Blog

  • শ্রীপুরের ইজ্জতপুরে বন্ধ স্টেশন চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানবন্ধন

    শ্রীপুরের ইজ্জতপুরে বন্ধ স্টেশন চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানবন্ধন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে বন্ধ রেল স্টেশন চালু ও ট্রেন স্টপেজের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবসী। শুক্রবার দুপুর ১২টায় ঢাকা ময়মনসিংহ রেল পথের ইজ্জতপুর রেল স্টেশেনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেয়া স্থানীয় জালাল উদ্দিন জানান, রেল স্টেশনটি ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তিনটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। বর্তমানে
    একটিরও নেই।

    শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন বলেন, রেল স্টেশন, ভবন, সংকেত খুঁটি সবকিছু থাকা সত্ত্বেও গত সাত বছর যাবতস্টেশনটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় ইজ্জতপুর এলাকার সিরাজুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য প্রায় চার’শ ব্যাক্তির স্বাক্ষর নিয়ে গত ২০১২ সনে রেলমন্ত্রীর কাছে স্টেশনটি পুনরায় চালু এবং ট্রেনের যাত্রাবিরতির আবেদন করা হয়। এরপর থেকে হবে হচ্ছে
    বলে নানা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। কিন্তু কোনো বাস্তবায়ন নেই।
    ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব
    বলেন, আশপাশে আট কিলোমিটার এলাকা ঘুরে মূল সড়কগুলোতে উঠতে হয়। এলাকার
    কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল প্রকার সেবা নিতে ও দিতে চরম দুর্ভোগের
    মধ্যে জীবন অতিবাহিত করছে ইজ্জতপুরবাসী।
    স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান নীহার বলেন, ইজ্জতপুর এলাকাটি দরিদ্র
    কিন্তু দ্রুত উন্নয়নশীল। এ এলাকার হাজার শিশু শিক্ষার্থী যোগাযোগ
    প্রতিকূল পরিবেশের মাধ্যমে বড় হয়ে উঠছে। এতে দেশের সার্বিক উন্নয়
    পরিস্থিতির সাথে তাল মিলাতে না পেরে পিছিয়ে পড়ছে। যোগাযোগ দুর্ভোগ লাঘবে
    পুনরায় স্টেশন চালু করা ও ট্রেনের যাত্রাবিরতির কোনো বিকল্প নেই।
    স্থানীয় আহাম্মদ আলী জানান, উন্নয়নশীল একটি এলাকা স্টেশন ও ট্রেনের
    যাত্রাবিরতি বন্ধ হওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
    মানববন্ধনে অংশ নেন স্থানীয় ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম,
    উপজেলা যুবলীগের সহ সম্পাদক আনিসুর রহমান শেখ, সমাজসেবক দেলোয়ার হোসেন
    মোল্লা প্রমূখ।

  • ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

    ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

    ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগের মোহাম্মদপুর থানা কমিটি ঘোষণা আর তিন নেতার পদত্যাগ-দুটোই ঘটল প্রায় একই সময়ে।

    যাকে আট সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে, রাজনীতিতে তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকা আর সাধারণ সম্পাদকের ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

    ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আট সদস্যের মোহাম্মদ থানা কমিটির ঘোষণা দেন সোমবার রাতে। আর কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন নতুন কমিটির সহসভাপতি শাকিল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক ও সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ।

    এক বছরের জন্য অনুমোদিত কমিটির তিনজন সরে দাঁড়ানো নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

    পদত্যাগের কারণ জানতে চাইলে শাকিল ইসলাম রাব্বি ঢাকাটাইমসকে বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে আমার রাজনৈতিক ক্যারিয়ার আট বছরের। এই দীর্ঘ সময়ে আমি চেষ্টা করেছি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করার জন্য। আমার মনে হয় অযোগ্য লোকের নেতৃত্ব নিয়ে ছাত্রলীগ চলতে পারে না। যাকে সভাপতি করা হয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র চার বছরের। তার চাইতেও অনেক যোগ্য লোককে এই কমিটিতে নিয়ে আসা যেত।’

    ‘এছাড়া যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে (নাইমুল হাসান রাসেল), সে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাথে এক সময় সরাসরি যুক্ত ছিল। তার প্রচুর প্রমাণ আপনাদের (গণমাধ্যমের) কাছেও আছে। এ ধরনের একটি কমিটি দায়িত্ব পেলে, তা ছাত্রলীগের জন্য কখনোই ভালো হবে না। বরং এরা ছাত্রলীগকে অপমান করবে। তাই সকালে কমিটি দেখার পরই আমি পদত্যাগ করেছি।’

