Blog

  • এক যুগ পর মতিঝিলে নিজস্ব কার্যালয়ের দখল পেল বেসিক ব্যাংক

    এক যুগ পর মতিঝিলে নিজস্ব কার্যালয়ের দখল পেল বেসিক ব্যাংক

    দীর্ঘ এক যুগের আইনি লড়াই ও জটিলতার অবসান ঘটিয়ে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য কেনা নিজস্ব ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি।

    আদালতের চূড়ান্ত রায় ও নির্দেশের পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় ভবনটির দখল বুঝে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।

    ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেড-এর সঙ্গে চুক্তি করেছিল ব্যাংকটি।

    চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে নিচতলা থেকে ১২তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ভবনটি নির্মাণ করে দলিলসহ বেসিক ব্যাংকের কাছে হস্ততার কথা ছিল।

    নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর না করায় ব্যাংকের স্বার্থ রক্ষায় আইনি লড়াই শুরু করে বেসিক ব্যাংক।

    সম্প্রতি টাইটেল এক্সিকিউশন মামলায় আদালতের রায় ব্যাংকের অনুকূলে আসায় এই দখল হস্তান্তরের পথ সুগম হয়।

    দখল নেওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দ্রুত ভবনের অসম্পূর্ণ কাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করা হবে, যা ব্যাংকের বড় ধরনের আর্থিক সাশ্রয় করবে।

  • ঢাবিতে ‘ডেমোক্রেসি ডিবেট চ্যাম্পিয়নশিপ’: বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

    ঢাবিতে ‘ডেমোক্রেসি ডিবেট চ্যাম্পিয়নশিপ’: বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

    তরুণদের কণ্ঠে গণতান্ত্রিক মূল্যবোধ ও গঠনমূলক সংলাপের বার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডেমোক্রেসি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। রোমাঞ্চকর ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা নিজেদের নামে করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন।

    মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের (আইএমএল) মিলনায়তনে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘তারুণ্যের কণ্ঠ, গণতান্ত্রিক মূল্যবোধ ও গঠনমূলক সংলাপ’—এই প্রতিপাদ্য সামনে রেখে সকাল ৯টা থেকে শুরু হওয়া যুক্তি-তর্কের এই লড়াই শেষ হয় বিকেলে।

    ‘ডেমোক্রেসি ইন অ্যাকশন ২০২৬: বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তরুণ ও নীতিনির্ধারকদের সম্পৃক্তকরণ’ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে সিভিক ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। আয়োজনটিতে অর্থায়নে ছিল বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস এবং সহযোগী হিসেবে পাশে ছিল ইন্টিগ্রেটেড সোসাইটি ফর রেইজ অব হোপ (রিশ)।

    দেশের আটটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে শুরু হয় প্রথম রাউন্ড। সেখান থেকে যোগ্যতা প্রমাণের মাধ্যমে চারটি দল দ্বিতীয় রাউন্ডে উঠে আসে এবং সেরা পারফর্ম করে ফাইনালের টিকিট কাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সমাপনী ধাপে অসাধারণ যুক্তিশৈলী প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

    প্রতিযোগিতার সূচনা পর্বে সিভিক ইয়ুথ বাংলাদেশের সভাপতি সবাইকে স্বাগত জানান। বিশেষ বক্তা হিসেবে আয়োজনের সাফল্য কামনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবসার কামাল।

    পরবর্তী সময়ে পুরস্কার বিতরণী ও সমাপনী পর্বে অতিথিরা তরুণদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন:

    প্রধান অতিথি (নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফন বমেল): সংলাপে তরুণদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের ভিত মজবুত করতে পারে বলে উল্লেখ করেন।

    সম্মানিত অতিথি (বিইআরসি সদস্য ও বুয়েটের অধ্যাপক সৈয়দা সুলতানা রাজিয়া): দেশের তরুণদের সাহসের সঙ্গে নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

    বিশেষ অতিথি (সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহজাদা আল-আমিন কবির): গণতন্ত্র সুসংহত করতে তরুণদের নিজেদের কণ্ঠ সোচ্চার রাখার তাগিদ দেন।

    অতিথিরা বিজয়ী ও বিজিত সব দলের হাতে পুরষ্কার ও সম্মাননা তুলে দেন। আনন্দঘন পরিবেশে নেটওয়ার্কিং লাঞ্চ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।

  • ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের  ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

    ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে । সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

    অন্যদিকে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। পাশাপাশি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, বিসিক ব্রিজ, সোনাকুড় ও এলজিইডি মোড় ও বেদগ্রম-মিয়াপাড়া মোড় এলাকায় সড়ক অবরোধ করা হয়।

    আজ মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। পরে তাঁরা লগি-বৈঠা সমেত মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। তারা সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। এরপর মিছিল নিয়ে আবার পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয় (জিটি স্কুল) সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ–পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

    টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এদিকে বেলা ১ টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, বিসিকি ব্রিজ সংলগ্ন সড়ক, সোনাকুড় ও এলজিইডি মোড়,বেদগ্রাম বিশ্বরোড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীরা এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিসিক ব্রিজ এলাকার একটি টাইলসের দোকান ভাংচুর করেন বিক্ষোভকারীরা। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

    অন্যদিকে সকাল ৭টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময় উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা–খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

    এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ সমর্থকরা। এ দিন রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

    এ ছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণে ঘটানো হয় । এছাড়া রাতে কোটালীপাড়ার উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গেটে দুবৃত্তরা তালা ঝুলিয়ে দেয়।

    গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ৭টি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে পুলিশ সুপার দাবি করেন।

  • ‘পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই’

    ‘পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই’

    জনগণের ওপর গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো আইনি বা নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, শত শত শহীদের রক্তের ওপর দিয়ে যারা বিদেশে পালিয়ে গেছে, তারা আজ কীসের ভিত্তিতে দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট দাবি করছে? সাবেক সরকারের আইনমন্ত্রীর বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বলা হয়েছিল ফেরারি আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। অথচ এখন সেই মানবতাবিরোধী অপরাধীরা আইনের শাসন এড়িয়ে নানা সুবিধা চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি এসব অপরাধের কঠোর বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।

    তারেক রহমানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমান অমানুষিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার প্রয়োজনে নিয়ম মেনে বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ফলে পলাতক আসামিদের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ বজায় রাখতে হবে।

    নির্বাচন ও বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ আর কোনো রাতের ভোট বা প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই প্রতিনিধিত্বশীল সরকার বিচার বিভাগ ও সংবিধানের ভিত্তিতে আইনের শাসন নিশ্চিত করবে।

    বিজ্ঞানমেলায় উপস্থিত তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আজকের এই উদীয়মান তরুণ বিজ্ঞানীরাই ভবিষ্যতে বাংলাদেশের আইনস্টাইন ও নিউটন হয়ে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণ: সরকারের ৩ মেয়াদি কর্মপরিকল্পনা

    সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণ: সরকারের ৩ মেয়াদি কর্মপরিকল্পনা

    দেশের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি শূন্যপদ রয়েছে। এই বিপুল জনবল ঘাটতি দ্রুত ও স্বচ্ছতার সাথে পূরণ করতে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

    মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

    নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।

    তিন মেয়াদি পরিকল্পনা: শূন্যপদ পূরণের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি (৬ মাস, ১ বছর ও ৫ বছর) কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

    মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা: স্বচ্ছতা ও দ্রুততার সাথে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির অনুরোধ জানানো হয়েছে।

    কার্যক্রম শুরু: ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সব মন্ত্রণালয় ও বিভাগ শূন্যপদে নিয়োগের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

  • * বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে

    * বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে

    জাহাজ ও ফেরি কেনা থেকে জমি ব্যবস্থাপনা বিআইডব্লিউটিসিতে অনিয়মের বিস্তর অভিযোগ, তদন্ত প্রতিবেদন চাপা; ব্যবস্থা নেই অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নিয়োগ, পদোন্নতি, জাহাজ ও ফেরি কেনা, দরপত্র এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্তে।
    বিশেষ করে সংস্থাটির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানের বিধিবহির্ভূত পদোন্নতি এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা মানসুরা আহমেদের ভূমিকা নিয়ে তদন্ত প্রতিবেদনে গুরুতর পর্যবেক্ষণ রয়েছে। আশিকুজ্জামানের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে উচ্চপদে দায়িত্ব দেওয়ার ঘটনায় মানসুরা আহমেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং তাঁকে প্রধান কার্যালয়ের বাইরে বদলির সুপারিশ করা হয়েছে। অথচ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
    শুধু পদোন্নতিই নয়, জাহাজ ও ফেরি নির্মাণে চুক্তি লঙ্ঘন, দরপত্র ছাড়াই মেরামতকাজ, অকার্যকর সরঞ্জাম কেনা এবং সরকারি জমি বেহাতের মতো অভিযোগও উঠে এসেছে তদন্তে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা কার্যকর হয়নি।
    আশিকুজ্জামানের পদোন্নতিতে বিধি লঙ্ঘন
    তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানকে চলতি দায়িত্বে থাকা অবস্থায় পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে সংস্থার চাকরি প্রবিধানমালা ও প্রযোজ্য আইন-বিধি অনুসরণ করা হয়নি। এমনকি পূর্ববর্তী পদে নিয়মিতকরণ ছাড়াই তাঁকে উচ্চপদে দায়িত্ব দেওয়া হয়, যা চাকরি প্রবিধানমালার সঙ্গে সাংঘর্ষিক।
    প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, বিআইডব্লিউটিসির চাকরি প্রবিধানমালায় অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব কিংবা সাময়িক পদোন্নতি দেওয়ার কোনো বিধান নেই। অথচ প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে এসব ব্যবস্থাকে নিয়মিত প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। আশিকুজ্জামানের পদোন্নতির ক্ষেত্রেও বিধিবহির্ভূতভাবে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়।
    তদন্তে বলা হয়েছে, চাকরি প্রবিধানমালা ও নিয়োগবিধি অনুসরণ না করে নিজের ইচ্ছামতো শব্দ ও বাক্য ব্যবহার করে আশিকুজ্জামানের পদোন্নতির ব্যবস্থা করেন মানসুরা আহমেদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং প্রধান কার্যালয়ের বাইরে বদলির সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে নিয়োগ ও পদোন্নতি পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
    অর্থাৎ, তদন্তের কেন্দ্রীয় পর্যবেক্ষণ শুধু একজন কর্মকর্তার পদোন্নতিতে সীমাবদ্ধ নয়; নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব বিধিবিধান পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি ধারাবাহিক চর্চার দিকেও ইঙ্গিত করছে।
    অননুমোদিত অর্গানোগ্রামে নিয়োগ-পদোন্নতি
    বিআইডব্লিউটিসিতে অনুমোদনহীন অর্গানোগ্রাম ব্যবহার করে বছরের পর বছর নিয়োগ, পদায়ন ও পদোন্নতির অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় যাঁরা নিয়োগ বা পদোন্নতি পেয়েছেন, তাঁদের তালিকা প্রস্তুত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
    এ ছাড়া গত পাঁচ বছরে চতুর্থ শ্রেণির কর্মচারী—অফিস সহায়ক, গিজারম্যান, লস্কর ও নিরাপত্তাপ্রহরীসহ বিভিন্ন পদে নিয়োগের বৈধতা যাচাইয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। তদন্তের এই পর্যবেক্ষণ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ার অনিয়মের চিত্র আরও স্পষ্ট হতে পারে।
    জাহাজ নির্মাণে অর্থ পরিশোধ, বুঝে পায়নি নৌযান
    ঢাকা-বরিশাল-খুলনা নৌরুটে যাত্রী পরিবহনের জন্য ২০১৭ সালে এমভি বঙ্গমাতা ও এমভি বঙ্গতরী নামে দুটি জাহাজ বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু বারবার সময় বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স জাহাজ দুটি বুঝিয়ে দিতে পারেনি। অথচ ২০২১ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটিকে প্রকল্প ব্যয়ের প্রায় ৮৫ শতাংশ পরিশোধ করা হয়।
    নির্ধারিত সময়ে জাহাজ সরবরাহ না করায় ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নৌযান দুটি থেকে সম্ভাব্য আয় হিসাব করে ক্ষতিপূরণ হিসেবে ঠিকাদারের কাছ থেকে তা আদায়ের সুপারিশ করেছে মন্ত্রণালয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
    নকশার সঙ্গে মিল নেই ১৩৯ কোটি টাকার ফেরির
    গত বছরের এপ্রিলে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হওয়া ছয়টি নতুন ফেরি নিয়েও প্রশ্ন উঠেছে। ১৩৯ কোটি টাকা ব্যয়ে কেনা চিত্রা, ধানসিঁড়ি, বাইগার, গৌরী, কপোতাক্ষ ও মহানন্দা নামের ফেরিগুলোতে নির্ধারিত উচ্চতার বড় কাভার্ড ভ্যান ওঠানামা করতে পারছে না। সরবরাহ করা ফেরির সঙ্গে অনুমোদিত নকশারও মিল পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
    ফলে বিপুল অর্থ ব্যয়ে কেনা ফেরিগুলোর কাঙ্ক্ষিত ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নকশা অনুযায়ী নির্মাণ ও সরবরাহ নিশ্চিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
    চুক্তির আগেই ইঞ্জিন আমদানিতে এলসি
    কদম ও কুঞ্জলতা ফেরি নির্মাণেও অনিয়মের অভিযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী ফেরি দুটিতে সুইডেনের স্ক্যানিয়া ডি১১৩ ০৭০এম মডেলের ৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন এবং জার্মানির জেডএফ ৫০০ মডেলের গিয়ারবক্স বসানোর কথা ছিল।
    কিন্তু তদন্তে উঠে এসেছে, নির্মাণকাজের চুক্তি হওয়ার আগের দিন, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর, হাইস্পিড শিপবিল্ডিং চারটি ইঞ্জিন ও গিয়ারবক্স আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলে। কাজ পাওয়ার আগেই আমদানির উদ্যোগ এবং ইনভয়েসের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত।
    ইনভয়েস অনুযায়ী, স্ক্যানিয়া কোম্পানি থেকে ৩৩১ কিলোওয়াট বা ৫০০ হর্স পাওয়ার, ১ হাজার ৮০০ আরপিএম ক্ষমতার চারটি ইঞ্জিন এবং জেডএফ-ডব্লিউ ৩৫০-১ মডেলের গিয়ারবক্স আমদানির আদেশ দেওয়া হয়। পরিবহন ব্যয়সহ এসব যন্ত্রাংশের আমদানি মূল্য ছিল ৩ লাখ ১০ হাজার ইউরো। তৎকালীন হিসাবে এর মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।
    করোনা মহামারির কারণে নির্ধারিত প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) করা সম্ভব হয়নি বলে জানানো হলেও পরবর্তী সময়ে পিএসআই ছাড়াই ইঞ্জিন ও গিয়ারবক্স দেশে আনা হয়। চুক্তির আগে আমদানির উদ্যোগ এবং যথাযথ পরিদর্শন ছাড়াই যন্ত্রাংশ গ্রহণের বিষয়টি প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
    দরপত্র ছাড়াই মেরামতকাজ, দুদকে পাঠানোর সুপারিশ
    বিআইডব্লিউটিসির নিজস্ব ডকইয়ার্ড থাকা সত্ত্বেও ডুবে যাওয়া ফেরি আমানত শাহ, ফেরি ক্যামেলিয়া, ভাষা সৈনিক গোলাম মওলা এবং বিভিন্ন পন্টুন মেরামতের কাজ বাইরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। তদন্তে অভিযোগ করা হয়েছে, দরপত্র ছাড়াই কর্ণফুলী শিপ বিল্ডার্সকে এসব কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়েছে।
    এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠানোর সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
    পাঁচ কোটি টাকার ফগলাইট অকেজো
    ঘন কুয়াশায় ফেরি চলাচল নিরাপদ করতে ২০১৪ সালের এপ্রিলে পাঁচ কোটি টাকা ব্যয়ে নয়টি ফেরিতে উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চলাইট স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের কিছুদিনের মধ্যেই এসব ফগলাইট অকেজো হয়ে পড়ে। ফলে বিপুল অর্থ ব্যয় করেও প্রকল্পের প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি।
    এ প্রকল্পে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাইয়ের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। এ অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয়ের তদন্ত।
    সরকারি জমি বেহাতের অভিযোগ
    বিআইডব্লিউটিসির গুলশান হাউজ, চট্টগ্রাম, চাষাড়া, কয়লাঘাট ও সিরাজউদ্দৌলা রোডসহ বিভিন্ন স্থানে সংস্থার সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সরকারি সম্পত্তি উন্নয়নের নামে মূল্যবান জমি বেহাতের প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
    প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন, ব্যবস্থা নেওয়া হয়নি কারও বিরুদ্ধে
    সূত্র জানায়, যুগ্মসচিব মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে করা তদন্ত প্রতিবেদনটি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবেদনটি এখনো প্রকাশ করা হয়নি। তদন্তে যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
    সংশ্লিষ্ট মহলের অভিযোগ, প্রভাবশালী কর্মকর্তা ও ব্যক্তিদের নাম থাকায় প্রতিবেদনটি প্রকাশ এবং সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তবে প্রতিবেদন গোপন রাখার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
    অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. আবদুল বারী ড্যানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
    তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন না হলে আশিকুজ্জামানের পদোন্নতিসহ নিয়োগ, ক্রয় ও সম্পত্তি ব্যবস্থাপনায় চিহ্নিত অনিয়মের দায় নির্ধারণ অনিশ্চিতই থেকে যাবে। ফলে তদন্ত প্রতিবেদন প্রকাশ, সুপারিশের অগ্রগতি জানানো এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

  • পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ ও প্রতিবাদ

    পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ ও প্রতিবাদ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম এবং সম্পাদক ফয়সাল আলমসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

    অন্যরা হলেন চ্যানেল ২৪-এর অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এর হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী ও চিফ নিউজ এডিটর মো. আব্দুল কাইয়ুম (তুহিন)। এছাড়া,—চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ ও নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।

    মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।

    নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রচারিত কোনো প্রতিবেদন নিয়ে কারও আপত্তি বা সংক্ষুব্ধতা থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য উদ্বেগজনক।

    তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো প্রতিবেদনের বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়রানি বা চাপ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

    ডিআরইউ নেতৃবৃন্দ ফয়সাল আলমসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ ও আইনানুগ নিষ্পত্তির দাবি জানান। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

    এ বিষয়ে সাংবাদিক ফয়সাল আলম জানান, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদন প্রচারের পর ক্ষুব্ধ হয়ে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে সাত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

  • আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

    আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

    নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে আত্রাই থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিয়মিত মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার সদুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম বকুল (জিআর মামলা নং- ২৫৯/২৩), নবাবের তাম্বু গ্রামের মৃত সাবের আলীর দুই ছেলে মো. ওহিদুল ইসলাম (৩৬) ও মো. হাবিবুর রহমান (৫০) এবং একই গ্রামের মো. খবির উদ্দিন প্রামাণিক (৫৫) (সিআর মামলা নং- ২২৩/২৬)। এছাড়া আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী মোছা. জাহানারা বিবি (৩৬) এবং বিহারী গ্রামের মৃত কাজেম উদ্দিন মণ্ডলের ছেলে মাকসুদুর রহমান রুবেল (২৫) (সিআর মামলা নং- ৩৪৭/২৬, কোর্ট মামলা নং- ৮৭, সাজা- ৩৯/২৬)।

    এদিকে অভিযান চলাকালে প্রকাশ্যে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে হাতেনাতে আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

    এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

  • কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

    কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

    কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

    যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

    মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন গৃহবধূ জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও সমস্যার সমাধান হয়নি।

    এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার, মঞ্জিল মিয়া ও জ্যোৎস্না বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

    পরে স্বজন ও স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।

    দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। এতে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

  • কপ-৩১ শুরুর দিনেই তেল আবিষ্কারের ঘোষণা এরদোগানের, পরিবেশবাদীদের তীব্র ক্ষোভ

    কপ-৩১ শুরুর দিনেই তেল আবিষ্কারের ঘোষণা এরদোগানের, পরিবেশবাদীদের তীব্র ক্ষোভ

    জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ শুরু হওয়ার ঠিক প্রথম দিনেই নিজ দেশের জ্বালানি খাত নিয়ে এক বড় ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্মেলনের গুরুত্বপূর্ণ ভাষণের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দক্ষিণ-পূর্বাঞ্চলের গাবার তেলক্ষেত্রে নতুন কূপ চালুর মাধ্যমে তেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ বাড়ানোর সুখবর জানান।

    মূল বিষয়গুলো একনজরে:

    উৎপাদন লক্ষ্যমাত্রা: ২০২৭ সালের শেষ নাগাদ এই নতুন ক্ষেত্রগুলো থেকে প্রতিদিন ১ লাখ ব্যারেলের বেশি খনিজ তেল উত্তোলনের পরিকল্পনা রয়েছে।

    অর্থনৈতিক সম্ভাবনা: সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী এই অঞ্চল থেকে বার্ষিক প্রায় ৪৪০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থনৈতিক সুবিধা আসার আশা করা হচ্ছে।

    আমদানি নির্ভরতা কমানো: বর্তমানে তুরস্কের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়, যা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    পরিবেশবাদীদের তীব্র প্রতিক্রিয়া:
    বিশ্বের প্রায় ১৯০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর বৈশ্বিক আহ্বানের মাঝেই এমন ঘোষণা আসায় ক্ষোভ প্রকাশ করেছেন জলবায়ু কর্মীরা। আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ‘উর্জেভাল্ড’ আয়োজক দেশের প্রধান হিসেবে সম্মেলন চলাকালীন নতুন তেল উৎপাদনের ঘোষণাকে একটি ‘দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে।

    অন্যদিকে, এরদোগান সরকারের দাবি—অভ্যন্তরীণ খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি তারা ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনতে সবুজ শক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাস্তবায়নের কাজও চালিয়ে যাচ্ছে।