Blog

  • গাজীপুরে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

    গাজীপুরে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

    গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার সাড়ে তিন বছর বয়সি শিশু সাদিয়া আক্তার হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লা ফকিরের ছেলে ফারুক মোল্লা (৩১)। তিনি গাজীপুরে গার্মেন্টসে চাকরির সুবাদে মোগরখাল এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা পলাতক রয়েছেন।

    এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজুর বাসায় ভাড়া থেকে বিভিন্ন কারখানায় চাকুরি করতেন। বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শাহজাহান তাকে (ফারুক মোল্লা) বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি একই এলাকার ফজলু মিয়ার বাড়ি ভাড়া নেন। বিভিন্ন সময় ফারুক মোল্লা মোবাইল ফোনে শাহজাহানের ক্ষতি করার কথা বলে হুমকি দিতেন। ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে শাহজাহানের মেয়ে সাদিয়া আক্তারকে পিঠে দুইটি আঘাত করে পালিয়ে যান। পরে স্বজনরা সাদিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ব্যাপারে নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

    পুলিশ তদন্ত শেষে ফারুক মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার ওই রায় দেন বিচারক।

  • শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

    শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

    শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

    নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

    শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।

  • অল্প বৃষ্টিতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সিডস্টোর-সখীপুর সড়ক

    অল্প বৃষ্টিতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সিডস্টোর-সখীপুর সড়ক

    ময়মনসিংহ জেলার ভালুকা শিল্পসমৃদ্ধ-কৃষি নির্ভর উপজেলা। উপজেলার মোট জনসংখ্যার মধ্যে ৬৭% মানুষ কৃষি নির্ভর ও গ্রামে বাস করে। শিল্পায়নের ছোঁয়া লাগলেও সে পরিমান সুবিধা পায়নি ভালুকার জনগন। তবে কিছু-কিছু সড়কের ইটের সলিং হলেও তা তুলনায় খুবই কম।
    সরেজমিনে দেখা যায়-উপজেলার সিডষ্টোর-বাটাজোর সড়কের বাটাজোর বাজারের গুরুত্বর্র্পুণ অংশে বিশাল গর্ত থেকে এখন ডোবায় পরিনত হয়েছে। একটু বৃষ্টিতেই পরিনত হয় অথৈ জলাধার। বাজারের ভেতরেও রয়েছে ছোট-বড় অনেক গর্ত। জনবহুল সিডষ্টোর বাজারের শহীদ সমশের সড়কের জলিল মেম্বার বাড়ীর সামনে, মধু মার্কেটের সামনে ও চাউলের মিলের পার্শ্বে বিশাল গর্তগুলো সময়ের সাথে ডোবায় পরিনত হচ্ছে ।
    এই সড়কে বাস, অটো রিক্সা, মালবাহী ট্রাক, লরি, পিকাপ ভ্যানসহ প্রতিদিন মিল শ্রমিকবাহী শতশত যানবাহন সখীপুর ও বাটাজোর বাজার থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। চলতি এইচ এস সি পরীক্ষার্থীবাহী যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে,যার কারনে সময় মত তার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারছে না বলে জানিয়েছে একাধীক অভিভাবক। বাটাজোড় কেন্দ্রের পরীক্ষাথীরা জানায়, রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় তার ২দিন পরীক্ষা কেন্দ্র পৌছঁতে দেরী হয়েছে।
    সড়কে অসংখ্য বিশাল আকারের খানা-খন্দের কারনে সৃষ্টি হয় যানজট ও বিঘœ ঘটে গাড়ী চলাচলের। এই রোডের অটো চালক মো: দেলোয়ার জানান- প্রায়ই রাস্তা নষ্ট থাকায় দুর্ঘটনা ঘটছে।এ ছাড়াও বাটাজোর ,কচিনা বাজার রাস্তাাটির মাঝে-মধ্যে কার্পেটিং উঠে গেছে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।যার দরুন প্রতিদিনই গাড়ী বিকল হয়ে জনদুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।
    বাটাজোর-সখীপুর সড়কের বিশাল গর্তে একটু বৃষ্টিতেই পানি জমে জলাধারের সৃষ্টি হয়। হবিরবাড়ী-কাচিনা ইউনিয়নের, জামিরদিয়া আইডিয়াল মোড়, জামিরদিয়া রোডে রাশিদ মেম্বারবাড়ীর সামনে একটু বৃষ্টিতেই বিশাল জলাধার যেনো কোন নদী বা খাল!
    সিডস্টোর-গাংগাটিয়া-তালাব, পাড়াগাঁও-চাটানপাড়া-গৌরিপুর এলাকা আধা পাঁকা ও কাঁচা রাস্তাগুলো একটু বৃষ্টিতেই চলাচলে অযোগ্য হয়ে পড়ে। মাস্টারবাড়ী-কাঁশর রোডে বিশাল গর্ত যেনো মরন ফাঁদ ! খুব বেশী কাঁদা হওয়ায় এ রাস্তাগুলো বিড়ম্ভনায় ফেলে দেয়-শিক্ষার্থী, অভিভাবক, কারখানার শ্রমিক, তরিতরকারী বাহী যান ও সর্ব সাধারণের চলাচলে।
    নির্বাহী প্রকৌশলী, এলজিইডি ময়মনসিংহ ,সেলিম সরকার জানান, সিডস্টোর-সখীপুর সড়কটির টেন্ডার হয়েছে, ঠিকাদার পাচ্ছিনা। জুলাই মাস থেকে কাজ শুরু হবে। আর সি আই পি-২ প্রজেক্ট এর অর্থায়নে কাজটি হবে। সাময়িকভাবে রাস্তা সংস্কারের জন্য শীঘ্রই কাজ করা হবে।
    ভালুকা উপজেলা প্রকৌশলীর সরকারি মোবাইল নাম্বারটিতে বারবার কল করে তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
    অবহেলিত এ রাস্তাগুলো দ্রুত সংস্কার ও পাকাকরনের দাবী দ্বীর্ঘ দিনের। বর্ষা মৌসুমে উপজেলার কাঁচা ও আধা-পাকা রাস্তাগুলো অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিড়ম্ভনার শিকার হয় হাজারো সাধারণ মানুষ। উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ন রাস্তার সিডস্টোর-সখিপুর সড়কটির বেহাল দশা। এলাকাবাসীর দাবী যেনো- রাস্তাগুলো দ্রুত মেরামত ও পাঁকাকরন করা হয়।

  • সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা

    সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা

    সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকার পে অর্ডার জমা দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মো. শাহজাহানকে আগামী ৬ মে এই টাকা জমা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল বুধবার সকালে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক নোটিশে ওই দুই ব্যবসায়ীকে তলব করা হয়। সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় সাবেক প্রধান বিচারপতির হিসাবে অস্বাভাবিক এই লেনদেনের তথ্য মিলেছে।

    দুদক সূত্র জানায়, গত আড়াই বছরে সাবেক প্রধান বিচারপতি সিনহার ওই ব্যাংক হিসাবে জমা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি। প্রতি মাসে বেতন ছাড়াও বিভিন্ন স্থান থেকে লাখ ও কোটির হিসাবে টাকা জমা হয়েছে ২৬ বার। এর মধ্যে গত বছরের ৯ নভেম্বর দুটি পে অর্ডারের মাধ্যমে দুই কোটি করে চার কোটি টাকা জমা হয় তাঁর হিসাবে। এর আগে ৮ নভেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার ঋণ হিসাব থেকে এই চার কোটি টাকার পে অর্ডার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে ইস্যু করা হয়। জানা গেছে, মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় দুটি ঋণ হিসাব খোলা হয়। দুটি হিসাবের তথ্য ফরমে বর্তমান ঠিকানা হিসেবে লেখা রয়েছে সাবেক প্রধান বিচারপতির উত্তরার বাড়ির ঠিকানা (সেক্টর নম্বর ১০, সড়ক নম্বর ১২, বাড়ি নম্বর ৫১)। দুজনেরই স্থায়ী ঠিকানা প্রধান বিচারপতির সাবেক পিএস রঞ্জিতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। রঞ্জিত বর্তমানে সিঙ্গাপুরপ্রবাসী। সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার বাড়িতে থাকতেন।