    ছাত্রলীগের পদত্যাগী নেতারা জানান, যে রাসেলকে মোহাম্মদপুর শাখার সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি ২০১৪ সাল অবধি ছাত্রদলের সক্রিয় রাজনীতিতে জড়িতে ছিলেন। দশম সংসদ নির্বাচনের পর কিছুদিন তিনি রাজনীতি থেকে দূরে থাকেন এবং এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবের কাছাকাছি আসেন। এরপর তিনি ছাত্রলীগে আসেন।

    বিষয়টি নিয়ে জানতে রাসেলের ব্যক্তিগত মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দেয়ার পরই তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

    ছাত্রলীগের যে তিন নেতা পদত্যাগপত্র করেছেন তারা তাদের চিঠিতে সংগঠনে ‘নোংরা রাজনীতির’ অবসান চেয়ে ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন।

    কমিটির সদস্যদের পরিচয় ও জীবনবৃত্তান্ত যাচাই বাছাই করে নতুন করে কমিটি দেয়ার দাবি জানান সহসভাপতির পদ ছাড়া রাব্বি।

    পদত্যাগী যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক তার পদত্যাগপত্রে  কোনো কারণ জানাননি। তবে সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ তার পদত্যাগপত্রে কমিটিটিকে ‘নোংরা রাজনীতি’ কমিটি বলে উল্লেখ করেছেন।

    সদস্যদের পদত্যাগের কারণ এবং সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে ফোন করা হলে কোনো মতামত পাওয়া যায়নি। সংবাদকর্মী পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন।

  • গাসিকে হাসান সরকারের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের গণসংযোগ

    গাসিকে হাসান সরকারের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের গণসংযোগ

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০দলীয় ঐক্যজোটের মনোনীত বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের ধানের শীষ প্রতীকের পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সহ সভাপতি শেখ আহমেদ সাইমুমের নেতৃত্বে টঙ্গীতে গাজীপুর জেলা ছাত্রদলকে একিভূত করে মহানগরের ৫৭টি ওয়ার্ডে ছাত্রদলের নেতৃত্বে আলাদা নির্বাচনী কমিটি গঠন ও নগরীর ২৪নং ওয়ার্ডের ডুয়েট গেট থেকে সমরাস্ত্র কারখানার শেষপ্রান্ত অব্দি প্রচার মিছিলসহকারে সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট-নির্বাচনী ইশতেহার বিলি করা হয়।31841800_1206827816120635_1256331157314732032_n

    তারা ভোটারদের নিকট অবরুদ্ধ গণতন্ত্র ও কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার মুক্তি,নগরবাসীর জীবন মানের উন্নয়ন মাদক-সন্ত্রাস মুক্ত বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ১৫মে’র নির্বাচনে হাসান উদ্দিন সরকারকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।

    আজকের গণসংযোগে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এজমল হোসেন পাইলট,মুকিত লিঙ্কন,আতিক আল হাসান মিন্টু,সুজাউদ্দৌলা সুজা, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,শফিক মিঠু,গণ শিক্ষা সম্পাদক গোলাম ফারুক,সাজেদুল ইসলাম,নাজমুল,মামুন সরকারসহ জেলা-মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।31723364_1205514232918660_3477759814140952576_n

    নেতৃবৃন্দ আগামী ১৫মে’র গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার ঘোষনা দেন।।

  • নরসিংদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুন

    নরসিংদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুন

    নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে কুপিয়ে ও গুলি করে নিহত করেছে দুর্বৃত্তরা। প্রথমে আহত অবস্থায় তাকে স্থানীয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

    আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত চেয়ারম্যান সিরাজুল হক বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সিরাজুল হক দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাঁশগাড়ি নিজের বাড়িতে ফিরছিলেন। চেয়ারম্যানের বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দা নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে। ওই সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল চালককে মারধরে করে সরিয়ে দেয়।

    তারপর চেয়ারম্যানকে গুলি এবং কুপিয়ে সড়কের পাশ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে দেয়। ওই সময় সড়কে চলাচলরত লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    আহত অবস্থায় প্রথমে চেয়ারম্যান সিরাজুল হককে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম খাঁন জানান, চেয়ারম্যান সিরাজুল হক ঘাড়ে গুলিবিদ্ধ এবং বিভিন্ন স্থানে কুপানোর দাগ রয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের আধিপত্য নিয়ে পূর্ব থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে এই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। পুলিশ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

    খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বেলাল আহমেদ হাসপাতালে আহত চেয়ারম্যান সিরাজুল হককে দেখতে যান।

