Blog

  • সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক

    সত্যিই অবিশ্বাস্য ‘সাঞ্জু’তে রণবীরের লুক

    টিজারেই চমক ছিল। আসলে যাঁর জীবন নিয়ে ছবিটা, তাঁর জীবনটা ভরা শুধু চমক আর চমক। তাই, রাজকুমার হিরানির মতো বাঘা পরিচালক যখন তাঁকে নিয়ে ছবি বানান, তখন সেটা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।

    হয়েছেও তাই। টিজার মুক্তির পর থেকেই আলোচনায় সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’। আর ছবিটির টিজারেই সবাইকে চমকে দিয়েছেন রণবীর কাপুর। আসল সঞ্জয়ের সাথে এই ‘নকল’ সঞ্জয়ের খুব একটা পার্থক্য করতে পারছেন না অনেকেই।

    টিজারের পর আজ ছবিটির নতুন একটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। ছবিটিতে রণবীরের কো-স্টার সোনম কাপুর (যিনি সঞ্জয়ের বান্ধবী টিনা মুনিমের ভূমিকায় অভিনয় করছেন) তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন পোস্টারটি। লিখেছেন, অবিশ্বাস্য!!!!! দেখুন, ২০১৬ সালে সঞ্জয়ের লুক। প্রেক্ষাগৃহে আসছে ২৯ জুন।

    নতুন পোস্টারটি দেখে চমকে উঠেছেন অনেকে, আপনিও চমকাবেন।

  • ক্ষমার রজনী শবেবরাত আজ

    ক্ষমার রজনী শবেবরাত আজ

    আজ মঙ্গলবার রাতে পবিত্র শবেবরাত। মুসলমানদের জন্য সৌভাগ্যের একটি রাত। আরবি শাবান মাসের ১৪ তারিখের এই মহিমান্বিত রাতকে পবিত্র কোরআনে ‘লাইলাতুল মোবারাকা’ বা বরকতময় রাত বলেও অভিহিত করা হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমান সম্প্রদায় বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করবে মহিমান্বিত এ রাতে।

    পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রাতের পবিত্রতা রক্ষায় পটকা-আতশবাজি নিষিদ্ধ ঘোষণাসহ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    মূলত পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে শবেবরাতের এ রাত। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। হাদীসের বর্ণনা মতে, বিশেষ এ রাতে মহান আল্লাহ তায়ালা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তাঁর সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন। এ জন্য এ রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। মঙ্গলবার সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে বুধবার সূর্যোদয় পর্যন্ত এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।

    বাংলাদেশে বিশেষ গুরুত্বের সঙ্গে এ রাতটি কাটাবেন মুসলমানরা। এ উপলক্ষে অনেকেই নফল রোজা পালন করেন। প্রায় সবাই সাধ্যমতো দান-খয়রাত করে থাকেন। রাতব্যাপী ইবাদত-বন্দেগি, জিকির ছাড়াও এ পবিত্র রাতে মুসলমানরা মৃত মা-বাবা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করে থাকেন। সবার ঘরে আয়োজন করা হয় হালুয়া, গোশত, রুটিসহ নানা রকমের খাবার। আত্মীয়-স্বজন ও গরিবদের মধ্যে এসব খাবার বিতরণ করবেন অনেকে। তবে এসব আয়োজনের কারণে মূল ইবাদতে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেদিকে খেয়াল রাখার জন্য গুরুত্বারোপ করেছেন ইসলামী চিন্তাবিদরা।

    শবেবরাত উপলক্ষে মঙ্গলবার রাজধানীসহ সারা দেশের প্রায় সব মসজিদে বিশেষ ইবাদত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম, জিকির ও বিশেষ মোনাজাত।

    ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ‘শবেবরাতের ফজিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দীন কাসেম। রাত ৯টায় ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শিরোনামে বয়ান করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। রাত ১১টায় ‘শবেবরাত ও রমজানের তাত্পর্য’ শিরোনামে ওয়াজ করবেন মিরপুর জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান। রাত ১২টা ১০ মিনিটে ‘জিকিরের গুরুত্ব ও ফজিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক জিলানী। রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সবশেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

    শবেবরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় নানা অনুষ্ঠান সম্প্রচার করবে। এদিকে দিবসটির তাত্পর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকবে। তবে পত্রিকা অফিসগুলোতে ছুটি থাকবে আজ। তাই বুধবার কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।

  • সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রসঙ্গে খসড়া নীতিমালা

    সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রসঙ্গে খসড়া নীতিমালা

    খসড়া নীতিমালা হিসেবে প্রণয়ন করা হয়েছে ‘জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারী সুরক্ষার জন্য নীতিমালা- ২০১৮’। সড়ক দুর্ঘটনায় যারা আহত হবেন তাদের চিকিৎসা নিশ্চিতকরণে আদালতের নির্দেশনা অনুযায়ী এ খসড়া নীতিমালা তৈরিতে কাজ শুরু করে সরকার।

    এ নীতিমালায় বলা হয়েছে, জরুরি ভিত্তিতে আহতকে শল্যচিকিৎসা (অপারেশন) দেওয়ার প্রয়োজন পড়লে আহত ব্যক্তির উপযুক্ত অভিভাবক বা আত্মীয়ের অনুপস্থিতিতে ও সম্মতি ব্যতিরেকেই প্রয়োজনীয় শল্যচিকিৎসা দেওয়া যাবে। এক্ষেত্রে আহত ব্যক্তির জীবননাশের আশঙ্কা থাকলে বা জীবনহানি ঘটলে চিকিৎসকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। কিন্তু চিকিৎসা দিতে ব্যর্থ হলে বা অবহেলা করলে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহত ব্যক্তিকে যিনি বা যারা হাসপাতালে নেবেন তাদের কোনোভাবে হয়রানি করা যাবে না। কারণ মামলা বা হয়রানির ভয়ে অনেক সময় সাধারণ মানুষও আহতকে উদ্ধার করা বা হাসপাতালে নেওয়ার দায় দায় এড়াতে চায়।

    নীতিমালায় আরো বলা হয়, আহত ব্যক্তি নিজেই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকলে চিকিৎসাসেবা দেওয়ার আগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে না। এ ক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব সম্পর্কেও অবগত করা হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের আগে অবশ্যই আহত ব্যক্তির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে উপযুক্ত যানবাহনের ব্যবস্থা করবেন।

    নীতিমালায় আরো বলা হয়, যে হাসপাতালে নেওয়া হবে সেখানে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা সুবিধা বা সক্ষমতা না থাকলে রোগীর শারীরিক অবস্থা এবং প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য লিখতে হবে। এরপর তাৎক্ষণিকভাবে (গোল্ডেন আওয়ার) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য নিজ দায়িত্বে উপযুক্ত চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতালে স্থানান্তর করবে।

    খসড়া নীতিমালায় যা বলা হয়েছে:
    ১. আহতকে হাসপাতালে আনার পর জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের ওপর বর্তাবে।

    ২. চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির অবহেলা বা শৈথিল্য অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে নিবন্ধন/লাইসেন্স/অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে।

    ৩. নীতিমালা বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে একটি জরুরি স্বাস্থ্যসেবা সেলও গঠন করবে সরকার।

    সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসেন রিপন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। মন্ত্রণালয়ের ওই কপি আদালতে দাখিল করা হয়েছে। কোর্টের অবকাশ শেষ হলে আশা করি মে মাসের মাঝামাঝি সময়ে বিষয়টি আদালত চূড়ান্ত করবেন। এরপর আদালতের নির্দেশনা সরকারকে জানিয়ে দেওয়া হবে।

    আদালতে দাখিল করা নীতিমালা বিচারপতিরা পর্যালোচনা করছেন। সংশ্লিষ্ট সকলের মতামত জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন আদালত। এরপরই তা চূড়ান্ত আকারে সরকার প্রকাশ করতে পারে বলে জানা গেছে।

