Blog

  • ৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

    ৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

    বিগত ৬ দিনে কক্সবাজারের টেকনাফে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
    গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ধৃতদের মধ্যে ১০ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

    তিনি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।’

    ‘যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’-যোগ করেন রনজিত কুমার বড়ুয়া।

    এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মে) ১ হাজার ইয়াবাসহ টেকনাফের কুলালপাড়ার মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এদিনই তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

  • ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার

    ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার

    বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৮০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বহিষ্কার হওয়া শিক্ষার্থী নাজমুল হাসান চৌধুরী শিশির বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষের ছাত্র

    সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, বহিষ্কার হওয়া ছাত্র শিশিরের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি থেকে নিজ বিভাগের সহপাঠী ও সিনিয়র একাধিক ছাত্রীকে অশালীন ও কুরুচি সম্পন্ন মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়। গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে আইন বিভাগের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল ওই ছাত্রের বিরুদ্ধে।

    কমিটি বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

    আইন বিভাগ সূত্রে জানা যায়, ফেসবুকে ‘মৃন্ময় আয়ান’ নামে একটি ভুয়া আইডি থেকে আইন বিভাগের এক ছাত্রীদেরকে খারাপ মেসেজ, ভিডিও ও মেসেজ পাঠানো হতো। ২০ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে শিশিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীরা মামলা না করায় পরদিন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

    এরপর ২৫ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীরা উত্ত্যক্তের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন।

    ২৭ মার্চ বিভাগের একাডেমিক কমিটির সভা শেষে বিভাগের পক্ষ থেকে ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলে লিখিত অভিযোগ দেওয়া হয়।

    শিক্ষার্থী ও বিভাগের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • মোসাদ্দেকের ‘টেনশন’ নেই

    মোসাদ্দেকের ‘টেনশন’ নেই

    প্রায় সাত ঘণ্টার ভ্রমণক্লান্তিও স্পর্শ করেনি সাকিব আল হাসানকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে নিয়ে বিমানবন্দর থেকে সোজা চলে এলেন দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই মাঠে আগে কখনো খেলা হয়নি। মাঠটা স্বচক্ষেই দেখে যেতে চাইলেন সাকিব।
    আফগানিস্তান সিরিজের আগে কাল একটি প্রস্তুতি ম্যাচ খেলে ঝালিয়ে নেবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের খেলার কথা রয়েছে। যদি তাঁরা খেলেনই বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার এটিকে ঝালিয়ে নেওয়ার দারুণ একটা সুযোগ দেখছেন, ‘যদি তাদের মূল বোলাররা অনুশীলন ম্যাচটা খেলে, তবে তাদের দল সম্পর্কে একটা ধারণা পেতে সহায়তা করবে আমাদের। ব্যক্তিগতভাবে সিরিজটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যেখানেই খেলি ভালো খেলতে চাই। চেষ্টা করব নিজেকে মেলে ধরতে, যেন নিজের আত্মবিশ্বাসটা বাড়াতে পারি।’
    দলে জায়গাটা পোক্ত করতে হলে ব্যাটিংয়ে সৌম্যকে ধারাবাহিক হতেই হবে। মোসাদ্দেক হোসেনের একটু সুবিধা আছে। যেহেতু লোয়ার মিডল অর্ডারে নামেন, সৌম্যর মতো বড় ইনিংস খেলার সুযোগ কম। শেষ দিকে দ্রুত গতিতে রান তুলবেন আর খণ্ডকালীন বোলার হিসেবে বোলিংয়েও অবদান রাখেন—মোসাদ্দেকের কাছে দলের প্রত্যাশাটাই এমন। দুই বিভাগেই যেহেতু অবদান রাখার সুযোগ আছে, এটিই তাঁকে নির্ভার রাখছে, ‘একটা আত্মবিশ্বাস আছে, আমার সুযোগ বেশি। যেহেতু আমি অলরাউন্ডার। একটা পাশে ভালো না করলে অন্যদিকে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। একটা দিকে কিছু না হলে টেনশন করার মতো কিছু নেই আমার।’

