সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এ. কে. শামসুদ্দীন আহমেদ যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে অল্প সময়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকার অভিজাত এলাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি ও বিপুল সম্পত্তির মালিক তিনি। বর্তমান এই রাজকীয় জীবনযাত্রা দেখলে কেউ বিশ্বাসই করবেন না যে, মাত্র এক দশক আগেও এমন সচ্ছলতা ছিল তার কাছে দূরের কল্পনা।
শামসুদ্দীনের পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখা যায়, তার প্রয়াত দাদা আব্দুর রব সিকদার বরিশালের নিউ সার্কুলার রোডের একটি ছোট টিনশেড দোতলা ঘরে পরিবারকে বড় করেছিলেন। স্থানীয়দের মতে, শামসুদ্দীনের বাবা আশরাব আলী সিকদার সরকারি চাকরিতে থাকা অবস্থায় অবৈধ উপায়ে ধানমন্ডির ৫ নম্বর সড়কে ২৬০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট অর্জন করেছিলেন। বর্তমানে পরিবার নিয়ে সেই ফ্ল্যাটেই বসবাস করছেন শামসুদ্দীন। তার এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং আরেক মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। প্রশ্ন উঠেছে, “একজন সরকারি কর্মকর্তা কীভাবে এত ব্যয়বহুল শিক্ষার খরচ চালিয়ে যাচ্ছেন?”
তবে অবৈধ সম্পদের পাহাড় গড়ায় বাবাকেও ছাড়িয়ে গেছেন শামসুদ্দীন। ১৯৯৯ সালে সওজের পরিকল্পনা ও ডিজাইন বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। শুরুতে সীমিত বেতনে সংসার চালাতে হিমশিম খেলেও ২০১১ সালের এপ্রিল মাসে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হওয়ার পর থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। এরপর থেকে তার সম্পদ বৃদ্ধির যে ধারা শুরু হয়েছে, তাকে অনেকেই দুর্নীতির পাহাড় বলে অভিহিত করছেন।
সম্পদের অন্তহীন তালিকা: যেদিকে হাত দেন, সেদিকেই সোনা!
গত ১৫ বছরে সওজে নিজের পদ-পদবি ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এ. কে. শামসুদ্দীন আহমেদ। প্রাথমিক অনুসন্ধানে তার সম্পদের যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে:
ধানমন্ডি ৫ নম্বর রোড: ২৬০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট।
পশ্চিম ধানমন্ডি (মধু বাজার) রোড ১২/এ: একাধিক অ্যাপার্টমেন্ট।
ধানমন্ডি ৯/এ রোড: ছোট বোনের নামে একটি ফ্ল্যাট।
মোহাম্মদপুর (রায়েরবাজার জাফরাবাদ ও সুলতানগঞ্জ): আত্মীয়-স্বজনের নামে একাধিক অ্যাপার্টমেন্ট।
ঢাকা উদ্যান: একটি ছয় তলা ভবন।
আদাবর, মনসুরাবাদ, রোড ৪: স্ত্রী মনোয়ারা বেগমের নামে একটি ছয় তলা ভবন।
শামসুদ্দীনের সম্পত্তির তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকাররাও তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে মুখ খুলেছেন। তার কিছু সম্পত্তির দেখাশোনা করা আব্দুল করিম বলেন, “স্যারের কোটি কোটি টাকা আছে, মোহাম্মদপুরে তার আরও ফ্ল্যাট রয়েছে।” একইভাবে ঢাকা উদ্যান বাড়ির কেয়ারটেকার সোলাইমানও নিশ্চিত করেছেন যে, “ঢাকা উদ্যানের বাড়িটি নান্নু স্যারের।” এই প্রত্যক্ষ সাক্ষ্যগুলো শামসুদ্দীনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আরও জোরালো করেছে।
গুরুত্বপূর্ণ একটি সরকারি পদে থেকে এভাবে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি পুরো সড়ক ও জনপথ অধিদপ্তরকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। এখন সময় এসেছে তার এই অগাধ সম্পদের উৎস এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করার।