Blog

  • মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

    মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

    দেশের মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    আজ শনিবার বিকেলে রাজধানীর সাভারে ব্র্যাক সিডিএম সেন্টারে ইউজিসি আয়োজিত ‘ভাইস-চ্যান্সেলর ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোর মান মোটেও সন্তোষজনক নয়। সেগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ‌এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

    ‘শিক্ষার উন্নয়নে গবেষণার বিকল্প নেই’ মন্তব্য করে এহছানুল হক মিলন বলেন, ‘তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার গবেষণার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ করা হয়েছে। পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাজেটের যে সমস্যা রয়েছে তা দূর হবে।’

    তিনি আরও বলেন, ‘আমরা যদি গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারি, তাহলে শিক্ষার অগ্রগতি সম্ভব নয়। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যেন আরও বেশি গবেষণার সুযোগ সৃষ্টি হয়, সেদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে লক্ষ্য রাখতে হবে।’

     

    ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর গুরুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এদেশের শিক্ষক-শিক্ষার্থীরা বিদেশে অনেক ভালো ফলাফল করে। পাশাপাশি গবেষণা ক্ষেত্রে তারা বিশাল সাফল্য দেখাচ্ছে। তাদেরকে দেশে এনে সেই মেধাকে কাজে লাগাতে হবে।’

     

    এসময় তিনি বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্বের বিষয় তুলে ধরেন। এ ছাড়াও তিনি দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অপচয়ের ক্ষেত্রগুলো খুঁজে বের করে সেগুলো বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন।

  • বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী

    বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী

    বাংলাদেশে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের বিনিয়োগে আগ্রহের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের কিছু প্রস্তাব ও পরামর্শ রয়েছে। সরকার সেগুলো বিবেচনায় নিয়েছে।

     

    বাংলাদেশের বাণিজ্যঘাটতি ২৭ বিলিয়ন ডলারের বেশি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি, রপ্তানির তুলনায় বেশি। পৃথিবীর অনেক দেশেই আমদানি বেশি ও রপ্তানি কম। তাই বিষয়টি অস্বাভাবিক নয়। তবে দেশের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রপ্তানি বাড়লে আমদানির পরিমাণও বাড়বে।

    এ প্রসঙ্গে ভিয়েতনামের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশটির আমদানি-রপ্তানি মিলিয়ে বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ বিলিয়ন ডলার। বাংলাদেশে এর পরিমাণ প্রায় ৬০০ বিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনীতির আকারের সঙ্গে বাণিজ্যের পরিমাণ আরও সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

     

    সিলেট মহানগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিলেট মহানগরে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান মন্ত্রী। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের কর্মপরিকল্পনা নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

    পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলমত–নির্বিশেষে অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।’

     

    এর আগে শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের লক্ষ্য এই অবদান ৫০ শতাংশে উন্নীত করা।

     

    শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানিসংকটের টেকসই সমাধানের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে দৈনিক সাড়ে তিন থেকে চার ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব। স্টোরেজ–সুবিধা থাকলে সন্ধ্যার পিক আওয়ারেও এই বিদ্যুৎ ব্যবহার করা যাবে। সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এটি বাস্তবায়িত হলে শিল্প খাতে লোডশেডিংয়ের সংকট অনেকাংশে কমে আসবে।

    এদিন দুপুরে মন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার শাহপরান (রহ.) বাইপাস এলাকায় প্রস্তাবিত বিসিক-৩–এর জমি পরিদর্শন করেন।

  • তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এ থানা পরিদর্শনে গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

     

    শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে প্রশাসনিক কক্ষ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও খাবার জায়গা পরিদর্শন করেন।

     

    ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। পাশাপাশি নাইট ডিউটি ও পালাভিত্তিক দায়িত্ব পালনের সময়সূচি এবং কর্মপরিবেশ নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

     

    এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা দেওয়া। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকরা যেন কোনো ধরনের মাধ্যম ছাড়াই নির্ভয়ে থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

     

    পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ভাসমান দুই এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকে বাড়বে গ্যাস সরবরাহ

    ভাসমান দুই এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকে বাড়বে গ্যাস সরবরাহ

    প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আবার চালু হয়েছে। শনিবার (২২ আগস্ট) মধ্যরাত নাগাদ নতুন করে এলএনজি সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এতে দেশের চলমান গ্যাস-সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    শনিবার দুপুরের দিকে এলএনজিবাহী একটি কার্গো মহেশখালীর সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কার্গো থেকে এলএনজি খালাস শুরু হওয়ার প্রায় সাত ঘণ্টা পর গ্যাস সরবরাহে যুক্ত হওয়ার কথা।
    পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টার দিকে এলএনজি থেকে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ঘণ্টায় ৫৮১ মিলিয়ন ঘনফুট। বিকেল ৪টার দিকে তা বেড়ে ৬৮৬ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। একই সময়ে এলএনজিসহ দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট।

    দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে নিয়মিত সরবরাহ করা হয় প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগার পর গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়।

     

    এদিকে গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নতুন করে গ্যাস সরবরাহ বাড়ার খবরে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন শিল্প মালিকেরা। তবে যেসব এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, সেখানে স্বাভাবিক সরবরাহ ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

     

    তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ বলেন, প্রথমে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের চাহিদা পূরণ করা হবে। এরপর ঢাকাসহ তিতাসের আওতাধীন অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ বাড়বে। এ প্রক্রিয়ায় দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

    তিনি জানান, দীর্ঘদিন গ্যাস সরবরাহ না থাকায় বিভিন্ন পাইপলাইনে শূন্যতা তৈরি হয়েছে। ফলে নতুন করে গ্যাস সরবরাহ শুরু হলেও সব এলাকায় তাৎক্ষণিকভাবে স্বাভাবিক চাপ ফিরে নাও আসতে পারে।

     

    তিতাসের এই কর্মকর্তা আরও বলেন, গরমের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের জন্য বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দ বহাল রেখে লাইনে পাওয়া অতিরিক্ত গ্যাস থেকে রপ্তানিমুখী শিল্পকারখানায় সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

  • সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

    দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

     

    আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু (মোস্তফা জুলফিকার হাসান) এ কথা জানান।

    হাসান শিপুল বলেন, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা) রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

    সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

     

    প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ—দুটিই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    নদীবেষ্টিত হওয়ায় ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরতা রয়েছে। নতুন সড়ক সংযোগ তৈরি হলে সেই নির্ভরতা কমবে।

    সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটের বড় সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি একটি কার্যকর বিকল্প পথ হয়ে উঠতে পারে।

     

    সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ

    দেশের স্বাস্থ্যব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থাসংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

     

    প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি বলেন, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

    প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন। তিনি বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।

    রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এটি যেন সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

    পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।

     

    এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ও শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

    দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

    দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

     

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (২৩ জুলাই) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে। এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।

    অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না—সে বিষয়ে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছিল। কয়েকটি প্রতিষ্ঠান জবাব দিলেও তালিকাভুক্ত ৬২১টি প্রতিষ্ঠান এখনো কোনো ব্যাখ্যা জমা দেয়নি।

    এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বোর্ডে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদেশে আরও বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

     

    এদিকে অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের আওতাভুক্ত মোট ৬২১টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে।

     

  • কার্ড জালিয়াতি করে প্রধানমন্ত্রীর সভায় বিএনপির দুই নেতা

    কার্ড জালিয়াতি করে প্রধানমন্ত্রীর সভায় বিএনপির দুই নেতা

    মৃত নেতার নামে কার্ড জালিয়াতি: রাজশাহী বিএনপির দুই নেতাকে শোকজ

     রাজশাহীতে দলের এক প্রয়াত নেতার নামাঙ্কিত প্রবেশকার্ড ব্যবহার করে ঢাকায় বিএনপির উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় যোগ দেওয়ার অভিযোগে স্থানীয় দুই নেতাকে শোকজ করেছে দল। রাজশাহী মহানগর বিএনপির ২১ ও ২৫ নম্বর ওয়ার্ডের অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে গত ২০ আগস্ট এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়।

    বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের যৌথ স্বাক্ষরে এই পৃথক দুটি নোটিশ জারি করা হয়েছে।

     দলীয় ও নোটিশ সূত্রে জানা যায়, নগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস শহীদ আহমেদ বাদল কিছুদিন আগে মারা যান। গত ১৩ আগস্ট ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে একটি ‘সাংগঠনিক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠে, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদরতি খোদা মাহবুব ওই মৃত সভাপতির নামে ইস্যুকৃত কার্ড ব্যবহার করে সভায় প্রবেশ করেন।

    শুধু তা-ই নয়, কুদরতি খোদা মাহবুব ২১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেনের নামের কার্ডে ২৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আশরাফ আলী সিদ্দিকী বাবুর নাম বসিয়ে তার হাতে তুলে দেন। ওই ভুয়া কার্ড দেখিয়ে আশরাফ আলী সিদ্দিকী বাবুও অনুষ্ঠানে প্রবেশ করেন।

     নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদের নেতাদের কাছ থেকে এই ধরনের প্রতারণামূলক আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং দলীয় শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও ভাবমূর্তির পরিপন্থী।

    নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে উভয় নেতাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বা জবাব অসন্তোষজনক বিবেচিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিষয়ে ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কুদরতি খোদা মাহবুব ১৩ আগস্টের সভায় অংশ নেওয়ার কথা স্বীকার করলেও শোকজের চিঠি তখনও হাতে পাননি বলে জানান। অন্যদিকে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু জানিয়েছেন, অভিযুক্তদের লিখিত জবাব পাওয়ার পর পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

     

  • ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা: তেলবাহী লরি ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

    ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা: তেলবাহী লরি ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

    ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

    ঘটনাটির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো  ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকা; বেলা আড়াইটার দিকে। সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) উল্টোপথে গিয়ে চাপা দেয়।

    ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশু সহ চারজনকে মৃত ঘোষণা করেন। 1 নিহতদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিয়ামত আলী, তাঁর স্ত্রী, মেয়ে এবং সিএনজিচালক লালন মিয়া রয়েছে 

  • পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত

    পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

     

    নিহত নুরুজ্জামান আকন্দ উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত কদ্দুস আকন্দের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাহাদিয়া পাঁচপীর মাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নুরুজ্জামান আকন্দ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধারে এগিয়ে যান।

    এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    নুরুজ্জামান আকন্দ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

    পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোপালগঞ্জ গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের শুভেচ্ছা

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোপালগঞ্জ গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের শুভেচ্ছা

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের শুভেচ্ছা
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

    গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে দেওয়া এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিষেক বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    উপাচার্য বলেন, রাষ্ট্রপতি একই সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁর অভিভাবকসুলভ নেতৃত্ব, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।

    তিনি বলেন, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যে প্রত্যয় আমরা ধারণ করি, রাষ্ট্রপতির প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও সহযোগিতা সেই পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তাঁর পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের অবদান আরও সুদৃঢ় হবে।

    অভিনন্দন বার্তায় উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সার্বি