলেছেন। শেষ পর্যন্ত যা রটেছে, তাই বাস্তবে ফলে গেল।

    সবাই জানেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে প্রভাব বিস্তার করে তিনি দীর্ঘদিন ধরে সবচেয়ে আকর্ষণীয় স্টেশনগুলো নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। সরকার পরিবর্তনের পরও বিভিন্ন মহলে ম্যানেজ করার মাধ্যমে তিনি তাঁর অবস্থান ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি নিজে প্রভাবশালী স্টেশনে থাকার পাশাপাশি অন্যান্য সাব-রেজিস্ট্রারদের লোভনীয় পদে বদলি ও পদায়নের একটি শক্তিশালী সিন্ডিকেট বা চক্র গড়ে তুলেছেন এবং এর মাধ্যমে কোটি কোটি টাকার ‘বদলি বাণিজ্য’ করছেন বলে অভিযোগ রয়েছে। খিলগাঁও, সাভার, তেজগাঁওসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    ঢাকার আফতাবনগরেই তাঁর নামে-বেনামে প্রায় ২৯টি বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে। জানা গেছে, আফতাবনগরে মাইকেলের একটি ভবনে ২৯টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা হতে পারে বলেও ধারণা করা হয়েছে। আরও জানা গেছে, গুলশান-১ এলাকায় একাধিক ফ্ল্যাট ও সম্পত্তি রয়েছে। জানা গেছে, গুলশান-১-এর একটি ভবনে দুই ফ্লোরজুড়ে আবাসনের কথা উল্লেখ করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় সম্পত্তির কথাও এসেছে। এ ছাড়া গুলশান, নিকেতন, ধানমন্ডিসহ ঢাকার অভিজাত এলাকাগুলোতে তাঁর নিজের বা স্বজনদের নামে সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।

    তাছাড়া দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি, মাছের ঘের ও খামারের কথাও বলা হয়েছে। আবার কিছু সম্পত্তি সরাসরি মাইকেলের নামে না থেকে স্বজন বা ঘনিষ্ঠদের নামে রয়েছে। ইতিমধ্যে মাইকেলকে ঘিরে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর পক্ষ থেকে ১৩ এপ্রিল দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি ধামাচাপা দেওয়ার জন্য প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

    অনুসন্ধানে জানা গেছে, ২০২৬ সালের ১০ মার্চ বন্দর স্টিলের মালিকানাধীন ৮১ শতাংশ জমি শেলটেক প্রাইভেট লিমিটেডের কাছে সাফ-কবলা দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট দলিলের নম্বর ২৫০৯। দলিলে সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৮৭ কোটি ৪০ লাখ টাকা। দলিল সম্পাদনের আগের রাতে সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ঘনিষ্ঠ এক উমেদারের নিকেতনের বাসায় ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়।

    অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বিপুল অঙ্কের এই সম্পত্তি হস্তান্তরের পুরো প্রক্রিয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে এত বড় অঙ্কের একটি সম্পত্তির দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি ফি, স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ব্যয়, দলিলমূল্য নির্ধারণ এবং অর্থ লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ২০ থেকে ৩০ জনের একটি মাস্তান বাহিনী গড়ে তুলেছেন। যাঁদের মাধ্যমে তিনি পুরো রেজিস্ট্রেশন কমপ্লেক্স নিয়ন্ত্রণ করেন। এক একটি শাখা থেকে প্রতিদিন গড়ে ৫ থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি করেন।

    তিনি এতটাই দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছেন যে তাঁর দাপটে পুরো রেজিস্ট্রেশন কমপ্লেক্সের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে চলেছে। এখানে চেইন অব কমান্ড বলতে কিছু নেই। কমপ্লেক্সের ভেতরে-বাইরে তাঁকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। একাধিক ভুক্তভোগী এবং কয়েকজন সাব-রেজিস্ট্রার বলেছেন, মহাদুর্নীতিবাজ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ যেন কোনো অবস্থাতেই তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে জায়গা না পান, সে বিষয়ে ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

  • মিশরে ভয়াবহ ট্রেন সংঘর্ষ: প্রাণহানি বেড়ে ৭, আহত শতাধিক

    মিশরে ভয়াবহ ট্রেন সংঘর্ষ: প্রাণহানি বেড়ে ৭, আহত শতাধিক

    রাজধানী কায়রোর কাছে গিজা এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার (৮ নভেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাተ দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

    মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, গিজার কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মাঝামাঝি স্থানে একটি ট্রেন পেছন থেকে অন্য একটি ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

    দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ডজনখানেক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত বগি ও রেললাইনের ধ্বংসাবশেষ সরিয়ে নিতে ভারী ক্রেন মোতায়েন করা হয়, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ইতিমধ্যে ৪৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    এই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ উদঘাটনে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন রেল নেটওয়ার্ক রয়েছে মিশরে। তবে আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের অভাবে দেশটিতে প্রায়ই বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৯ সালে কায়রোর প্রধান রামসেস রেলস্টেশনে এক দুর্ঘটনায় ২৫ জন প্রাণ হারান। এছাড়া ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী ট্রেন দুর্ঘটনায় মারা যান ৪০ জনেরও বেশি মানুষ।

  • ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও অবৈধ সম্পদের পাহাড়: কাঠগড়ায় নারায়ণগঞ্জের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা

    ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও অবৈধ সম্পদের পাহাড়: কাঠগড়ায় নারায়ণগঞ্জের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা

    নারায়ণগঞ্জের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা খলিলুর রহমানকে ঘিরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের নানা অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ এবং ব্যক্তিগত সম্পদের উৎস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

    অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের ভূমি অধিগ্রহণ দপ্তরের বিভিন্ন কার্যক্রমে খলিলুর রহমানের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, তাঁর সম্মতি ছাড়া গুরুত্বপূর্ণ অনেক ফাইলের কার্যক্রম এগোয় না।

    এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে তাঁকে বরগুনায় বদলি করা হয়।

    এদিকে তাঁর ব্যক্তিগত সম্পদ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে তাঁর একটি প্লট, যাত্রাবাড়ী ও মালিবাগ এলাকায় ফ্ল্যাট এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি রয়েছে।

    সরকারি চাকরি থেকে প্রাপ্ত আয় ও আয়কর নথিতে ঘোষিত সম্পদের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

    এ ছাড়া তাঁর অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও আলোচনায় এসেছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে অর্থায়নের অভিযোগও উঠেছে।

    ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম। এ দপ্তরের মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ নির্ধারণ এবং অর্থ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়।

    তাই এ ধরনের দপ্তরের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে অধিগ্রহণের ক্ষতিপূরণ নির্ধারণ, অর্থ ছাড় এবং ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

    এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, “এসব অভিযোগ মিথ্যা। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে তদন্ত করে দেখতে পারেন।”

    অন্যদিকে, এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে। একই সঙ্গে কর্মকর্তার সম্পদের উৎস, পূর্ববর্তী কর্মস্থলে ওঠা অভিযোগ এবং বর্তমান দপ্তরের কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যথাযথভাবে যাচাই করা হোক।

  • পাসপোর্ট চেয়ে আবেদন ও আইনি বাধ্যবাধকতা: দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্যে কী রয়েছে?

    পাসপোর্ট চেয়ে আবেদন ও আইনি বাধ্যবাধকতা: দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্যে কী রয়েছে?

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

    চিফ প্রসিকিউটর জানান, দেশের আইন অনুযায়ী সর্বনিম্ন দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনো বিধান নেই। শেখ হাসিনা দণ্ডিত ও দেশের বাইরে পলাতক থাকায় তাকে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

    লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ কর্তৃক ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করার বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন তিনি। তার প্রশ্ন—যিনি পাসপোর্ট চাচ্ছেন, তিনি নিজে, তার দল কিংবা নেতাকর্মীরা কেউ আবেদন না করে একটি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে কেন আবেদন করালেন?

    বিচার প্রক্রিয়া এড়িয়ে যাওয়া এবং নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায় প্রকাশের পর আপিল না করায় ভবিষ্যতে শেখ হাসিনার আপিল করার সব আইনি পথ বন্ধ হয়ে গেছে বলে জানান আমিনুল ইসলাম। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সাজার বিরুদ্ধে আপিল করার সময় পার হয়ে যাওয়ায় তিনি দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প খোলা থাকবে না।

    চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এমন কোনো আনুষ্ঠানিক দলিল বা কাগজপত্র বাংলাদেশ সরকারের কাছে নেই। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে ভারত সরকারকে লিখিতভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে। কিন্তু এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো লিখিত পদক্ষেপ নেননি।

    শেখ হাসিনার বিভিন্ন সময়ে ভার্চুয়ালি বা অডিওর মাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এগুলোর কোনোটিই তার নিজের প্রামাণ্য বক্তব্য হিসেবে প্রমাণিত নয় এবং সেগুলো আদৌ তার কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

  • ইরানে হামলা চালাতে ট্রাম্পকে ‘প্রতিদিন’ নেতানিয়াহুর চাপ, উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য

    ইরানে হামলা চালাতে ট্রাম্পকে ‘প্রতিদিন’ নেতানিয়াহুর চাপ, উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য

    ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করে চাপ দিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে এই সংঘাত শুরুর তীব্র বিরোধিতা করছে হোয়াইট হাউসের একটি পক্ষ এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি প্রভাবশালী দেশ।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর এ ধরনের তৎপরতায় আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান যে, উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক সংঘাতে জড়ানোর পক্ষে নয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে— কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ আঞ্চলিক দেশগুলো বর্তমান স্থিতাবস্থা বজায় রাখতে চায়।

    নেতানিয়াহুর মূল লক্ষ্য ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান পুনরায় শুরু করা। তবে প্রায় ৯ মাসের চলমান এই সংঘাতের অবসান ঘটাতে এখন ইতিবাচক অগ্রগতি দেখছেন ট্রাম্প। ফলে এই মুহূর্তে ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা।

    (উল্লেখ্য, ইসরায়েলি পরিস্থিতির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে যে, নেতানিয়াহু যুদ্ধ চান ঠিকই, তবে ট্রাম্পকে পুরোপুরি রাজি করাতে বর্তমানে কোনো সুসংহত বা গোছানো প্রচেষ্টা এখনো দৃশ্যমান নয়।

  • শখ থেকে পেশাদার খেলা: যুক্তরাষ্ট্রে হাইস্কুল শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ‘বাস ফিশিং’-এর উন্মাদনা

    শখ থেকে পেশাদার খেলা: যুক্তরাষ্ট্রে হাইস্কুল শিক্ষার্থীদের মাঝে বাড়ছে ‘বাস ফিশিং’-এর উন্মাদনা

    যুক্তরাষ্ট্রে মাছ ধরা এখন আর কেবল অবসরে সময় কাটানোর মাধ্যম নয়; বরং এটি রূপ নিয়েছে এক রোমাঞ্চকর ও প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে। বিশেষ করে ‘বাস’ (Bass) মাছ ধরাকে কেন্দ্র করে তরুণদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আকর্ষণীয় পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় মার্কিন হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে এই খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

    চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। ভোরের আলো ফোটার আগেই ২৫টি নৌকা নিয়ে কড়া প্রতিযোগিতায় নেমে পড়েন তরুণ অ্যাঙ্গলাররা। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর সবাই ছুটে যান ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে, লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ শিকার করা।

    প্রতিযোগিতায় ২১৩টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন আলাবামার ১৮ বছর বয়সি তরুণ কাইগ ব্র্যাগ। টানা আট ঘণ্টা মাছ শিকারের পর তিনি তিনটি বাস মাছ নিয়ে ফেরেন, যেগুলোর মোট ওজন ছিল ১১ পাউন্ড ৩ আউন্স। এই জয়ে তিনি পান ২৫ হাজার ডলারের একটি বিশেষ মাছ ধরার নৌকা এবং ৫ হাজার ডলারের কলেজ বৃত্তি—বাংলাদেশি মুদ্রায় যার মোট মূল্য ৩৭ লাখ টাকারও বেশি।

    বাস মাছ ধরার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে কাইগ বলেন, “বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে প্রতি পদক্ষেপে নতুন একটি ধাঁধার সমাধান করতে হয়।”

    নিয়ন্ত্রণ সংস্থা: খেলাটির মূল নিয়ন্ত্রক সংস্থা হলো ‘বাস নেশন’ (Bass Anglers Sportsman Society)। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে তাদের প্রায় ১,১০০টি হাইস্কুল ও যুব ক্লাব রয়েছে, যেখানে যুক্ত আছেন প্রায় ১২,০০০ তরুণ শিকারি।

    নিয়মাবলী: প্রতিটি দলে এক বা দুজন হাইস্কুল শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগীরা সর্বোচ্চ তিনটি মাছ ধরতে পারেন, তবে প্রতিটি মাছের দৈর্ঘ্য কমপক্ষে ১৫ ইঞ্চি হতে হবে। এছাড়া মাছগুলোকে জীবিত অবস্থায় ওজন করে পরবর্তীতে আবার লেকে ছেড়ে দেওয়া হয়।

    সহজ নিয়ম ও আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ থাকলেও এই খেলায় টিকতে বেশ বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয়। একটি নতুন বাস ফিশিং বোটের দাম ১ লাখ ডলার এবং পানির গভীরতা মাপার ডিজিটাল ফিশ ফাইন্ডারের দাম প্রায় ২ হাজার ডলার বা তার বেশি হতে পারে। এর বাইরে যাতায়াত, আবাসন ও নৌকা পরিবহনের খরচ মেটাতে হয় প্রতিযোগীদের।

    অধিকাংশ স্কুল দাপ্তরিকভাবে এর দায় নিতে চায় না বলে দলগুলো মূলত ক্লাব ও স্পনসরশিপের ওপর নির্ভর করে চলে। তবে শুধু মাছ ধরা নয়, পেশাদার অঙ্গনে সফল হতে হলে তরুণদের ব্যবসায়িক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নিজেদের ব্র্যান্ডিং বা পরিচিতি তৈরির সক্ষমতাও অর্জন করতে হয়।

  • পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর: ধোঁয়াশা কাটিয়ে যা জানালেন বিতর্কিত এই ব্লগার

    পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর: ধোঁয়াশা কাটিয়ে যা জানালেন বিতর্কিত এই ব্লগার

    হালের তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর স্বামী কে—অবশেষে সেই রহস্যের জাল ভেদ করে প্রকাশ্যে এলেন বিতর্কিত ব্লগার আসাদ নূর। এর আগে সামাজিক মাধ্যমে স্বামীর মুখ ঢেকে বিয়ের ছবি পোস্ট করে শোবিজ অঙ্গনে রীতিমতো ঝড় তুলেছিলেন পারশা। ভক্তদের মনে তৈরি হওয়া সেই কৌতূহলের অবসান ঘটিয়ে নিজেই বিয়ের কথা স্বীকার করলেন আসাদ।

    আসাদ নূর জানান, প্রচলিত কোনো ধর্মীয় রীতি বা আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954) আইনের অধীনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনেও নয়, বরং ভারতের এই বিশেষ আইনের মাধ্যমেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন এই স্বঘোষিত নাস্তিক ব্লগার।

    বিয়ের খবরটি এতদিন গোপন রাখা এবং নানা জল্পনা-কল্পনা তৈরির পেছনের কারণও ব্যাখ্যা করেছেন আসাদ। তার ভাষ্যমতে, সমাজের কিছু গতানুগতিক ট্যাবু ভাঙতে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতেই তারা পরিকল্পিতভাবে এই রহস্য বজায় রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে সামাজিক মাধ্যমে ফলো করার ছোটোখাটো ক্লুগুলোও ছিল তাদের ওই সুনির্দিষ্ট পরিকল্পনারই অংশ।

    লাইভ ভিডিও বার্তায় নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি ও ট্রল নিয়ে তীব্র ক্ষোভ ও কড়া কথা বলেছেন আসাদ নূর। তিনি স্পষ্ট ভাষায় জানান, পারশার পরিবার এবং তার সংগীত ক্যারিয়ারের প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রেখেই তারা দুজন একসঙ্গে বাকি জীবন চলার এই সিদ্ধান্ত নিয়েছেন।

  • মেয়াদ ও মূল্য ছাড়া আইসক্রিম বিক্রি: মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

    মেয়াদ ও মূল্য ছাড়া আইসক্রিম বিক্রি: মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

    উৎপাদন ও মেয়াদের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছাড়া আইসক্রিম রাখা ও বিক্রির অভিযোগে মুন্সীগঞ্জে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগিনীঘাট এলাকার ‘কামাল স্টোর’-এ পরিচালিত এক অভিযানে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে অনিয়মের প্রমাণ মেলায় দোকানমালিক মোহাম্মদ কামালকে এ জরিমানা করা হয়।

    অভিযান চলাকালে অনাগত দিনে মেয়াদ ও উৎপাদন তারিখবিহীন কোনো খাদ্যপণ্য বিক্রি বা সংরক্ষণ না করতে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

  • হোয়াইট হাউস সাময়িক লকডাউন: নিরাপত্তা লঙ্ঘনের পৃথক ঘটনায় আটক ২

    হোয়াইট হাউস সাময়িক লকডাউন: নিরাপত্তা লঙ্ঘনের পৃথক ঘটনায় আটক ২

    মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের আশপাশে পৃথক দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর জেরে হোয়াইট হাউস ও এর আশেপাশের এলাকা সাময়িকভাবে লকডাউন করা হয়। সোমবার (৯ নভেম্বর) ঘটে যাওয়া এই ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তা বিধিনিষেধ তুলে নেওয়া হয়। ন্যাশনাল হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    গাড়ি দুর্ঘটনা ও হামলা: স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েত পার্কের উত্তর পাশে একটি রুপালি রঙের সেডান গাড়ি ফুটপাতে উঠে যায়। গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। পরে সিক্রেট সার্ভিস ও ন্যাশনাল গার্ডের সদস্যরা দ্রুত তাকে আটক করেন। গাড়িটিতে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ দলকেও ডাকা হয়।

    বেষ্টনী টপকে প্রবেশ: প্রথম ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীরা যখন ব্যস্ত ছিলেন, ঠিক তখনই লাফায়েত পার্কের উত্তর-পশ্চিম কোণে আরেকটি ঘটনা ঘটে। এক ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করলে সিক্রেট সার্ভিস তাকেও তাৎক্ষণিকভাবে আটক করে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুই ব্যক্তির পরিচয়, উদ্দেশ্য কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ছাড়া দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, কেউ আহত হয়েছেন কিংবা গাড়িটি ইচ্ছাকৃতভাবে ফুটপাতে তোলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে।