Blog

  • শ্লোগানে শ্লোগানে মুখর নয়াপল্টন

    শ্লোগানে শ্লোগানে মুখর নয়াপল্টন

    কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীদের দখলে।

    আজ বুধবার সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। এ মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

    মানববন্ধনে বক্তব্য রাখছেন সিনিয়র নেতারা। তবে বক্তব্যের ফাঁকে ফাঁকে এবং বক্তব্যস্থলের আশপাশে খণ্ড খণ্ডভাবে স্লোগান দিচ্ছেন কর্মীরা। খালেদা জিয়া বন্দি হওয়ার পরপরই নেতাকর্মীরা তাঁকে ‘মা’ বলে সম্বোধন করে আসছেন।

    এই কর্মসূচি ঘিরে সকাল সাড়ে ১০টা থেকেই নেতা-কর্মীরা নয়া পল্টন সমবেত হয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

    এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনের মানববন্ধনে অংশ নিচ্ছন। তাদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও আছেন।

  • কে ধরবে বিএনপির হাল

    কে ধরবে বিএনপির হাল

    আলোচনায় কোকোর স্ত্রী

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জিয়া পরিবারের পক্ষ থেকে বিএনপির হাল কে ধরবেন সে প্রশ্ন দেখা দিয়েছে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে। আইনি জটিলতার কারণে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়া দূরের কথা সশরীরে উপস্থিত থেকে দলীয় কর্মকাণ্ডও পরিচালনা করতে না পারায় ‘বিকল্প’ বা ‘সহায়ক’ হিসেবে অন্য কাউকে ভাবতে চাইছে দলটি। সে ক্ষেত্রে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির বিকল্প পাচ্ছে না তারা। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দুই মামলায় সাজাপ্রাপ্ত। যুক্তরাজ্যে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে এরই মধ্যে স্বীকার করেছে বিএনপি। দলটি বলছে, নাগরিকত্ব প্রত্যাহারের জন্য নয়, যুক্তরাজ্যে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় নিতে গিয়ে তারেক রহমান সে দেশের সরকারের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন।

    বিএনপির একাধিক নেতার মতে, শর্মিলা রহমান সিঁথি নিজে রাজনীতির ব্যাপারে আগ্রহ না দেখালেও সময়ের প্রয়োজনে হাইকমান্ডের নির্দেশে দলের নানা কর্মকাণ্ডে তাঁকে সম্পৃক্ত হতে দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে সিঁথির লন্ডন থেকে দেশে আসা, খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার কারাগারে সাক্ষাৎ, খালেদার বাসভবন ফিরোজায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনাসহ তাঁর নানা কর্মকাণ্ড ওই সম্ভাবনা জোরালো করেছে।

    বিএনপির ওই নেতারা বলছেন, খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানই দলের পথনির্দেশক। তাঁকে সহায়তা করার জন্য যে কেউ কাজ করতে পারেন। তিনি পরিবারের সদস্য হলে আরো ভালো।

    জানা গেছে, সিঁথি দেশে এসেছিলেন মার্চের শেষ সপ্তাহে। আর দেশ ত্যাগ করেন চলতি মাসের মাঝামাঝি। বিএনপির কয়েকজন সিনিয়র নেতার মতে, দুই সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় জাফিয়া ও জাহিয়া রহমানকে নিয়ে লন্ডন থেকে ঢাকায় আসেন তিনি। কারাগারে খালেদা জিয়া অসুস্থ—এমন খবর প্রকাশিত হওয়ার পর লন্ডন থেকে দুই মেয়েকে নিয়ে দেশে আসেন সিঁথি। দেশে আসার পরদিনই কারাগারে গিয়ে শাশুড়ির সঙ্গে দেখা করেন। সর্বশেষ গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়েও শাশুড়ির সঙ্গে দেখা করেন তিনি।

    দলীয় সূত্রে জানা যায়, সিঁথি দেশে আসার পর ফিরোজায় তাঁর সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তাঁদের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেশ কিছু নির্দেশনা মহাসচিবের কাছে দিয়েছেন তিনি। বৈঠকের শেষ পর্যায়ে যোগ দেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

    তবে দলটির এক ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পর তাঁর সন্তানরাই বিএনপির কাণ্ডারি হবেন। গৃহবধূকে দলের দায়িত্বে আনার পক্ষে নন বিএনপিপ্রধান। বেশ কয়েকবার জোবাইদার বিষয়ে বেগম জিয়াকে অনুরোধ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।

    পারিবারিক সূত্র মতে, কোকো মারা যাওয়ার পর সিঁথি তাঁর দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এখন তাঁরা লন্ডনেই বাস করছেন। তাঁর ভাসুর তারেক রহমানও সপরিবারে লন্ডনে অবস্থান করছেন। কোকোর পরিবারের সদস্যরা একই এলাকায় কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকছেন। লন্ডনে তাঁদের অভিভাবক তারেক রহমান। শর্মিলা রহমান সিঁথি সাবেক প্রকৌশলী হাসান রাজার মেয়ে। তাঁর জন্ম মাগুরায় মামাবাড়িতে। রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও বৈবাহিক সূত্রে চলে এসেছেন রাজনীতির আলোচনায়।

    হঠাৎ দেশে ফেরায় কয়েক দিন ধরেই মাগুরা-১ আসন থেকে শর্মিলা রহমান সিঁথির প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক গণমাধ্যমেও চলছে তার প্রচার। শর্মিলার বড় মামা সৈয়দ মোকাদ্দেস আলী মাগুরা জেলা বিএনপির সঙ্গে সম্পৃক্ত। জেলা বিএনপির একাধিক সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী মজিদ উল হক বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর মাগুরা-১ আসনে আরেক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী থেকে শুরু করে মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর পর্যন্ত কোনো প্রার্থীকে দিয়েই আসনটি পুনরুদ্ধার করতে পারেনি দলটি। সে কারণে স্থানীয় নেতারা নতুন করে হিসাব-নিকাশ করছেন। এরই মধ্যে স্থানীয় নেতাকর্মীদের মুখে মুখে শর্মিলার নামটি উচ্চারিত হচ্ছে।

    গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমানের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। কারণ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভবিষ্যতে নিঃসন্দেহ তিনি সরকারের নেতৃত্ব দেবেন।’

    দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘বিএনপিতে কে নেতৃত্বে থাকবেন বা কে থাকবেন না তা নির্ভর করবে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর। আমরা আইনজীবীদের মাধ্যমে চেয়ারপারসন আর যোগাযোগব্যবস্থা ব্যবহার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সামগ্রিক বিষয়ে পরামর্শ নিচ্ছি। এখন যদি তাঁদের পরামর্শে এই পরিবারের কেউ দায়িত্ব নেন সেটাও এই দুইজনের পরামর্শ মতে হবে। সেটিও ভবিষ্যতের কথা। এই মুহূর্তে এ নিয়ে আমরা ভাবছি না।’

  • ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে তারেক

    ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে তারেক

    তারেক রহমান কিভাবে যুক্তরাজ্যে অবস্থান করছেন জানতে চাইলে কোনো উত্তর দেন না ব্রিটিশ কর্মকর্তারা। সাংবাদিক, সরকারের প্রতিনিধি সবার কাছেই তাঁরা বরাবরই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা আইনের দোহাই দিয়ে এসেছেন। অবশেষে বিএনপিই প্রথমবারের মতো স্বীকার করল, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বাংলাদেশি পাসপোর্ট ফেরত দেওয়া এবং নাগরিকত্ব সমর্পণ নিয়ে বিতর্কের মধ্যে এক দিন আগেই তারেক রহমানের পাসপোর্ট জমা দেওয়ার তথ্য চ্যালেঞ্জ করে প্রমাণ দাবি করেছিল বিএনপি। তবে গতকাল মঙ্গলবার দলটি স্বীকার করেছে যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্যই তারেক রহমান তাঁর বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছেন।

    তবে সেই পাসপোর্ট জমা দেওয়াকে নাগরিকত্ব প্রত্যাহার বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন, বিএনপি তাকে ‘বেআইনি’ অভিহিত করেছে। এ ছাড়া তারেকের পাসপোর্ট-সংক্রান্ত ব্রিটিশ হোম অফিসের (স্বরাষ্ট্র দপ্তরের) চিঠিতে ১৩টি বড় ধরনের ভুল থাকার কথা দাবি করে একে ‘রহস্যময়’ বলে উল্লেখ করেছে বিএনপি।

    অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, চিঠিতে ভুল থাকার বিষয়ে বিএনপি ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরে অভিযোগ দিতে পারে। বিদেশে রাজনৈতিক আশ্রয় পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির মূল দেশের নাগরিকত্ব ছাড়তে হয় বলে দাবি করলেও তিনি স্বীকার করেছেন, ‘রাজনৈতিক আশ্রয়ে থাকা, পাসপোর্ট না থাকা আর নাগরিকত্ব না থাকা—এগুলোকে এক বিষয় বলে তিনি দাবি করবেন না। তাঁর মতে, এখানে আইনি ব্যাখ্যার সুযোগ আছে।’

    তারেক রহমানের পাসপোর্ট ও নাগরিকত্ব থাকা না থাকা নিয়ে বড় দুটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি চ্যালেঞ্জের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আমরা সবাই জানি যে তারেক রহমান সাহেব বিদেশে চিকিৎসার জন্য গেছেন। তারপর এখানে দেশে বর্তমান সরকার তাঁর বিরুদ্ধে যেভাবে মামলা-মোকদ্দমা এবং বিনা বিচারে সাজা দিচ্ছে সে কারণে তিনি অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) চেয়েছেন এবং তাঁকে সেটা দেওয়া হয়েছে। অ্যাসাইলামের সময় নিয়ম অনুযায়ী পাসপোর্ট জমা দিতে হয়।’

    তারেক রহমানের পাসপোর্ট বিতর্ক সামনে আসার প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, ২০১২ সালে তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে।

    ফখরুলের দাবি, সরকার ও সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তৃতা-বিবৃতিতে এটা স্পষ্টতই প্রমাণিত হয় যে বাংলাদেশে তারেক রহমানের জীবন নিরাপদ নয়। এ অবস্থায় তারেক রহমান বিশ্বের অসংখ্য বরণ্য রাজনীতিবিদ, সরকারবিরোধী বিশিষ্ট ব্যক্তির মতোই সাময়িকভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং সংগত কারণেই তা পেয়েছেন।

    বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী পাসপোর্ট জমা রেখে তারেককে ‘ট্রাভেল পারমিট’ দেওয়া হয়েছে। যখনই তিনি দেশে ফেরার মতো সুস্থ হবেন তখনই তিনি দেশের অন্যান্য নাগরিকের মতোই পাসপোর্টের জন্য আবেদন জানাবেন এবং তা অর্জন করতে পারবেন। সেটি তিনি ফেরত পাবেন।

    তারেক রহমানের পাসপোর্ট সমর্পণ করা নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বক্তব্য ঘিরে। গত শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেছিলেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান।’ এরপর গত সোমবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ওই বক্তব্যকে নির্জলা মিথ্যা দাবি করে বলেন, ‘তারেক রহমান যদি বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে থাকেন তাহলে সেটি প্রদর্শন করুন।’ রিজভী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। সেদিনই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাঁকে উদ্ধৃত করে খবর প্রকাশের দায়ে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদককে আইনি নোটিশ পাঠানোর কথা সাংবাদিকদের জানায় বিএনপি। তবে এর কয়েক ঘণ্টার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ সম্মেলন করে তারেক রহমানের পাসপোর্টের প্রতিলিপি এবং তারেক, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা জারনাজ রহমানের পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের (স্বরাষ্ট্র দপ্তর) মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে ফেরত দেওয়াসংক্রান্ত চিঠির প্রতিলিপি সাংবাদিকদের হাতে তুলে দেন।

    এবার চিঠি নিয়ে প্রশ্ন বিএনপির : তারেকের পাসপোর্ট জমা দেওয়ার কথা স্বীকার করলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরবরাহ করা ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের চিঠির সত্যতা নিয়ে গতকাল প্রশ্ন তুলেছে বিএনপি। মির্জা ফখরুল গতকাল সংবাদ সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের চিঠিতে ১৩টি বড় ধরনের ভুল পাওয়ার তথ্য তুলে ধরে বলেন, এমনটি ব্রিটিশ সরকারের পক্ষে করা খুব অস্বাভাবিক। তিনি বলেন, চিঠিতে প্রথমে লিখেছে দপ্তরের নাম। লিখেছে, ‘ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট’। ফখরুলের দাবি, এটির আসল নাম ইমিগ্রেশন কমপ্লায়েন্স অ্যান্ড এনফোর্সমেন্ট। ঠিকানায় কমা, ফুল স্টপ নেই। বাংলাদেশ হাইকমিশনকে লেখা হয়েছে দূতাবাস।

    হাইকমিশনের ঠিকানা হিসেবে কুইন্সগেটের বানানও ভুল আছে বলে দাবি করেন ফখরুল। ফোন ও ফ্যাক্স নম্বরগুলোও অপ্রয়োজনীয়ভাবে বোল্ড করে লেখা হয়েছে। এ ছাড়া এমন টাইপ ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর ব্যবহার করে না। তিনি বলেন, “ডিয়ার সারস (উঊঅজ ঝওজঝ), এটা অবশ্যই হবে উঊঅজ ঝওজ। চিঠির ওপরে চারটি পাসপোর্টের কথা লেখা আছে। বলা হয়েছে, ‘রিটেনশন’।”

    চিঠির শেষ দিকে ভুলের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “এরপরে থ্যাংক ইউর পরে কোনো ফুল স্টপ নেই। ‘ণড়ঁত্ং ঋধরঃযভঁষষু’-এর ‘ঋ’টাও বড় হাতের। সেটা কখনো ব্রিটিশরা লিখবে না এবং যিনি সই করেছেন তাঁর কোনো নাম নেই।”

    ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমানের) আইনজীবী এটা সম্পর্কে ডিটেইলস জানতে চেয়েছেন। জানলে আমরা পরে আপনাদের জানাব।’ তিনি আরো বলেন, ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে তারেক রহমানের পাসপোর্ট যদি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়ে থাকে এবং পাঠানো হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে তাতে কোনো আইন বা যুক্তিতে প্রমাণিত হয় না যে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যে আইনি নোটিশ দেওয়া হয়েছে, জনগণ তার জবাব জানার জন্য অপেক্ষা করছে।

    তারেক রহমানের আইনজীবী ও দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সংবাদ সম্মেলনে বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যে যে অ্যাসাইলাম সিক (রাজনৈতিক আশ্রয় প্রার্থনা) করেছেন, সেই অ্যাসাইলামে ব্রিটিশ আইনের ১৭ ধারা মোতাবেক উল্লেখ আছে যে পাসপোর্ট অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কারো কাছে যাবে না। শুধু যিনি হোল্ডার (মালিক) তাঁর কাছে যাবে। অন্য কোনো থার্ড পার্টির কাছে যাবে না। অতত্রব, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি—পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া হয়েছে, এটা রহস্যজনক ও সন্দেহজনক। ব্রিটিশ আইন অনুযায়ী তারেক রহমানের পাসপোর্টটা বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার কথা নয়।’

    রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি গোপন রাখতে চেয়েছিল বিএনপি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিবিসি বাংলাকে বলেছেন, অন্য দেশে রাজনৈতিক আশ্রয় পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির মূল দেশের নাগরিকত্ব ছাড়তে হয়। তিনি বলেন, ‘আমার ক্লেইমের (দাবির) মূল বিষয় নাগরিকত্ব ছিল না, ছিল পাসপোর্ট ফেরত দেওয়া। কিন্তু বিএনপির নেতার কথায়ই এখন প্রমাণ হচ্ছে যে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাই নাগরিকত্বের কথাটি আমি এখন আরো জোরালোভাবে দাবি করব।’

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যাসাইলাম সিকাররা (আশ্রয়প্রার্থীরা) রাষ্ট্রবিহীন বা স্টেটলেস থাকেন, তাঁরা যে দেশের লোক সে দেশে বাঞ্ছিত নন বা সে দেশে যেতে চান না, এ কারণে তাঁরা পাসপোর্ট সমর্পণ বা হ্যান্ডওভার করেন। তারেক রহমান ঠিক তাই করেছেন।’

    প্রতিমন্ত্রী বলেন, বিদেশে তারেক রহমানের কাছে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের একমাত্র দলিল ছিল তাঁর বাংলাদেশি পাসপোর্ট। সেটিই তিনি ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরে ফেরত দিয়েছেন। তিনি দাবি করেন, ‘ব্যাপারটা বিএনপি গোপন করতে চাইছিল। কারণ তারা সত্য স্বীকার করতে চায় না।’

    ‘রাজনৈতিক আশ্রয়ে থাকা, পাসপোর্ট না থাকা আর নাগরিকত্ব না থাকা—এগুলো এক বিষয় কি না জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিবিসিকে বলেন, ‘না, আমি সেটা দাবি করব না। এখানে আইনি ব্যাখ্যার সুযোগ আছে।’ পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাহলে তারেক রহমানের আইডেনটিটি (নাগরিকত্ব পরিচয়) কী? আমার নতুন প্রশ্নটি হলো, তিনি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্ট, ভিসা নিয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। সেই পাসপোর্ট ভিসা আর তিনি ব্যবহার করছেন না।’ তিনি আরো বলেন, ‘রাজনৈতিক আশ্রয় নিতে গেলেই তিনি যে দেশ থেকে গিয়েছেন সেই দেশের সব কিছু সারেন্ডার করতে হয়। সেই দেশের নাগরিক হিসেবে আপনি তা আর ক্লেইম করতে পারেন না। তারেক রহমান ঠিক তাই করেছেন।’

    তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কাছে হস্তান্তর বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের চিঠি প্রকাশ করা কতটা যৌক্তিক জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘১০০ ভাগ যৌক্তিক। কারণ বিএনপিই চ্যালেঞ্জ করেছিল যেন আমি এটা প্রকাশ করি। এ চিঠি গোপনীয় কিছু নয়।’

  • ময়মনসিংহের ত্রিশালে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন

    ময়মনসিংহের ত্রিশালে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন

    ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

    ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাছান প্রমুখ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, আমরা ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতন থেকে ১০০ ভিক্ষুককে তিন হাজার টাকা করে তিন লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করি। এই টাকা খাটিয়ে তারা ক্ষুদ্র ব্যবসা করবে। আমরা উপজেলা প্রশাসন থেকে তদারকি করব।

  • মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে মিজান হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে বহনকৃত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

    আটককৃত মিজান পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।

    জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় থানার এসআই ওসমান গণি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • গ্রামের পথে কবি বেলাল চৌধুরীর মরদেহ

    গ্রামের পথে কবি বেলাল চৌধুরীর মরদেহ

    ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মরদেহে তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

    আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে কবির মরদেহবাহী একটি এম্বুলেন্স ফেনীর পথে রওনা করে। ফেনীর শর্শদীতে পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করা হবে।

    এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কবি বেলাল চৌধুরীর মরদেহ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। কবি বেলাল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। পাশাপাশি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আত্মীয়-স্বজন ও কবির বন্ধুরাসহ কবিতাপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।

    কবি বেলাল চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

  • বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

    বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

    বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ মহাকাশে উৎক্ষেপণের সময় পিছিয়েছে। আগামী ৭ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এর আগে আগামী ৪ মে এটি মহাকাশে উৎক্ষেপণের জন্য সময় দেওয়া হয়েছিল।

    আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

    মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

    এর আগে গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু হারিকেন আরমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। এতে করে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও সূচির জটে পড়ে।

    এ নিয়ে দুই ধাপ পেছানো হলো বাংলাদেশের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের কাজ।

  • রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাবেন আগামীকাল

    রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাবেন আগামীকাল

    দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন।

    রাষ্ট্রপতির কার্যালয় থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ার সফরসূচির এসব তথ্য জানানো হয়েছে।

    আগামীকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। তারপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

  • বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

    বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

    বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাতে পুরনো রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

    আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের এই তথ্য জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত ১৯ মার্চ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

  • ঢাকায় গতিমাপক যন্ত্র ছাড়াই চলছে গাড়ি

    ঢাকায় গতিমাপক যন্ত্র ছাড়াই চলছে গাড়ি

    সিএনজিচালিত একটি অটোরিকশার গতিমাপক মিটার বলে কিছু নেই। ছবি: প্রথম আলো

    ঢাকায় ছুটে চলা জীবনে নানা ধরনের ছোট-বড় যানই হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ভরসা। বাস, মিনিবাস বা টেম্পো-লেগুনার মতো কোনো যানে উঠলে শাঁই করে আপনাকে পৌঁছে দেবে গন্তব্যে! কিন্তু সে যানের গতি নিয়ন্ত্রণে রাখার পরিমাপক যন্ত্রটি কি ঠিক আছে? আদৌ আছে কি না, সেটাও দেখার বিষয়।

    কারণ, ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে যানবাহনের নিয়ন্ত্রণহীন গতির কারণে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে।

    একটি বাসের ভাঙাচোরা ড্যাশবোর্ড। ছবি: প্রথম আলো

    দেখা গেছে, রাজধানীর গণপরিবহনের বেশির ভাগ গাড়ি চলে ‘চোখের আন্দাজে’ বা ‘হাতের মাপে’। কারণ, এ শহরে স্বল্প দূরত্বের জন্য বেশির ভাগ চালক বা সংশ্লিষ্ট লোকজন গতিমাপক মিটারের (স্পিডোমিটার) প্রয়োজন অনুভব করেন না। এ জন্য গাড়িতে এই গতিমাপক মিটার থাকল কি থাকল না, এ নিয়ে তাঁদের তেমন মাথাব্যথাও নেই। কোনো কোনো গাড়িতে তো ড্যাশবোর্ড বলেই কিছু নেই, যেখানে ওই মিটার বসানো থাকে।

    গত মঙ্গলবার ৫০টিরও বেশি বাস, মিনিবাস, লেগুনা ও সিএনজিচালিত গাড়ির ড্যাশবোর্ড দেখে ও চালকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। গতিমাপক যন্ত্র না থাকায় চালক জানেন না গাড়িটি কত কিলোমিটার গতিতে চলছে। অথচ প্রচলিত নিয়মে এই মিটার না থাকাটা বেআইনি।

    সিএনজিচালিত অটোরিকশার অকেজো গতিমাপক মিটার। ছবি: প্রথম আলো

     

    গতি না বুঝে কীভাবে গাড়ি চালান, তা জানতে চাইলে মারফত নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক বলেন, ‘আইডিয়ার ওপর চালাই। বারো বছর ধরে চালাচ্ছি।’

    অনেক এলাকায় লেখা থাকে ‘গতি নিয়ন্ত্রণ অঞ্চল’ বা ‘সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার’। সে ক্ষেত্রে কী করেন? এ ব্যাপারে চালক বলেন, ‘এ রকম থাকলে একটু “হালকা” চালাই আরকি!’

    শুধু অটোরিকশার চালক নন, বাস ও লেগুনাচালকদের মুখেও একই কথা।
    অর্ক ট্রান্সপোর্টের চালক তহিদুল বলেন, ‘১৮ বছর ধরে গাড়ি চালাই। হাতের আন্দাজ হয়ে গেছে। সে হিসাবেই চালাই। অসুবিধা হয় না।’

    সিএনজিচালিত অটোরিকশার অকেজো গতিমাপক মিটার। ছবি: প্রথম আলো

     

    গাড়ির গতিনির্দেশক মিটার কাজ করে কি না, জানতে চাইলে আলিফ পরিবহনের এক চালক ড্যাশবোর্ড দেখিয়ে বলেন, ‘এই তেলের মিটারটা চলে। বাকিগুলোর খবর জানি না।’

    মতিঝিল-বাড্ডা চলাচলকারী ‘৬ নম্বর বাস’ নামে পরিচিত একটি বাসে উঠে দেখা যায়, ভাঙাচোরা ড্যাশবোর্ড। গতিনির্দেশক মিটার বলেও কিছু নেই।

    এগুলো কেন ঠিক করেন না—এমন প্রশ্নের উত্তরে গতিনির্দেশক মিটারের দিকে নির্দেশ করে সুমন নামে ওই গাড়ির চালক বলেন, ‘এটা মালিকের ব্যাপার। আমি জানি না।’

    এ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, হয়! এই সেদিন ফার্মগেটে একটা গাড়িতে লাগল। কয়েকজন আহতও হয়।’

    সিএনজিচালিত অটোরিকশার অকেজো গতিমাপক মিটার। ছবি: প্রথম আলো

    অনেক ক্ষেত্রেই দেখা যায়, চালকেরা জানেনই না যে ড্যাশবোর্ড ও গতিনির্দেশক মিটার কাকে বলে এবং এর প্রয়োজনীয়তা কী।

    নিকেতন-ফার্মগেট সড়কপথে চলাচলকারী লেগুনার এক চালক বলেন, ‘এসব বুঝি না ভাই, হাতের মাপে চালাই।’

    বাংলাদেশের দ্য মোটর ভেহিকলস অরডিন্যান্স ১৯৮৩-এর আর্টিকেল ৭১-এর ৩ (বি)-তে গাড়ি চালানোর অনুমোদনের কিছু শর্ত দেওয়া আছে। সব ধরনের ‘অনুমোদনের জন্য শর্ত’ অংশে বলা আছে, ‘কোনো অনুমোদিত গাড়ি তার গতির চেয়ে বেশি গতিতে চালায় কি না, তা দেখতে হবে।’

    অথচ গতিনির্দেশক মিটার না থাকায় চালকের পক্ষে সর্বোচ্চ বা সর্বনিম্ন গতি মেনে গাড়ি চালানো অসম্ভব।

    দ্রুত বেগে বাস চলছে। তবে গতিমাপক মিটার দেখাচ্ছে শূন্য গতি। ছবি: প্রথম আলো

    এ বিষয়ে আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক (এনফোর্সমেন্ট) আ স ম হাসান আল আমিন বলেন, ‘এ ধরনের গাড়ির যাত্রী ও পথচারী উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা প্রতিনিয়ত এ রকম গাড়ির জরিমানা করছি। কালও (সোমবার) চারটি গাড়ি জরিমানা করেছি।’

    বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং উইং) মো. নূরুল ইসলাম বলেন, একটি গাড়ির অবশ্যই গতিমাপক মিটার থাকতে হবে। তিনি বলেন, গতিমাপক মিটার না থাকলে একটি গাড়ি কখনোই রাস্তায় চলার অনুমোদন পেতে পারে না।