Blog

  • যুবকের উপর যুবলীগ নেতার বর্বরতা

    যুবকের উপর যুবলীগ নেতার বর্বরতা

    গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে চুরির অপবাদ দিয়ে এক যুবকের উপর অমানুষিক বর্বরতা চালিয়েছে যুবলীগের এক নেতা। শরীরে ভাঙ্গা হাড় নিয়ে এ য্বুকটি এখন মৃত্যুশয্যায়। অসহায়ত্বের কবলে থাকায় এখনও পরিবারটি যুবকের চিকিৎসার সুব্যবস্থা করতে পারেনি।
    অভিযুক্ত এম কাওসার গফরগাঁও উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির যুগ্নআহবায়ক। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার বারবারিয়া ইউনিয়নের লক্ষনপাড়া গ্রামে। সে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় জায়গা কিনে বসবাস করে আসছেন।
    আহত যুবক আলমগীর (২০) নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার ইসপিতাপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে মা বাবার সাথে মুলাইদ এলাকার হোসেন মৃধার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় জামান ফ্যাশন নামের একটি কারখানায় আয়রনম্যান পদে চাকুরী করত। তাঁর বাবা মুলাইদ গ্রামের শফিকের মোড় এলাকার একজন চা দোকানি।

    গত ৯ এপ্রিল রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে টেপিরবাড়ি গ্রামের একট্ িসড়ক থেকে এ যুবককে ধরে তাঁর নিজ বাড়িতে নিয়ে সারারাত ধরে নির্যাতন করেন অভিযুক্ত যুবলীগ নেতা। পরদিন তাঁর স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    যুবকের স¦জনরা জানায়,তাঁরা জীবিকার সন্ধানে গত ১০বছর ধরে শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।তাদের পরিবারের সদস্য আলমগীর হোসেনও তার স্ত্রী ও দুই শিশু কন্যা নিয়ে একসাথে বসবাস করতো। আলমগীরের বাবা চা দোকান ও আলমগীর জামান ফ্যাশন নামের একটি কারখানায় আয়রনম্যানের কাজ করত। গত ৯ এপ্রিল রাতে আলমগীর কাজ শেষে বাড়ি ফেরার পথে মাটির মসজিদের সামনের সড়ক থেকে যুবলীগ নেতা কাওসার কয়েকজন দিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। পরে দড়ি দিয়ে বেঁধে চুরির মিথ্যা অপবাদ দিয়ে সারারাত ধরে লোহার রড দিয়ে নির্যাতন শুুরু করেন। নির্যাতনে যুবকের ডান পায়ের হাড় ভেঙ্গে যায় , মাথা সহ সারা শরীরে জখম হয়। পরদিন সকালে বাড়ির বাহিরে একটি গাছে দড়ি দিয়ে বেঁেধ রাখা হয় যুবককে। এসংবাদ শুনে যুবকের স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে দুই দিন পর এই যুবলীগ নেতা তাদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে বের করে হাসপাতালে চিকিৎসার কাগজপত্র জোড় করে নিয়ে যায়। পরে এই যুবলীগ নেতা তার লোক দিয়ে যুবককে ময়মনসিংহের একটি ট্রমা সেন্টারে ভর্তি করেন। এসময় কয়েকটি ষ্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে আপোষের প্রস্তাব দেয় যুবলীগ নেতা কাওসার। আপোষের প্রস্তাব যুবকের পরিবার প্রত্যাখান করায় জোড়পূর্বক সেখান থেকে বের করে দেয়। এর পর থেকে পরিবারটি কার্যত অবরুদ্ধ। যুবলীগ নেতার হুমকীতে গত কয়েকদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যুবকটিও কোন চিকিৎসার জন্য বের হতে পারছে না।
    আহত যুবক আলমগীর হোসেনের ভাষ্য আমি বারবার বলেছি আমি কোন চুরি করিনা, আমি কাজ করে খাই, তিনি কোন কথা শুনেননি। কয়েকবার পায়ে ধরেছি, তাতেও মন গলেনি। সারারাত আমাকে লোহার রড দিয়ে পেটানো হয়। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, জ্ঞান ফিরে আসার পর দেখি আবার মারা হচ্ছে। এদিকে আমাকে মেরে গুরুতর আহত করে আবার সকালে খবর দিয়ে পুলিশ এনে আমাকে তাদের হাতে তুলে দিতে চেয়েছিল যুবলীগ নেতা, কিন্তু আমার অবস্থা খারাপ থাকায় পুলিশ আমাকে নেয়নি। তারা আমাকে এ অবস্থায় ফেলে চলে গেছে।
    আলমগীর হোসেনের বাবা কালাম মিয়া জানান, একদিকে আমার ছেলেটাকে তারা এমনভাবে মারল আবার তার উপর অব্যাহত হুমকী এলাকাছাড়ার জন্য। যুবলীগ নেতার হুমকীত গত ১৫ দিন ধরে দোকান খুলতে পারিনা। পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন কাটাতে হচ্ছে।
    অভিযুক্ত যুবলীগ নেতা কাওসার জানান, ছেলেটাকে চুরির কাজে হাতেনাতে ধরেছি। তাই তাকে শায়েস্তা করেছি। এটা অন্যায় কিছু না।পরে আবার তাকে আমার নিজ খরচে চিকিৎসাও দিয়েছি।
    এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক ( অপারেশন) হেলাল উদ্দিন জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে ছেলেটিকে যুবলীগের এই নেতা মারধর করেননি, চুরির অভিযোগে সাধারণ জনগনের পিটুনিতে ছেলেটি আহত হওয়ায় তাকে চিকিৎসা দেয়ার জন্য সাধারন লোকজনকে পরামর্শ দেয়া হয়েছিল।

  • সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

    সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

    রাজধানীসহ প্রায় সারাদেশে ঝড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে তারা। আভাস অনুযায়ী, বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

    রোববার (২৯ এপ্রিল) সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাত হয়েছে। কেবল ঢাকায়ই ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলানিউজকে জানিয়েছেন, ঢাকাসহ সারাদেশে ভারী বর্ষণ এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আগামী দু’একদিন আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করবে।

    ভারী বর্ষণের সতর্কবার্তা
    আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বজ্রপাতের ঘনঘটা বেড়ে যাওয়ার কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্যণ হতে পারে।

    কালবৈশাখীর সতর্কতা
    সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

    নদীবন্দরে ২ হুঁশিয়ারি সংকেত
    রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
    এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে : জাহাঙ্গীর আলম

    বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে : জাহাঙ্গীর আলম

    গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের ভর্তুকি দিয়ে হলেও স্বাস্থ্যবীমার আওতায় আনার প্রতিশ্রুতি দিলেন আ’লীগের মেয়র প্রার্থী অ্যাড. মো. জাহাঙ্গীর আলম।

    এছাড়া যানজট নিরসন, গার্মেন্ট শিল্পের আধুনিকায়ন, জলজট নিরসনে তুরাগ নদী খনন, বেকার সমস্যার সমাধানসহ অন্তত অর্ধশত অঙ্গীকার করলেন গাজীপুর মহানগর আ’লীগের এই সাধারণ সম্পাদক।

    একান্ত এক সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম নগরপিতা হলে গাজীপুরকে শান্তির শহরে রূপ দেয়ার মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। পরিকল্পনা বাস্তবায়নের ব্যাখ্যাও তুলে ধরেন তিনি।

    নগরবাসীর জন্য স্বাস্থ্যবীমা পলিসি চালু ও তা বাস্তাবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ভোটে জয়লাভের পর স্বাস্থ্যবীমার অধীনে একাধিক হাসপাতাল গড়ে তোলা হবে এবং সেখানেই নগরবাসীকে ভর্তুকি দিয়ে স্বাস্থ্যসেব দেয়া হবে।

    নগরীর ৫৭টি ওয়ার্ড নিয়ে রোডম্যাপ পাকা করার কথাও জানান তিনি। তিনি বলেন, রাজধানীর পাশে গাজীপুরকে আরও নিরাপদ করতে মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে একাধিক হাইওয়ে করতে চাই। নগরীকে যানজটমুক্ত করতে চারপাশে বৃত্তাকার হাইওয়ে ছাড়াও বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত হাইওয়ে করতে চাই।

    এছাড়া টঙ্গী-গাছা-কোনাবাড়ী-কাশিমপুর হয়ে আরেকটি হাইওয়ে হবে যার দৈর্ঘ্য হবে ৩৩ কিমি. এবং চওড়া ১৭৫ ফিট। এছাড়া বিমানবন্দর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত রেলওয়ের পাশ দিয়ে এবং গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাইপাস পর্যন্ত হাইওয়ে হবে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য হাইওয়ের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

    এছাড়া জলাবদ্ধতা নিরসনে তুরাগ নদী খননের পরিকল্পনা আছে- উল্লেখ করে তিনি বলেন, এসবই আমার নির্বাচনী ইশতেহারে তুলে ধরা হবে।

    নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ৫৭টি ওয়ার্ডে ১২শ’ টিম কাজ করছে। প্রতি টিমে একশ’ থেকে দেড়শ’ পরীক্ষিত সদস্য রয়েছে। তিনি বলেন, নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয় হবে ইনশাআল্লাহ।

    নতুন প্রজন্মকে আকৃষ্ট করা নিয়ে আ’লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমিও নতুন ও তরুণ। তরুণের স্বপ্নই আমার স্বপ্ন। গাজীপুরকে তরুণ প্রজন্মের বাসযোগ্য আধুনিক শহরে গড়ে তুলব।

    হেফাজত ফ্যাক্ট কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুরে ১৭শ’র মতো মসজিদ এবং অসংখ্য মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের ইমাম-খতিব এবং দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। সবাইকে সহযোগিতা করেছি। তারা আমাকে প্রতিশ্র“তি দিয়েছেন। আশা করি হেফাজত এবার আমার পক্ষে কাজ করবে।

    গার্মেন্ট সেক্টরের আধুনিকায়ন নিয়ে তিনি বলেন, বিজয়ী হলে ৫টি অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা আছে। প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের কাছে দেয়া আছে। শ্রমিকদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, ৫০ বিঘা জমির ওপরে ১৫ তলাবিশিষ্ট একাধিক ভবন করার চিন্তা আছে।

    স্থানীয় সরকারের সহযোগিতায় এ কাজ করতে চাই। এ ইস্যু নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে। গাজীপুরে কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক পরিবার নিয়ে থাকেন। তাদের জন্য স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসা, মার্কেট, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ থেকে শুরু করে সব সুযোগ-সুবিধা থাকবে সেখানে। শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হবে।

    প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করে আ’লীগের এই মেয়র প্রার্থী বেকার সমস্যা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আমার একটি শিক্ষা ফাউন্ডেশন রয়েছে। তার মাধ্যমে আমি ২৩ হাজার শিক্ষার্থীকে নানাভাবে সহযোগিতা করছি।

    নগরীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়–য়াদের আধুনিক ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা করে তাদের চাকরির সংস্থান করব। মেয়র নির্বাচিত হলে বেকার সমস্যা থাকবে না।

    নগরীর বিদ্যুৎ সমস্যা নিয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চাহিদা পূরণে গাজীপুরে নিজস্ব বিদ্যুৎ প্লান্টের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, গ্যাস সরবরাহের জন্য সরকারের সঙ্গে এলএনজি বা পাইপলাইনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে।

    সিটি কর্পোরেশনের নিজস্ব একটি ব্যাংক ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গাজীপুরের নগরপিতা হতে ইচ্ছুক এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, ওই ব্যাংক ব্যবস্থা থেকে স্থানীয় মানুষ যাতে কম সুদে ঋণ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের অধীনে একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় করার স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।

    দেশীয় গার্মেন্ট শিল্পকে অধিক গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, আমরা সরাসরি বিদেশে পণ্য রফতানি করব। এতে লাভ বাড়বে। সে লক্ষ্যে একটি ফ্যাশন ডিজাইন প্রকল্প হাতে নেয়া হবে।

    নগরীর অনুন্নত এলাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো এলাকা অনুন্নত থাকবে না। সুষম উন্নয়ন নীতিমালার আলোকে কাজ এগিয়ে নেয়া হবে। সেভাবেই বরাদ্দ দেয়া হবে।

    দলীয় কোন্দল নিরসন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, আমি গাজীপুর মহানগরীর সভাপতি এবং গতবারের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। নৌকার প্রার্থীকে জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার, সবই করবেন বলে তিনি আমাকে কথা দিয়েছেন।

    শুধু তা-ই নয়, তিনি আমার পক্ষে গণসংযোগও শুরু করেছেন। তিনি বলেন, আসলে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। প্রতিপক্ষ এসব বলছে, তারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

    বিভিন্ন ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থী রয়েছেন। মেয়র প্রার্থীর জন্য এটা প্রতিবন্ধকতা কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, কাউন্সিলর পদে একাধিক প্রার্থী থাকলেও তারা যেখানেই যাচ্ছেন, নিজের ভোটের সঙ্গে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। আমরা জানিয়ে দিয়েছি কাউন্সিলর পদে দলের পক্ষ থেকে একজনকে সমর্থন দেয়া হলেও মেয়র পদকেই বেশি গুরুত্ব দিতে হবে।

    সুষ্ঠু নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আপনার প্রত্যাশা কী- জানতে চাইলে তিনি বলেন, আমি অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। ১৫ মের নির্বাচনে যেন ভোটাররা খুব সহজে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে প্রত্যাশা থাকবে। আমি চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে গাজীপুরবাসী তাদের পছন্দের মেয়রকে বেছে নিক।

    গাজীপুরবাসী আপনাকে ভোট দেবে কেন- এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, মাঠপর্যায়ে অনেক পরিশ্রম করেছি। নির্বাচনের প্রত্যাশা আমার দীর্ঘদিনের। সে লক্ষ্যে কাজ করেছি, বারবার তৃণমূলে ছুটে গেছি।

    বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জাহাঙ্গীর বলেন, আমি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিশি, কথা বলি, সহযোগিতা করি, দুঃসময়ে পাশে থাকি, এতে আশা করব তারা আমাকে ফিরিয়ে দেবে না। তাদের সার্বিক সহযোগিতায় আমি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হব।

    এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, চেষ্টার কমতি নেই। এমন কোনো অন্যায় করিনি, যার জন্য আল্লাহ অখুশি হতে পারেন।

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমার প্রতিপক্ষ শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করছেন। যিনি নির্বাচন কমিশনে এ অভিযোগ করছেন, তিনি নিজেও জানেন আমি কতটা সৎ এবং স্বচ্ছভাবে জীবনযাপন করি।

    আমার বিশ্বাস, তিনি তার দলের কথা বলতে গিয়ে অগত্যা আমার বিরোধিতা করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। নির্বাচন কশিমনকে সার্বিক সহযোগিতার চেষ্টা করি।

    হলফনামায় তথ্য গোপনের অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, কোনো তথ্য গোপন করিনি। আমাকে বলা হয়েছে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছি। তিনি বলেন, মানুষ আয় করে কিছু কিছু জমায়। কিন্তু আমি আয় করে জমাইনি বরং তার চেয়ে বেশি ব্যয় করেছি।

    আমি ধার করে হলেও মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। এজন্য নির্বাচন কমিশনের হিসাবে আয়ের চেয়ে ব্যয় বেশি পরিলক্ষিত হয়েছে।

  • ধানের শীষে ভোট দিয়ে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে-দুলু

    ধানের শীষে ভোট দিয়ে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে-দুলু

    গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে নির্বাচনী গণসংযোগ কালে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিশ্বস করি- আওয়ামী দু:শাসন, নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে গাজীপুর ও খুলনার জনগণ ধানের শীষকে রায় দিবে। এই রায়ের মাধ্যমে জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জেলখানা থেকে বের করে নিয়ে আসবেন। এই নির্বাচন আমাদের কাছে হলুদ কার্ড। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনার জনগণ সরকারকে হলুদ কার্ড দেখাবে। আর এই হলুদ কার্ডের পরে যে নির্বাচন আসবে সেখানে আমরা সরকারকে লাল কার্ড দেখাব। মানুষ লাল কার্ডের অপেক্ষায় আছে।
    শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিমারা এলাকায় গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট তথা বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকাররে পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সরকারের সমালোচনা করেন।
    দুলু আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলার যে অবস্থা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। নিরাপত্তার অভাবে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না।
    এসময়ে অন্যদের মধ্যে অভিনেতা ও বিএনপি নেতা বাবুল আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাহিত্যা ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার উপস্থিত ছিলেন প্রমুখ।

  • রোহিঙ্গারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

    রোহিঙ্গারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

    দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে। তারা সেসব দেশে অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা।’

    আজ শনিবার সেন্টার ফর এনআরবি (নন–রেসিডেন্ট বাংলাদেশি) আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের অংশ হিসেবে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    এ সময় নুরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট হয়েছে, তবে এটা আমাদের দেশে না। সেই দেশের সিন্ডিকেট। এখন শ্রমিক পাঠানো বন্ধ করে দিলে কেউ যেতে পারবে না, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি আরও বলেন, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি থাকলে এ প্রণোদনা চালু হবে। এতে বৈধ পথে আয় বাড়বে।

    সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসানসহ কয়েকজন প্রবাসী।

  • টিনের বাস, অচল জীবন: জবাব দেবে কে?

    টিনের বাস, অচল জীবন: জবাব দেবে কে?

    একদিকে দেশ ভরে যাচ্ছে প্রাপ্তির সার্টিফিকেটে আর অন্যদিকে সাধারণেরা উন্নয়নের সোনার চামচে দুবেলা গিলছে চিরতার রস। প্রতিদিন নতুন নতুন পুরস্কার যোগ হচ্ছে শোকেসে। সেই সঙ্গে চলছে উদ্‌যাপন। সড়ক বন্ধ করে চলে উদ্‌যাপন, সাধারণেরা কাজের পথে আটকে গিয়ে চৌধুরীবাড়ির রাস উৎসবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্‌যাপন দেখে। কিছু করার নেই যে! রাস্তা বন্ধ থাকলে গণপরিবহন বন্ধ, গণপরিবহন বন্ধ হলে ব্যক্তিগত গাড়ির মালিকানাবিহীনদের অফিস তো আর বন্ধ হয় না। যার কিছু নেই, তার পা আছে। কিন্তু ‘পা’-এর ভরসায় পথে নামলেই আবার পা ভরসা রাখে না। পড়ে যায় গর্তে, উন্নয়নের বড় বড় গর্তে। জীবনযুদ্ধের আরেক নাম রাজধানীর সড়ক ও যোগাযোগব্যবস্থা।

    হিসাবটা কেউ কি দেবে?
    যুদ্ধ তবু থামার নয়। এই যুদ্ধের নাম জীবনযুদ্ধ। শনি-রবি থেকে বৃহস্পতিবার রাস্তার দিকে তাকালেই চোখে পড়ে এই যুদ্ধ। একটা বাসে ওঠার জন্য যুদ্ধ, একটা সিটের জন্য যুদ্ধ, ৫ টাকা ভাংতির জন্য যুদ্ধ, বাস থেকে নামার জন্য যুদ্ধ, রাস্তা পারাপারের যুদ্ধ। এই যুদ্ধে জিতলে ঠিক সময়ে পৌঁছে যাওয়া যায় পরীক্ষার হলে, পাওয়া যায় এ প্লাস-গোল্ডেন। আর হেরে গেলে দুই হাজার টাকায় সরকারি চাকরির ফরম তুলে চট্টগ্রাম বা রাজশাহী থেকে পরীক্ষা দিতে আসা বেকার যুবককে এক ঘণ্টা দেরিতে আসায় ছলছল চোখে দাঁড়িয়ে থাকতে হয় পরীক্ষার হলের গেটে। চাকরিটা এবারও হলো না! এই যুদ্ধে জিতে গেলে বসের গুডবুকে উঠে যায় নাম, বছর শেষে কয়টা টাকা বেশি বেতন বাড়লে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে কিছুটা তাল মেলানো যায়। হেরে গেলে সংসার-সন্তান, পরিবার নিয়ে পথে দাঁড়াতে হয়। এই যুদ্ধ তাই গুরুত্বপূর্ণ, একে এড়ানো যায় না। যুদ্ধ করতে তাই আলমারিতে ঠেসে ঠেসে কাপড় ঢোকানোর মতো ঢুকে পড়তে হয় বাসের ভেতর। মাথার ওপর লম্বা রড শক্ত করে ধরে ঝুলতে ঝুলতে, সকালে ইস্তিরি করে পরে আসা জামাটা ঘামে ভিজে হলদে হয়ে যায়। গাড়ি চললে তবু কিছুটা রেহাই, মাথার ওপর নষ্ট ফ্যান নিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে থাকার কষ্ট কাউকে বোঝানো যায় না। এত যানজট, রাস্তায় এত এত গাড়ি, তবু বাদুড়-ঝোলাই নিয়তি! বিশ্বব্যাংকের তথ্য, যানজটের কারণে রাজধানী ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর যানজটের কারণে বছরে যে আর্থিক ক্ষতি হয়, অঙ্কের হিসাবে তা প্রায় ৩০ হাজার কোটি টাকা। ব্যক্তিগতভাবে একজন যাত্রীর জীবনের ক্ষতি, আয়ের ক্ষতি, আয়ুর ক্ষতির হিসাবটা কেউ কি দেবে?

    নারীর জন্য বিশেষ পুরস্কার!
    এ তো গেল সর্বজনীন ভোগান্তি। যাত্রীটি নারী হলে ভোগান্তির চিত্র অনেকখানি বদলে যায়। ‘ভিক্ষা হবে না’ বলে বড়লোকের বাড়ির দরজা বন্ধ হয়ে যায়, তেমনি ‘সিট নাই’ বলে বাসের দরজা বন্ধ হয়—নারী যাত্রীটি হয়তো তখন গাড়ির পাশে পাশে দৌড়াচ্ছে। যেন নারীদের অফিসে যাওয়ার তাড়া থাকতে পারে না, যেন নারী রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু বাসে দাঁড়িয়ে থাকতে পারে না! আবার কোনোমতে একবার বাসে উঠে গেলে এবং সিট না পেলে সোনায় সোহাগা। চালকের সহযোগী ভিড় ঠেলে ভাড়া তোলার সময় সচেতনভাবেই ছুঁয়ে যায় নারী শরীর। কম যান না কোনো কোনো সহযাত্রীও। ব্রেক থেকে ব্রেক শুধু একটু সুযোগের অপেক্ষা। একটা ব্রেক কষলেই গা ছেড়ে দেবে সহযাত্রী নারীটির গায়ের ওপর, বুঝুক নারী হয়ে পুরুষের মতো ঝুলে ঝুলে অফিসে যাওয়ার মজা! বাসের ভেতরের নির্দিষ্ট স্বভাবের পুরুষ যাত্রীরা দৃষ্টিসীমার মধ্যে থাকা নারীকে হয়রানি করতে লেগে পড়েন প্রতিযোগিতায়। কখনো সিট ছেড়ে দেন নারীটির জন্য। হয়রানি এড়াতে কৃতজ্ঞচিত্তে সিটে বসে পড়লে শুরু হয় পরবর্তী পর্বের হয়রানি। কাঁধের কাছে পুরুষ তাঁর শরীরের নিম্নাংশ ছুঁইয়ে দাঁড়িয়ে থাকেন, ভয়ে-লজ্জায় কুঁকড়ে যান সহযাত্রী নারী। মুখ খোলা যাবে না, কিছুক্ষণ আগেই যে তাঁরই সিটে তিনি বসে পড়েছেন! পুরুষ যাত্রীটি নারীর এই অস্বস্তি টের পান আর মহাভারতের দুর্যোধনের মতো মনে মনে বলে ওঠেনম ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী!’

    প্রতিদিন খবর আসে
    অফিসের পিক টাইমে পিঁপড়ার সারির মতো যানবাহন একটু নড়তে নড়তে যখন যাত্রীকে গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা, তখন পেছনের গাড়িগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারপর খবর আর গল্প লেখা হয়, রাজীব অথবা রোজিনা কিংবা হৃদয় শেখের নামে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশে ১ হাজার ৭৭৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮৪১ জনের প্রাণহানি ও ৫ হাজার ৪৭৭ জন আহত হয়েছে। পঙ্গু হয়েছে ২৮৮ জন। এসব কম দামি জীবন ও দুর্ঘটনা বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনা নয়, দায়ী হচ্ছে পরিবহন ব্যবস্থাপনা।’ আবার একই সরকারের অর্থমন্ত্রী বলেছেন, ‘সড়কের বেহাল দশার কারণে অনবরত দুর্ঘটনা ঘটে চলেছে।’ জিজ্ঞাসা করলে শোনা যায়, ‘কর্তৃপক্ষ দায়ী নয়!’

    শাস্তির নাম ‘জনসেবা’
    রাজধানীর উন্নয়নে সাতটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত অন্তত ৫৬টি সেবা সংস্থা। ৫৬ রকম সেবা কতটা পাই, ৫৬ রকম ভোগান্তির আর বাকি নেই। কেউ খুঁড়ছে, তো কেউ বোজাচ্ছে, কেউ কাটছে, কেউ আটকাচ্ছে, কেউ উদাসীন। যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) জরিপ অনুযায়ী, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের ১৪০টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৩৭ তম। আর এর বড় কারণ, রাজধানীর বেহাল রাস্তাঘাট। নিউইয়র্কের গবেষণা সংস্থা মারসার কনসালটিং গ্রুপের জরিপ প্রতিবেদনে বলেছে, বিশ্বের ২২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ২০৮তম স্থানে। নিকৃষ্ট শহরের মধ্যে এশিয়ায় ঢাকার অবস্থান দ্বিতীয়। আর এই বসবাসের অযোগ্য শহরে প্রতিদিন যোগ হচ্ছে টাকা, স্বপ্ন, ক্যারিয়ার ধরতে আসা নতুন মাথা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে গত বছর ঢাকায় প্রতিদিন যুক্ত হওয়া এই নতুন মাথার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৭০০।

    বন্ধ দরজাটা খুলবে না?
    খবর আসছে, মেট্রোরেল নামের জনগণের নিত্যকার ভোগান্তির সূতিকাগার এই দুঃস্বপ্ন নির্মাণ সম্পন্ন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাস্তায় কোনো যানজট থাকবে না, ধুলোবালু থাকবে না, গণপরিবহনের সংকট থাকবে না, সময়ের অপচয় থাকবে না, গাদাগাদি-ভিড় থাকবে না। কিন্তু প্রতিদিন যে হারে নতুন মুখের সংখ্যা বাড়ছে, তাতে বাস্তব চিত্র ভিন্ন কথা বলে। মাথাপিছু ডলারের পরিমাণ বাড়তে বাড়তে আকাশ ছোঁবে আর যারা এই উন্নয়নের ঘানি টানে, তাদের ঘাড়ের জোয়াল আরও ভারী হবে। রাস্তায় লম্বা হবে স্বপ্ন ধরতে আসা অন্ধ মানুষের ভিড়, মৃতের মিছিল।

    বন্ধ দরজার সামনে অন্ধ ভরসা নিয়ে দাঁড়িয়ে থাকা জীবনযুদ্ধে ক্লান্ত মানুষগুলো। তাদের জীবনেও একটা জাদুর দরজা খুলে যাক তবু। উন্নয়ন কেবল উন্নতদের গৃহবন্দী হয়ে না থেকে ছড়িয়ে পড়ুক এই শহরের কানাগলি, ঘুপচি রাস্তা আর ২৫-৩০ কিলোমিটার যানজটের মহাসড়কেও!

  • চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন

    চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন

    তুরাগ পরিবহনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহপাঠীরা। আজ শনিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেপ্তার হওয়া চালক, বাসের ভাড়া আদায়কারী ও চালকের সহকারীর দ্রুত শাস্তি নিশ্চিত করাসহ কয়েক দফা দাবি তুলে ধরেন।

    বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত আয়োজিত মানববন্ধনে অংশ নেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শান্তিপূর্ণ এই আন্দোলন কঠোর হবে বলে শিক্ষার্থীরা জানান।

    পারভেজ হাসান নামের এক শিক্ষার্থী মানববন্ধনে দাবিগুলো উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে ওই ছাত্রীকে যৌন হয়রানি করার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো, পরিবহনের চালক, ভাড়া আদায়কারী ও চালকের সহকারীর পরিচয়পত্র বাধ্যতামূলক করা, মাদকাসক্ত ব্যক্তিদের পরিবহনের কর্মী হিসেবে নিয়োগ না দেওয়া ও পরিবহন সমিতির সঙ্গে যেন যুক্ত হওয়ার সুযোগ না দেওয়া। এ ছাড়া আইনজীবীরা যেন গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে আইনি সহায়তা না দেন, সে আহ্বান জানানো হয় মানববন্ধনে।

    উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। তিনি জানান, তুরাগ পরিবহনের গাড়িচালক ও তাঁর সহকারী তাঁকে যৌন হয়রানির চেষ্টা করলে কৌশলে তিনি তাঁদের খপ্পর থেকে বেরিয়ে আসেন। ওই ঘটনায় ওই ছাত্রীর স্বামী ২২ এপ্রিল বিকেলে বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে জানানোর পরই শিক্ষার্থীরা রাস্তায় নামেন। তাঁরা যাত্রাবাড়ী থেকে আবদুল্লাহপুরগামী তুরাগ পরিবহনের বাসগুলো উত্তরায় পৌঁছালেই সেগুলো থামিয়ে দেন। বাসের যাত্রীদের অন্য বাসে তুলে দিয়ে চালককে তাঁদের ক্যাম্পাসের কাছে বাস চালিয়ে নিয়ে যেতে বাধ্য করেন এবং বাসের চাবি কেড়ে নেন। তুরাগ পরিবহনের ৩৫টি বাস আটকে রেখে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরদিন ২৩ এপ্রিল ওই বাসের চালক রোমান, বাসের ভাড়া আদায়কারী মনির ও বাসচালকের সহকারী নয়নকে গ্রেপ্তারের পর রাতেই বাসগুলো পুলিশকে বুঝিয়ে দেন শিক্ষার্থীরা।

  • কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

    কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

    রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

    আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

    জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

    এদিকে উত্তেজনা নিরসনের জন্য ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাকরাইল মারকাজের শুরা সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।

    পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা মারামারি খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাকরাইল মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।

    গতকাল শুক্রবারের পর আজ শনিবারও দুই গ্রুপ মুখোমুখি হয়। কাকরাইল মারকাজের শীর্ষ মুরুব্বিরা আশঙ্কা করছেন, যেকোনো সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে।

  • ‘সুচিকিৎসা না হলে অন্ধ ও প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা’

    ‘সুচিকিৎসা না হলে অন্ধ ও প্যারালাইজড হয়ে যেতে পারেন খালেদা’

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ফাইল তৈরি করেছে কারা কর্তৃপক্ষ। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে বলে আমরা শুনেছি। ফাইলটি এখনও প্রধানমন্ত্রী কার্যালয়েই পড়ে আছে। আজ শনিবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মূল লক্ষ্য খালেদা জিয়াকে অসুস্থ রেখে তাকে নির্বাচন থেকে বাইরে রাখা। তার চিকিৎসা না করার পেছনে একটি নীলনকশা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার হাড় ক্ষয় হয়ে নার্ভগুলো চাপা পড়ে গেছে। এতে বাম হাতের শক্তি কমে যাচ্ছে। তিনি বাম হাতে কিছুই ধরে রাখতে পারছেন না। সেখানে প্রচণ্ড ব্যথা। কোমরের হাড়ও ক্ষয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডেও সমস্যা আছে। এ অবস্থায় শরীরের অবস্থা আরো খারাপ হয়ে প্যারালাইজড হয়ে যেতে পারেন তিনি।

    এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু, সামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আদ্দুস সালাম প্রমুখ।

    চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. কুদ্দুস জানান, ২০১৫ ও গতবছর তার (খালেদা) চোখে অপারেশন করা হয়। তার চোখের পানি শুকিয়ে যাওয়ারও সমস্যা আছে। আমরা শুনেছি খালেদা জিয়ার চোখ লাল হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে। যদি তার সুচিকিৎসা করানো না হয় চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেতে পারে। তিনি (খালেদা) অন্ধ হয়ে যেতে পারেন।

    খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে উল্লেখ করে ফখরুল আরো বলেন, ইতিমধ্যে দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদার জিয়ার পছন্দের হাসপাতাল ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিতে তাকে অনুরোধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইজি প্রিজনকে তলব করেন। খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয় তাকে। পরে কারা কর্তৃপক্ষ চিকিৎসদের সঙ্গে আলোচনায় বসেন। তারা খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত একটি ফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। কিন্তু ফাইলটি এখনও প্রধানমন্ত্রী কার্যালয়েই পড়ে আছে।

  • ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

    ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

    ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতেই কালাচাঁনকে আটক করে ডিবি। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে দাবি ডিবি পুলিশের।

    নিহত কালাচাঁন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

    বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

    এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, রাতে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।

    তিনি বলেন, পরে কালাচাঁনকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

    এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।