Blog

  • রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

    রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

    নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে রক্তাক্ত জখম এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দুপুরে এসআরবি-৫, রাজশাহী ক্যাম্পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সঙ্গী ও ভ্যানচালকসহ ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কিনতে রওনা হন। পথে রাণীনগর-আত্রাই-নাটোর সড়কের ‘চকের ব্রিজ’ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দস্যুদল তাঁদের গতিরোধ করে। দস্যুরা ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখায় এবং একপর্যায়ে রক্তাক্ত জখম করে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় মামলা করেন।

    ঘটনার পর থেকেই এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যে জানা যায়, ঘটনার প্রধান পরিকল্পনাকারী ও জড়িতরা নওগাঁ ছেড়ে ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প ও এসআরবি-৪-এর নবীনগর-সাভার ক্যাম্পের একটি যৌথ দল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাঁদের আশুলিয়া থানার মাধ্যমে রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রামেক হাসপাতালে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা পুলিশ হেফাজতে, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ

    রামেক হাসপাতালে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা পুলিশ হেফাজতে, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিক্ষোভ

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে ইন্টার্নশিপ চালুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা।

    শুভ কুমার মণ্ডল (রামেকের ৫৯তম ব্যাচ) ও নাহিদ হাসান (৬০তম ব্যাচ)—উভয়েই পঞ্চম বর্ষ শেষে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও এর বিরোধিতার অভিযোগ থাকায় ২০২৪ সালের ৬ নভেম্বর রামেক কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তারা পুনরায় ইন্টার্নশিপের প্রক্রিয়া শুরু করতে সকালে হাসপাতালে আসেন।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের সহায়তায় তারা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করেন এবং একপর্যায়ে পরিচালকের কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, ডিবি, সিআরটি এবং এসআরবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতালে উপস্থিত হয়। দীর্ঘ সময় অবরুদ্ধ রাখার পর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের কঠোর নিরাপত্তায় পরিচালকের কক্ষ থেকে বের করে আনে। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম এবং ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনের নেতৃত্বে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

    হাসপাতালের ফটকে অপেক্ষমাণ গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে গেলে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়। পরবর্তীতে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদস্যদের হস্তক্ষেপে নাহিদকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

    রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, স্থগিতাদেশের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আবেদন করে ইন্টার্নশিপ শুরু করার কথা থাকলেও তারা কোনো আবেদন ছাড়াই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।

    অন্যদিকে, রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন পরিস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন এবং কারা তাদের সহযোগিতা করেছেন, তা তদন্ত করে আইনের আওতায় আনা উচিত।

    আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, তাদের বিরুদ্ধে পূর্বে থেকেই নানা অভিযোগ থাকায় হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • চুলার ধোঁয়া নিয়ে বিরোধ: কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

    চুলার ধোঁয়া নিয়ে বিরোধ: কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

    কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রান্নার চুলার ধোঁয়াকে কেন্দ্র করে প্রতিবেশী নারীর মারধরে নিহত হন জ্যোৎস্না বেগম। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আলোচিত এই হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—

    মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০)

    ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫) ও শহিদ (৫৫)

    আবুল কালামের ছেলে মাহবুব (৩৫)

    মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫)

    ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)

    মামলার বিবরণ থেকে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন ভুক্তভোগী জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়ির রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধ শুরু হয়। একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা মানা হয়নি।

    ঘটনার দিন এ নিয়ে কথা বলতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। তাঁরা উত্তেজিত হয়ে জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

    স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে মারা যান জ্যোৎস্না বেগম।

    এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

  • সিরাজগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা: ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার, পাঠাল কারাগারে

    সিরাজগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা: ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার, পাঠাল কারাগারে

    রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    সাদ্দাম হোসেন (২২): ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

    আশিক হোসেন (৩৯): সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

    ইমরুল কায়েস (১৯): সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

    সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, সোমবার রাতে সায়দাবাদ এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দিয়ে নাশকতার অপচেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ঘটনার পর থেকে রেললাইন ও আশপাশের এলাকায় জিআরপি ও জেলা পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি; ঢাকা ও দেশের অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • গোপালগঞ্জ কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জাালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