    হাইকোর্ট ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি এক আদেশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের জরুরি চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নির্দেশ দেন। একই সঙ্গে, জরুরি চিকিৎসাসেবা দেওয়া এবং চিকিৎসা না পেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ করবে সে বিষয়ে নীতিমালা তৈরি করতে সরকারকে নির্দেশ দেন।

  • বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা

    বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা

    ঝড়-বৃষ্টি সত্ত্বেও রবিবার নগরে কমবেশি প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। তাঁরা ঘরোয়া বৈঠক, কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে সকাল ১১টার দিকে বের হয়ে যান প্রচার-প্রচারণায়। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও প্রচারণা চালান।

    আওয়ামী লীগ : মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে গাজীপুর শহরের হাড়িনাল বাজারে পথসভা করেন। পরে জোরপুকুর পাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চ বিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, লক্ষ্মীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিববাড়ি মোড়ে পথসভার মাধ্যমে তাঁর গণসংযোগ শেষ হয়। এর আগে দুপুর থেকে তিনি নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

    বিএনপি : ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে নগরের শিমুলতলী, হাড়িনাল, ধীরাশ্রম ও সামন্তপুর এলাকায় প্রচারকাজ চালান।

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নগরীর মীরের বাজার এলাকায় প্রচারকাজ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নগরের কাউলতিয়া ও সালনা এলাকায় প্রচারণা চালান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, ইকরামুল হক নগরের ৪৫ নম্বর ওয়ার্ডে প্রচারকাজ করেন। নগরের ১২ নম্বর ওয়ার্ডে হাসান উদ্দিন সরকারের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

    ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের মেয়র পদপ্রার্থী মাওলানা ফজলুর রহমান রবিবার সকাল ৯টায় নিজ বাসভবন ভোগড়া বাসন সড়ক থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে কোনাবাড়ী, কাশিমপুর, জেলখানা রোড, সারদাগঞ্জ, বাইমাইল, নসর মার্কেট, খাজা মার্কেট, আমবাগ, মেঘলাল, তেঁতুলতলা, তাহের পীরের বাড়ি, জিরানী বাজারসহ সিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

  • বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে কাউন্ট-ডাউন শুরু

    বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে কাউন্ট-ডাউন শুরু

    বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডানা মেলার অপেক্ষার অবসানের প্রহর গুণছে বাংলাদেশ। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে আগামী ৭ মে মহাকাশে যাত্রা শুরু করবে এ স্যাটেলাইট। ইতোমধ্যে কাউন্ট-ডাউনও শুরু হয়েছে।

    বাঙালির এই স্বপ্নযাত্রার অপেক্ষা আর মাত্র সাতদিন; ছয় ঘণ্টার প্রায়। দেশের প্রথম এ কৃত্রিম উপগ্রহ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে ৭ মে।

    ওই দিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টায়, (বাংলাদেশ সময় ৮ মে দুপুর ২টা) স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ এ করে মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

    তবে আবহাওয়া ও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ আগে থেকে বলা সম্ভব নয়। এর আগে কয়েক দফায় স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পেছানো হয়। এপ্রিলের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানানো হলেও পরে তা পিছিয়ে ৪ মে করা হয়।

    কিন্তু পরদিন ৫ মে আবহাওয়া প্রতিকূলে থাকতে পারে; এমন শঙ্কায় ৭ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে বলে জানায় স্পেস এক্স।

    উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হচ্ছে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। আর ঋণ হিসেবে এইচএসবিসি ব্যাংক বাকি ১ হাজার ৩৫৮ কোটি টাকা দিচ্ছে।

    বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।

    এই কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা দেবে। প্রাকৃতিক দুর্যোগ ট্যারিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সারা দেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল থাকা, পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

  • প্রসূতির অস্ত্রোপচারের পর ‘ধাতব বস্তু রেখে’ সেলাই

    প্রসূতির অস্ত্রোপচারের পর ‘ধাতব বস্তু রেখে’ সেলাই

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতির অস্ত্রোপচারের পর ‘ধাতব বস্তু রেখে’ সেলাই করে দেওয়া হয়েছিল। এ ঘটনার ২৮ দিন পর ওই ‘ধাতব বস্তু’ বের করতে দ্বিতীয়বার অস্ত্রোপচার এবং চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী প্রণব দেব।

    এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। সুপর্ণার ১০ বছরের একটি মেয়ে রয়েছে। নবজাতক সুস্থ আছে।

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের প্রণব দেবের স্ত্রী সুপর্ণা দেব (২৯)। প্রসব বেদনা শুরু হলে সুপর্ণাকে গত ২৭ মার্চ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন রাত ২টা ১৫ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন তিনি। ২ এপ্রিল মা-শিশুকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফিরে যায় মা-শিশু।

    সুপর্ণার স্বামী প্রণব দেব জানান, ১৫ এপ্রিল থেকে সুপর্ণার পেটে ব্যথা অনুভূত হতে থাকে। গায়ে জ্বরও আসে। ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টা নাগাদ ব্যথা চরম আকার ধারণ করলে তাঁকে চট্টগ্রামের বন্দর এলাকার এম এ আজিজ সড়কের সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শ্রাবণী বড়ুয়ার কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডা. শ্রাবণী তাৎক্ষণিকভাবে রোগীর আল্ট্রাসনোগ্রাফি করার নির্দেশ দেন। রাত ১০টায় ওই ডায়াগনিস্ট সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করা হয়। ওই পরীক্ষায় সুপর্ণার পেটে ‘১২.০৫ সে.মি. লম্বা ধাতব বস্তুর অস্তিত্ব’ ধরা পড়ায় চিকিৎসক দ্রুত রোগীকে পুনরায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করার নির্দেশ দেন। জানালেন, তাঁকে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে।

    প্রণব দেব বলেন, ‘পরের দিন ১৯ এপ্রিল সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই সুপর্ণাকে। তাকে হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের ৫৪ নম্বর বেডে ভর্তি করা হয়। ভর্তির পর পর ওয়ার্ডে কর্তব্যরতরা আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার প্রতিবেদনসহ রোগীর চিকিৎসার সব কাগজপত্র আমার কাছ থেকে নিয়ে ফেলেন। তাঁরা রোগীর অবস্থা স্বাভাবিক নয় বললেও ২৪ এপ্রিল পর্যন্ত কোনো চিকিৎসা ছাড়াই ফেলে রাখা হয়।’

    বিষয়টি ওই দিন হাসপাতালের পরিচালক ও উপপরিচালক বরাবর লিখিতভাবে জানান সুপর্ণার স্বামী প্রণব। ‘অভিযোগের কথা শুনে ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ২৫ এপ্রিল সকালে অপারেশন থিয়েটারে সুপর্ণাকে একবার ঢুকিয়ে আবার বের করে আনা হয়। পরে বিকেল ৫টায় তাঁর অস্ত্রোপচার করা হয়। ওই দিনগত রাত ১টা ১৫ মিনিটে হাসপাতালেই মারা যায় সুপর্ণা।’-যোগ করেন প্রণব দেব।

    সুপর্ণার স্বামী ও আত্মীয়-স্বজনরা অভিযোগ করে বলেন, অস্ত্রোপচারের সময় স্বামী বা স্বজনদের কারো কাছ থেকে কোনো দস্তখত নেওয়া হয়নি। কেড়ে নেওয়া আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার প্রতিবেদনটিও আর ফেরত পাননি তাঁরা। তাঁর মৃত্যুর সনদপত্রে লেখা হয়েছে, আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সুপর্ণা। এছাড়া পেটে ইনফেকশনও ছিল।

    নিহতের স্বামী প্রণব বলেন, ‘হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার প্রতিবেদন কেড়ে নেওয়ায় আবার সেই সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারে গিয়েছিলাম পরীক্ষার ডুপ্লিকেট কপি সংগ্রহ করতে। কিন্তু সংশ্লিষ্টরা তা দিতে অস্বীকৃতি জানান। আমার ধারণা, সেখানকার চিকিৎসক শ্রাবণী বড়ুয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। হয়তো তিনি বারণ করেছেন প্রতিবেদনটি দিতে।’

    ফোনে যোগাযোগ করা হলে সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে রুবি পরিচয়দানকারী একজন বলেন, ‘সুপর্ণা যে পরীক্ষা করেছিলেন এর রেকর্ডপত্র আছে। কিন্তু পুনরায় পরীক্ষার প্রতিবেদন দেওয়া যাবে না। দ্বিতীয়বার দেওয়ার নিয়ম নেই।’

    জানতে চাইলে ডা. শ্রাবণী বড়ুয়া কালের কণ্ঠকে বলেন, ‘ওই নারীর অবস্থা খারাপ ছিল। তাই হাসপাতালে পুনরায় ভর্তি হতে বলেছিলাম। পরীক্ষায় রিপোর্টে ১২ সে.মি. লম্বা কিছু একটা দেখা গিয়েছিল বলে তাদেরকে জানিয়েছিলাম। তবে কোনো ধাতববস্তুর কথা বলিনি।’

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম রবিবার বিকেলে বলেন, ‘ঘটনাটি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। প্রসূতির স্বামী অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন রবিবার বিকেলে বলেন, ‘ওই ঘটনা আমার জানা নেই। আপনার (প্রতিবেদক) মাধ্যমে প্রথম জানলাম। এটি তদন্ত করে দেখা হবে।’

    নগরের বন্দর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী প্রণব দেব বলেন, ‘আমি গরিব মানুষ। দিনে এনে দিনে খাই। কোর্ট-কাচারি, আইন-আদালত চিনি না। স্ত্রী মারা যাওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছিলাম। কোনো প্রতিকার পাইনি। স্ত্রীকে হারিয়ে নবজাতককে নিয়ে কী করব ভেবে পাচ্ছি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

  • কালিয়াকৈরে মাটির দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু

    কালিয়াকৈরে মাটির দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালীয়া গ্রামে মাটির দেওয়ালের ধসে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। এসময় এক দম্পতি ও তাদের শিশু সন্তান আহত হয়েছে।

    রবিবার (২৯ এপ্রিল) সকালে প্রচন্ড বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।নিহত সুরবালা মালো (৬০) কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের মৃত দুখাই মালোর মেয়ে।

    বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য শুকেন্দ্র চন্দ্র কুমার তার স্বজনদের বরাদ দিয়ে জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের সুরবালা রবিবার সকালে বৃষ্টির কারণে প্রতিবেশী বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার মরণ বিশ্বাসের বাড়ী আশ্রয় নেয়। এসময় ওই এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টির একপর্যায়ে মরণ বিশ্বাসের মাটির ঘরের একপাশের দেওয়াল হঠাৎ ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া ওই দেওয়ালের নীচে চাপা পড়ে সুরবালা মালো (৬০) ঘটনাস্থলেই নিহত হয়।এ সময় মরণ বিশ্বাস, তার স্ত্রী মঙ্গলী বিশ্বাস ও তাদের শিশু সন্তান মনসা দেবী (২) গুরুতর আহত হলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শিশু মনসা দেবীর অবস্থা আশংকাজনক বলে তার স্বজনরা জানিয়েছে।

  • শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

    শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

    বাংলাদেশে একটা সময় ছিলো যখন ঈদের ছবি মানেই ছিলো শাকিব-অপুর চলচ্চিত্র। গত দুই তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন একসাথে কাজ করেন না। তাই তাঁদের ছবি দেখা থেকেও বঞ্চিত দর্শক। তবে এবার ব্যতিক্রম হতে পারে, যদি শাকিব খান চান।

    দুই বছর আগে শুট করা ‘পাংকু জামাই’ ছবিতে কাজ করেছিলেন শাকিব ও অপু। ছবির কিছু অংশ বাকি ছিলো। সেটা সময় দিয়ে করে দিয়েছেন অপু বিশ্বাস। ছবিটি এখন ঈদে মুক্তি দেয়ার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন পরিচালক আবদুল মান্নান। তবে ছবিটি মুক্তি দেয়া হবে কি না তা নির্ভর করছে শাকিব খানের মর্জির ওপর। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক মোজাম্মেল হোসেন সরকার।

    মোজাম্মেল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, “এই ছবিটি নিয়ে আমরা অনেক দিন ধরেই ঝুলে রয়েছি। ‘পাংকু জামাই’ ছবিটির পর ছবি শুরু করে তা মুক্তিও দিয়ে দিয়েছি, কিন্তু এই ছবিটি এখনও মুক্তি দিতে পারিনি। আগামী ঈদে ছবিটি যদি মুক্তি দিতে পারি তা হলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।”

    ঈদে মুক্তি দিতে সমস্যা কী, জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘আমি তো ছবিটি ঈদে মুক্তি দেবার আশায় বসে আছি। কিন্তু আমাদের ছবির নায়ক শাকিব খান যদি অনুমতি না দেন তা হলে ছবিটি মুক্তি দিবো না। এখন উনার অনুমতির অপেক্ষায় আছি। কারণ ঈদে সবসময় দর্শক নতুন ও ভালো ছবি দেখতে চায়, আমার এই ছবিটি দর্শক পছন্দ করবেন বলে আমি আশা করি। কিন্তু ঈদের ছবিতে শাকিব খানের ক্যারিয়ারের বিষয়। যে কারণে উনার অনুমতি না পেলে ছবিটি মুক্তি দেবো না।’

    এই বিষয়ে কি শাকিব খানের সাথে কথা হয়েছে, জানতে চাইলে প্রযোজক বলেন, ‘আমি উনাকে জানিয়েছি। কিন্তু তিনি এখনও কিছু বলেন নি, এখন তিনি কলকাতায় আছেন, দেশে ফিরলে আবারও কথা বলবো। আশা করি তিনি অনুমতি দেবেন।’

    ২০১৬ সালে ছবির শুটিং চলাকালে হঠাৎই ‘নিখোঁজ’ হন অপু বিশ্বাস। পুরো এক বছর পর আবার তিনি ফিরে আসেন, ছেলে জয়কে নিয়ে। অবশ্য পরে ‘পাংকু জামাই ছবির শুটিং শেষ করে দেন তিনি। ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

  • ছেলেদের চুল পড়ার চিকিৎসা (ভিডিও)

    ছেলেদের চুল পড়ার চিকিৎসা (ভিডিও)

    চুল পড়া নিয়ে অনেকেই অস্বস্তিতে থাকেন। সময়মতো চিকিৎসা নিলে চুল পড়া প্রতিরোধ করা যায়। এনটিভির স্বাস্থ্য প্রতিদিনের ২৩৭৪তম পর্বে চুল পড়া বিষয়ে কথা বলেন অরোরা স্কিন অ্যান্ড এনস্টেটিকস সেন্টারের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রেজা বিন জায়েদ।

    প্রশ্ন : ছেলেদের চুল পড়ার সমস্যা হলে কী করতে হবে?

    উত্তর : টাক হলে ছেলেরা অনেক সতর্ক হয়ে যায়। এটা আসলে কাম্য নয়। যেভাবে হোক এই টাকের প্রতিকার করতে চেষ্টা করে। ভালো বিষয় হলো, এসব টাকের জন্য যদি কেউ প্রথম থেকেই এসে চিকিৎসা করে, তাহলে বেশ ভালো উপকার পাওয়া যায়। এতে অনেক ক্ষেত্রে টাক পড়া প্রতিরোধ করা যায়। টাক পড়বেই না এ রকম অবস্থায় নিয়ে যাওয়া যায়।

    মূল ওষুধ যেটা ব্যবহার করা হয়, এর মধ্যে অ্যান্টি হরমোন অ্যাকটিভ আছে। আর কিছু ওষুধ দেওয়া হয় লাগানোর জন্য। চুলের গোড়ায় রক্তের প্রবাহ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আবার কিছু রয়েছে থেরাপি পর্যায়ে, প্রোটিন সমৃদ্ধ থেরাপি। এই প্রোটিন সমৃদ্ধ প্লাজমা দিয়েও চুলের টাক পড়া প্রতিরোধ করা যায়। নানা রকমের চিকিৎসা আছে। সবচেয়ে বড় কথা, যত তাড়াতাড়ি আসবে তত ভালো হবে।

    আমরা চিকিৎসা করতে আগ্রহী নই যদি বয়স চল্লিশ পেরিয়ে যায়। তাহলে আর চিকিৎসা করার কোনো সুযোগ থাকে না বা অতটা ভালো ফলাফল পাওয়া যায় না চিকিৎসা করে। সবচেয়ে ভালো হয় ৩০ থেকে পঁয়ত্রিশের ভেতর যদি চিকিৎসা করা যায়। তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। টাক প্রতিকার তো করাই যায়, নতুন চুলও আসে এবং আগের মতো অবস্থা হয়ে যায়। সুতরাং যখনই চুল পড়া আরম্ভ হবে, বেশি দেরি করা যাবে না। এমন যদি হয়, যেমনটা আমি বলছিলাম, দুই পাশ থেকে পড়ে যায়, হালকা পাতলা হয়ে যায়, সামনে আস্তে আস্তে খেয়ে খেয়ে পেছনের দিকে চলে যায়। সেই ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা করবে, তত ভালো।

    তবে হরমোনের চিকিৎসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। আমরা কোনো অবস্থাতে হরমোনের চিকিৎসা ২০ বছরের আগে করতে চাই না। কারণ ২০ বছর পর্যন্ত মানুষের শরীরে হরমোনের নিজস্ব বৃদ্ধি হতে থাকে। ২০ বছরের পর সেটা আর থাকে না। সুতরাং হরমোন দিয়ে চিকিৎসার ক্ষেত্রে আমরা ২০ বছরের আগে আগ্রহী হই না। তবে লাগানোর যে ওষুধটা মিনোক্সিডিল, এটি আমরা যেকোনো বয়সেই দিতে পারি। এর মূল কাজ হচ্ছে চুলের নিচে রক্তের প্রবাহ বাড়িয়ে দিয়ে চুলের পুষ্টিকে নিশ্চিত করা। হরমোন দিয়ে চিকিৎসা করা হয়। আর যেটা বলছিলাম পিআরপি- যখন আমরা দেখি, ওষুধ দিয়ে ফলাফল হচ্ছে না, তখন একে সহযোগী হিসেবে দিয়ে থাকি।

    প্রশ্ন : এসব চিকিৎসায় খরচের বিষয়টি কেমন?

    উত্তর : খরচ একেবারেই কম। হরমোন ও মিনক্সিডিল- এগুলোর খরচ নাগালের ভেতরেই থাকে। পিআরপি একটি ইনজেকশন। মাসে একটি করে দিতে হয়। এর ক্ষেত্রে খরচ নাগালের বাইরে বলব না। তবে একটা খরচ আছে। সেটা ক্ষেত্র থেকে ক্ষেত্রে নির্ভর করে। খরচ নাগালের বাইরে তা নয়। তবে অনেক দিন ধরে চিকিৎসা করতে হয়। সাধারণত যিনি চিকিৎসা নেন, তিনি ছয় মাসের মধ্যে বুঝতে পারেন ফলাফল ভালো।

  • দাঁতের শিরশির ভাব দূর করুন সহজেই

    দাঁতের শিরশির ভাব দূর করুন সহজেই

    কমবেশি অনেকের মধ্যেই দাঁত শিরশির নিয়ে অস্বস্তি রয়েছে। এতে খাবার গ্রহণ বা তরলজাতীয় কোনো কিছু খাওয়া, ব্রাশ করা, এমনকি শ্বাস নেওয়ার সময় অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ঠান্ডা কোনো খাবার খেলে দাঁত শিরশির করে, যদি দাঁতে সমস্যা থাকে। তবে টক বা মিষ্টিজাতীয় খাবার গ্রহণের সময়ও একই ধরনের অনুভূতি হতে পারে। কারও দাঁতের সাদা অংশ এনামেল ক্ষয় হয়ে ডেনটিন নামের অংশটি যখন বের হয়ে যায়, তখনই দাঁতে ঠান্ডা কিছু লাগলে শিরশির করে।

    কারণ
    দাঁতের এনামেল ক্ষয়-ভুলভাবে দাঁত ব্রাশ করলে বা শক্ত টুথ ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়। তখন এনামেলের পরের স্তর ডেনটিন বেরিয়ে আসে। এর ফলে দাঁতে সেনসিটিভিটি হয়। অনেক সময় একটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁত শক্তভাবে লেগে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়। মাড়ির ক্ষয় ছাড়াও এর বিভিন্ন ধরনের অসুখের কারণেও সেনসিটিভিটি হয়। কিছু খাবার যেমন কোল্ড ড্রিংকস, ঠান্ডা খাবার, অ্যালকোহল ইত্যাদি, বিভিন্ন ধরনের ফল, টমেটো, চা ইত্যাদি খেলেও এই সমস্যা হতে পারে।
    বয়সের কারণেও অনেক সময় দাঁতের শিরশির অনুভব হতে পারে। এ ক্ষেত্রে ২৫ থেকে ৩০ বছরকে সেনসিটিভ বয়স হিসেবে ধরা হয়।
    দাঁতে গর্তের সৃষ্টি, অনেক দিনের পুরোনো ফিলিং, যেকোনো দুর্ঘটনায় দাঁত ভেঙে গেলে, দীর্ঘ সময় ধরে মাউথ ওয়াশ ব্যবহার, অনেক সময় শক্ত খাবার খাওয়ার সময় এ রকম হতে পারে।
    দাঁতের বিভিন্ন কাজের সময় এ রকম হতে পারে। যেমন রুট ক্যানেল, ক্রাউন প্লেসমেন্ট এবং দাঁতের রেসটোরেশন ইত্যাদি।
    মাড়ি ক্ষয় হয়ে দাঁতের রুট বা গোড়া বের হয়ে গেলে, দাঁত আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক অবস্থায় বা সঠিক সময়ে সঠিক কারণ নির্ধারণ করে একজন চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করলে অনেক ভালো ফল পাওয়া যায়।

    দাঁতের শিরশির বন্ধে সঠিক যত্ন
    * নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে কোনো জীবাণু তৈরি হতে পারবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাশতা করার পরে দাঁত ব্রাশ করুন নিয়মিত।
    * দাঁত ব্রাশ করার জন্য সেনসিটিভিটি রোধ করে এমন টুথপেস্ট ব্যবহার করুন। এমনটাই মত প্রায় ৯ শতাংশ ডেন্টিস্টের। তাঁরা মনে করেন, এমন টুথপেস্ট আপনার দাঁত শিরশিরের যন্ত্রণা থেকে রেহাই দেবে অনেকটা।
    * ব্রাশ করুন আস্তে আস্তে। দাঁতের ওপর চাপ দেবেন না। জোরে ব্রাশ করাটা দাঁতের শিরশির ভাব আরও বাড়িয়ে দেবে। হালকা কোমল ব্রাশ ব্যবহার করুন। এতে সমস্যা থেকে রেহাই মিলবে অনেকটা।
    * যেকোনো অ্যাসিডিক খাবার খাওয়ার সময়ও একটু সচেতন হোন। যেমন ফলের জুস, কোমল পানীয়-এসব দাঁতের এনামেল নষ্ট করে ফেলে। তাই এসব পান করার পরই দাঁত পরিষ্কার করে ফেলুন।
    * আপনার যদি নিয়মিত দাঁতে দাঁত ঘষা বা দাঁত চেপে রাখার অভ্যাস থাকে, তাহলে সেটা ত্যাগ করাই ভালো।
    * অনেকেই দাঁতের শিরশির করা অংশটি ব্রাশ করে না। কিন্তু এতে সমস্যা বেড়ে প্রকট আকার ধারণ করতে পারে।

    লেখক: চিকিৎসক, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল।