Blog

  • গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

    গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

    ‘একাউন্টটিং ফর গুড গভর্নেন্স’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

    দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    পরে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খসরুল আলমকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

    এর আগে এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইন সেমিনারে যোগদান করেন। সেমিনারে সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ হিসাববিদ গড়ে তুলতে হবে। যাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • ইসরায়েলে রহস্যজনক রুশ সামরিক বিমান: যাত্রীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা

    ইসরায়েলে রহস্যজনক রুশ সামরিক বিমান: যাত্রীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা

    ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রুশ সামরিক বিমানের আকস্মিক অবতরণ ঘিরে কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক ব্যক্তিদের যাতায়াতে ব্যবহৃত এই বিমানটির আগমনকে ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান।

    কান-এর প্রতিবেদন অনুযায়ী, মস্কোর নিকটবর্তী চকালোভস্কি বিমানঘাঁটি থেকে ছেড়ে আসা রাশিয়ার তুপোলেভ টিইউ-১৫৪ মডেলের বিমানটি গত রবিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বেন গুরিয়ন বিমানবন্দরে নামে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে প্রথম বিমানটির উপস্থিতি ধরা পড়ে।

    সোমবার সকালে বিমানটির উপস্থিতির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয় এবং জানা যায় এটি ওই দিনই ইসরায়েল ত্যাগ করার কথা রয়েছে, তবে সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এমন কোনো রুশ সামরিক বিমানের অবতরণ ঘটেনি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রুশ দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

  • ইসরাইলে নতুন সংসদের যাত্রা শুরু আজ: সরকার গঠনে জোর তৎপরতা আইজেনকোটের

    ইসরাইলে নতুন সংসদের যাত্রা শুরু আজ: সরকার গঠনে জোর তৎপরতা আইজেনকোটের

    সংখ্যাগরিষ্ঠতা হারানোর চরম অনিশ্চয়তার মধ্য দিয়েই আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসরাইলের ১২০ সদস্যের নবগঠিত পার্লামেন্ট (নেসেট)। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য যখন বিপন্ন, ঠিক তখনই বিরোধীদের সরকার গঠনের তোড়জোড় নতুন মাত্রা পেয়েছে।

    আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় নতুন এই পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের। বর্তমান রাজনৈতিক সমীকরণে নেতানিয়াহুর ডানপন্থী জোট বা বিরোধী পক্ষ—কারোরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট হারজোগ বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব অর্পণ করেছেন। নিয়ম অনুযায়ী, তাকে আগামী ২৮ দিনের মধ্যে কোয়ালিশন বা জোট সরকার গঠন করতে হবে। প্রয়োজন সাপেক্ষে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

    এদিকে অধিবেশন শুরুর আগেই বড় ধরনের রাজনৈতিক সমঝোতার খবর জানিয়েছে আইজেনকোটের শিবির। জোটের শরিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর পরবর্তী নেসেট স্পিকার হিসেবে দলটির নেতা মাতান কাহানার নাম চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

  • নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

    নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ

    দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৫টায় জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্যসচিব মো. সেলিম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন।

    সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। এ সময় খাগড়াছড়িতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তাঁরা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

  • মাধবপুরে গভীর রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

    মাধবপুরে গভীর রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

    হবিগঞ্জের মাধবপুরে এক রাতে পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কসহ দুটি স্থানে এসব মিছিল বের করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। একই সময়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভার অংশে সড়কেও যুবলীগের উদ্যোগে অপর একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

    পৃথক দুটি স্থানে রাতের আঁধারে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়।

    এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং মশাল মিছিলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মাধবপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান, জসিম শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান, ইমরান আহমেদ দীপু ও স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহমেদসহ অন্যরা।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে ব্যাপারে আমরা তৎপর আছি।’

  • আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে সিরাজদিখানে ছাত্রদলের মিছিল ও শোডাউন

    আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে সিরাজদিখানে ছাত্রদলের মিছিল ও শোডাউন

    কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কঠোর প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে দলটির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল, অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন সম্পন্ন করেন।

    মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজদিখান উপজেলা মোড় থেকে ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিশাল মোটরসাইকেল শোডাউন প্রদর্শন করেন।

    উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন:

    রাকিব মোল্লা – সাবেক যুগ্ম সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল

    মাসুদ রানা ফাহিম ও কাইয়ুম হোসেন – সাবেক যুগ্ম আহ্বায়ক, সিরাজদিখান উপজেলা ছাত্রদল

    আবির টুটুল – যুগ্ম আহ্বায়ক, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল

    আকাশ হোসেন – সভাপতি, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদল

    আবু রায়হান (সভাপতি) ও মমিনুল ইসলাম ফাহিম (সাধারণ সম্পাদক) – বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদল

    এছাড়া কাইয়ুম, আকাশ, অর্ণব, সেলিম, বোরহান, রেজা, হোসেন, সায়মন, নাদিমসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আসা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন

  • ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১৫৯৫

    ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১৫৯৫

    দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।

    মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    মৃত ৮ জন: এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।

    নতুন ভর্তি ১৫৯৫ জন: ঢাকায় (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, খুলনায় ২২০ জন, রাজশাহীতে ২২৯ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৬৭ জন।

    চলতি বছরের মোট পরিসংখ্যান (১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর):
    মোট আক্রান্ত: ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন

    সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন

    মোট মৃত্যু: ৪৭৪ জন

    বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন: ৬ হাজার ১৩৬ জন

  • চীনা নারী গুপ্তচরের সঙ্গে ‘সম্পর্ক’: বড় বিপাকে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি যুদ্ধ

    চীনা নারী গুপ্তচরের সঙ্গে ‘সম্পর্ক’: বড় বিপাকে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি যুদ্ধ

    যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এক চাঞ্চল্যকর বিতর্কের মুখে পড়েছেন। মেগাস্পিড কোম্পানির এক সাবেক নারী নির্বাহীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক এবং ওই নারী চীনা গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন—এমন খবর মার্কিন গণমাধ্যমে প্রকাশের পরই বিশ্ব প্রযুক্তি অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

    এতদিন ধরে হুয়াং চীনের বাজারে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য জোরালো ওকালতি করে আসছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে তিনি চীনসহ বিভিন্ন দেশে চিপ বিক্রির পথ কিছুটা সহজও করেছিলেন। তার যুক্তি ছিল, চীনে মার্কিন চিপ ব্যবহৃত হলে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত একাধিপত্য ধরে রাখা সহজ হবে। তবে এই নতুন গুপ্তচর কেলেঙ্কারির পর ওয়াশিংটনে সেই সমীকরণ সম্পূর্ণ পাল্টে গেছে।

    এই সম্পর্কের জেরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এনভিডিয়া-এর পরিচালনা পর্ষদ এর অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং জেনসেন হুয়াং নিজেও তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে বেইজিং এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও তাদের সম্মানহানির ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে।

    এই কেলেঙ্কারির সুযোগ নিয়ে এখন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতারাই চীনের কাছে চিপ রপ্তানির নিয়ম আরও কঠোর করার জোরালো দাবি তুলেছেন। এমন কিছু নতুন আইন পাসের চেষ্টা চলছে যার মাধ্যমে চীনে চিপ রপ্তানি পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ করা যায়। বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে হুয়াংয়ের প্রভাব অনেকটাই কমে যাবে এবং যারা চিপ বিক্রির বিপক্ষে অবস্থান নেন, তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন।

    সব মিলিয়ে, এই গুপ্তচর কেলেঙ্কারির ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার দীর্ঘদিনের চলমান প্রযুক্তি যুদ্ধকে আরও অনেক বেশি তীব্র ও জটিল করে তুলেছে।

  • জবিতে ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, ‘কঠোর ব্যবস্থা’র হুঁশিয়ারি

    জবিতে ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, ‘কঠোর ব্যবস্থা’র হুঁশিয়ারি

    ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে সরব হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

    দুপুরে জবি ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রধান ফটক অতিক্রম করে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ঘুরে আসে। পরে মিছিলটি পুনরায় ক্যাম্পাসে ফিরে ভাষা শহীদ রফিক ভবনের প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে নেতাকর্মীরা ছাত্রলীগ বিরোধী নানা স্লোগান দেন এবং অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির দাবি তোলেন।

    প্রশাসনিক ব্যবস্থা: ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গকে চিহ্নিত করে দ্রুত কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

    সংগঠনটির অবস্থান: সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন যে, ছাত্রলীগের পদধারী নেতাকর্মী এবং তাদের সমর্থক কতিপয় শিক্ষক-কর্মকর্তা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন।

    চূড়ান্ত সতর্কবার্তা: আহ্বায়ক হিমেল হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষাবিদ বা কর্মকর্তাদের সম্মানের খাতিরে এ যাবৎ কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অপতৎপরতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ছাত্র, শিক্ষক কিংবা কর্মকর্তা—কাউকেই আর ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।

  • যুদ্ধ বন্ধের চাবিকাঠি পারস্পরিক সম্মান, শক্তিপ্রয়োগ নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    যুদ্ধ বন্ধের চাবিকাঠি পারস্পরিক সম্মান, শক্তিপ্রয়োগ নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে সামরিক শক্তি কিংবা কঠোর নিষেধাজ্ঞা কোনো স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, বর্তমান সংকটের একমাত্র ও মূল সমাধান হলো পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা।

    ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আরাগচি বলেন, ওয়াশিংটনকে অবশ্যই ইরানের দেওয়া দুই দিনের বিশেষ পরিকল্পনা এবং শর্তগুলো মেনে নিতে হবে। এই প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলেই রয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান এই সংঘাতে ট্রাম্প যে কোনো উদ্দেশ্য সাধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং ভবিষ্যতেও সফল হবেন না—সে বিষয়টি তার অনেক আগেই উপলব্ধি করা উচিত ছিল। সম্প্রতি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরাইলকে সুরক্ষা দিতে গিয়ে দেশকে বারবার যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার নীতির বিরুদ্ধে দেশের মানুষ যে সোচ্চার, তা বুঝতে ট্রাম্পের নির্বাচন পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না।

    অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞার পথ যে পুরোপুরি ভুল—খুব দ্রুতই ট্রাম্প তা বুঝতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী