
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত হন এই নেতা।
হাসপাতালে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে নুরুল হক নুর বলেন, জামায়াতে ইসলামী ধর্মের লেবাস ব্যবহার করে ইসলামের মূল ভাবমূর্তির ব্যাপক ক্ষতিসাধন করেছে। ক্ষমতা পেলে দলটি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, “তাদের নৈতিক চরিত্রের চরম অবক্ষয় ঘটেছে। কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা ও সাতক্ষীরার গাজী নজরুল তাদের এই নৈতিক পতনের জলন্ত প্রমাণ।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছয় মাস অতিক্রম না করতেই জামায়াত অসন্তোষ প্রকাশ করে নানা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া শুরু করেছে। সরকার গঠনের খায়েশে দলটি এখন বেপরোয়া।
সংসদ সদস্য আমির হামজার কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী নুর বলেন, “তিনি বিভিন্ন সময়ে নারী সংসদ সদস্য রুমিন ফারহানা ও ফারজানা পুতুলসহ অন্যান্য নারীদের উদ্দেশ্যে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি নোংরা বক্তব্য দিয়েছেন, যা জামায়াত পরোক্ষভাবে সমর্থন করে চলেছে।”
তিনি আরও যোগ করেন, আমির হামজা ও গাজী নজরুলের এসব বিতর্কিত কর্মকাণ্ডের পর নিজেদের ‘ইসলামী দল’ হিসেবে দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই তাদের দল থেকে ‘ইসলামী’ নামটি ছেঁটে ফেলার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক 

