    এদিকে তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

  • সংযোগ সড়কের ভোগান্তিতে কয়েক হাজার লোক

    সংযোগ সড়কের ভোগান্তিতে কয়েক হাজার লোক

    গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের সাথে পাশের সাইটালিয়া বিদ্যারভিটা নামের একটি গ্রামকে
    বিচ্ছিন্ন করে রেখেছে খাসিডুবের একটি খাল।

    বর্তমান সরকার জনদুর্ভোগ লাগবে এই খালের উপর একটি ব্রিজ নির্মান করেছেন দেড় বছর হলো। কিন্তু ব্রিজের দুপাশে নেই কোন সংযোগ সড়ক (এপ্রোচ রোড)।

    আর এতেই ভোগান্তিতে পড়েছে দুই গ্রামের প্রায় দুই হাজার লোক। সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছেন দুই গ্রামের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে খুব শিগ্রই সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হবে। সাইটালিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আক্তারুল আলম জানান,আমাদের মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীর বাড়িই বিদ্যারভিটা গ্রামে। কিন্তু এ গ্রামটিতে এখনও কোন উন্নয়নের ছোঁয়া আসেনি। এ গ্রাম থেকে অধিকাংশ শিক্ষার্থীই বিভিন্ন ফসলের মাঠের আইল(রাস্তা) ধরে প্রতিষ্ঠানে আসতে হয়। ব্রিজের আগে এই খালে বাশের সাঁকোর ব্যবহার ছিল। এখন ব্রিজ হলেও সংযোগ সড়কের অভাবে এর সুফল ভোগ করতে পারছে না এলাকাবাসী।

    মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের মতে, একটি সড়কের অভাবে ঝুঁকি নিয়ে আমরা প্রতিষ্ঠানে আসি। তবে বর্ষাকালে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারিনা যোগাযোগ ব্যবস্থার জন্য।

    সাইটালিয়া বিদ্যারভিটা গ্রামের ইসলাম উদ্দিন মাষ্টার জানান, আমাদের এলাকার অধিকাংশ লোকজনই সড়কের অভাবে ভোগান্তিতে রয়েছে, বিশেষ করে বয়োবৃদ্ধ রোগি ও বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা। স্থানীয় মমতাজ উদ্দিন মাষ্টার জানান, জনদুর্ভোগ লাগবে এখানে একটি ব্রিজ হলেও অপূর্ণ থেকে গেল সংযোগ সড়কটি। ব্রীজ নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়কটির অভাবে দুর্ভোগের প্রহর যেন বাড়ছে।

    তালতলী পূর্বপাড়া গ্রামের ষাটোর্ধ কসিম উদ্দিন জানান,এখানে আমরা এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় স্থানীয়দের সহায়তায় একসময় একটি সাঁকো নির্মাণ করেছিলাম। এখন সরকারই আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে ব্রিজ তৈরী করে দিয়েছেন। তবে পুরোপুরি দুর্ভোগ লাগবে অতি দ্রুত সংযোগ সড়কটি নির্মাণের দাবী তাঁর। তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান,এলাকাবাসীদের দাবীর প্রতি সম্মান জানিয়ে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে সংযোগ সড়ক না থাকায় তার সুফল ভোগ করতে পারছে না এলাকার লোকজন। এখন বোরো ধান কাটার মৌসুম চলছে, ধান কাটা শেষ হলে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

    শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিদুল ইসলাম জানান, এলাকার লোকজনের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে এই খালের উপর প্রায় ২২ লাখ টাকা ব্যায় করে ব্রীজ নির্মাণ করা হয়েছে। এখানে একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগ্রই দুর্ভোগ লাগবের আশা করা যায়।

  • হিন্দু শিক্ষককে হজের জন্য ৫০ দিন ছুটি!

    হিন্দু শিক্ষককে হজের জন্য ৫০ দিন ছুটি!

    বিসিএস শিক্ষা ক্যাডারের সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষককে ৫০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে হজে যাওয়ার জন্য। তিনি গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাস। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই অদ্ভুত আদেশ জারি করা হয়েছে।

    জানা গেছে, অরুণ চন্দ্র বিশ্বাস ভারতে ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন করেছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে তাঁকে সৌদি আরবে হজে যাওয়ার ছুটি দেওয়া হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের স্বাক্ষরিত এক আদেশে ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত যেকোনো ৫০ দিন অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ৫০ দিন ছুটি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-৪ থেকে এই আদেশ জারি করা হয়। এরই মধ্যে আদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। যদিও গত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের কপিটি ওয়েবসাইটে আর খুঁজে পাওয়া যায়নি।

    এ ব্যাপারে উপসচিব মুরশিদা শারমিনের সঙ্গে গত রাতে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি মনে পড়ছে না। বৃহস্পতিবার অফিসে গিয়ে জেনে আপনাকে জানাতে পারব।’ তবে অরুণ চন্দ্র বলেন, ‘আমি ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত ভারতে ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলাম। কিন্তু আমাকে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে। এটি সম্ভবত মন্ত্রণালয় ভুল করে দিয়েছে।’

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে যে আদেশে অরুণ চন্দ্রকে ছুটি দেওয়া হয়েছে সেই আদেশেই নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কালেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছিমা বেগমকেও ওমরাহ হজ পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ২১ দিন ছুটি মঞ্জুর করা হয়। এ বিষয়ে নাছিমা বেগম বলেন, ‘আমার আদেশের সঙ্গে অরুণ চন্দ্র বিশ্বাসকেও ছুটি দেওয়া হয়েছে। দুজনের একসঙ্গে আদেশ হলেও আমি তাঁকে চিনি না। আমি মনে করেছি, হয়তো তিনি ধর্ম পরিবর্তন করেছেন।’

  • নৌকায় চড়ে জনপ্রতিনিধি জামায়াত-বিএনপি

    নৌকায় চড়ে জনপ্রতিনিধি জামায়াত-বিএনপি

    প্রায় ২০০ বছরের স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা হয় ২০১৫ সালে। ওই বছর অক্টোবর মাসে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫ মন্ত্রিসভায় অনুমোদন পায়। পরে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। এর পরই নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধির খসড়া অনুমোদন করে নির্বাচন কমিশন।

    খুব অল্প সময়ের মধ্যে ভোল পাল্টে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

    ২০১৬ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত ছয় ধাপে দেশের তিন হাজার ২২৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪ জুন পর্যন্ত নির্বাচন হয় তিন হাজার ১২৫টিতে। গোলযোগের কারণে বন্ধ হয়ে যাওয়ায় ১০৩টিতে নির্বাচন হয় পরে। দেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার ৫৫৩টি। মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে ওই ছয় ধাপে এক হাজার ৩২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারেনি। ওই সময় রাজনৈতিক ভোল পাল্টিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেন জামায়াত-বিএনপি থেকে আসা প্রার্থীরা। ছয় ধাপের ওই নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন দুই হাজার ৬৭০টি ইউনিয়ন পরিষদে। ৮৫ শতাংশ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন। এর মধ্যে ৫ শতাংশ রয়েছে জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া।

    ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দলগুলোর নামকাওয়াস্তে অংশগ্রহণে তৃণমূল আওয়ামী লীগের প্রাধান্য ছিল একচেটিয়া। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই ছিল নিশ্চিত বিজয়। কিন্তু ওই নির্বাচনে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, ত্যাগী, বিভিন্ন সময় হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার কর্মীদের বঞ্চিত করে বিএনপি-জামায়াতসহ ধনাঢ্য ব্যক্তিদের দলে এনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে কালের কণ্ঠ’র অনুসন্ধানে দেখা গেছে, জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া দেড় শতাধিক প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জনপ্রতিনিধি হয়েছেন।

    ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের রয়েছে একটি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এই বোর্ডই দলীয় প্রার্থী চূড়ান্ত করে। মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় আওয়ামী লীগের ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রাথমিকভাবে তিনজন প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে জমা দেন। কেন্দ্র ওই তিনজনের মধ্যে একজনকে দলীয় প্রার্থী চূড়ান্ত করে। এই প্রক্রিয়ায় স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও ব্যাপকভাবে এর ব্যত্যয় ঘটেছে। কালের কণ্ঠ’র অনুসন্ধানে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলে আওয়ামী লীগ বনাম এমপি লীগে বিভক্তি তৈরি হয়। যে বিভক্তি এখনো বিদ্যমান।

    বেশির ভাগ উপজেলায় এমপিরা প্রভাব খাটিয়ে তাঁদের পছন্দের লোকের নাম কেন্দ্রে পাঠিয়েছেন। তিনজন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও অনেক ইউনিয়নে মাত্র একজনের নাম কেন্দ্রে পাঠানো হয়। এর মধ্যে ছিল জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগে আসা লোকদের নাম। এসব নামের বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে বিপুল পরিমাণ অভিযোগ জমা পড়ে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, ছয় ধাপের নির্বাচনে দুই হাজারের বেশি অভিযোগ কেন্দ্রে জমা পড়ে। সর্বাধিক অভিযোগ জমা পড়ে পটুয়াখালী, ঝালকাঠি, কক্সবাজারের মহেশখালী ও খুলনা এলাকা থেকে।

