Blog

  • গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে রদবদল: স্থানীয় সরকারে মঈন খান, তথ্য মন্ত্রণালয়ে আন্দালিভ পার্থ

    গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে রদবদল: স্থানীয় সরকারে মঈন খান, তথ্য মন্ত্রণালয়ে আন্দালিভ পার্থ

    নতুন মন্ত্রীদের শপথের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর খালি হওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান।

    বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া, রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    খালি থাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রু জেরীকে।

  • ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

    ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

    মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

     

    তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তারও শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয়ে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

    শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

     

    ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার নতুন প্রজন্মের জীবনযাপনে বড় প্রভাব ফেলছে। এর ফলে বই পড়ার মতো গঠনমূলক অভ্যাস কমে যাচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্ট শিশু-কিশোরদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ধর্ম, দল বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে যারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে হবে। একই সঙ্গে তাদের জীবন ও কর্মের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, এ ধরনের ইতিহাস ও অবদান তরুণদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে এবং সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করবে।

     

    ফকির মাহবুব আনাম বলেন, টাঙ্গাইলের অনেক গুণী ব্যক্তি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের কর্ম ও অবদান সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য বই প্রকাশের পাশাপাশি গ্রন্থাগারগুলোতে এসব বই ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

    সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, নিজেদের সৃজনশীলতা ও কর্মের মাধ্যমে যারা সমাজে অবদান রাখছেন, তাদের স্বীকৃতি অন্যদেরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

    অনুষ্ঠানে আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি শত বছরের সফল ব্যক্তিদের স্মরণে বিভিন্ন প্রকাশনা প্রকাশ এবং গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। আয়োজকেরা জানান, সফল ও গুণী ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদান স্মরণীয় করে রাখা এবং সমাজে ইতিবাচক চিন্তার প্রসারে এ আয়োজন করা হয়েছে।

    ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী।

    এ ছাড়া অনুষ্ঠানে ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, লেখক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

    গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

    মাদকের বিরুদ্ধে অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ৪৭(সাতচল্লিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোপালগঞ্জের পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান করা কালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১৫:৫০ ঘটিকার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন হরিদাসপুর ভেড়ার বাজার ঋষিপাড়াস্থ মানসুর শিকদারের বসত বাড়ি সংলগ্ন দোকানে অভিযান করে ৪৭(সাতচল্লিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১। মানসুর শিকদার (৩০), ২। সেলিম শেখ (৩৬) নামের ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ১। মানসুর শিকদার (৩০) এর কাছ থেকে ২৫ (পঁচিশ) পিচ এবং আসামী ২। সেলিম শেখ (৩৬) এর থেকে ২২(বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

  • রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

    শপথ অনুষ্ঠানে জানানো হয়, প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।

    এদিকে নতুন মন্ত্রিসভায় শপথ নিতে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

     

  • দুই লাখ পিস ইয়াবাসহ কারবারী গ্রেফতার

    দুই লাখ পিস ইয়াবাসহ কারবারী গ্রেফতার

    কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে বিজিবি। 

    গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা মৃত নূর আহমদ এর ছেলে মো. জিয়া উদ্দিন (৩৫)।

     

    শুক্রবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজিবি সূত্র জানায়, ২১ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টেকনাফের উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কুতুবের ঘের নামক স্থানে অবস্থান করে। ভোর ৪ টায় দুই জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল ধাওয়া করে জিয়া উদ্দিনকে (৩৫) আটক করে।

    পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

    উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

  • গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার

    গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার

    গোপালগঞ্জে শহরের জেলখানা রোড এলাকায় ডায়াবেটিস হাসপাতালের জেনারেটর রুমের তালা ভেঙে ব্যাটারি নিয়ে যাওয়ার সময় রাকিব মোল্যা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালের কর্মীরা তাকে ব্যাটারি নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে। পরে গোপালগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাটারিটি উদ্ধার করেন এবং রাকিবকে পুলিশ হেফাজতে নেয়।

    গ্রেপ্তার রাকিব মোল্যা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডেকী গ্রামের সরোয়ার মোল্যার ছেলে।

    হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাকিব জেনারেটর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। এ সময় হাসপাতালের কর্মীদের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে।

    পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যাটারি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, গত ২০ জুলাই হাসপাতালের ফার্মেসি থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অ্যান্টিবায়োটিক ওষুধ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে।

    এদিকে রাকিবের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ি থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন এলাকায় সামগ্রী চুরির অভিযোগ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করছেন গোপালগঞ্জ থানা পুলিশ।

  • রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

    রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

     বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন।

    বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ ও নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।

    বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

    ফলাফল ঘোষণার মাত্র ১৫ মিনিটের মাথায় চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়।

    এর ঠিক ১৫ মিনিট পর ঢাকার ব্রিটিশ হাইকমিশনও অনুরূপ এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়।

    •  তাদের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ‘

    • অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার নতুন যুগে যৌথ প্রচেষ্টার মাধ্যমে উভয় দেশ ও জনগণের কল্যাণে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে চীন।

    •  অভিনন্দন বার্তায় তারা জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্বকে সামনে আরও জোরদার করতে তারা নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।

  • জামায়াত থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

    জামায়াত থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

    বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত হন এই নেতা।

    হাসপাতালে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে নুরুল হক নুর বলেন, জামায়াতে ইসলামী ধর্মের লেবাস ব্যবহার করে ইসলামের মূল ভাবমূর্তির ব্যাপক ক্ষতিসাধন করেছে। ক্ষমতা পেলে দলটি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “তাদের নৈতিক চরিত্রের চরম অবক্ষয় ঘটেছে। কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা ও সাতক্ষীরার গাজী নজরুল তাদের এই নৈতিক পতনের জলন্ত প্রমাণ।”

    তিনি আরও অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছয় মাস অতিক্রম না করতেই জামায়াত অসন্তোষ প্রকাশ করে নানা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া শুরু করেছে। সরকার গঠনের খায়েশে দলটি এখন বেপরোয়া।

    সংসদ সদস্য আমির হামজার কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী নুর বলেন, “তিনি বিভিন্ন সময়ে নারী সংসদ সদস্য রুমিন ফারহানা ও ফারজানা পুতুলসহ অন্যান্য নারীদের উদ্দেশ্যে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি নোংরা বক্তব্য দিয়েছেন, যা জামায়াত পরোক্ষভাবে সমর্থন করে চলেছে।”

    তিনি আরও যোগ করেন, আমির হামজা ও গাজী নজরুলের এসব বিতর্কিত কর্মকাণ্ডের পর নিজেদের ‘ইসলামী দল’ হিসেবে দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই তাদের দল থেকে ‘ইসলামী’ নামটি ছেঁটে ফেলার আহ্বান জানান তিনি।

  • বিপুল ভোটে বিজয়ী মির্জা ফখরুল, লাল গোলাপ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    বিপুল ভোটে বিজয়ী মির্জা ফখরুল, লাল গোলাপ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে দেশের নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন তিনি।

    জাতীয় সংসদ ভবনে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ভোটগ্রহণে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টি ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। মোট ব্যবহৃত ৩৪৩টি ব্যালটই বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং অব্যবহৃত ছিল ৬টি ব্যালট।

    বিজয়ী ঘোষণার পরপরই সংসদে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশেই উপবিষ্ট ছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল। ফলাফল শুনে তিনি দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে তাঁকে করমর্দন ও লাল গোলাপ উপহার দিয়ে অভিনন্দন জানান। পরে উভয় নেতা কোলাকুলিতে আবদ্ধ হন।

    সংসদ কক্ষে উপস্থিত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা পর্যায়ক্রমে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।

    পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল ও কোলাকূলির মাধ্যমে অভিনন্দন জানান।

  • ক্রেডিট কার্ড প্রতারক চক্রের মূল হোতাসহ ২ জন সিআইডির হাতে গ্রেফতার

    ক্রেডিট কার্ড প্রতারক চক্রের মূল হোতাসহ ২ জন সিআইডির হাতে গ্রেফতার

    ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩ লাখ ৪১ হাজার টাকা ০৬টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বরে স্থানান্তর করে নেয়।

    গত ১৯/০৮/২০২৬ খ্রি. বিকালে দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিআইডি যশোর জেলা ইউনিটের একটি আভিযানিক দল।

    গ্রেফতারকৃতদের নাম- (০১) শাহীনুর রহমান শাহিন (৫০), পিতা-মৃত ইউসুফ তশীলদার, সাং- উত্তর রামনগন এবং (০২) সঞ্জয় গুপ্তা (৩১), পিতা-মৃত এতোবারি গুপ্তা, সাং-বাহাদুরপুর বাজার, উভয় থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহীনুর রহমান শাহিন একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। অপর সঞ্জয় গুপ্তা একই মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী যশোরের একটি হাসপাতালের একজন চিকিৎসক। গত ২১/১২/২০২২ খ্রি. তারিখে ভুক্তভোগী যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত একটি শোরুম থেকে পোশাক কেনার সময় একটি ব্যাংকের ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করেন। কার্ড ব্যবহারের সময় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় লেনদেন সম্পন্ন করতে প্রায় ১৫-২০ মিনিট সময় লাগে। পরবর্তীতে কয়েকদিন পর ৩১/১২/২০২২ খ্রি. তারিখ সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ভুক্তভোগী বাদীকে কল করে অজ্ঞাত ব্যক্তি নিজেকে ইবিএল-এর কর্মকর্তা পরিচয় দেয় এবং তার ক্রেডিট কার্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানায়। কার্ডটি পুনরায় সচল করার কথা বলে ওই ব্যক্তি বাদীর কাছ থেকে কার্ড-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে।

    এর কিছুক্ষণ পর রাতেই ০৭টি পৃথক লেনদেনের মাধ্যমে বাদীর অ্যাকাউন্ট থেকে মোট ৩ লাখ ৪১ হাজার টাকা ৬টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বরে স্থানান্তর করে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন বিষয়টা বুঝতে পেরে ওই চিকিৎসক বাদী হয়ে কোতয়ালী (যশোর) থানায় মামলা নং-৮৪, তারিখ-২১/০৩/২০২৩ খ্রি.; ধারা-৪০৬/৪২০/১০৯/৩৭৯ পেনাল কোড দায়ের করেন।
    সিআইডির তদন্তকালে তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান, সাক্ষ্য-প্রমাণ এবং পূর্বে গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দির মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মামলার তদন্তে পূর্বে গ্রেফতারকৃত এক অভিযুক্তর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি ও অন্যান্য তথ্য-প্রমাণে শাহীনুর রহমান শাহিন ও সঞ্জয় গুপ্তাসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

    তদন্তে আরও জানা যায়, আসামি শাহীনুর রহমান শাহিন একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরত থাকাকালে তার অধীনস্থ ব্র্যান্ড প্রমোটারদের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট একাধিকবার সংগ্রহ করে একাধিক সিম নিবন্ধন করাতেন। একটি সিম প্রকৃত গ্রাহকের কাছে দেওয়ার পর অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে নিবন্ধিত অন্য সিমগুলো শাহীনুর রহমান শাহিনের কাছে হস্তান্তর করা হতো বলে তদন্তে উঠে এসেছে।

    পরবর্তীতে এসব সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা হতো। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব সিম ও বিকাশ অ্যাকাউন্ট কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো এবং পরবর্তীতে বিকাশ প্রতারণা, ক্রেডিট কার্ড প্রতারণাসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করা হতো।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীনুর রহমান শাহিন ও সঞ্জয় গুপ্তা মামলার ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে রিমান্ডের পৃথক আবেদন প্রেরণের প্রক্রিয়া চলছে।

    মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি যশোর জেলা ইউনিট। সংঘবদ্ধ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং একই পদ্ধতিতে আরও কোনো ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।