    গোপালগঞ্জ কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জাালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

    গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৭টার দিকে কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় একদল নেতাকর্মী অবস্থান নেন।

    এ সময় তাঁরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকেন।

    এ ঘটনার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ইব্রাহিম হোসেন তার নিজের ফেসবুক পেজে কর্মসূচির একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন তার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।

    একই সময়ে উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন একই সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মহেশপুর রেলওয়ে স্টেশনেও গভীর রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।

    এদিকে, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

    তবে এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • পুলিশের পোশাকের আড়ালে একজন মানবিক মানুষ  অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ।

    পুলিশের পোশাকের আড়ালে একজন মানবিক মানুষ অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ।

    পুলিশের পোশাকের আড়ালেও যে একজন মানবিক, বিনয়ী ও নীতিবান মানুষ থাকতে পারেন, তারই দৃষ্টান্ত স্থাপন করছেন অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকতার কারণে পুলিশ ও সাংবাদিক মহলে প্রশংসিত হচ্ছেন এই পুলিশ কর্মকর্তা।

    পুলিশের ক্ষমতা কিংবা পদমর্যাদাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার নয়, বরং মানুষের সমস্যা সমাধান এবং জনগণের সেবা করাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব বলে মনে করেন। তাঁর চিন্তা-চেতনা ও বক্তব্যে উঠে এসেছে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সততা এবং সেবার মানসিকতা।

    সম্প্রতি চট্টগ্রামে দায়িত্ব পালনকালে প্রশংসিত হওয়ার পর রংপুর মেট্রোপলিটন পুলিশে যোগ দিয়েও সাধারণ মানুষের আস্থা অর্জনের প্রত্যাশা নিয়ে কাজ করছেন তিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর বিনয়ী মনোভাব এবং মানবিক দৃষ্টিভঙ্গি ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

    নিজের অবস্থান ও ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে নাজমুল হাসান বলেন,
    আজ আমি যে চেয়ারে বসে দায়িত্ব পালন করছি, সেটি মহান আল্লাহর ইচ্ছাতেই সম্ভব হয়েছে। আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যেই আমার এই অবস্থান পরিবর্তন করে দিতে পারেন। সবকিছুই তাঁর ইচ্ছাধীন। তাই এই পদ-পদবি নিয়ে অহংকার করার কিছু নেই। এখানে বসে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি কখনোই চাই না, আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত কিংবা কর্মকাণ্ডের কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক বা অযথা সমস্যায় পড়ুক।

    পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণে দুটি গুরুত্বপূর্ণ পেশা
    পুলিশ ও সাংবাদিকতা,দুটি পেশাই রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই কর্মকর্তা।

    তাঁর মতে, একজন পুলিশ কর্মকর্তা অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। অন্যদিকে একজন সাংবাদিক সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকারহীনতার বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেন,তিনি আরো বলেন।
    পুলিশ কখনো সবার কাছে ভালো হতে পারে না। কারণ একজন অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে স্বাভাবিকভাবেই সেই অপরাধী পুলিশকে ভালো চোখে দেখবে না। আবার একজন নিরপরাধ মানুষের পাশে দাঁড়িয়ে তার ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে সেই মানুষ পুলিশকে ভালোবাসবে। তাই কে কী বলল, সেটি বড় বিষয় নয়; বরং নিজের দায়িত্ব কতটা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলাম, সেটিই গুরুত্বপূর্ণ।

    পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, দুই পেশার মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, ভালোবাসা ও পেশাগত সৌহার্দ্য থাকা জরুরি। একজন আরেকজনের প্রতিপক্ষ নয়; বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে পরস্পরের সহযোগী হওয়া উচিত।

    সাংবাদিকদের উদ্দেশে তাঁর বক্তব্য, পুলিশের কিছু সদস্য যেমন ভুল করতে পারেন, তেমনি সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ পেশাগত বিতর্কের জন্ম দিতে পারেন। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে পুরো পেশাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে নৈতিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রয়োজন।

    জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য

    নাজমুল হাসানের দৃষ্টিতে, পুলিশ প্রশাসন হলো জনগণের নিরাপত্তার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। অন্যায়, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। অন্যদিকে সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন।

    তিনি মনে করেন, পুলিশ ও সাংবাদিকরা যদি ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতার প্রভাব কিংবা পারস্পরিক ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করেন, তাহলে সমাজ আরও বেশি উপকৃত হবে।

    তিনি আরও বলেন, আমাদের হাতের পাঁচটি আঙুল যেমন সমান নয়, তেমনি প্রতিটি পেশার মানুষের মধ্যেও ভালো-মন্দ থাকতে পারে। কিন্তু কয়েকজনের ভুলের কারণে পুরো পেশাকে অসম্মান করা উচিত নয়। পুলিশ ও সাংবাদিকদের একে অপরকে আপন ভাইয়ের মতো মনে করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।
    একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সার্থকতা শুধু পদমর্যাদা কিংবা ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো, নির্যাতিত মানুষের কথা শোনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার মধ্যেই তাঁর প্রকৃত পরিচয় ফুটে ওঠে।

    অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের বক্তব্যে সেই মানবিক পুলিশিংয়ের প্রত্যাশাই প্রতিফলিত হয়েছে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত মর্যাদা এবং সহযোগিতার পরিবেশ তৈরি হলে রাষ্ট্র, সমাজ ও সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে,এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

    সর্বোপরি, ক্ষমতার চেয়ে দায়িত্ব, পদমর্যাদার চেয়ে মানবিকতা এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়াই হোক প্রতিটি পেশাজীবীর অঙ্গীকার।

  • তদন্তে দুর্নীতি প্রমাণিত হলেও বিটিআরসিতে উল্টো পুরস্কৃত বিতর্কিত ২০ কর্মকর্তা!

    তদন্তে দুর্নীতি প্রমাণিত হলেও বিটিআরসিতে উল্টো পুরস্কৃত বিতর্কিত ২০ কর্মকর্তা!

    সরকারি নীরিক্ষায় আপত্তি, দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা প্রাপ্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত শ্বেতপত্রে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতির অকাট্য প্রমাণের উল্লেখ থাকা সত্ত্বেও ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া অভিযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান না করলেও উচ্চতর পদে বেতন বৃদ্ধির মাধ্যমে প্রতিদান দিয়েছে কমিশন।

    তথ্যমতে, বিটিআরসির উপ-পরিচালক, সহকারী ও উপ-সহকারী পরিচালক ও অন্যান্য যেকোনো পদে ন্যূনতম ৮ বছর কর্মরত আছেন এমন ৩৮জন কর্মকর্তার বেতন বৃদ্ধি করে ইতিমধ্যে আলাদা আলাদা চিঠিও জারি করেছে প্রতিষ্ঠানটি। এই বেতন বৃদ্ধির (পুরস্কার) তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য অভিযুক্ত ২০জনের নামও রয়েছে বলে বিটিআরসির মাসিক কার্যপত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

    এতে মহাপরিচালক (প্রশাসন) উল্লেখ করেন, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর অনুচ্ছেদ ৬ (১) অনুযায়ী, কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরেকে একই পদে আট বৎসর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে, স্বয়ংক্রিয়ভাবে নবম বৎসরে তাহার পদের মূল স্কেলের পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন।
    এ প্রেক্ষিতে, ৩৮ জন কর্মকর্তা উচ্চতর গ্রেড প্রাপ্যতার তারিখ হতে হতে যাবতীয় প্রাপ্য আর্থিক সুবিধাদি বকেয়াসহ প্রাপ্য হবেন।

    জানা যায়, বিতর্কিত যেসকল কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পেয়েছে তাদের মধ্য উপ-পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন মো. দেলোয়ার হোসেন, মো. মাইদুল ইসলাম, খালেদ ফয়সাল রহমান, মিরাজুল ইসলাম, শারমিন সুলতানা, তৌহিদুর নাহার, মো. রাইসুল ইসলাম, শামসুজ্জোহা, এস এম গোলাম সারোয়ার, এস এম তাইফুর রহমান, মাহরীন আহসান, মো. নাহিদুল হাসান, মো. মেহফুজ বিন খালেদ ও সামিরা তাবাসসুম, সিনিয়র সহকারি পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, তৌসিফ শাহরিয়ার ও তানজারা বিনতে আনসার, সহকারী পরিচালক কাউছার আহমেদ, ভান্ডার রক্ষক মো. মাসুদ কামাল, এবং ব্যক্তিগত কর্মকর্তা এফ এম সোয়েব শাহরিয়ার।

    বিটিআরসি সূত্র জানায়, ২০২০ সালে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পরিচালিত নিরীক্ষায় বিভিন্ন পদে নিয়োগ এবং পদোন্নতিতে অনিয়মের তথ্য উঠে আসে।
    ওই নিরীক্ষায় বলা হয়, বিটিআরসির ২৯ জন কর্মকর্তার নিয়োগে চাকরিবিধি, নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়া কোনোটিই অনুসরণ করা হয়নি।
    দুদকের অভিযান, একাধিক তদন্ত কমিটির প্রতিবেদনেও অনিয়মের প্রমাণ মেলে।
    অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত টেলিযোগাযোগ খাতের শ্বেতপত্র কমিটিও এ নিয়োগগুলোকে ‘অবৈধ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করে।

    ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিয়োগ ও পদোন্নতির ওপর পরিচালিত নিরীক্ষায় ধরা পড়া অনিয়মের ওপর ২০২১ সালে প্রথম তদন্ত কমিটি গঠিত হয় এবং তাতেও অনিয়মের প্রমাণ মেলে।
    পরবর্তী সময়ে ২০২৩ সালে এবং সর্বশেষ ২০২৪ সালে আরও দুটি কমিটি গঠন করা হয়, সেই তদন্তেও অনিয়মের প্রমাণ মেলে।
    ২০২৪ সালের ২২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন বিটিআরসিতে অভিযান চালিয়ে নিয়মবহির্ভূত নিয়োগের প্রমাণ পায়।
    কিন্তু অদৃশ্য কারণে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বারবার পুরস্কৃত করে আসছে।

    আরও জানা যায়, বিভিন্ন তদন্তে জুনিয়র পরামর্শকদের রাজস্ব খাতে, বয়স শিথিলতার অপব্যবহার এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মবহির্ভূত নিয়োগের বিষয়টি স্পষ্ট হয়। ২০২৫ সালের ৩০ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিটিআরসিকে ব্যবস্থা নিতে চিঠি দিলেও সেটি উপেক্ষিত হয়।

    পরে ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনায় বলা হয়, যাদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

    কিন্তু এসবের পরও বিটিআরসি ব্যবস্থা নেয়নি। এমনকি বর্তমান সরকারের সময়ে দুর্নীতর মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কারও কারও পদোন্নতি দেওয়ার চেষ্টা করে যা বিভাগীয় পদোন্নতি কমিটিতে আটকে যায়।

    এমনকি চলতি বছরের মার্চ মাসে উচ্চ আদালত রুল জারি করে বলে বিটিআরসিতে ২৯ জনের অবৈধভাবে নিয়োগের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, একই সঙ্গে তাদের পদোন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চায়।

    এতদসত্ত্বেও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কৌশলে অভিযুক্ত কর্মকর্তাদের পুরস্কৃত করলো বিটিআরসি।

    সূত্র জানায়, উপ-পরিচালক পদে কর্মরত সকলের নাম ২০২০সালের নিরীক্ষা প্রতিবেদন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটিসহ সকল প্রতিবেদনে উঠে আসে।