    বিশ্লেষণে দেখা যায়, পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা, সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব মোল্লা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন হাওলাদার কেন্দ্রীয় কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন। মরিচবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন কমিটিকে বাদ দিয়ে একজনের নাম কেন্দ্রে পাঠানো হয়। মরিচবুনিয়া ইউনিয়নে বিএনপির জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে একক প্রার্থী করে কেন্দ্রে নাম পাঠানো হয়। কেন্দ্র এ অভিযোগ আমলে নিয়ে আলমগীর হোসেনকে মনোনয়ন দেয়নি। অন্যদিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে রাজাকারের সন্তান গাজী শওকত হোসেনকে একক প্রার্থী করে কেন্দ্রে নাম পাঠানো হয়। তৃণমূলের আটজন নেতা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীরা বলেন, গাজী শওকত হোসেনের বাবা ১৯৭১ সালে রাজাকার ছিলেন। কিন্তু এই অভিযোগ আমলে নেয়নি কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। তাঁকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

    ২০১৬ সালের ২৩ এপ্রিল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এলাকার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুরাদ। তাঁর প্রাপ্ত ভোটের অর্ধেকের চেয়েও কম ভোট পান পরাজিত বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আবুল কালাম। গত জানুয়ারি মাসে মারা যান রফিকুল ইসলাম মুরাদ। মৃত্যুর পর চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নেন তাঁর স্ত্রী সামিয়া। কিন্তু চোখের সামনে ইউনিয়নবাসী দেখল মুরাদের স্ত্রীকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় বিএনপির সেই পরাজিত প্রার্থী আবুল কালামকে। পরে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হন।

    মুরাদের স্ত্রী সামিয়া কালের কণ্ঠকে বলেন, ‘এমপির কাছে গিয়েছিলাম। তিনি আমার কোনো কথাই শুনতে চাননি।’

    নির্বাচনের মাত্র ১০ দিন আগে দলে এনে জামায়াত নেতা মাওলানা আবদুল আজিজকে টেকনাফের বাহারছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়।

    আর নির্বাচনের এক মাস আগে দলে এনে চকরিয়ার কোটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় বিএনপি নেতা বাহাদুর আলমকে।

    ইসলামী ছাত্রশিবির নেতা, রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়ন কমিটির সভাপতি নজরুল ইসলামকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী করা হয়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

    কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য জামায়াত নেতা সিরাজউদ্দৌলার নাম কেন্দ্রে পাঠান কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতারা। সিরাজউদ্দৌলার বড় ভাই শামসুল আলম কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি, আরেক বড় ভাই সৈয়দাদুল আলম কুতুবদিয়া উপজেলা জামায়াতের নির্বাহী কমিটির সদস্য। ছোট ভাই বশির আলম উত্তর ধুরং ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। উপজেলা ও জেলা আওয়ামী লীগ তাঁর নাম কেন্দ্রে পাঠানোর পর স্থানীয় ত্যাগী আওয়ামী লীগকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার গোচরে আনতে সমর্থ হয়। পরে তাঁকে বাদ দিয়ে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহিয়াকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার এমপি ও তাঁর সমর্থকরা উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহরিয়ার চৌধুরীকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এবং সমর্থন দিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করে দেন।

    কুতুবদিয়ার খৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় একসময় উপজেলা ছাত্রশিবিরের সাথি আলমগীর মাদবরকে।

    ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান লাবলুকে। নির্বাচনের এক মাস আগে তাঁকে দলে আনা হয়।

    বারবার নির্বাচিত তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়াকে মনোনয়ন না দিয়ে নির্বাচনের ১৫ দিন আগে দলে এনে নৌকা প্রতীক দেওয়া হয় তালমা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ আলমকে। কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে পাস করেন আবু শহিদ মিয়া।

    বিএনপি থেকে দলে এনে নৌকা প্রতীক দেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিএনপি নেতা অ্যাডভোকেট আলমগীর কবীরকে।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবদলের সহসভাপতি এজাবুল হক বুলিকে নৌকা প্রতীক দেওয়া হয় মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে নৌকা প্রতীক দেওয়া হয় ওই ইউনিয়নের বিএনপি নেতা জসিমউদ্দিনকে। নির্বাচনের এক মাস আগে তাঁকে দলে নেওয়া হয়। নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক পান গোবরাতলা ইউনিয়ন বিএনপি নেতা আসজাদুর রহমান।

    ২০১৭ সালে আওয়ামী লীগে যোগ দেন রেজাউল করিম। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপির একসময়ের সহসভাপতি রেজাউল করিম। তাঁকে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়।

