Blog

  • গোসলে প্রশান্তি

    গোসলে প্রশান্তি

    কারও কারও দিন শুরু হয় জলের ধারায়। কেউবা দিন শেষের ক্লান্তি দূর করার প্রক্রিয়ায় রাখেন গোসল বা স্নান। আবার গরমের দিনে সকাল ও রাতে গোসল করার অভ্যাসও আছে অনেকের। সবকিছুর পরে প্রতিদিন অন্তত একবার গোসল করতে হবে—মন ও শরীরকে সতেজ ও সুস্থ রাখতে।

    স্থান-কাল-পাত্রভেদে গোসলের ধরন আলাদা হয়ে থাকে। এই যেমন তুরস্কের গোসলের পদ্ধতির (হাম্মাম) কথাই ধরুন। সেখানে প্রথমেই উত্তপ্ত ঘরে থাকা হয়, এরপর ঠান্ডা পানিতে শরীর পরিষ্কার করা হয়। শরীর মালিশ করানোর রীতিও রয়েছে। সবশেষে ঠান্ডা ঘরে অবস্থানের পালা। এই হলো টার্কিশ বাত।

    আবার আমরা যে ধরনের বাথটাবের সঙ্গে পরিচিত, জাপানের ঐতিহ্যবাহী টাবগুলো সে রকম নয়। বর্গাকার বাক্সের মতো বিশেষ বাথটাবে বসে উষ্ণ পানিতে শরীর ভেজানো হয়; তবে তা অবশ্যই স্নানঘরে রাখা টুলে বসে শরীর ধুয়ে নেওয়ার পর। শরীরে কোনো ময়লা, এমনকি সাবান লেগে থাকা অবস্থায়ও এই বাথটাবে কেউ বসে না। গোসলের জন্য বিশেষ পোশাকও জাপানের ঐতিহ্য।

    রাজধানীর আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টারের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ শালিন ভারতী বলেন, ‘রোজকার জীবনই আয়ুর্বেদের বিষয়। আয়ুর্বেদ মতে, গোসলের কিছু বিধি রয়েছে। শারীরিক ও মানসিক প্রশান্তির জন্যই এসব নিয়মকানুন।’ তিনি গোসলের এমন কিছু পদ্ধতির কথা বলেছেন, যেগুলো এনে দেবে প্রশান্তি।

    কিছু প্রস্তুতি

    গোসলের আগে হালকাভাবে তেল মালিশ করা উচিত। তিল, নারকেল বা সরিষার তেল বেছে নিতে পারেন। মিনিট পাঁচেক সময় নিয়ে তেল মালিশ করে আরও পাঁচ-দশ মিনিট অপেক্ষার পর গোসল করুন। এতে ত্বক কোমল ও মসৃণ থাকে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে, ক্লান্তি দূর হয়।

    স্নান পর্ব

    প্রশান্তির জন্য স্নানঘরের পরিবেশ সুন্দর হওয়া দরকার। সুঘ্রাণে আসে সতেজতা। সুগন্ধি ফুল রাখা যেতে পারে। এয়ার ফ্রেশনার বা বাথরুম ফ্রেশনারও কাজে দেবে। স্নানের শুরুতে পায়ে কুসুম গরম পানি দিন। এরপর মাথায় ঠান্ডা পানি ঢালুন। সারা শরীরে কুসুম গরম পানি ব্যবহার করুন। গোসলের জন্য অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পানি নেবেন না। আর পানি অবশ্যই পরিষ্কার হতে হবে।

    পরিচ্ছন্নতার জন্য

    সমপরিমাণ দই, বেসন, মসুর ডাল ও চালের গুঁড়া মিশিয়ে শরীরে মালিশ করুন। এরপর দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করা ভালো। তারপর ত্বক পরিষ্কার করে ফেলুন।

    সাবানের তুলনায় প্রাকৃতিক স্ক্র্যাব ত্বকের জন্য বেশি ভালো। এ ধরনের প্যাক চুলে লাগাতে চাইলে এই প্যাকটির সঙ্গে শুধু টমেটো যোগ করে নিন। এ ছাড়া পুরো শরীর এবং মাথার ত্বকে মুলতানি মাটি মালিশ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। আবার হারবাল প্যাক কিনেও ব্যবহার করা যেতে পারে।

    গোসলের পর

    চুল হালকা মুছে ছেড়ে রাখুন গোসল করার পর। এবার বাতাসে চুল শুকিয়ে নিন। চুলের ওপর কাপড়ের কোনো কিছু পরতে হলে আগে চুল ভালোমতো শুকিয়ে নেবেন। তবে চুল ঝাড়া উচিত নয়। গোসলের পর মাথা একটু ভার ভার লাগলে পরিচ্ছন্ন কাপড় পরে কিছুক্ষণ বসুন এবং এ সময়টাতে স্টিম (ধোঁয়া) কাজে লাগান। বাটিতে কয়লার আগুনে একটু লবণ দিতে পারেন। এরপর সাবধানে বাটি থেকে বেশ খানিকটা ওপরে হাত দিয়ে চুল ছড়িয়ে রাখতে পারেন। এতে সহজেই চুল শুকিয়ে যায়। গোসলের পর নাকের ভেতর এক-দুই ফোঁটা তেল দিতে পারেন।

    কখন গোসল

    সকালে গোসল করা ভালো। আয়ুর্বেদ মতে, গোসলে দেরি করতে নেই। গরমের সময়টাতে প্রতিদিন দুই-তিনবার গোসল করা যায়। সকালে, দুপুরে খাবার আগে আর সারা দিনের কাজের শেষে বা রাতে ঘুমের আগে গোসল করতে পারেন। শীতের সময় শুধু সকালে গোসল করুন।

    খাবারের পরপর গোসল করা ঠিক নয়, খাওয়াদাওয়ার অন্তত তিন-চার ঘণ্টা পর গোসল করুন। ব্যায়ামের পর গোসল করতে চাইলেও ১০-১৫ মিনিট অপেক্ষা করে ঘাম শুকিয়ে নিন। ঘেমে থাকা অবস্থায় গোসল করা ঠিক নয়।

    সময় পেলে

    রোজকার গোসলে হয়তো বেশি সময় পাওয়া যায় না। তবে সতেজতার জন্য পাঁচ-দশ মিনিটই যথেষ্ট। কখনো হয়তো আধঘণ্টা সময় নিয়ে গোসল করার সুযোগ পান। হাতে সময় থাকলে ঠিক কতক্ষণ গোসল করবেন, সেটি আপনার ইচ্ছা। বাথটাবে সুগন্ধি ফুল ছড়িয়ে, মোমবাতি জ্বালিয়ে কিছুটা সময় থাকলে আরামবোধ করবেন। এ সময় স্নানঘরে হালকা বৈদ্যুতিক আলোও (ডিম লাইট) জ্বালাতে পারেন।

    কখনো আবার পানিতে দুধ গুলে নিয়ে (মিল্ক বাথ) কিংবা মধু মিশিয়ে গোসল করতে পারেন। কথিত আছে, মিসরের রানি ক্লিওপেট্রা মিল্ক বাথ নিতেন সৌন্দর্য ধরে রাখতে। দুধ ও মধুর গুণাগুণ সবারই জানা। এ ছাড়া সপ্তাহে দুই-তিন দিন পাঁচ-দশ মিনিট করে স্টিম বাথ নিতে পারেন। যাঁরা কাজের জন্য বাইরে যান এবং মাঝেমধ্যে রোদে থাকেন, তাঁরা সপ্তাহে একবার স্পা করাতে পারেন।

  • ডায়েরির পাতায় পাতায়

    ডায়েরির পাতায় পাতায়

    ডায়েরি যেন ছবির অ্যালবামের মতো! নিত্যকার স্মৃতির পসরা নিয়ে সাজিয়ে তোলে পাতাগুলো। লাল, নীল, সবুজ কথার ডালপালা ব্যক্তিকেই এঁকে রাখে কালির অক্ষরে। আজকের আমি মাস কিংবা বছর পরে কেমন থাকব তা জানতেই অনেকে হাতে তুলে নেন ডায়েরি। বাহারি দুই মলাটের ভাঁজে ভাঁজে নিঃসংকোচে নিজেকে মেলে ধরেন স্মৃতিকাতর মানুষ। কত মান-অভিমান, আত্মোপলব্ধি, হাসি-কান্না, দুঃখ জেঁকে বসে ডায়েরির পাতাজুড়ে। সে ডায়েরি আবার অন্যের চোখের আড়ালে কোথায় রাখি, কেমন করে রাখি তা নিয়েও তৈরি হয় কত মজার গল্প।

    ডায়েরি যে শুধুই মানুষের আবেগ-অনুভূতির জায়গা, তা কিন্তু নয়। বছর শেষে হালখাতায় প্রতিষ্ঠানের লাভ-ক্ষতির হিসাব, গৃহিণীর মাসকাবারি বাজারের হিসাব, সিনেমার চিত্রনাট্য, নাটকের ডায়ালগ, শিল্পীর স্কেচ, কবি-সাহিত্যিকদের গান, কবিতা কিংবা গল্প-উপন্যাসের প্লট, এমনকি প্রেমিক-প্রেমিকার চিঠির কাগজ তো এই ডায়েরিই জোগান দিয়ে থাকে। কেউবা ডায়েরিতে এসবের কোনো কিছু না করলেও ফিবছর এ দোকান, সে দোকান ঘুরে পছন্দের আকার-নকশার ডায়েরি কিনে কিনে জমাতে ভীষণ ভালোবাসেন।

    এই সময়ে এসেও স্মৃতি উদ্‌যাপনের সবচেয়ে প্রাচীন উপায় হলেও ডায়েরির আবেদন এতটুকুও কমেনি, বললেন চিত্রশিল্পী ও কবি সঞ্চয় সুমন। নিত্যদিন ডায়েরি লেখার বিষয়টি ভীষণ পছন্দের হলেও নিজের লেখা হয় না তেমন। তিনি যেহেতু ছবি আঁকেন, তাঁর সংগ্রহে রয়েছে নানা নকশার বিভিন্ন আকারের স্কেচবুক। যখন ভালো লাগে স্কেচবুকে এঁকে রাখেন ছবির ভাবনা। সেই ভাবনাই পরে রংতুলিতে ক্যানভাসে আঁকেন বড় পরিসরে। তো স্কেচবুক, নোটবুক বা ডায়েরির আবেদন কি একই? সঞ্চয় বলেন, এ দুটোই মুদ্রার এপিঠ-ওপিঠের মতো। কেউ লিখতে ভালোবাসে বলে সে তার ডায়েরিতে নিজের ভাবনা, ভালো লাগা, মন্দ লাগা লিখে রাখে। আমি আঁকতে ভালোবাসি। আমার ভাবনাকে আমি পেনসিলের টানে এঁকে রাখি।

    স্কেচবুকের সুবিধা হলো, এখানে ছবি আঁকার পাশাপাশি লিখতেও পারা যায়। দুটোই ভাবনার জায়গা এবং দুটোই একদিন মহামূল্য স্মৃতি হয়ে ধরা দেয়। এমনি একটি প্রতিষ্ঠান ‘প্রকৃতি’। ডায়েরি বানিয়ে তাদের বিপণিকেন্দ্র সোর্স ছাড়াও বিভিন্ন জায়গায় বিক্রি করছে। প্রতিষ্ঠানটি কলাপাতা, ঘাস, কচুরিপানা, খড়, আনারসের পাতা, পাটের আঁশ, গার্মেন্টসের ফেলে দেওয়া টুকরোটাকরা দিয়ে মণ্ড তৈরি করে। পরে এই মণ্ড দিয়েই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দুই ধরনের কাগজ বানানো হয়। হ্যান্ড মেইড কাগজ ও কার্ট্রিজ কাগজগুলো দিয়েই তৈরি হয় ডায়েরির ভেতরের অংশ। বাইরের মলাটে ব্যবহার করা হয় শাড়ির আঁচল, নকশিকাঁথার কাজ, স্ক্রিন প্রিন্ট, ব্লক, বাটিক, এমব্রয়ডারি অনেক রকমের বাহারি নকশা। জানালেন, প্রকৃতির পরিচালক ও ডিজাইনার সুরাইয়া চৌধুরী। দামও হাতের নাগালে। বিভিন্ন আকার এবং নকশাভেদে এসব ডায়েরি পাওয়া যায় ১৪০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকায়।

    ডায়েরি নিয়ে কথা হয় আজাদ প্রোডাক্টসের মহাব্যবস্থাপক মোস্তফা কামালের সঙ্গে। তিনি জানান, ডায়েরিগুলোর মলাটে স্ক্রিন প্রিন্ট বা আর্টওয়ার্কের ওপর ল্যামিনেট করা হয়।  ডায়েরির পাতাগুলো হয় মসৃণ বা অফসেট কাগজের। ডায়েরির পাতায় ব্যবহৃত কাগজ কতটা মোটা বা পাতলা, মলাটের নকশা এবং ডায়েরির ছোট, বড়, মাঝারি আকৃতির ওপর নির্ভর করে এসব ডায়েরির দাম। এ ডায়েরিগুলো ১৬০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে পাওয়া যায়।

    অনলাইনভিত্তিক দোকান ‘যথাশিল্প’ চমৎকার নকশার ডায়েরি বানিয়ে থাকে। যথাশিল্পের ব্যবস্থাপক নাহাদ-উল-কাসেম জানান, তাঁদের প্রতিষ্ঠান হ্যান্ড মেইড এবং কার্ট্রিজ—দুই ধরনের কাগজ দিয়ে ডায়েরি বানায়। মলাটের নকশার ক্ষেত্রে নান্দনিকতাকেই প্রাধান্য দেওয়া হয়। ডায়েরিতে মূলত স্ক্রিন প্রিন্ট এবং নকশিকাঁথার বা সুতার কাজ থাকে।

    নাহাদ-উল-কাসেম জানান, হ্যান্ড মেইড কার্ট্রিজ কাগজে লিখতে গেলে বিশেষ ধরনের কোনো কলমের দরকার পড়ে না। সাধারণ বলপয়েন্ট কলমেই লেখা যায়। বিভিন্ন আকার এবং নকশার ওপর ভিত্তি করে ১৫০ টাকা থেকে ৪২০ টাকার মধ্যেই বেঙ্গল বই, ঢাকা বাতিঘর এবং অনলাইনে পাওয়া যাবে যথাশিল্পের চমৎকার সব ডায়েরিগুলো।

    এ ছাড়াও আড়ং, যাত্রাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিরীক্ষাধর্মী চমৎকার নকশার ডায়েরি করে থাকে। আছে নিউমার্কেট। সেখানেও এসব নকশার বাইরে বাহারি ধরনের ডায়েরি কেনা যাবে ১৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

  • গরমে শিশুর আরাম

    গরমে শিশুর আরাম

    পোশাক নির্বাচনের সময় প্রথম শব্দ যেটি মাথায় আসতে হবে তা হলো, আরাম। কাপড়, কাট আর নকশা মিলিয়ে শেষ শব্দটিও হতে হবে আরাম। খাবার দেওয়ার সময়ও চিন্তা করতে হবে পুষ্টিগুণ। গরমে স্বস্তি দেবে এমন খাবারই বেছে নিতে হবে। সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা। এমন তিন-চারটি বিষয়ের দিকে ভালোভাবে খেয়াল রাখলেই পুরো গরমে শিশু থাকবে সুস্থ।

    পোশাক-পরিচ্ছদ

    শিশুকে ঢিলেঢালা পোশাক পরান। সুতি কাপড়ই এই সময়ের জন্য ভালো। গরমে ঘেমে গেলে পোশাক বদলে দিন। হুটহাট বৃষ্টিও নামতে পারে। শিশু বৃষ্টিতে ভিজে গেলেও যত দ্রুত সম্ভব পোশাক বদলে দিন।

    গোসলে-পরিচ্ছন্নতায়

    প্রতিদিন নিরাপদ পানি দিয়ে শিশুকে গোসল করান। গোসলের সময় সাবান দিয়ে ভালোভাবে ত্বক পরিষ্কার করিয়ে দিতে হবে। গোসলের পরপরই ভালোভাবে শরীর মুছে দিন। চুল আর চুলের গোড়া মুছে দিন ঠিকঠাক। আঙুলের ফাঁকেও যেন ভেজা না থাকে। শরীর মুছে দেওয়ার পর হালকাভাবে পাউডার লাগাতে পারেন। ঘেমে গেলেও একইভাবে শরীর ও চুল মুছে দেওয়া জরুরি। প্রথমে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিতে পারেন। তবে সারা দিনে একবারের বেশি গোসল না করানোই ভালো।

    যা চাই তা-ই খাই

    শিশু যখন যা চাইবে, তা খেতে দেওয়ার আগে ভেবে দেখতে হবে, এটি ওর জন্য ভালো কি না। আবার অনেক সময় শিশু না চাইলেও ওর ভালোর জন্য বুঝিয়ে কিছু খাবার দিতে হয়। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক সোহেলা আখতারের পরামর্শ, পর্যাপ্ত পানি পান করানো জরুরি। পানি ভালোভাবে ফুটিয়ে নিন। মৌসুমি ফল ও সবজি খাওয়ান। ফলের রস বা জুস দেওয়া যেতে পারে, তবে তা ঘরে তৈরি করে দেওয়া গেলে শিশুর জন্য সবচেয়ে ভালো। রাস্তার পাশ থেকে কাটা ফল, ফল মাখানো, আইসক্রিম, শরবত বা অন্য কোনো খাবার কিনে খাওয়ানো উচিত নয়। এগুলোর কারণে ডায়রিয়া, বমি, টাইফয়েড, এমনকি হেপাটাইটিস হতে পারে। বাড়িতেও খাবার ঢেকে রাখুন। টাটকা খাবার পরিবেশন করুন। বাসি খাবার এড়িয়ে চলুন। ভাজাপোড়া ও তেল-চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলা ভালো। কোমল পানীয় পরিহার করাই স্বাস্থ্যসম্মত।

    রাস্তার পাশ থেকে খাবার কিনে দিলে শিশুর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে

    চাই প্রশান্তি

    কড়া রোদে শিশুকে বাইরে না নেওয়াই ভালো। খেলাধুলা করার জন্যও ছায়াঘেরা স্থান বেছে নিন। ঘেমেনেয়ে বাসায় ফিরেই সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি বা পানীয় দেওয়া ঠিক নয়। বাসায় ফেরার পর শিশুকে খানিকটা সময় ফ্যানের বাতাসে বসিয়ে রাখুন। এই সময় স্বাভাবিক তাপমাত্রার পানি দিতে পারেন। ঠান্ডা পানি দিতে হলে কিছু সময় অপেক্ষা করুন। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মাধ্যমে ঘর ঠান্ডা করতে চাইলে সেটিও করুন বাড়ি ফেরার কিছুটা সময় পর। আবার সব সময় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহার না করাই ভালো। খোলামেলা পরিবেশে রাখুন শিশুকে। ঘরের জানালা খুলে পর্দা সরিয়ে দিন। ফ্যানের বাতাসেই রাখুন তাকে। প্রয়োজন হলে মাঝেমধ্যে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের সাহায্য নিন। শিশু পর্যাপ্ত পানি পান করছে কি না, তা খেয়াল রাখুন।

    শিশুর পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখতে হবে। শিশুর চুল বেশি বড় রাখা ঠিক নয়। বড় চুলের কারণে গরমে-ঘামে অস্বস্তিতে পড়তে পারে।

  • গরমে আরামে ফ্যাশনে

    গরমে আরামে ফ্যাশনে

    আরাম, নিজের পছন্দ, অন্যকে অনুসরণ না করা। পোশাক বাছাইয়ের সময় এই তিনটি বিষয় মাথায় রাখলেই এ বছর গরমের ফ্যাশনের জন্য আপনি প্রস্তুত। ফ্রক, ম্যাক্সি ড্রেস, পালাজ্জো, স্কার্ট, লম্বা কাটের কামিজ, ক্রপ টপ, জ্যাকেট—সবই থাকবে ২০১৮-এর গরমে। চাইলে একটির সঙ্গে আরেকটি মিলিয়ে তৈরি করতে পারেন নিজের স্টাইল। তবে এমনটি না চাইলেও ক্ষতি নেই। গরম যেহেতু, তাই পাতলা কাপড় আর হালকা রঙের দিকেই থাকুন। স্মার্ট, ক্যাজুয়াল, জমকালো পাঁচটি ধরন তুলে ধরা হয়েছে নকশার আজকের আয়োজনে।

    গরমে ক্যাজুয়াল

    ইজিপশিয়ান লিনেন দিয়ে তৈরি করা হয়েছে স্নিগ্ধ ল্যাভেন্ডার রঙের পোশাকটি। ক্যাজুয়াল ঘোরাফেরার জন্য আদর্শ। টপটা তিন দিকে লম্বা, সামনের কিছুটা অংশে কোমরের কাছে এসেই শেষ হয়ে গেছে। হাতার মধ্যেও আধুনিক কাট। ফ্লেয়ার কাটে এক দিকে লম্বা হাতা। আরেক দিকে হাতকাটা। সঙ্গে সাদাকালো ডোরাকাটা বেল্ট। দেখে যতটা স্নিগ্ধ লাগছে, পরেও ততটা আরাম পেয়েছেন—জানালেন কলকাতার মডেল ও অভিনেত্রী রোজা পারমিতা দে। পালাজ্জোটাও একই রং ও কাপড় দিয়ে তৈরি। হাতে রুপার মোটা ব্রেসলেট, পায়ে কালো ফুলেল নকশার জুতায় সাজ সম্পূর্ণ। রোজা নিজেও জুতার সঙ্গে মিলিয়ে বেল্ট বা ব্যাগ নিতে পছন্দ করেন। ফুলেল প্রিন্টের নকশা অনেক সময়ই ফাংকি একটা চরিত্রও যেন তৈরি করে ফেলে বলে মনে করেন। পালাজ্জোর ঘের এ বছরও বেশি থাকবে। তবে অফিসে সোজা কাটের পালাজ্জো বা প্যান্ট চলবে বলে জানান ডিজাইনার হুমায়রা খান। সালোয়ার ও চুড়িদার এ বছর ফ্যাশনে বেশ জোরালোভাবেই ফেরত আসবে।

    হালকা শাড়িতে জমকালো

    স্ট্রাইপ এখন বেশ জনপ্রিয়। এই গরমেও চলবে। হল্টারনেক ব্লাউজটি সেই নকশারই একঝলক। সুতির শাড়িতে ব্লকের নকশা সাজানো হয়েছে আধুনিক আর ঐতিহ্যের ছোঁয়ায়। শুধু হলুদের অনুষ্ঠানেই যে উল্টো আঁচল দিয়ে শাড়ি পরা মানায়, তা নয়। যেকোনো দাওয়াতে আপনিও এই স্টাইলে শাড়ি পরতে পারেন।

    ফুলেল মসলিনে

    বিভিন্ন রঙের সুতা ও ছাপা নকশায় সাজানো হয়েছে সাদা মসলিনের কামিজটিকে। ডাবল লেয়ার দেওয়া ইয়কটি নজর কাড়ে। পেছনে ফিতা দিয়ে ফ্রকের স্টাইলে বাঁধা। জমকালো এই পোশাকটির সঙ্গে পালাজ্জোও আছে। পায়ে গোলাপি রঙের জুতা। ফিউশনধর্মী এই লুকে আরও ভিন্নতা এনেছে চুলে আটকানো ফুল নকশার কাঁটাগুলো। পোশাকের সঙ্গে জুতা পরা নিয়ে রোজা বলেন, ‘আমার অক্সফোর্ড শু খুব পছন্দ। আনুষ্ঠানিক, জিনস, ড্রেস স্টাইলের পোশাকের সঙ্গে আমি কনভার্স, কেডস বা শু পরে ফেলি।’

  • পরিবেশ সংরক্ষণে বরগুনা জেলা ছাত্রলীগের ভিন্ন উদ্যোগ

    পরিবেশ সংরক্ষণে বরগুনা জেলা ছাত্রলীগের ভিন্ন উদ্যোগ

    ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’-এই শ্লোগানে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নাগরিক বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করে দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাথপট্টি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মোঃ জাহাঙ্গীর কবীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাবু এবং জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিকসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় উন্নয়নে ছোট ছোট উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে ছাত্রলীগ।’

    ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখন সময় মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানোর। এখনই সময় জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর।’

    মাদক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে বরগুনা জেলা ছাত্রলীগকে ধারাবাহিক কর্মসূচি হাতে নেয়ার পরামমর্শ দেন তিনি।

    এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, এর আগেও পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতায় একাধিক উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ। এবার শহরের ব্যস্ততম ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২টি বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করা হয়েছে। শীঘ্রই এ কর্মসূচি জেলার সকল উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

    তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতেও বৃহত্তর উদ্যোগ হাতে নেবে ছাত্রলীগ।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উত্তম কর্মকার, মঞ্জুরুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুল ইসলাম বাবু, সাফিন খান, মর্তুজা আলী মিঠুন এবং আইন বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ আশিক প্রমুখ।

  • নায়িকার নাভীতে নারিকেল ছুড়ে মারেন পরিচালক!

    নায়িকার নাভীতে নারিকেল ছুড়ে মারেন পরিচালক!

    দক্ষিণের নামকরা প্রযোজক-পরিচালক কে. রাঘবেন্দ্র রাওয়ের হাত ধরে ফিল্মে অভিষেক হয় তাপসি পান্নুর। তাপনি পান্নু তাকে ব্রেক দেওয়া এই নামি সিনেমা নির্মাতার বিরুদ্ধে অস্বাভাবিক আচরণের অভিযোগ করেছেন। অভিযোগের একটি ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে।

    আরো পড়ুন : বলিউডের ছয় ইঞ্জিনিয়ারের গল্প

    তাপসি জানান, তার নির্মিত ছবিতে যৌন আবেদন সৃষ্টির জন্য অনেক সময় নায়িকার নাভীতে ফুল-ফল ছুড়ে মারতে দেখা গেছে। কিন্তু পরিচালকের এমন কাণ্ডকীর্তির কোনো কারণ তাপসি খুঁজে পাননি। তিনি বুঝতে পারেননি যে নির্মাতা রাঘবেন্দ্র রাওয়ের এমন মোহের পেছনে কী রয়েছে?

    ভিডিওতে তাপসিকে বলতে শোনা যায়, শ্রীদেবীসহ অন্যান্য দক্ষিণী নায়িকাদের ছবিতে দেখা যায় তাদের নাভীতে ফুল বা ফল নিক্ষেপ করা হয়। এরপর আমারও পালা এলো। কিন্তু আমাকে এ জন্য আগে থেকে জানানো হয়নি বা এমন হতে পারে যে আমি এর জন্য প্রস্তুতও ছিলাম না… কিন্তু আমার পরিচালক আমার নাভীতে রীতিমতো নারিকেল ছুড়ে মারেন। আমি জানি না যে আমার নাভীতে নারিকেল ছুড়ে মেরে কী ধরনের যৌনতা দেখানো গেল!


    ছবি : কে. রাঘবেন্দ্র রাওয়ের সিনামার দৃশ্য

    আরো পড়ুন : ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা বলিউডের ১০ ছবি

    এর আগে অভিনেতা চিরঞ্জীবীও এক ইন্টারভিউতে মজাচ্ছলে বলেছিলেন, যদি আপনাদের ফল সম্পর্কে ধারণার দরকার হয় তবে একটি সিনেমা কে. রাঘবেন্দ্র রাওয়ের সঙ্গে করা উচিত। তিনি ফলফলারি নায়িকার নাভিতে ছুড়ে মারেন।

    তার এই অদ্ভুত বাতিক সম্পর্কে ২০১৫ সালে এক টিভি ইন্টাভিউতে খোদ রাঘবেন্দ্র রাও বলেছিলেন, নায়িকাদের নাভীতে ফুল-ফল ছুড়ে মারার সঙ্গে কামুকতার কোনো সম্পর্ক নেই। বর্ষীয়ান এই চিত্র নির্মাতার দৃষ্টিতে এটা এক ধরনের ফ্যাশনই শুধু না, রুপালি পর্দায় এটা নারীদের সৌন্দর্য ফুটিয়ে তোলার এক প্রতীকী কায়দা বটে।

  • সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!

    সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!

    সিগারেটের পেছনে মাসে কারো কারো হাজার হাজার টাকা ব্যয় হয়। জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুরে সিগারেট তৈরি করা হয়।

    তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, সিগারেটের মুল উপাদান গুলির একটি ইঁদুরের বিষ্ঠা। অবাক হওয়ার কিছুই নেই। কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে। যেমনটি ভারতে কফি তৈরি হয় বিড়ালের মল থেকে!

    যাই হোক এসব তাও মেনে নেওয়া যায়। কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডস এর এক গবেষণায় দেখা গেছে- ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।

    নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরও দেখা গেছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে। তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাজবেস্টস এবং মৃত মাছিও থাকে।

  • জামালপুরের মেলান্দহে বজ্রপাতে নারী নিহত

    জামালপুরের মেলান্দহে বজ্রপাতে নারী নিহত

    জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে সোনা বানু বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের খুদিয়াকান্দা গ্রামের মোরাদুজ্জামান মুরাদের স্ত্রী সোনা বানু বেগম (৪৫) বাড়ির আঙ্গিনায় বৃষ্টিতে ভিজে ঝাড়ু দিয়ে কাজ-কর্ম করছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বিবাহিত পুরুষদের ওপর চটলেন ফারিয়া!

    বিবাহিত পুরুষদের ওপর চটলেন ফারিয়া!

    মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন কিছু দিন আগেও বেশ আলোচনায় ছিলেন। মালেশিয়া থেকে দেশে ফিরে একটি বিভ্রান্তিমূলক মন্তব্য করে শোবিজ জগতে বিতর্কের সৃষ্টি করেন। মালেশিয়া প্রবাসী ফারিয়া গত সফরে মাত্র একটি নাটক করেই আবার মালেশিয়ায় উড়াল দেন। পড়ালেখার কাজে বর্তমানে সেখানেই রয়েছেন।

    এদিকে হঠাত করেই বিবাহিত পুরুষদের ওপর চটেছেন ফারিয়া শাহরিন। একেবারে একহাত নিয়েছেন তাদের। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ঝেড়েছেন নিজের ক্ষোভ।

    তিনি লেখেন, যেসব জামাই তাদের বৌদের মন খুশি করার জন্য তারকাদের ফকিন্নি, স্লাট বলে গালি দেন ওই ভদ্রবেশি জামাই গুলাই আমাদের মতো নাদানদের দিনে ১০ বার নক করে ‘হাই বেবি’, ‘হট বেবি’, ‘ওয়ান্ট টু সি ইউ বেবি’ লিখে মেসেজ করেন। বৌয়ের সঙ্গে চিপকায় ছবি তোলে আইএম দ্য হ্যাপিয়েস্ট ক্যাপশন দিয়ে আমাদের লেখেন আইএম লোনলি।

    ফারিয়া আরো লেখেন, সেসব বৌদের জন্য একটা অনুরোধ মাঝে মাঝে নিজের হাজবেন্ডের ইনবক্সটা চেক করা দোষের কিছু না। এটা আপনাদের অধিকার। তাই অন্য মেয়েকে গালি দিতে শুনলে নিজকে বিশ্ব সুন্দরী ভেবে গদগদ না হয়ে ইউজ ইওর ব্রেইন সামটাইমস। বাচ্চা পালেন, সংসার করেন খুব ভালো কথা কিন্তু মাঝে মাঝে জামাইটাইকেও পালতে হয়।

  • গাজীপুর সিটি নির্বাচন: অবশেষে জাহাঙ্গীরের মঞ্চে আজমত উল্লা

    গাজীপুর সিটি নির্বাচন: অবশেষে জাহাঙ্গীরের মঞ্চে আজমত উল্লা

    গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের দুইদিন পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচরাণায় নামলেন মনোনয়ন বঞ্চিত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। নানা আলোচনা সমালোচনার মুখে বৃহস্পতিবার প্রচারণায় অংশ নিয়ে আজমত উল্লা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন নগরবাসীকে।

    একই মঞ্চে জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার মধ্য দিয়ে এদিন আজমত উল্লা খান আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন।

    নৌকার প্রার্থী জাহাঙ্গীরের প্রচরাণায় আজমতকে দেখে হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে পেয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

    বেলা সাড়ে ৩টায় মহানগরের ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে তারা প্রচারণা শুরু করেন। বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

    তিনি আরও বলেন, নৌকা তথা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা রাজি আছি।

    দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। পরে ওই দুই নেতা ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।

    সূত্র: সমকাল।