    সূত্র জানায়, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নেন ওই দুই ব্যবসায়ী। পরে ঋণের ওই টাকা সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে পে অর্ডারের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। সাবেক প্রধান বিচারপতির বিভিন্ন হিসাবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে অনুসন্ধানে নেমে এমন তথ্য-উপাত্ত খুঁজে পায় দুদক। তবে ওই সব লেনদেনের বিষয়ে দুই ব্যবসায়ী জড়িত থাকার তথ্য-প্রমাণ পেলেও দুদকের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যবসায়ীকে তলব করে নোটিশ জারি করা হয়েছে।

    দুদক সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতিকে টাকা প্রদানকারী একজন মো. শাহজাহান। তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর ৯৩১২৫৪৭৪৩১২০৩। বাবার নাম আমির হোসেন (মৃত)। ফারমার্স ব্যাংকে করা ঋণ আবেদনে নিজের পেশা হিসেবে চাকরি ও ব্যবসা উল্লেখ

    করেছেন। টিআইএন নম্বর ঋণের আবেদনপত্রে উল্লেখ করেননি তিনি। ব্যবসায়ী শাহজাহান গত বছরের ৬ নভেম্বর ঋণ অ্যাকাউন্ট (অ্যাকাউন্ট নম্বর ০১৭৩৫০০১৫৭২৮৬) খোলার পর ৮ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে দুই কোটি টাকার পে অর্ডারের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পে অর্ডার ইস্যু করে ব্যাংক কর্তৃপক্ষ (পে অর্ডার নম্বর ০০৯২০৪৭)। ওই পে অর্ডারের পর ব্যাংকের এই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন হয়নি।

    সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতির ব্যাংক হিসাবে টাকা পাঠানো আরেকজন নিরঞ্জন চন্দ্র সাহা (জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৭৬৯৩১২৫৪৭০০০০০১)। বাবার নাম গোলক চন্দ্র সাহা। ব্যাংকের তথ্য ফরমে তাঁর পেশার উল্লেখ নেই। নেই টিআইএনও। গত বছরের ৬ নভেম্বর ঋণ অ্যাকাউন্ট (অ্যাকাউন্ট নম্বর ০১৭৩৫০০১৫৭২২৪) খোলার পর তিনিও ৮ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে দুই কোটি টাকার পে অর্ডারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পে অর্ডার ইস্যু করে ব্যাংক কর্তৃপক্ষ (পে অর্ডার নম্বর ০০৯২০৪৬)। মো. শাহজাহানের মতো নিরঞ্জন চন্দ্র সাহার অ্যাকাউন্টেও পে অর্ডারের পর আর কোনো লেনদেন হয়নি।

    উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনর্বহালের বিধানসংবলিত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে গত বছরের ৩ জুলাই রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে ওই রায় দেন। পূর্ণাঙ্গ রায় গত বছরের ১ আগস্ট প্রকাশিত হয়। রায়ে বঙ্গবন্ধু, স্বাধীনতাযুদ্ধ, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রায় নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি। এ ছাড়া রায়ে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে সে বিষয়ে সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ অবৈধ ও বাতিল বলা হয়। এরই মধ্যে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে কিছু কথা বলেন প্রধান বিচারপতি। এসব নিয়ে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারদলীয় নেতারা, মন্ত্রী ও সরকার সমর্থক আইনজীবীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলা হয়।

    নানা সমালোচনার মধ্য দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত বছরের ২ অক্টোবর এক মাসের ছুটি নেওয়ার পর তিনি তা রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে তিনি বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই আবেদনে ১০ নভেম্বর পর্যন্ত তাঁর বিদেশে থাকার কথা উল্লেখ ছিল। ১০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে তাঁর দেশে ফেরার কথা বলা হয় আবেদনে। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির নির্দেশে গত বছরের ১২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রধান বিচারপতি দেশে না ফেরা পর্যন্ত এবং দেশে ফিরে দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

    এক মাস ৯ দিনের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত বছরের ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যান। এর চার দিন পর তাঁর সহধর্মিণী সুষমা সিনহাও অস্ট্রেলিয়ায় যান। পরে তিনি সিঙ্গাপুরে যান।

