Blog

  • গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না

    গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না

    আসন্ন গাজীপুর সিটি নির্বাচন করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

    সাংবিধানিক সংস্থাটি বলছে, সেরকম প্রয়োজন হলে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করে ভোটের মাঠের পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা নেবে তারা।

    দুই সিটি নির্বাচনের আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

    নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি-র‌্যাবের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগীয় কমিশমনার, খুলনা-গাজীপুরের প্রশাসন-পুলিশের শীর্ষ কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, “বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। এই নির্বাচনও সফল হবে বলে আশা করছি। সেই আপনাদের পরামর্শও প্রত্যাশা করছি।”

    আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “স্থানীয় নির্বাচনে কোনোভাবেই সেনা মোতায়েন করা হবে না- এ সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আগেও বলেছি আমরা; বিজিবি-র‌্যাব-পুলিশসহ আধা সামরিক বাহিনী থাকবে পর্যাপ্ত সংখ্যক। প্রয়োজনে দেশের যে কোনো এলাকা থেকে আরও বেশি নিরাপত্তা সদস্য আনা হবে।”

    আগামী ১৫ মে দুই নগরে অনুষ্ঠেয় এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সিইসির সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত প্রস্তাবও দিয়েছে তারা। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান এর বিপরীতে।

    এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, কমিশনের প্রতি আস্থা রয়েছে বলেই বিএনপি ভোটে অংশ নিচ্ছে।

    “আস্থা না থাকলে কেমন হবে! তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। আইন-শৃঙ্খলাবাহিনী, দল ও প্রার্থীসহ সবাইকে সিইসি বলেছেন- প্রচারে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।”

    এদিনের বৈঠকের কার্যপত্রে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়ে গঠিত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে ১৯টি। এছাড়া র‌্যাবের ৫৭টি টিম ও ২৯ প্লাটুন বিজিবি থাকবে।

    আচরণ বিধিমালা প্রতিপালন ও নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক সাজা দিতে গাজীপুরে ৮৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।

    অন্যদিকে খুলনা সিটি করপোরেশনে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়ে গঠিত ১০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের টিম থাকবে ৩১টি; বিজিবি থাকবে ১৬ প্লাটুন। এছাড়া এ সিটিতে ৪৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন বিচাকির ম্যাজিস্ট্রেট থাকবেন।

    বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি প্লাটুন গঠন করা হয় ২০ থেকে ৩০ জন সদস্য নিয়ে। ভোটের মাঠে প্রতি প্লাটুনে কতজন থাকবেন তা এলাকা অনুযায়ী ঠিক করা হবে।

    এসপি হারুণকে প্রত্যাহার নয়

    অভিযোগ থাকলেও গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার না করার ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব।

    এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিতে বিএনপির দাবির বিষয়ে প্রশ্ন করলে হেলালুদ্দীন বলেন, “একজন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে। সেখানে তিনি (এসপি) অসহযোগিতা করছে কিনা দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত তার বিষয়ে নির্বাচন কর্মকর্তা বা কেউ কোনো অসহযোগিতার রিপোর্ট আসেনি।”

    তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে গত ২৭ দিনে গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়েছে বলেও প্রতিবেদন আসেনি তাদের কাছে। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরাও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন।

    দুই সিতে স্বল্প পরিসরে ইভিম ব্যবহারের পরিকল্পনা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্র নির্ধারণ করা হয়নি বলে জানান ইসি সচিব।

    সোশাল মিডিয়া নিয়ে শিগগিরই বৈঠক

    দুই সিটি নির্বাচন সামনে রেখে অপপ্রচার ও গুজব ছাড়ানো রোধে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণে বিটিআরসি ও অপারেটরদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির’ রেশ ধরেই ইসি সোশাল মিডিয়া নিয়ে ভাবছে।

    ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “ভোটেও অপপ্রচার ও গুজব ছড়ানোর শঙ্কা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো যাতে না করা হয়; সেজন্যে কীভাবে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণ করা যায় বা নিরাপদে ব্যবহার করা যায় তা নিয়ে মতবিনিময় করা হবে।”

    তবে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণের বিষয়টি যে সহজ কিছু নয়, সে কথাও স্বীকার করেছেন তিনি।

    গণমাধ্যমের সঙ্গেও বসতে চায় ইসি

    ভোটের দিন ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সুশৃঙ্খলভাবে কাজ করার বিষয়ে নির্বাচন কমিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসবে বলে জানান ইসি সচিব।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা চাই- মিডিয়া ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যে যেন ভুল বোঝাবোঝি না হয়; সে জন্যে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করা হবে।”

  • ফখরুল কোনও বিশেষজ্ঞ চিকিৎসক কিনা জানতে চাই : কাদের

    ফখরুল কোনও বিশেষজ্ঞ চিকিৎসক কিনা জানতে চাই : কাদের

    সম্প্রতি আওয়ামী লীগ প্রতিনিধিদলের ভারত সফর ইস্যুতে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির নানা অভিযোগের প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে? পঁচাত্তর পরবর্তী সময়েও তারা আমাদের কোনও বিষয় নিয়ে হস্তক্ষেপ করেনি। ২০০১ সালে আমরা নির্বাচনে হেরেছিলাম। ভারত কি আমাদের জেতাতে চেয়েছে? তারা তো কোনও হস্তক্ষেপ করেনি।’

    বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসস কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। অতীতেও কি কখনও ভারত কাউকে ক্ষমতায় বসিয়েছে? ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। মোদী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের কোনও কথা হয়নি। এটা ছিলো পার্টি টু পার্টি সংলাপ। আমাদের যতটুকু বলতে হয় বলেছি, আমরা নির্বাচনে জয়লাভ করবো। এর বাইরে কোনও কথা হয়নি। এটা কার্টেসির ব্যাপার। কিন্তু মোদী সাহেব তো কিছুই বলেননি। আমরা আমাদের সম্পর্ক কীভাবে আরও ভাল করা যায় সেসব বিষয় নিয়ে কথা বলেছি।’

    মন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় স্বার্থে ভারতে যখন যে সরকারই আসবে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সাথে ৩২ মিনিটের মতো আলোচনা হয়েছে, আন্তরিক পরিবেশে। ভারতের ক্ষমতাসীন দল যতটা সম্মান আমাদের আওয়ামী লীগ প্রতিনিধিদলকে দিয়েছে সেটার সঙ্গে আমরা কতটা প্রাসঙ্গিক, আমরা দেশের জনগণের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মোদী সাহেব আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন।’

    তিনি বলেন, ‘জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধবকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি তাদের সিনিয়র নেতারা বাংলাদেশ সফরে আসবেন।’

    কাদের বলেন, ‘আমরা তিস্তা, রোহিঙ্গা কোনটাই বাদ দেইনি। দেশের স্বার্থে এসব কথা তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলেছি আমাদের সীমান্তকে কোনও সন্ত্রাসীগোষ্ঠীকে ব্যবহার করতে দেবো না। এ বিষয়টি ভালো করে তুলে ধরেছি।’

    তিনি বলেন, ‘তিস্তার পানির জন্য আমাদের দেশে প্রচুর মানুষ হাহাকারে আছে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বিশ্বাস করি তিস্তা চুক্তি যদি হয় তাহলে আমাদের দেশের জনগণ ইতিবাচক সাড়া ফেলবে।’

    ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে আসলেই নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তখন তাদের দায়িত্ব বণ্টন করে দেয়া হবে। আমরা গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা স্পষ্ট করে বলেছি এই দুই এলাকার যারা ঢাকায় আছেন তারাই শুধু নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। অন্য এলাকার কোনও লোক ওইসব এলাকায় যাবেন না। যেন কোনও প্রকারে আচরণবিধি লঙ্ঘন না হয়। যেন ওইসব এলাকার জনমনে কোনও বিভ্রান্তি সৃষ্টি না হয়।’

    তিনি বলেন, ‘গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও নির্বাচন কমিশনার স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। এখন সরকার যা যা করা দরকার তাই করবে। নির্বাচন কমিশনারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘দেশের জনগণ না চাইলে কি আমরা জোর করে ক্ষমতায় থাকবো? জোর করে ক্ষমতায় থাকা যায় না। আর কোন বিদেশী শক্তিও কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বিদেশীরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, ক্ষমতায় রাখা না রাখার মালিক জনগণ।’

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘ফখরুল ইসলাম কোনও বিশেষজ্ঞ চিকিৎসক কিনা জানতে চাই। বেগম খালেদা জিয়া কতটুকু অসুস্থ কিছুদিন আগেই মানুষ দেখেছে। এরপরও যদি জেলহাজতের ভেতরে উনি অসুস্থ হন তাহলে তাঁর সুচিকিৎসার জন্য যতটুকু করা দরকার আমরা করবো। কেউ চিকিৎসার অভাবে মারা যাক সেটা শেখ হাসিনার সরকার চায় না।’

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি তারেক রহমানের পাসপোর্ট নিয়ে যা করছে! সকালে একটা বলছে বিকেল বলছে অন্যটা। খাদের কিনারায় এসে তারা লাফালাফি করছে। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে এখন রাজনৈতিক আশ্রয় নিয়েছে তারেক রহমান। এখন সেটা ফাঁস হয়ে গেছে। এখন ফান্দে পড়িয়া বগা কান্দে রে!’ বিএনপি এখন পরিপূর্ণ মিথ্যাবাদী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

  • বংশগত হৃদরোগের ঝুঁকিতে আছেন যারা…

    বংশগত হৃদরোগের ঝুঁকিতে আছেন যারা…

    বংশগত কারণে হৃদরোগের সমস্যা অনেক মানুষকেই বয়ে বেড়াতে হয়। জেনেটিক কারণে একটি পরিবারের যখন হৃদরোগের ঝুঁকি হুমকি হয়ে দাঁড়ায়, তখন নিরাপদ থাকার উপায় আছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নাল সার্কুলেশনের এক গবেষণায় বলা হয়, মুষ্ঠিকে দৃঢ়করণ, শারীরিক পরিশ্রম এবং উন্নত কার্ডিও ও রেসপাইরেটরি ফিটনেস মানুষকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।

    ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিস স্কুল অব মেডিসিন এর মেডিসিন বিভাগের প্রফেসর এবং প্রধান গবেষক এরিক ইনগেলসন বলেন, এখানে আসল বিষয়টা হলো, শারীরিক শ্রম আসলে মানুষকে হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখতে পারে।

    গবেষণায় উপসংহার টানতে বিশেষজ্ঞরা ব্রিটেনের বায়োব্যাংক ডেটাবেজ থেকে ৫ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করেন। এ গবেষণায় বেশ কিছু মানুষ অংশ নেন। এরা সবাই বংশগতভাবে কার্ডিওভাসকুলার ডিজিসের ঝুঁকিতে রয়েছেন। দেখা গেছে, কাজ বা ব্যায়াম করে যারা বজ্রমুষ্ঠির অধিকারী হয়েছেন তাদের করোনারি হার্ট ডিজিসের ঝুঁকি ৩৬ শতাংশ কম। পাশাপাশি অ্যাটরিয়াল ফিব্রিলেশনের ঝুঁকিও তাদের ৪৬ শতাংশ কমে আসে। অন্যদিকে, দুর্বলদের ঝুঁকি অনেকটা বেশি।

    গবেষক বলেন, আসলে আমাদের গবেষণার মাধ্যমে হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকতে নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম বা কায়িকশ্রমের কথা বলা হচ্ছে না। তবে এর মাধ্যমে যে সংশ্লিষ্ট রোগ থেকে দূরে থাকা যায় তা নিশ্চিত বোঝা গেছে।

  • কাজলের কোমরের দাগ ছড়িয়ে পড়ছে সর্বত্র

    কাজলের কোমরের দাগ ছড়িয়ে পড়ছে সর্বত্র

    কাজল আগারওয়াল ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা। বেশ কিছু হিট তামিল ও তেলেগু ছবিতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি অভিনয় করেছেন ‘স্পেশাল ছাব্বিশ’ কিংবা ‘সিংহম’-এর মতো বলিউড সিনেমাতেও। তবে বলিউডে তেমন নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু এবার একটা বিতর্কিত প্রসঙ্গকে কেন্দ্র করে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেরই।

    বিতর্কে অবশ্য আগেও জড়িয়েছেন কাজল। কয়েক মাস আগে এক অভিনেতা মদ্যপ অবস্থায় শ্যুটিং স্পটেই খামচে ধরেছিলেন নায়িকার কোমর। সেই নিয়ে বেশ খানিকটা হইচই হয়েছিল কয়েকদিন। তারপর আসতে আসতে থিতিয়ে যায় সেই প্রসঙ্গ। কিন্তু এবার অন্য কারণে তিনি আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন। সৌজন্যে একটি লাভ বাইট।

    কিছুদিন আগে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল। যে পোশাকটি তিনি পরে গিয়েছিলেন, তাতে তার কোমর অনেকটাই উন্মুক্ত ছিল। তখনই দেখা যায়, নায়িকার ডান কোমরের পিছনের অংশে রয়েছে কামড়ের দাগ। সেইসঙ্গে লাল হয়ে রয়েছে জায়গাটা। উপস্থিত ফোটোগ্রাফাররা আর দেরি করেননি। টপাটপ তুলে ফেলেন নায়িকার শরীরে কামড়ের দাগের ছবি। সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছবিটি ছড়িয়ে পড়ে।

    কাজলের হয়তো উচিৎ ছিল কোমর-ঢাকা পোশাক পরে আসা। কিন্তু ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুলবশত, কোমরে কামড়ের দাগ যখন দেখিয়েই ফেলেছেন নায়িকা, তখন সেই নিয়ে গুঞ্জন তো শুরু হবেই। অনেকেই বলছেন, এ যেমন-তেমন কামড় নয়, এ হল লাভ বাইট অর্থাৎ প্রেমের কামড়ের চিহ্ন। স্বভাবতই প্রশ্ন উঠছে, কোন সেই ভাগ্যবান পুরুষ যিনি সুন্দরীর কোমড়ে কামড় দেওয়ার সুযোগ পেয়েছেন?

    সেই প্রশ্নের উত্তরে খোলসা করে কেউ কিছু না বললেও জানা যাচ্ছে, এক নামজাদা প্রযোজকের ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন কাজল। কিছুদিনের মধ্যেই দু’জন আনুষ্ঠানিকভাবে নাকি জানাবেনও নিজেদের সম্পর্কের কথা। তার আগেই কাজলের শরীরে লেগে থাকা আদরের দাগ জানিয়ে দিল সেই সম্পর্ক বিষয়ে। শুধু কি তাই, সেই সঙ্গে দু’জনের সম্পর্ক ঠিক কতদূর এগিয়েছে সেটাও কি জানা গেল না এই প্রেম-চিহ্ন থেকে— দুষ্টুমিমাখা এই প্রশ্নটি তুলছেন অনেকেই।

  • ‘রাতে পরিচালক ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন’

    ‘রাতে পরিচালক ঘরে এসে জড়িয়ে ধরতে চেয়েছিলেন’

    ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ ও যৌন হেনস্থার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। প্রকাশ্যে মুখও খুলেছেন তাঁরা। সম্প্রতি হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনকে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর যৌন লালসার শিকার হয়েছেন বহু অভিনেত্রী। মিডিয়ার সামনে মুখও খুলেছেন তাঁরা। আর এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর। শুটিং চলাকালীন খোদ পরিচালকের যৌন লালসার শিকার হন তিনি।

    বলেন, তখন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। এর আদব কায়দা খুব একটা বুঝতাম না। একটা ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। একটি প্রত্যন্ত এলাকায় চলছিল শুটিং। শুটিং চলাকালীন পরিচালক আমাকে বিভিন্ন আপত্তিকর মেসেজ করতেন। সব সময় চোখে চোখে রাখতেন। আর রাতে ছবির দৃশ্য নিয়ে কিছু আলোচনার জন্য তাঁর রুমে ডেকে পাঠাতেন। এরপর ভালোবাসা ও সেক্স নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। তারপর একদিন রাতে মদ্যপ অবস্থায় আমার ঘরে আসেন। আমাকে জড়িয়ে ধরতে চান।

    আরও বলেন, রীতিমতো ভয়ে ভয়ে আমার দিন কাটত। পুরো একা হয়ে গিয়েছিলাম আমি। এরপর থেকে আমি শুটিং শেষ হয়ে গেলেই ঘরের আলো বন্ধ করে দিতাম। অন্ধাকারের মধ্যেই মেকআপ তুলতাম। আমি যে জেগে রয়েছি সেটা যাতে বাইরের কেউ বুঝতে না পারে তার জন্যই অন্ধকারে সব কাজ করতাম।”

    এর পরবর্তী অভিজ্ঞতা সম্পর্কে স্বরা বলেন, যারা আমাকে কাস্ট করেছিল তাদেরই যৌন হেনস্থার শিকার হই। এমনকী, তাদের প্রস্তাব নাকচ করে দেওয়ায় বেশ কয়েকটি ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়। এই বিষয়টা আমাকে দুর্বল করে দেয়। অনেকেই আমার মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। একা হয়ে যাই আমি। কারণ, তিনি কোনওভাবেই সমঝোতা করবেন না বলে জানতেন ইন্ডাস্ট্রির সেই সব লোকজন। আসলে আমি ছবি হারাতে রাজি। কিন্তু, কাস্টি কাউচের শিকার হতে রাজি নই।

  • আজ নাবিলার বিয়ে

    আজ নাবিলার বিয়ে

    পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপিকা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবেও পরিচিত পান। বিয়ে করছেন তিনি- এ ঘোষণা দিয়েছেন আগেই। এবার তারই বাস্তবায়ন হচ্ছে।

    ২৩ ইতিমধ্যেই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই মডেল-অভিনেত্রী-সঞ্চালকের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। এতে নাবিলার পরিবার, বন্ধুরা ছাড়াও শো বিজের অনেকেই উপস্থিত ছিলেন।পাত্র জোবায়দুল হক, পেশায় ব্যবসায়ী। আজ আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে বলে জানিয়েছেন তিনি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

    বিয়ের পরই স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাবেন নাবিলা। তবে এটা হানিমুন নয়। স্বামী অফিসের কাজে গেলেও নাবিলা যাবেন তার সঙ্গে। হানিমুনের সময় পরে বের করে নেবেন বলে জানিয়েছেন তিনি। নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে দেশে ফিরে আসেন।

    পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।

  • ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

    ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

    সাধারণ পর্যায়ে অনেকে ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাককে একই বিষয় মনে করে গুলিয়ে ফেলেন। বাস্তবে কিন্তু তা নয়। আসুন প্রথমে জেনে নিই ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো কি কি-

    • হাত-পায়ে অবশ ভাব
    • জুতোর ফিতে বাঁধতে সমস্যা
    • মুখের অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া
    • বেসামাল হাঁটা-চলা
    • ঘাড়ে-মাথায় যন্ত্রণা, বমি, সংজ্ঞা হারানো

    স্ট্রোক বিষয়ে শারীরবিদদের ব্যাখ্যা : হৃদযন্ত্রের ধমনীতে রক্ত সরবরাহ ব্যাহত হলে হার্ট অ্যাটাক হয়। আর মস্তিষ্কে রক্তের জোগান কমলে হয় ব্রেন স্ট্রোক। কোনো ধমনী আচমকা ছিঁড়ে গেলে মস্তিষ্কে রক্তপাত হয়। এই ‘সেরিব্রাল হেমারেজ’ই ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ।

    কখনো দেখা যায় কোনো কারণে ধমনী সরু হয়ে মস্তিষ্কের কোনো অংশে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলেও ব্রেন স্ট্রোক হতে পারে, ডাক্তারি পরিভাষায় এর নাম ‘সেরিব্রাল থ্রম্বোসিস’।

    সেরিব্রাল হেমারেজ বা থ্রম্বোসিস- কোনোটাই কিন্তু একেবারে জানান না-দিয়ে আচম্বিতে আসে না। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দুটি ক্ষেত্রেই বেশ ক’দিন আগে থেকে ধমনীতে রক্ত চলাচলে সমস্যা হয়। আর নিয়মিত রক্তচাপ মাপলেই ধরা পড়ে, শরীরের ভেতরে কোথাও না-কোথাও একটা সমস্যা হচ্ছে। তবে বিপদের সেই ‘ইঙ্গিত’কে গুরুত্ব না-দেওয়ার প্রবণতাটাই চিকিৎসকদের বেশি ভাবাচ্ছে।

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিক্যাল কলেজে রোগী, রোগীদের পরিজন ও অচিকিৎসক কর্মীদের ওপরে একটি ‘স্ট্রোক সচেতনতা’ সমীক্ষা চালিয়েছিলেন স্নায়ুরোগের চিকিৎসকেরা। দেখা গিয়েছে, ৬০%-৬৮% মানুষের ধারণা, স্ট্রোক হয় শুধু বুকে (অর্থাৎ হৃদযন্ত্রে) হয়। বুক ব্যথা করে। ওঁরা জানেনই না যে, এর সঙ্গে মস্তিষ্কেরও যোগাযোগ থাকতে পারে।
    এ ছাড়া নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির নিউরোমেডিসিনের চিকিৎসকেরা পাঁচ বছর ধরে বারুইপুরের রামনগরে ২০ হাজার মানুষের ওপর সাধারণ স্নায়ুরোগ সম্পর্কে সমীক্ষা চালিয়েছিলেন। সমীক্ষকদের অন্যতম চিকিৎসক শঙ্করপ্রসাদ সাহার আক্ষেপ, ‘স্ট্রোক জিনিসটা কী, সেটা কোথায়, কেন হয়, সে সম্পর্কে ওয়াকিবহাল মাত্র ২০%! স্ট্রোকের হার কমানোর পথে এটাই তো সবচেয়ে বড় বাধা।’

    অপরদিকে কলকাতা মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯ হাজার স্ট্রোক-আক্রান্তকে নিয়ে সমীক্ষা চালিয়েছে ‘স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল’। তাদের রিপোর্ট ইন্দোরে ‘ইন্ডিয়ান স্ট্রোক অ্যাসোসিয়েশন কংগ্রেস’-এর বার্ষিক অধিবেশনে পেশ হয়েছে। সমীক্ষকদের অন্যতম চিকিৎসক দীপেশ মণ্ডল জানান, পশ্চিমবঙ্গে যাঁদের উচ্চ রক্তচাপ আছে, তাঁদের ৫০% সে সম্পর্কে জ্ঞাত নন। যাঁরা জানেন, তাঁদের অর্ধেক আবার চিকিৎসাই করান না, কিংবা নিয়মিত ওষুধ খান না। ফলে স্ট্রোক নিঃশব্দে থাবা বসায়।

    স্ট্রোক সম্পর্কে মানুষের এ হেন ‘অজ্ঞানতা’ই মৃত্যু ও পঙ্গুত্ব বাড়াচ্ছে বলে মনে করেন চিকিৎসক নিখিল বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের এখানে আচমকা কারো ঘাড়ে-হাতে যন্ত্রণা শুরু হলে লোকে ভেবে ফেলবে, শোওয়ার দোষ! মাথা ব্যথা করলে মনে করবে এসিড। হাত-পা ঝিনঝিন করে অবশ হতে লাগলে ভাববে বাত। কিছুতেই ভাবতে পারবে না যে, এগুলো স্ট্রোকেরও লক্ষণ হতে পারে!’

    স্নায়ুরোগ-চিকিৎসক পরিমল ত্রিপাঠীর বক্তব্য, ‘উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে নিয়মিত হেল্থ চেক-আপ জরুরি। কিন্তু এখানকার অধিকাংশ মানুষ উদাসীন। মধ্যবিত্তদের কাছে হেল্থ চেক-আপ মানে বিলাসিতা। অথচ এটা করলে ফি বছর প্রায় ১০ লাখ লোক স্ট্রোক এড়াতে পারেন।’

    বস্তুত হু-র রিপোর্ট অনুযায়ী ব্রেন স্ট্রোকের আক্রমণ-হার এখন ‘সিক্স-ইন-ওয়ান’। অর্থাৎ সারা বিশ্বে যেখানেই হোক, ছয়টি মানুষ যদি একত্রিত হন, দেখা যাবে, তাঁদের একজন না-একজন জীবনে কখনো না-কখনো এই রোগের কবলে পড়েছেন, বা পড়তে পারেন!

    ধূমপান নিয়ে উদ্বেগজনক তথ্য
    বিশেষজ্ঞদের মতে ধূমপান শুধু স্ট্রোকের জন্য ঝুঁকিপূর্ণ তাই নয়, ধূমপায়ীদের কোলন ক্যান্সারের ঝুঁকি ২০০০ ভাগ, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ১২০০০ ভাগ এবং স্ট্রোকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৮ ভাগ বেশি বলে তথ্য দিয়েছেন। তবে আশার কথা হচ্ছে যাদের নীরব স্ট্রোক হয়েছে তারা যদি ধূমপান ছেড়ে দেন তবে স্ট্রোকের তীব্রতা কমতে সহায়ক হতে পারে।

    আসুন জেনে নেই স্ট্রোক আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের কাদের বেশি

    • যাদের রক্তচাপ ১২০/৮০-এর চেয়ে বেশি

    • ধূমপায়ী

    • যাদের ডায়াবেটিস রয়েছে এবং রাতে ঘুমের সমস্যা হয়। এ ছাড়া যাদের রক্তে হোমোসিসটিনের মাত্রা বেড়ে যায়।

    • যাদের হিপের পরিমাপ কোমরের পরিমাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রক্তে সি-রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা বেশি।

    • যাদের দৈনিক ২০ মিনিট সাঁতার কাটা অথবা দৌঁড়ানোর অভ্যাস নেই।

    • যারা মদ্যপান করেন।

    • যাদের পিতা-মাতা বা ভাই-বোন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

    • এমন ব্যক্তি যিনি মাসে একবারও মাছ খান সবজিও শস্যকণা কম আহার করেন এবং যিনি খাবারে বাড়তি লবণ খান।
    • নিয়মিত দাঁতের যত্ন-পরিচর্যা করেন না।

    • যারা মুক্ত বাতাসে ভ্রমণ করেন না। যাদের আলসার আছে। যারা অবিবাহিত। যারা বেশি হতাশায় ভোগেন এবং যারা রাগ-ক্রোধ সংবরণ করতে পারেন না।

    এ বিষয়গুলো জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর হোন, যেসব প্রতিকারমূলক ব্যবস্থা আপনার নিজের কাছেই আছে সেগুলো প্রয়োগ করুন আর প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। এখানে কিছু টিপস দেওয়া হলো। স্ট্রোক প্রতিরোধে প্রয়োজনে অনুসরণ করুন।

    • নিয়মিত রক্তচাপ পরীক্ষা
    • চিকিৎসকের পরামর্শে নির্দেশিত ওষুধ-পথ্য নিয়মিত গ্রহণ
    • নিয়ম করে হাঁটা
    • দৈনিক খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন
    • ওজন নিয়ন্ত্রণ

  • সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না

    সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না

    স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে ভালো রাখতে যত্নের বিকল্প নেই। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ভবিষ্যতে নিরোগ জীবনযাপন করতে চান, তাহলে এখনই আপনাকে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বেশ কিছু নিয়ম মেনে চললে অনেক অসুখ থেকে নিজেকে সহজেই রক্ষা করা যায়।

    বারবার হাত ধোয়া

    খাবার আগে হাত ভালোমতো না ধোয়ার অর্থ হচ্ছে অসুস্থতা আমন্ত্রণ জানানো। আমাদের দৈনন্দিন কাজের কারণে হাত দিয়ে জ্ঞাত এবং অজ্ঞাতসারে বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরতে হয়। আর এ কারণে অনেক জীবাণু হাতের মাধ্যমে মুখে যেতে পারে। এ কারণে স্বাস্থ্যগত সমস্যা থেকে দূরে থাকতে নিয়মিত হাত ধোয়া প্রয়োজন।

    নিয়মিত নখ কাটা

    হাতের লম্বা নখ শুধু যে কাজ স্বাভাবিকভাবে করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তা নয়, জীবাণুর আখড়া হিসেবেও কাজ করে। যখনই কোনো জিনিস ধরা হয় তখনই সেসব জিনিস থেকে জীবাণু নখে যাওয়ার আশঙ্কা থাকে। যখনই খাওয়ার জন্য হাত ব্যবহার করা হয় তখনই এসব জীবাণু সহজেই মুখে চলে যেতে পারে।

    ভালোভাবে গোসল

    গোসলের মাধ্যমে নিজেকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর থেকে ধুলো ময়লা দূর করতে ভালোভাবে গোসল করা প্রয়োজন। শুধু তা-ই নয়, গোসল ক্লান্তি দূর করতে সহায়তা করে। শরীরের দুর্গন্ধ এবং ময়লা দূর করতে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে দলাই মলাই করে গোসল করা উচিত।

    পুষ্টিযুক্ত সকালের নাশতা

    প্রতিদিনের সকালের নাশতা স্বাস্থ্যকর হওয়া উচিত। কেননা সকালের নাশতাটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সকালের নাশতা ভালো হলে সারা দিনে আজেবাজে খাবারের হাত থেকে রেহাই পাওয়া যায়।

    ভালো ঘুম

    ঘুম নিয়ে হেলাফেলা করা যাবে না। রাতে ৮ ঘণ্টা ঘুম হলে দিনটা তুলনামূলক ভালো যায়। এ জন্য নির্ধারিত সময়ে বিছানায় যাওয়া ভালো। তা ছাড়া রাতে দেরি করে কখনো বেশি খাবার না খাওয়া ভালো।

  • আকর্ষণীয় শরীর গঠনে পালনীয়

    আকর্ষণীয় শরীর গঠনে পালনীয়

    বিভিন্ন কারণে আপনার শরীরটা আকর্ষণীয় নাও হতে পারে। যেকোনো কারণে হয়তো আপনি মুটিয়ে গেছেন। সে জন্য অবশ্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইচ্ছা এবং চেষ্টা থাকলে আপনি নিজেই গড়ে নিতে পারেন আপনার পছন্দমতো শরীর। অবশ্য এ জন্য আপনাকে বেশ কিছু নিয়ম যেমন পালন করে চলতে হবে, তেমনি লোভনীয় কিছু খাবার থেকে আপনার নজরটা সরিয়ে নিতে হবে। অন্যথায় ইচ্ছা ও চেষ্টা থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না।

    চিনি আপনার শত্রু
    চিনি যে শরীরের জন্য শত্রুর সমান, এটা কমবেশি সবাই শুনে থাকবেন। কিন্তু এটাই সত্যি। ক্যান্ডি, মিষ্টি যদি আপনার প্রিয় খাবারের শীর্ষে থাকে তাহলে তা এখনই বদলে ফেলা উচিত। যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন ততক্ষণ এই ‘শত্রু’ থেকে আপনাকে দূরে থাকতে হবে।

    ক্যালরিযুক্ত পানীয় থেকে দূরে থাকতে হবে
    কাঙ্ক্ষিত ওজন পেতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেসব পানীয়তে ক্যালরি আছে সেসব এড়িয়ে চলতে হবে। পান করতে হবে শুধু পানি। কিন্তু কতটুকু। শরীরের ওজনের অর্ধেক আউন্স পানি পান করা শ্রেয়। অর্থাৎ আপনার ওজন যদি ২০০ পাউন্ড হয় তাহলে দৈনিক আপনাকে ১০০ আউন্স পানি পান করতে হবে।

    লক্ষ্য স্থির
    যেকোনো বিষয়ে সাফল্য পেতে হলে লক্ষ্য স্থির করতে হবে। কত দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আবার তাড়াহুড়া করা যাবে না, কেননা দ্রুত লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বাস্থ্যের ক্ষতি করা যাবে না।

    বাড়িতে খাওয়া
    বাইরে অর্থাৎ রেস্টুরেন্টে খাওয়াদাওয়া দারুণ ব্যাপারে। মাঝেমধ্যে বাইরে খেলে মনটা ভালো থাকে। তবে সব সময়ের জন্য এ অভ্যাস করা মোটেও ভালো নয়। অফিসের কাজে বা অন্য কারণে অনেকটা সময় ভ্রমণে থাকতে হলে এ নিয়মটা অবশ্য মেনে চলা কঠিনই হয়।

  • ৫ দিনেই পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক

    ৫ দিনেই পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক

    ত্বককে উজ্জ্বল ও আকর্ষণীয় করার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি। নানারকম ক্রিম, তেল, সাবান, ফেসওয়াশ, পাউডার ইত্যাদি পাওয়া যায় শুধুমাত্র ত্বকের রঙ ফর্সা করার জন্য।

    ফর্সা হওয়া, কালো দাগ ও ব্রণ দূর করা কোনোকিছুই যেন আজকাল আর অসম্ভব নয়।অথচ ত্বকে মূল বিষয়টিই আমরা ভুলে যাচ্ছি।ত্বকের মূল সৌন্দর্য সেটাই যা আসে ভেতর থেকে।নানান ধরণের ক্রিম,লোশন, সাবান ব্যবহার করে নয়।৫ দিন কিছু নিয়ম মেনে আপনি ও পেতে পারেন স্বাস্থ্যজ্জল সুন্দর ত্বক।রবিবার থেকে শুরু করুন বৃষ্পতিবার মধ্যে পেয়ে যান সুন্দর উজ্জ্বল ত্বক।

    রবিবার: দৈনিক চার গ্লাস লেবু পানি পান করুন।এটি আপনার শরীরের বিষাক্ত টক্সিক দূর করে থাকে। এরপর এক্সফলিয়েট করতে হবে।২ মিনিট মুখ,ও ঘাড় স্ক্রাব করুন।ভালো কোনো কোম্পানির স্ক্রাব ব্যবহার করতে পারেন অথবা নিজেই তৈরি করে নিতে পারেন স্ক্রাব।তবে স্ক্রাব খুব বেশী সময় ধরে করবেন না।তারপর ভাল কোন ময়েশ্চারাইজার লাগান।

    সোমবার: সোমবার মুখে স্টিম নিন।৫ মিনিট স্টিম করার পর আস্তে আস্তে ম্যাসাজ করে ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে ফেলুন।রাতে ঘুমাতে যাওয়ার আগে খাঁটি নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নিন।

    মঙ্গলবার: সকালবেলা ফেসওয়াস বা কোন হালকা সাবান দিয়ে মুখ ভাল করে ধুয়ে ফেলুন।বাইরে বের হওয়ার সময় সানস্ক্রীন ব্যবহার করুন।রাতে কাচাঁ দুধ মুখে লাগিয়ে ঘুমাতে যান।সকালে ভালভাবে মুখ ধুয়ে ফেলুন।

    বুধবার: বুধবার দিন ই আপনি আপানার ত্বকের উজ্জ্বলতা দেখতে পাবেন।প্রথমে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সানস্ক্রীন লাগিয়ে বাসা থেকে বের হন।দুপুরে এবং সন্ধ্যায় কাচাঁ দুধ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে ডিমের সাদা অংশ মুখে দিয়ে রাতে ঘুমাতে যান।

    বৃহষ্পতিবার: সকালে ঘুম থেকে উঠে খুব ভাল করে মুখ ধুয়ে ফেলুন।এরপর আবার ডিমের সাদা অংশ মুখে লাগান।২০ মিনিট পর ধুয়ে ফেলুন।ভাল করে মুখ ধুয়ে কোন মশ্চারাইজার লাগান।সন্ধ্যায় ডিমের সাদা অংশ আবার লাগান।১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।এখন দেখুন আপানর ত্বক হয়ে উঠছে আগের চেয়েও বেশী সুন্দর ও উজ্জ্বল।ডিম আর দুধে রয়েছে প্রোটিনের সবগুলো উপাদান যা আপানর ত্বককে ভিতর থেকে করে সুন্দর ও উজ্জ্বল।