    সম্প্রতি আরেক নিরীক্ষা প্রতিবেদনে বিটিআরসিতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত যে আট জনের নাম উঠে আসে তাদের মধ্যে রয়েছে সিনিয়র সহকারি পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, তৌসিফ শাহরিয়ার, সহকারী পরিচালক কাউছার আহমেদ, ভান্ডার রক্ষক মো. মাসুদ কামাল, এবং ব্যক্তিগত কর্মকর্তা এফ এম সোয়েব শাহরিয়ার, সহকারী পরিচালক কাউছার আহমেদ, মো. মাসুদ কামাল, এবং ব্যক্তিগত কর্মকর্তা এফ এম সোয়েব শাহরিয়ার।

    এদিকে, অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের বেতন তড়িঘড়ি বৃদ্ধি করা হয়েছে এমন এক সময় যে মাস হতে নতুন পে-স্কেল কার্যকর হতে চলেছে। এজন্য চলতি বছরের ১জুলাই থেকেই তাদের বেতন বকেয়াসহ পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বিটিআরসি। ফলে নতুন পে-স্কেল বাস্তবায়নের দিন থেকেই এই কর্মকর্তাদের চার মাসের বকেয়া প্রাপ্তির বাড়তি সুবিধা প্রাপ্তিও নিশ্চিত করে দিয়েছে বিটিআরসি।

    সোমবার (১৯ অক্টোবর) উপ-পরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা) সেলিনা পারভীন সাক্ষরিত এক আদেশও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘বর্ণিত সুবিধা ১জুলাই, ২০২৬ হতে কার্যকর হবে। কর্মকর্তাগন বেতন নির্ধারণী সুবিধা ব্যাতিরেকে ৩০জুন ২০২৬ বা এর পূর্বে কোনো বকেয়া প্রাপ্য হবেন না’ বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

    এ প্রসঙ্গে জানতে দুদিন চেষ্টা করেও বিটিআরসির সাড়া মেলেনি। এমনকি সংস্থাটির জনসংযোগ বিভাগের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

    সার্বিক বিষয়গুলো অবহিত করে মন্তব্য জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব (টেলিকম) মোহাম্মদ শহীদুল্লাহ টাইমস টুডেকে বলেন, বেতন-ভাতাদির বিষয়গুলো বিটিআরসির অভ্যন্তরীণ, এখানে মন্ত্রণালয়ের ভূমিকা নেই। তবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে কয়েকবার। তাদের বেতনবৃদ্ধির বিষয় জেনে অবাক হলাম, আবারও এ বিষয়ে ফলোআপ করা হবে।

  • নতুন বিজ্ঞপ্তি ছাড়াই পদ বাড়ানোর অভিযোগ: নেসকোর ৫ ক্যাটাগরির মৌখিক পরীক্ষা স্থগিত

    নতুন বিজ্ঞপ্তি ছাড়াই পদ বাড়ানোর অভিযোগ: নেসকোর ৫ ক্যাটাগরির মৌখিক পরীক্ষা স্থগিত

    নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)–এর একটি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।
    ২৬টি সহকারী পদের বিপরীতে প্রকাশিত বিজ্ঞপ্তির বাইরে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ না করে ৬৫টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।

    এ ছাড়া নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও ফলাফল একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে।

    এ ঘটনায় নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং ৬৫টি পদের বিপরীতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি অভিযোগকারী মো. আসকর আলী পরামানিক।

    অভিযোগপত্রে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মিজানুর রহমান, ব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. নুরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

    অভিযোগকারীর দাবি, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেসকোর কয়েকটি নিয়োগের লিখিত পরীক্ষা রুয়েটে অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের হস্তক্ষেপ ছিল। অভিযোগে বলা হয়, পরীক্ষার আগের দিন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহীর মাস্টারপাড়া এলাকার নেসকো রেস্টহাউসে ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান ও রুয়েটের প্রভাষক ড. নুরুল ইসলাম বৈঠক করেন। পরে তারা একই গাড়িতে করে সেখান থেকে চলে যান।

    অভিযোগকারীর দাবি, পরীক্ষার আগের রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে পছন্দের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে অভিযোগপত্রে কোনো প্রত্যক্ষ প্রমাণের উল্লেখ করা হয়নি।