    ২০১৭ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া আহম্মদ মাস্টারকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। এ ইউনিয়নে আওয়ামী লীগের পোড় খাওয়া নেতা আবদুস সালাম মনোনয়ন বঞ্চিত হয়ে শোকে-দুঃখে মারা যান।

    বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নে নির্বাচনের ১৫ দিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীক পান ফরিদ হোসেন বাবু। এখানে আওয়ামী লীগের ত্যাগী নেতা মুক্তিযোদ্ধা ইউনুসকে বাদ দিয়ে বাবুকে মনোনয়ন দেওয়া হয়। বাবুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এলাকার শত শত সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল করে তাদের বাস্তুচ্যুত করেছেন।

    রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দিতে পাংশা উপজেলা ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কেন্দ্রে সুপারিশ পাঠায় জজ আলীর নাম। সর্বহারা পার্টির শীর্ষ নেতা এই জজ আলী রাজবাড়ী জেলা পুলিশের তালিকাভুক্ত ৯ নম্বর সন্ত্রাসী। কেন্দ্রীয় আওয়ামী লীগ তাঁকে দলীয় মনোনয়ন না দিলেও পাংশা উপজেলা আওয়ামী লীগের পরোক্ষ সমর্থনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

    পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে আওয়ামী লীগের পোড় খাওয়া নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শওকত সরদারকে বাদ দিয়ে নির্বাচনের ১০ দিন আগে দলে যোগ দেওয়া বিএনপি নেতা হাবিবুল্লাহকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।

    রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে আওয়ামী পরিবারের সন্তান রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী মর্জির ভাইপো মির্জা বদিউজ্জামান বাবুকে বাদ দিয়ে বিএনপি থেকে ধার করে এনে নৌকা প্রতীক দেওয়া হয় বিএনপি নেতা জাকির হোসেনকে।

    রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বাবলু শিকদারকে বাদ দিয়ে নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া রাজাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।

    রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গিয়াসপুরীকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হয় এক ধনাঢ্য ব্যবসায়ীকে। এলাকায় অভিযোগ রয়েছে, শুধু বিত্তের কারণে ব্যবসায়ী আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ডোবরা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় জামায়াতকর্মী দেলোয়ার হোসেন সাঈদীর নির্বাচনী প্রচারক অলিউল্লাহকে।

    জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আনসারীকে। একই ইউনিয়নে আগেরবারও তিনি চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক সরদারকে দলীয় মনোনয়ন কিনতেই দেওয়া হয়নি।

    ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জোবায়দুর রহমানকে নির্বাচনের আগে দলে এনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জালাল আহমেদকে মনোনয়ন বঞ্চিত করা হয়।

    ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক বলেন, ‘আমাদের দলে যোগ্য প্রার্থী থাকার পরও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, বিএনপি থেকে এমন লোক এনে নৌকা প্রতীকে জনপ্রতিনিধি করা হয়েছে।’ তিনি বলেন, এখন দল আর দল নেই। এমপি মানেই দল।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয় জামায়াত নেতা খায়রুল হককে।

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। তাঁর বাবা ছিলেন শান্তি কমিটির নেতা। পরিবারের অন্যরা জড়িত বিএনপির রাজনীতির সঙ্গে।

    টাঙ্গাইল জেলা পরিষদে সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন ঘাটাইলের শাহানশাহ মিন্টু। একসময় তিনি ছিলেন স্থানীয় জিয়া সংঘের সম্পাদক।

    কাঁঠালিয়া আমুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে একসময়ের বিএনপি নেতা আমিরুল ইসলাম ফোরকান শিকদারকে। সৌজালিয়া ইউপিতে আওয়ামী লীগের দুর্দিনের নেতা এম এ খালেককে বাদ দিয়ে বিএনপি থেকে আসা মাহমুদ রিপনকে নৌকার প্রার্থী করা হয়।

    কাঁঠালিয়ার চেছনিরামপুর ইউনিয়নে নৌকা প্রতীক দেওয়া হয়েছে ২০০৯ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া জাকির হোসেন ফরাজীকে। বঞ্চিত হয়েছেন দলের ত্যাগী নেতা হারুনার রশিদ।

    কাঁঠালিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ শিকদার বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, ২৩ বছরের ইতিহাস বঞ্চনার ইতিহাস। আর কাঁঠালিয়াতে ২০০৯ সালের পরের ইতিহাস হলো প্রকৃত বঙ্গবন্ধু সৈনিকদের বঞ্চনার ইতিহাস।

    নোয়াখালীর সোনাইমুড়ি ইউনিয়নে বিএনপির নুরুল আমিনকে নৌকা প্রতীক দিয়ে পাস করিয়ে আনা হয়েছে।

