Blog

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

    সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।  শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে থাকাকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

     

    সরকার গঠনের ছয় মাস পর শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভার আকার বাড়ল। নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন; আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

    শুক্রবার রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। এর মধ্যে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

     

    গতকাল রাতেই জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা জানানো হয়েছিল। আজ প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। তাকেসহ এখন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন ১০ জন।

     

    এর মধ্যে জহির উদ্দিন স্বপন ছাড়াও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। শেষের দুজন রাজনৈতিক উপদেষ্টা ছাড়াও যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

     

    facebook sharing button
    twitter sharing button
    whatsapp sharing button
    messenger sharing button
    print sharing button
    copy sharing button

     

     

  • টিচার্স ট্রেনিং কলেজে ‘মাস্টার অব এডুকেশন-২০২৫’-এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

    টিচার্স ট্রেনিং কলেজে ‘মাস্টার অব এডুকেশন-২০২৫’-এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

    গভ. টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় ‘মাস্টার অব এডুকেশন-২০২৫’ (M.Ed)-এর শিক্ষার্থীদের গবেষণা ফলাফল উপস্থাপন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    ​আগামী সোমবার (২৪ আগস্ট) সকাল ১০:০০ টায় কলেজের ২০০১ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

     

    ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: খাদেমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: মগফুর হোসেন। সেমিনারে সভাপতিত্ব করবেন থিসিস কমিটি-২০২৫-এর আহ্বায়ক প্রফেসর ড. রঞ্জিত পোদ্দার।

     

    ​অনুষ্ঠানে মাস্টার অব এডুকেশন শিক্ষাবর্ষের শিক্ষক-গবেষকগণ শিক্ষা সম্পর্কিত তাঁদের পরিচালিত গবেষণার বিভিন্ন দিক ও গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরবেন। সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।

  • দাম বাড়ার পর আজ সোনার ভরি কত

    দাম বাড়ার পর আজ সোনার ভরি কত

    দেশের বাজারে গতকাল শনিবার আরেক দফা সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

  • জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট: আদালতের নির্দেশে সরছে সাড়ে পাঁচশো লিংক

    জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট: আদালতের নির্দেশে সরছে সাড়ে পাঁচশো লিংক

    ভারতের বহু অভিনেত্রী রয়েছেন, যাদের ছবি বা ভিডিও বিভিন্ন নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়া হয়। এবার এমনই অভিযোগে নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার করা সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন দিল্লির উচ্চ আদালত।

    ভারতীয় গণমাধ্যমের খবর, অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল (লিংক) অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে মামলায় প্রায় সাত হাজার লিঙ্কের উল্লেখ ছিল।

    ফ্যান পেজগুলোর বিষয়ে হাইকোর্ট স্পষ্ট করে বলেন, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজই স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না।

     

    এসব পেজে ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত।

     তবে কোনো পেজ যদি অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।

     

    জাহ্নবী কাপুরের করা এই মামলায় এআই-নির্মিত ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট ও বাণিজ্যিক শোষণের বিষয়টি উঠে আসে। আদালত এসব স্পর্শকাতর ও বিকৃত কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে বিবেচনা করার ওপর জোর দেন।

     

    জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তিনি অভিনেতা রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেন। সিনেমাটি চলতি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে এবং পরবর্তীতে জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।

  • ‘বাতিল’ হালের কাছে ২-০ গোলে হার, ম্যানইউর মৌসুম শুরুতেই ধাক্কা

    ‘বাতিল’ হালের কাছে ২-০ গোলে হার, ম্যানইউর মৌসুম শুরুতেই ধাক্কা

    ‘বাতিল’ হালের কাছে ২-০ গোলে হার, ম্যানইউর মৌসুম শুরুতেই ধাক্কা

    প্রিমিয়ার লিগে ফিরে প্রথম ম্যাচেই চমক দেখাল হাল সিটি। যাদের অনেকেই ‘বাতিল’ দল হিসেবে দেখেছিলেন, সেই হালের কাছে ২-০ গোলে হেরে দুঃস্বপ্নের মতো মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

     

    ইস্ট ইয়র্কশায়ারে ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে সেমি আজায়ির গোলে এগিয়ে যায় হাল। ৩৮ মিনিটে রেগান স্লেটারের ফ্রি কিক থেকে অভিষিক্ত নোবেল মেন্ডি ব্যবধান দ্বিগুণ করেন।

