
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান আকন্দ উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত কদ্দুস আকন্দের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাহাদিয়া পাঁচপীর মাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নুরুজ্জামান আকন্দ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধারে এগিয়ে যান।
এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নুরুজ্জামান আকন্দ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জাহাঙ্গীর আলম,কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ 

