    সোনাইমুড়ির বারোগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে আনিসুর রহমানকে। তিনি আওয়ামী লীগে নতুন মুখ। কিছুদিন আগেও তিনি এবং তাঁর গোটা পরিবার ছিল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

    ঝালকাঠির রাজাপুরের মঠবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোস্তফা কামাল শিকদার। ২০০৯ সালে জামায়াত থেকে আওয়ামী লীগে যোগ দেন তিনি। ফলে মনোনয়নবঞ্চিত হয়েছেন রাজাপুর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রব হাওলাদার।

    আবদুর রব হাওলাদার কালের কণ্ঠকে বলেন, সবাই জানে মোস্তফা রাজাপুর থানা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে সভাপতি হন। নির্বাচনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

    সাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পান ছিদ্দিকুর রহমান। আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেন, তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। ২০০৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এই ইউনিয়নে স্বাধীনতার পর থেকে দলের হাল ধরে আছেন সোবহান খান। তিনি মনোনয়ন চেয়েও পাননি।

    রাজাপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন মজিবর মৃধা। তিনি একজন ঠিকাদার। একসময় করতেন বিএনপি। পরে যোগ দেন জেপিতে।

    এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ কালের কণ্ঠকে বলেন, ‘এই প্রথম দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। তৃণমূলে কোনো কোনো সুবিধাবাদি নেতা তাঁদের পছন্দের লোকদের মনোনয়ন পাইয়ে দিতে কৌশল করেছেন। তার পরও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ও দলীয় প্রধান শেখ হাসিনার নজরে এলে সঠিক লোককেই মনোনয়ন দেওয়া হয়েছে। হয়তো ফাঁকফোকর দিয়ে কিছু প্রবেশ করে ফেলেছে।’

  • মেয়র প্রার্থীর ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ‘ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণায়!

    মেয়র প্রার্থীর ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ‘ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণায়!

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। একই সঙ্গে তাদের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

    সোমবার হাসান উদ্দিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে।

    ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর নিজস্ব অর্থায়নে পরিচালিত ট্রাফিক পুলিশ সহকারীরা জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাচ ধারণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

    প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী চলাচলের সময় আগে থেকেই রাস্তা যানজট মুক্ত রাখতে গিয়ে এসব ‘ট্রাফিক সহকারী’ বিপরীত পাশে যানজট সৃষ্টি করছে।

    তিনি আরও উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বেতনভুক্ত তিন শতাধিক কর্মী ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে।

    তারা ট্রাফিক সহকারীদের পোশাক পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচার কাজে সরাসরি অংশ নিচ্ছে। এসব ট্রাফিক সহকারী ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন’ ব্যাচ ধারণ করে এবং কখনও নৌকা প্রতীকের লিফলেট বহন করে সড়ক বা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যা নির্বাচনে ‘রেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মারাত্মক অন্তরায় এবং সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধিমালার ৩নং বিধির (নির্বাচনী প্রচারণায় সমানাধিকার) লঙ্ঘন। তিনি অবিলম্বে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ট্রাফিক সহকারীদের প্রত্যাহারের দাবি জানান।

    এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

    গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা বুধবার এ দণ্ড দেন।

    গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে তিন হাজার টাকা, শাহিন আলম মৃধাকে পাঁচ হাজার টাকা এবং ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে চার হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

    এছাড়া কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার লাগানোর কারণে কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে দুই হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে কাউন্সির প্রার্থী মো. সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • শ্রীপুরে দিন মজুর সংকটে ঘুম নেই কৃষকের দু”চোখে

    শ্রীপুরে দিন মজুর সংকটে ঘুম নেই কৃষকের দু”চোখে

    গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের কৃষক হামিদুল হক, নিজের কোন জায়গা জমি নেই, প্রতিবারের মত স্থানীয় একজনের আড়াই বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছেন। এই জমি চাষ করতে তাঁর সতের হাজার টাকা ঋণ করতে হয়েছে। প্রথমে নেক ব্লাস্টের আক্রমনে তাঁর ধানের চরম ক্ষতি হয় এতে জমির অর্ধেক ধান নষ্ট হয়ে গেলেও বাকি অর্ধেক ধান পেকেছে দশ দিন হল, এখনও ধান ঘরে তুলতে পারেননি তিনি, কারন ধান কাটার কামলা(শ্রমিক) পাচ্ছেন না। একদিকে ঋণের ভার অপরদিকে কালবৈশাখী ও শিলা বৃষ্টির আশংকা এ নিয়ে গত কয়েকদিন ধরে র্নিঘুম রাত কাটছে তাঁর।
    এরকম অবস্থা শুধু কৃষক হামিদুলের নয় গাজীপুরের শ্রীপুরের কয়েকহাজার কৃষকের দু”চোখ এখন র্নিঘুম। শুধু শ্রমিক সংকটের কারনেই অনাগত ফসল ঘরে তোলার অপেক্ষার প্রহর বাড়াচ্ছে। আবার অনেক এলাকায় অনেক কৃষক শ্রমিকের জোগাড় না পেয়ে নিজেদের পরিবার পরিজন নিয়ে মাঠে নেমেছেন ফসল ঘরে তোলার জন্য।
    স্থানীয় কৃষি অফিস ও কৃষকদের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে শ্রীপুরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ১২১৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ভাল ফলণ হলেও শেষ মুহুর্তের নেক ব্লাস্টের আক্রমনে ফলণ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সঠিক সময়ে ধান ঘরে তুলতে পারলে সে ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবে কৃষকরা। ধান পেকে আট দশদিন হয়ে গেলেও এখনও অধিকাংশ ধান মাঠেই রয়েছে শ্রমিক সংকটের কারনে।
    গোদারচালা গ্রামের কৃষক মেহেদী হাসান জানান, তাঁর সাড়ে তিন বিঘা জমির ধান গত এক সপ্তাহ আগে পেকেছে। এখনও শ্রমিক সংকটে তিনি ধান কাটা শুরু করতে পারেননি। তিনি প্রতি বিঘা জমির জন্য চারহাজার টাকা করেও শ্রমিক পাচ্ছেন না।
    তেলিহাটি গ্রামের কৃষানী উম্মে কুলসুম জানান, এক বিঘা (৩৫ শতাংশ) জমির ধান কাটতে চার পাঁচ হাজার টাকা লাগছে, এই টাকা জোগাড় করতে পারেননি বিধায় এখনও ধান কাটতে পারেননি। এ নিয়ে তাঁদের চোখে মুখে শুধুই অন্ধকার।
    দড়িখোঁজেখানী গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান,আমাদের কৃষকদের এখন পদে পদে বাঁধা। সবচেয়ে বড় সমস্যা এখন কৃষি শ্রমিক সংকট। আর এবার মরার উপর খাড়ার ঘাঁ হিসেবে এসেছে শ্রমিক সংকট।
    পৌর এলাকার কেওয়া গ্রামের কৃষক আজমল মিয়া জানান, দেশে শিল্প কারখানা গড়ে উঠার পর থেকেই কৃষি শ্রমিকের সংকট শুরু হয়েছে। যা এখন চরমে পৌছেছে। ভালো ফলন হলেও কৃষি উৎপাদনে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় কৃষকরা লোকশানে রয়েছে। নিজের জমির ধান কাটতে কয়েকদিন ধরে হন্যে হয়ে তিনি শ্রমিক খোঁজেও ব্যর্থ হচ্ছেন।
    শ্রীপুরের সবচেয়ে বড় কৃষি শ্রমিকের হাট বসে মাওনা চৌরাস্তায় সবসময় শ্রমিক থাকলেও গত ১৫ দিন ধরে এখানে শ্রমিক শূন্য। বিভিন্ন জায়গা হতে শ্রমিক নিতে আসা লোকজনের ভীর প্রতিনিয়ত বাড়ছে এ হাটে। কিন্তু শ্রমিক না পেয়ে শূণ্যেই ফিরতে হয় কৃষকদের।
    নিজমাওনা গ্রামের সত্তুরোর্ধ কৃষক আহমদ আলী তিনদিন ধরে তাঁর স্ত্রীকে নিয়ে ধান কাটছেন কথা হয় তাঁর সাথে, তিনি জানান জমিতে পাকা ধান রেখে দু”চোখে ঘুম হয় না। যে কোন সময় সোনালী ফসলের হানী হতে পারে, তাই শ্রমিক সংকটের কারনে তিনি বসে থাকতে নারাজ অসুস্থ শরীর নিয়েও স্ত্রীকে নিয়ে ধান কাটার জন্য মাঠে নেমেছেন।
    শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুয়ীদ উল হাসানের অভিমত, বর্তমান শ্রম বাজারে কৃষি শ্রমিক সংকট এখন অন্যতম একটি সমস্যা। এ সংকট মোকাবেলায় কৃষকদের কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাঁর। এছাড়াও বোরো মৌসুমের ফসল ঘরে তোলার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা প্রাকৃতিক দুর্যোগ। এখন পর্যন্ত শ্রীপুরে দুর্যোগের কবলে কৃষকরা পড়েনি। তবে এ বিষয়ে অতিসতর্কতার অংশ হিসেবেই ধান পেকে গেলেই যত দ্রুত সম্ভব ঘরে তোলার পরামর্শ দেন তিনি।