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে যাওয়ার সময় তাঁর বাসভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সামনে যে বক্তব্য দেন তা বিভ্রান্তিমূলক হিসেবে অভিহিত করেন সুপ্রিম কোর্ট। এ নিয়ে গত বছরের ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সই করা এক বিবৃতিতে বলা হয়, প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থপাচার, নৈতিক স্খলনজনিত অভিযোগসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ ওঠার পর প্রধান বিচারপতির সঙ্গে বসে বিচারকাজ পরিচালনা করতে আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতি অস্বীকৃতি জানিয়েছেন। এ কারণে প্রধান বিচারপতি পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৪ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে আপিল বিভাগের অন্য চার বিচারপতির এক বৈঠক শেষে ওই বিবৃতি দেওয়া হয়।

    এরপর গত বছরের ১১ নভেম্বর সিঙ্গাপুরে অবস্থানকালে তাঁর পদ থেকে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অবসরের সময়সীমার দুই মাস ২০ দিন আগে পদত্যাগ করেন তিনি।

    বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে থাকার কথা ছিল। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে একটি সূত্র জানিয়েছে।

  • বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শামসুল ইসলাম আর নেই

    বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শামসুল ইসলাম আর নেই

    বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ দিন তিনি ক্যান্সারে ভুগছিলেন।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, শামসুল ইসলাম বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ১/১১ সরকারের সময় দলের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

    শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    ১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কাউন্সিলে বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়।

  • গাজীপুর সদরে গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লেক্স

    গাজীপুর সদরে গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লেক্স

    গাজীপুর একটি শিল্পসমৃদ্ধ জেলা। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পাশাপাশি মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা গঠিত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গাজীপুর সদর উপজেলায় জনসংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৯৭ জন। তবে উপজেলা চেয়ারম্যান ও সদরের ইউপি চেয়ারম্যানদের মতে উপজেলায় বর্তমান জনসংখ্যা ছয় লাখের বেশি।

    সদরে গত এক যুগে অসংখ্য শিল্পকলকারখানা গড়ে উঠেছে। কিন্তু উপজেলার গুরুত্ব ও জনসংখ্যা বিবেচনায় সরকারি স্বাস্থ্য খাতে তেমন কোনো মানোন্নয়ন ঘটেনি। সদর উপজেলা প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠেনি।

    সদরের হেলথ ইন্সপেক্টর খোরশেদ আলম জানান, গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে তিনটি, পিরুজালীতে চারটি, ভাওয়ালগড়ে একটি ও বাড়িয়া ইউনিয়নে পাঁচটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়িয়া ইউনিয়নে চারটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা থাকলেও আছে মাত্র একটি। সেটি মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এদিকে চারটি ইউনিয়নে ২৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) থাকার কথা থাকলেও আছে মাত্র আট জন।

    সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান জানান, অন্য জেলার মতো গাজীপুরেও সদর হাসপাতাল রয়েছে। সদরবাসী তাদের স্বাস্থ্যসেবা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাচ্ছেন। তবে সদরের গুরুত্ব, দূরত্ব এবং জনসংখ্যা বিবেচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা অত্যন্ত জরুরি।

    সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একাধিকবার সংশ্লিষ্ট বিভাগকে রেজুলেশন করে জানানো হয়েছে। মানবিক এ বিষয়টি বিবেচনার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, গাজীপুর সদর উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা অত্যন্ত জরুরি। এতে সদরবাসী উপকৃত হবে। এ ব্যাপারে দ্রুত খোঁজখবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গাজীপুর-৩ আসনের এমপি রহমত আলী বলেন, গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

  • গাজীপুর সিটি নির্বাচন জমজমাট প্রচারণায় প্রার্থীরা

    গাজীপুর সিটি নির্বাচন জমজমাট প্রচারণায় প্রার্থীরা

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭ মেয়র, ২৫৬ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে গত মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

     

    প্রতীক পেয়ে জনসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। সকালে প্রতীক পেয়েই প্রতিদ্বন্দ্বী প্রধান দুই মেয়র প্রার্থী ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার ও ১৪ দলীয় জোটের আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমসহ অপর প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েছেন।

    মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। এর পূর্বে রিটার্নিং অফিসার প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধিসহ নানা নির্বাচন সংক্রান্ত নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সকাল সোয়া ১০টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান। এর আধাঘণ্টার পর দলীয় নেতাকর্মীসহকারে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। পরে রিটার্নিং কর্মকর্তা প্রথমে মেয়র প্রার্থী পরে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

    নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতিক পেয়েছেন।

    এর মধ্যে ৭ প্রার্থী তাদের দলীয় নির্ধারিত প্রতীক পেয়েছেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থীকে তার পছন্দের প্রতীক টেবিল ঘড়ি দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া একই প্রতীকে একাধিক প্রার্থীর পছন্দ থাকলে সেখানে লটারির মাধ্যমে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

    সহকারি রিটার্নিং অফিসার তারিফুজ্জামান জানান, মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে পারলেও কোনো দালান ও দালানের দেয়াল, বেড়া, যানবাহন, বিদ্যুতের খুঁটি বা গাছে আঠা বা অন্য কোন পদার্থ দ্বারা পোস্টার লাগানো যাবে না। তবে ভোট কেন্দ্র ব্যতীত নির্বাচনী এলাকার যে কোনো স্থানে পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট ঝুলাইতে বা বা টাঙাতে পারবেন।

    কোনো অবস্থাতেই রঙিন পোস্টার ছাপানো বা লাগানো যাবে না। পোস্টারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ছাপানো যাবে না। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দলের মনোনীত হলে দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন।

    তবে পোস্টার ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার সাইজের সাদা-কালো কাগজের পোস্টার দড়ি, সুতলি বা রশি দিয়ে ঝুলিয়ে বা টাঙিয়ে দেওয়া যাবে। পোস্টারের যে কোনো স্থানে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মুদ্রণের তারিখ, পোস্টারের মোট সংখ্যা অবশ্যই থাকতে হবে। নির্বাচনী প্রতীকের আকার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কোনো অবস্থানেই তিন মিটারের অধিক হতে পারবে না।

    গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও মহিলা ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ ২ হাজার ৭৬১টি।

  • গাজীপুর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    গাজীপুর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

    মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং অফিসার সকল প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধিসহ নির্বাচনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা চাই নির্বাচন উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পূন্ন হোক।

    প্রথমে সকাল ১০টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তার কিছুক্ষন পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীসহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন।

    প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা, মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত পার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের পার্থী ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্থী মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পার্থী মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক। একমাত্র স্বতন্ত্র প্রার্থীকে তার পছন্দের প্রতীক টেবিল ঘড়ি দেয়া হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।একই প্রতীকে একাধিক প্রার্থীর দাবী থাকলে সেখানে লটারির মাধ্যমে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

    রিটার্নিং অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ‘৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।’গত ৩১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ এপ্রিল শেষ হয় মনোনয়নপত্র দাখিলের সময়। তা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ এপ্রিল। ভোট গ্রহণ আগামী ১৫ মে। গাজীপুর সিটির আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ থাকবে ২ হাজার ৭৬১টি।

  • কাপাসিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় কৃষক লীগনেতা কারাগারে

    কাপাসিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় কৃষক লীগনেতা কারাগারে

    গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নদীথেকে অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় কৃষক লীগের সাধারণ সম্পাদককে কারাগারে পাঠিয়েছে আদালত।

    মঙ্গলবার (২৪ এপ্রিল) গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ফারাহ্ মামুন তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামি মাহবুবুল আলম বাবলু (৫৫) উপজেলার রাউৎকোনা এলাকার মৃত মমতাজ উদ্দিন প্রধানের ছেলে। তিনি কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং বর্তমানে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
    মামলার অপর আসামিরা হলেন কাপাসিয়া মধ্যপাড়া এলাকার সমির সরকারের ছেলে সাইফুল সরকার (৫০), আলাউদ্দিনের ছেলে নুরুজ্জামান ওরফে জামান (৪০) দস্যু নারায়নপুর গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে মতিউর রহমান (৬৫), একই এলাকার সিরাজুল হকের ছেলে ইলিয়াস (৩৫), কালীগঞ্জের গুনুপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৫)।