     

    প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচে আর ফিরতে পারেনি ম্যানইউ। গত মৌসুমে তৃতীয় হয়ে শেষ করা দলটির এমন পারফরম্যান্সে শুরুতেই ধাক্কা খেলেন নতুন কোচ মাইকেল ক্যারিক।

     

    প্রিমিয়ার লিগে ২০১৭ সালের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় পেয়েছে হাল। আর ১৯৭৪ সালের পর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।

     

    ম্যাচ শেষে ক্যারিক হারটিকে কষ্টদায়ক বলে স্বীকার করেন। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না তিনি। ক্যারিক বলেন, ভেতরে ভেতরে তারা কষ্ট পাচ্ছেন এবং দলকে আরও উন্নতি করতে হবে। তবে শান্ত থাকার অর্থ এই নয় যে দলের মধ্যে কোনো আবেগ নেই।

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন হুমায়ুন কবির। এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা।

     

    সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন তৈরি হয়েছে, হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না।

     

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির ২৩ ফেব্রুয়ারি সাধারণ পাসপোর্ট (সবুজ) জমা দেন। তিনি সে মাসেই সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট (লাল) নেন। তিনি ওই মাসে লাল পাসপোর্ট প্রথম ব্যবহার করে সৌদি আরব যান। গত ছয় মাসে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, ফিলিপাইনসহ অন্তত ১১ বার বিদেশ সফর করেছেন সরকারি পাসপোর্ট নিয়ে।

     

    যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ (রিনাউন্স) করেছেন কি না, তা তাঁরা নিশ্চিত করতে পারেননি।

  • জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার

    জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে।

    এমন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

    রাত আনুমানিক ২:২৫ মিনিটের সময় ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হন।

    পরবর্তীতে আটককৃতদের তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম-ঠিকানা: ১। কামিম আহম্মদ (২৮), পিতা-তোফাজ্জল হোসেন, মাতা-সোনারা বেগম, গ্রাম-কচুয়ারপাড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। আঃ করিম (৩০), পিতা-মনির মিয়া, মাতা-সাহিদা বেগম, গ্রাম-শাহী ঈদগা, ৩৬ নং ওয়াড, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩। সাইদুল ইসলাম (২২), পিতা-মোঃ শাহ আলম, মাতা-নাসিমা বেগম, গ্রাম-পুরাতন গদিগাও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, ৪। পাবেল আহম্মদ (২৬), পিতা-তরিক মিয়া, মাতা-বেদেনা বেগম, গ্রাম-নলকট, থানা-জালালাবাদ, জেলা- সিলেট, ৫। হোসাইন (২৩), পিতা-আঃ খালেক, মাতা- মিনারা বেগম, গ্রাম-নীলগাও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৬। রিপন চন্দ্র দাস (২৯), পিতা-হেমেন্দ্র চন্দ্রদাস, মাতা- ফুলতারা, গ্রাম-দিরাই চান্দপুর, থানা-দিরাই, জেলা- সুনামগঞ্জ, ৭। রাজু আহম্মদ (২৮), পিতা-সালাউদ্দিন, মাতা-সালেহা বেগম, গ্রাম-চারাদিঘীরপার, ১৬ নং ওয়াড, থানা-কোতোয়ালি, জেলা-সিলেট, ৮। আবিদুল ইসলাম (২৮), পিতা-সাহেদ আলী, মাতা-আফিয়া বেগম, গ্রাম-তাতিকোনা, থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৯। কাওছার হোসেন (২৬), পিতা- তোফাজ্জল হোসেন, মাতা-সোনারা বেগম, গ্রাম- সালুটিঘর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।

    উদ্ধারকৃত মালামালের বিবরণ: ১। একটি রেজিঃ নাম্বার বিহীন নীল সাদা রংয়ের Yamaha R15 মোটরসাইকেল, ২। একটি রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha MT15 মোটরসাইকেল, ৩। একটি রেজিঃ নাম্বার বিহীন সাদা রংয়ের Yamaha R15 মোটরসাইকেল, ৪। একটি রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha MT15 মোটরসাইকেল ৫। একটি রেজিঃ নাম্বার বিহীন কালো রংয়ের Yamaha R15 মোটরসাইকেল ৬। একটি রেজিঃ নাম্বার বিহীন নীল রংয়ের Yamaha R15 মোটরসাইকেল।

  • ঈদে মিলাদুন্নবীতে বাধার নিন্দা, নির্বিঘ্নে উদযাপনের আহ্বান

    ঈদে মিলাদুন্নবীতে বাধার নিন্দা, নির্বিঘ্নে উদযাপনের আহ্বান

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার থেকে দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে রাসুলপ্রেমীদের নির্বিঘ্নে দিবসটি পালনের সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

    শনিবার (২২ আগস্ট) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনের (ARGOO) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা। প্রধান অতিথির বক্তব্যে তিনি হযরত রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর জীবনাদর্শ অনুসরণ, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, “মানুষের জীবনে ধর্মের শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের অন্তর, চরিত্র ও আচরণে প্রতিফলিত হয়। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়েই মানুষের নৈতিক ও মানবিক চরিত্রের বিকাশ সম্ভব।”

    ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের বিষয়ে তিনি বলেন, “রাসুল (সা.)-এর শুভ জন্মদিন সৃষ্টিজগতের জন্য অত্যন্ত আনন্দের দিন। এ দিনটি উদযাপনে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে রাসুলপ্রেমীরা যাতে নির্বিঘ্নে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।”

    সেমিনারে প্রফেসর কুদরত এ খোদা ঈদে মিলাদুন্নবী প্রচলনে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুরের ভূমিকার কথাও তুলে ধরেন।

    সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের সাবেক সদস্য বিচারপতি মো. আওলাদ আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামানসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও ARGOO-এর আহ্বায়ক ড. পিয়ার মোহাম্মদ।

    সেমিনারে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

  • মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান: টুঙ্গিপাড়ার (এমপি)

    মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান: টুঙ্গিপাড়ার (এমপি)

    টুঙ্গিপাড়ায় মসজিদ-মন্দিরের সেবকরা পাচ্ছেন সরকারি ভাতা; মাদক ও জুয়াবিরোধী ঐক্যবদ্ধ আহ্বানের সূচনা
    মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় সেবকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

     

    আজ শনিবার (২২শে আগস্ট ২০২৬) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দল এই সভার আয়োজন করে।

    জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
    প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী মাদক ও অনলাইন জুয়ার সামাজিক কুফল তুলে ধরে বলেন, “আমাদের সম্ভাবনাময় যুবসমাজকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।

     

    মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব; তাঁদের আধ্যাত্মিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণদের সামাজিক নানা ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব।”
    অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ টুঙ্গিপাড়া উপজেলার ৭৭টি মসজিদের মোট ২৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে উপজেলার ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত ও সেবায়েতকেও এই ভাতার আওতাভুক্ত করা হয়।

     

    এ প্রসঙ্গে এস এম জিলানী আরও বলেন, “ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়মিত সম্মানী প্রদান ও তাঁদের পাশে দাঁড়াতে পারা অত্যন্ত আনন্দের ও গৌরবের। আর্থিকভাবে সামান্য স্বস্তি নিশ্চিত করা গেলে তাঁরা আরও নিবেদিতপ্রাণ হয়ে সমাজের মানবিক ও নৈতিক বিকাশে ভূমিকা রাখতে পারবেন।”

    সভায় মাদক ও অনলাইন জুয়াসহ সার্বিক অপরাধ প্রতিরোধে জুমআর খুতবা ও সামাজিক জমায়েতে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

    উক্ত আলোচনা সভায় স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় শহরের পৌর পার্ক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জারিফ তুহিন।

     

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম সমাপ্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মো. দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকরাও অংশ নেন।

     

    সমাবেশে বক্তারা বলেন, একসময় বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে জমিতে এক ফসল উৎপাদন হতো। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকার ও বেগম খালেদা জিয়ার উদ্যোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ফলে এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে যেসব এলাকায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন না, সেসব এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

    তারা বলেন, তারেক রহমান প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চান। চাঁপাইনবাবগঞ্জের কৃষি খাতে বরাদ্দ ও কৃষকদের উন্নয়ন নিয়েও সমাবেশে আলোচনা করা হয়। বক্তারা বিগত সরকারের সময়ে ব্যাংক খাতে অনিয়ম ও বিপুল ঋণের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সরকারের কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

    সমাবেশে বক্তারা জানান, পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হবে। তারা কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।পরে শান্তিপূর্ণভাবে কৃষক সমাবেশ শেষ হয়।