    অভিযোগপত্রে আরও বলা হয়, নেসকোর পরিচালক (ডিস্ট্রিবিউশন) মো. মোকলেসুর রহমান এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সুশান্ত সাহার পরিবর্তে প্রধান প্রকৌশলী মিজানুর রহমানকে বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ সিদ্ধান্তের কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

    নিয়োগ প্রক্রিয়ার পদসংখ্যা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। অভিযোগপত্র অনুযায়ী, সহকারী পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৬টি পদের কথা উল্লেখ ছিল। কিন্তু পরবর্তী সময়ে ৬৫টি পদের বিপরীতে পরীক্ষা নেওয়া হয় এবং ৩২৫ জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ না করায় অনেক যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এতে সরকার সম্ভাব্য রাজস্ব থেকেও বঞ্চিত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অভিযোগকারী।

    লিখিত অভিযোগে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ৬৫টি পদের বিপরীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে।

    এদিকে এই অনিয়মের অভিযোগের পরপরই গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে নেসকোর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো: আফাজ উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ২ অক্টোবর রুয়েটে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঘোষিত ৫টি ক্যাটাগরির সকল মৌখিক পরীক্ষা আগামী ২৮ অক্টাবর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত হওয়ার কথা ছিল। তা “অনিবার্য কারণবশত” স্থগিত করা হয়েছে।

    মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত“ স্থগিত করার আদেশ।
    মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত“ স্থগিত করার আদেশ।

    সহকারী ব্যবস্থাপক (অর্থ/অডিট/রেভিনিউ অ্যাসিওরেন্স)

    টেকনিশিয়ান-আঞ্চলিক মেরামত কারখানা

    জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ/অডিট/রেভিনিউ অ্যাসিওরেন্স)

    সহকারী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ/প্রকৌশল/বাণিজ্যিক পরিচালন/গ্রাহক সেবা/ক্রয়)

    সাহায্যকারী

    এ বিষয়ে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) আফাজ উদ্দিন বলেন, আগেই বোর্ড সভায় পদসংখ্যা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এখন পদাধিকারবলে নিয়োগ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা বাড়ানো বা কমানোর বিষয়টি উল্লেখ ছিল। তবে পরবর্তী সময়ে সাহায্যকারী পদে পদসংখ্যা বৃদ্ধির বিষয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

    মাস্টারপাড়া রেস্ট হাউসে পরীক্ষার আগের রাতে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন। পরীক্ষা কীভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে রুয়েটের শিক্ষকদের সমন্বয়ে একটি বৈঠক হয়েছিল। পরীক্ষাটি পরিচালনার দায়িত্বে ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই নিয়োগ কমিটির একজন সদস্য। তবে এ বিষয়ে আমি কিছুই জানি না।’

  • গোপালগঞ্জ ও  টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

    গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচিকে ঘিরে সকালে টুঙ্গিপাড়া মোড়ে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমবেত হন। তাদের অনেকের হাতেই ছিল লগি-বৈঠা। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা। পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভে অংশ নেন।

    পরবর্তী সময়ে লগি-বৈঠা হাতে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এর মধ্যেই বিক্ষুব্ধদের পক্ষ থেকে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

    ঘটনার পরও বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।

    এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়।

    অন্যদিকে, শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একই রাতে কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৫টি অবিস্ফোরিত ককটেল।

    তিনি আরও জানান, মঙ্গলবার জেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

  • বিমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

    বিমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

    রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের নানামুখী উদ্যোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

    সাক্ষাৎকালে মন্ত্রী জানান, নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগপর্যন্ত মধ্যবর্তী সময়ের চাহিদা মেটাতে বিমান লিজ নেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তবে লিজ গ্রহণের ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার ও রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ কারিগরি ও পরিচালনাগত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

    পাশাপাশি দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গোর চাহিদা পূরণে বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো বা ফ্রেইটার উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

    হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পেলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের এভিয়েশন খাতের আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।