    মামলার অভিযোগ পত্র থেকে জানা যায়, আসামিরা তরগাঁও ইউনিয়নের বাঘিয়া মৌজার বানার নদী তথা শীতলক্ষা নদী থেকে প্রতিদিন গড়ে ২৪ হাজার বর্গফুট করে ১২ লাখ বর্গফুট বালু অবৈধভাবে উত্তোলন ও চুরি করে স্তুপ আকারে সাইফুল ও জামানের বালুর গদিতে জমা করে পর্যায়ক্রমে বিক্রয় করতে থাকে। অবৈধ ভাবে উত্তোলন বালুর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পরে খবর পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের ড্রেজার ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় প্রশাসন। পরে জব্দকৃত মা-বাবার দোয়া ড্রেজার মো. আলমগীর হোসেনের জিম্মায় এবং আল্লাহ্ ভরসা ও এমবি হযরত শাহ্জালাল (রঃ) শাহপরান ড্রেজার দুইটি তরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুবুর রহমান শিকদারের কাছে জিম্মায় রাখে উপজেলা প্রশাসন।উদ্ধারকৃত ৪১ হাজার ঘনফুট চোরাই বালু নিলামের মাধ্যমে বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

    মামলার নথিতে আরও উল্লেখ রয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর ক্ষতিসহ ফকির মজনুশাহ সেতু ও বাঘিয়া মৌজায় জনসাধারণের ঘর-বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ছাড়া ওই মৌজায় বসবাসকারী অধিবাসীদের কবরস্থান, শ্মশান, ধর্মীয় ও অন্যান্য প্রতিষ্ঠান অবৈধ বালু উত্তোলনের ফলে ইতোপূর্বে নদী গর্ভে বিলীন হয়েছে।

    মামলার এজাহারে আসামি হিসেবে সাইফুল ইসলাম ও জামানের নাম সরাসরি উল্লেখ ছিল। কিন্তু মঙ্গলবার কারাগারে প্রেরিত আসামি বাবলু প্রধানের নাম এজাহারে উল্লেখ না থাকলেও তিনি আল্লাহ ভরসা ড্রেজারের মালিক বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরবর্তীতে অভিযোগপত্রে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা আনিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এবং তরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুবুর রহমান শিকদারসহ মোট ২২জন সাক্ষী রয়েছে। আরেক সাক্ষী এম এইচ নোমান জেলা শ্রমিক লীগ নেতা।

    বাবলু ঘটনার সময় বিদেশে ছিলেন বলে আদালতে জামিন শুনানিতে জানান আসামি পক্ষের আইনজীবীরা। কাপাসিয়া থানায় এমন আরও একটি অবৈধভাবে বালু উত্তোলন ও বালু চুরির মামলা তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

    উল্লেখ্য, এ ঘটনায় তরগাঁও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ২০১৭ সালের ৫ জুন কাপাসিয়া থানায় তাদের অভিযুক্ত করে মামলা [নম্বর ১০(৬)১৭] করেন। মামলায় দণ্ডবিধির ৪৩১ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়। পরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান তদন্ত শেষে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৩১, ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।

  • ভিডিও ফুটেজেও মিলেছে যৌন নিপীড়নের সত্যতা

    ভিডিও ফুটেজেও মিলেছে যৌন নিপীড়নের সত্যতা

    উত্তরা ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে তুরাগ পরিবহনের একটি বাসে চালক ও তার সহযোগীরা মিলে যৌন হয়রানির ঘটনায় ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে তা অনন্য এক উদাহরণ হয়ে থাকবে। ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাঙচুর, জনদুর্ভোগ এসব এড়িয়ে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে দাবি আদায় করা যায় তার সার্থক উদাহরণ তৈরি করল। শিক্ষার্থীদের দাবি অত্যন্ত গুরুত্বসহকারে নেয় পুলিশ।

    শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই প্রতিবাদের ফলে ওই চালক ও তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছে।

    গত শনিবার দুপুর ১২টা ৫৩ মিনিট থেকে ১টা ১৩ মিনিট। বাড্ডা লিংক রোড থেকে তুরাগ পরিবহনের বাসটিতে ওঠেন উত্তরা ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী। দুপুর ১টা ১৩ মিনিটে ওই শিক্ষার্থী বাসটি থেকে নামেন যমুনা ফিউচার পার্কের বিপরীতে। এই ২০ মিনিটের মধ্যে যৌন হয়রানির শিকার হন তিনি। এই দূরত্বের মধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে তুরাগ বাসের চালক রোমান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর এই বখাটেদের শনাক্ত করেন হয়রানির শিকার ওই শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা বখাটেদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদিকে শান্তিপূর্ণ আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করে আন্দোলনকারীরাও তাদের আন্দোলন স্থগিত করেছে।

    এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) তাপস ওঁঝা সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী গতকাল প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া তিনজন হলো তুরাগ পরিবহনের ওই বাসের চালক রোমান, তার সহযোগী নয়ন ও মনির। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সায়েদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ওই শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর থেকে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করি। ঘটনার পর আমরা বাড্ডা লিংক রোড থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি। এরপর ওই ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত তুরাগ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করি।’

    তিনি বলেন, ‘প্রাথমিক তদন্ত শেষে আমরা নিশ্চিত হয়েছি, ২১ এপ্রিল দুপুর ১২টা ৫৩ মিনিট থেকে দুপুর ১টা ১৩ মিনিটের মধ্যে ওই ঘটনা ঘটেছে।’

    এদিকে আলোচিত এ ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেও নানা তথ্য পাওয়া গেছে। আন্দোলনের মাধ্যমে যৌন নিপীড়নে জড়িত বখাটেরা ধরা পড়ায় একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে তারা। গণপরিবহনে তারা আর এ ধরনের ঘটনা দেখতে চায় না। শুধু শিক্ষার্থী নয়, বাসযাত্রী কোনো নারীকেই অসম্মান করা যাবে না। শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেছে। আবারও যদি এ ধরনের ঘটনা ঘটে তখন শুধু চালক আর সহযোগী নয়, বাস মালিক সমিতির বিরুদ্ধেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

    এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন রাজধানীর উত্তর বাড্ডায় তুরাগ পরিবহনের বাসে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবাদকারী ছাত্রপরিষদের সমন্বয়ক পারভেজ হোসেন। গতকাল তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এখন আমরা গ্রেপ্তার হওয়া তুরাগ বাসের চালক, সহযোগীসহ তিন বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় আছি। সেই সঙ্গে এ ঘটনার প্রতিবাদ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।’

    ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নাভিদ কামাল শৈবাল কালের কণ্ঠকে বলেন, যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসচালকসহ তিনজন গ্রেপ্তার হওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে। তবে এ ঘটনায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

    বখাটে বাসচালক ও তার সহযোগী গ্রেপ্তার হওয়ায় আন্দোলনকারী উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে আনন্দ উদ্যাপন করে।

    এই আন্দোলনের সমন্বয়ক পারভেজ হোসেন বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটির ছাত্ররা দেখিয়ে দিয়েছে, ভাঙচুর এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনে দাবি আদায় করা যায়। আমরা কাউকে আঘাত করিনি। গাড়ি ভাঙচুর করিনি। আমাদের দাবি গুরুত্ব দিয়ে পুলিশ সহযোগিতা করেছে। আমরা কাউকে নাজেহাল করেনি। বাসে যৌন হয়রানির প্রতিবাদে এ ধরনের সফল কর্মসূচির কারণেই চালক ও তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছে।’

    তিনি আরো বলেন, ‘আপাতত আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি। বিচারে অপরাধীদের কী শাস্তি হয় তা দেখার অপেক্ষায় আছি। অপরাধীদের যদি শাস্তি না হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

    শিক্ষার্থীরা আরো জানায়, তারা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করবে। তাঁরা বাসের চালক, হেলপার ও সুপারভাইজার হিসেবে কাকে নিয়োগ দেন, তাদের চরিত্র ভালো না খারাপ সেটা যাচাই করেন কি না, তারা মাদকাসক্ত কি না, তারা ভবিষ্যতে যাত্রীদের ভালো সেবা দেবে কি না, যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করতে পুলিশ তাদের সহযোগিতা করবে কি না—এমন অন্তত ২০টি বিষয় বাস মালিক সমিতির কাছে লিখিত দিয়ে তা বাস্তবায়নের দাবি জানানো হবে।

    যৌন হয়রানির প্রতিবাদে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুরাগ পরিবহনের ৩৫টি বাস আটকে রেখে প্রতিবাদ করে। অভিযুক্ত বাসচালক ও তার সহযোগীদের গ্রেপ্তারে শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে এর আগে সোমবার সন্ধ্যায় সায়েদাবাদ থেকে আসামিরা গ্রেপ্তার হওয়ায় রাতেই বাসগুলো বুঝিয়ে দেওয়া হয়।