  • ভালুকায় ত্রি-মুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল যুবকের

    ভালুকায় ত্রি-মুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল যুবকের

    ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বাস ট্রাক ও পিক আপের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালী মল্লিকাবাড়ী মোড় সন্নিকটস্থ এলাকায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো আটক করেছে। আশংকা জনক অবস্থায় ৩জনকে মচিমহায় প্রেরন করা হয়েছে।
    স্থানীয় সুত্র জানায়, ঘটনার সময় সিডষ্টোরগামী একটি পিকআপ উল্লেখিত এলাকায় পৌছুলে উল্টো দিকে আসা একটি ট্রাক পিক আপটিকে সামনে থেকে চাপা দেয়। এ সময় রাজিব পরিবহনের যাত্রীবাহি একটি বাস পিকআপটির পেছন থেকে চাপা দেয়।
    এ ঘটনায় ৫জন আহত হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত ঘোষণা করেন এবং ৩জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহতের নাম দুলাল মিয়া। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি পরিবহন আটক করে নিয়ে এসেছে।
  • টার্গেট জুমার মুসল্লি, প্রচারে উত্তরে হাসান ও দক্ষিণে জাহাঙ্গীর

    টার্গেট জুমার মুসল্লি, প্রচারে উত্তরে হাসান ও দক্ষিণে জাহাঙ্গীর

    আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জুমার মুসল্লিদের টার্গেট করে শুক্রবার সকালে প্রচারে নেমেছেন প্রার্থীরা।

    সকাল ৮টার আগেই টঙ্গীস্থ নিজ বাসভবন থেকে বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সিটি কর্পোরেশনের সর্ব উত্তরে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

    পর্যায়ক্রমে সাবেক কাউলতিয়া ইউনিয়নের হাতিয়ার, ভাওরাইদ, পোড়াবাড়ী বাজার, গাজরিয়াপাড়া, বাংলাবাজার, ভীমবাজার, মাস্টারবাড়ি, কাউলতিয়া, জোলারপাড়া, বিপ্রবর্থা, মিরেরগাঁও, জালামার্কেট, সালনা, কাথোরা শৈশানবাড়ী বাজার ও মজলিসপুর এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন তিনি। এ ছাড়া হাসান সরকার ১৬টি পথসভা করবেন।

    অন্যদিকে সকালে টঙ্গীর ৫০নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য ভোটারদের কাছে দোয়া চান। সেই সঙ্গে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারও চালাচ্ছেন তিনি।

  • ঢাকা-ময়মনসিংহ সহ সারাদেশে ভারী থেকে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে

    ঢাকা-ময়মনসিংহ সহ সারাদেশে ভারী থেকে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে

    শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।-খবর বাসসর।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্রগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

  • ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

    ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

    নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান নিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি সবার নজর কেড়েছে। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

    গত তিন দিন আগে গানটি ইউটিউবে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

    ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন ফারিয়া। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি। গানটির ভিউ ৬ লাখের ওপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ৬ হাজার ৬০০। আর ডিসলাইকের সংখ্যাই ১৫ হাজার। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

    এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমি তো কোনো শাস্ত্রীয়সংগীত গাইনি। ফলে এ গানে ওই ধরনের কিছু খোঁজাটা ডিফিকাল্ট। কিন্তু সেটিই করছে একটা শ্রেণি। তবে আমি কিছু মনে করছি না।

    ফারিয়া আরও বলেন, শিল্পীদের এগিয়ে যাওয়ায় দর্শকদের উৎসাহ খুব দরকার। সেই সঙ্গে আমরা যদি শিল্পীদের আরেকটু উৎসাহিত করি তা হলে আরও ১০ নারী শিল্পী গানে আগ্রহী হবেন। মানুষের ভালোমন্দ লাগতেই পারে। সবার ব্যক্তিগত মতামত থাকবে- এটিই স্বাভাবিক।

  • অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?

    অনিয়মিত পিরিয়ড কি সন্তান ধারণে জন্য সমস্যা?

    বয়ঃসন্ধিকালে অনেক নারীর মুখেই শোনা যায় তার পিরিয়ড অনিয়মিত। বিষয়টি স্পর্শকাতর হওয়াতে অনেক নারী এটি খোলাসা করতে চান না।আপনি জানে কি এটি কিন্তু লুকিয়ে রাখার বিষয় না।অনেকের ধারণা অনিয়মিত পিরিয়ড মাতৃত্বের ঝুঁকি বাড়ায়। তবে এটি কিন্তু একবারেই ভুল ধারণা।

    বয়ঃসন্ধিকালে পিরিয়ড অনিয়মিত হলে সন্তান ধারণে তেমন অসুবিধা হয় না, এমনটাই মত বিশেষজ্ঞদের। এ বিষয়ে জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট বেদৌরা শারমিন।

    অনিয়মিত পিরিয়ড

    বয়ঃসন্ধিকালের অনেক মেয়ের মুখেই শোনা যায়, আমার পিরিয়ড অনিয়মিত। অনেক মেয়ের মুখে শোনা যায় বিয়ে হলে তাদের সন্তান হবে না। তবে পিরিয়ড শুরু হওয়ার প্রথম কয়েকটা বছর এমন হতেই পারে। পিরিয়ড অনিয়মিত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন একটু আগেভাগে পিরিয়ড শুরু হয়ে যায়।

    প্রথমবার অনিয়মিত হতে পারে

    প্রথমে পিরিয়ড অনিয়মিত হতে পারে। আমাদের হাইপোথ্যালামো এক্সিস যেটা, সেটা শুরুতে, বয়ঃসন্ধিকালে খুব ভালোভাবে বৃদ্ধি পায় না। এর জন্য একটু অনিয়মিত হতে পারে।

    ওজন বৃদ্ধি

    বয়ঃসন্ধিকালে আরেকটি হয় ওজন বৃদ্ধি। দেখা যায় মেয়েরা বাসায় পড়ছে, খাচ্ছে আর কেবল কোচিংয়ে যাচ্ছে। খাওয়ার মধ্যে হলো ফাস্টফুড। হাঁটাচলা, খেলাধুলা তো করছেই না। জায়গাও নেই। এ কারণে একটু স্থূল হয়ে যাচ্ছে। এটিও অনিয়মিত অনিয়মিত কারণ হতে পারে।

    হাইপোথাইরয়েড

    থাইরয়েডের সমস্যা রয়েছে কি না তা দেখার চেষ্টা করি। একটা আলট্রাসনো না করলে রোগীরা খুশি হয় না। দেখা যায়, প্রয়োজন না হলেও একটু আলট্রাসনো করে দেখি, তাদের সন্তুষ্টির জন্য। বুঝিয়ে বলি যে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠিক হয়ে যাবে। আর এর জন্য পরে সন্তান হবে না—এ রকম কোনো কথা নেই।

  • যেভাবে চিনবেন পচা ডিম

    যেভাবে চিনবেন পচা ডিম

    বাজার থেকে ডিম কিনে বাসায় ফিরেছেন।পচা ডিম কোনো দিনই পাননি এমন ঘটনা কিন্তু অসম্ভব। ভাগ্যে যদি থাকে পচা ডিম তবে ঠেকায় কে বলুন। তবে সব সময় কিন্তু ভাগ্যকে দোষ দিলেই হয় না।

    বাজার থেকে ডিম কেনার সময় চিনে নিতে হবে পচা ডিম। ভাবছেন কীভাবে চিনবেন।খোসার ভেতরে ডিমের কুসুমে সাদা অংশ খালি চোখে দেখা যায় না। তাই পচা ডিম বাছাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে নষ্ট ডিম চেনার কিন্তু উপায় অবশ্যই আছে।

    ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকি। ডিম ভাজি, পুডিং, কেকসহ বিভিন্ন খাবার। তাই ডিম যদি নষ্ট হয় তবে আপনার পুরো আয়োজনটাই যাবে মাটি হয়ে।

    ডিম পচা কি না তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ডিমটি নষ্ট না ভালো।

    আসুন জেনে নেই কীভাবে বুঝবেন পচা ডিম।

    পানি দিয়ে পরীক্ষা

    ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।

    ডিম সেদ্ধ

    ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেয়া যায় ডিমটি নষ্ট।

    আলো

    নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।

    ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে

    ডিমটিকে একটি সমান প্লেটের ওপর ফাটান। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।

  • ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ!

    ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ!

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেহাল সড়ক, জলাবদ্ধতা, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রে পানি জমে যাওয়া ও যানজটে ভোটাররা কেন্দ্রে যাবেন কি না- এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মেয়র প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়। এসব তুলে ধরেন বিভিন্ন সংস্থার কর্মকর্র্তারা। অবিলম্বে এসব সমস্যা সমাধানের দাবিও জানান তারা। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা। এদিকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা বলছেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্বাচনে কালো টাকার লেনদেন হতে পারে। সাইবার ক্যাফে থেকে গুজব ছড়িয়ে অস্বাভাবিক নির্বাচনী পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। অন্য একটি সংস্থার সদস্যদের দাবি, মসজিদ-মাদ্রাসার মাইক ব্যবহার করেও গুজব ছড়ানোর আশঙ্কা রয়েছে।

    গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার দৃঢ়তার সঙ্গে বলেন, গাজীপুরের নির্বাচনের সঙ্গে তাদের অস্তিত্ব জড়িয়ে আছে। যে কোনো মূল্যে গাজীপুরবাসীকে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। নির্বাচনে মানি পাওয়ার ও মাসল পাওয়ার প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।

    মতবিনিময় সভায় সব মেয়র প্রার্থীকে একই সঙ্গে প্রচারণা চালানোর প্রস্তাব দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী জালাল উদ্দিন। জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাঘাটের যে অবস্থা, তাতে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে সমস্যা হবে। তাদের কষ্ট হবে। যারা নির্বাচনের দায়িত্বে আছেন এবং সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন, তারা যেন এ রাস্তাগুলো মেরামতের ব্যবস্থা করেন। জালাল উদ্দিন বলেন, প্রতিকূল আবহাওয়ায় পোস্টারিং করা যাচ্ছে না। সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ভোট কেন্দ্রে পানি জমে গেলে ভোটার উপস্থিতি কম হতে পারে। এ সময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের প্রতিনিধি মাহবুবুর রহমান বলেন, তাদের প্রচারণার দায়িত্বে থাকা একজনকে পুলিশ এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না। তাদের নানাভাবে হয়রানিও করা হচ্ছে। জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবীর বলেন, আপনারা চাইলে একমঞ্চে-একসঙ্গে প্রচারণা চালাতে পারেন। এতে কোনো বাধা নেই। বিএনপির প্রার্থীর প্রতিনিধির অভিযোগের বিষয়ে তিনি বলেন, যতদূর জানি পুলিশ কাউকে অহেতুক হয়রানি করছে না। সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম কেন্দ্র প্রস্তুতির বিষয়ে অগ্রগতি এবং রাস্তা মেরামতের কাজ চলছে বলে জানান।

    পুলিশ কাউকে হয়রানি করছে না বলে দাবি করে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিচ্ছে, সেভাবে কাজ করছি। হয়রানির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিরীহ কাউকে হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না। যানজট নিরসনে অতিরিক্ত ৩০০ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। সভায় নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল বলেন, যেসব অভিযোগ আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী নাসির উদ্দিন বলেন, সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হবে কি না- এ বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোটদান করবেন। সভায় র‌্যাব, বিজিবি, আনসার, হাইওয়ে পুলিশের প্রতিনিধি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

    এদিকে মতবিনিময় সভার শেষদিকে উপস্থিত হন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান ফজলুল হক মিলন। বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে বক্তব্য দিতে চান। এ সময় তাতে আপত্তি করেন সভার সভাপতি জেলা প্রশাসক দেওয়ান হুমায়ুন কবীর। তিনি বলেন, বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে এরই মধ্যে একজন বক্তব্য দিয়েছেন। ফজলুল হক তবুও তার বক্তব্য চালিয়ে যান। এ সময় আওয়ায়ী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম এর প্রতিবাদ করেন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি সোহরাব উদ্দিন যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নিয়মবহির্ভূতভাবে প্রতি ওয়ার্ডে ৩-৪টি নির্বাচনী অফিস তৈরি করে প্রচারণা চালাচ্ছেন। এমনকি ফুটপাতেও তারা নির্বাচনী অফিস করেছেন। অথচ প্রতি থানায় একটি করে অফিস থাকার কথা। ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। উল্টো বিএনপির নেতাকর্মী যারা প্রচারণা চালাচ্ছেন, ভ্রাম্যমাণ আদালত তাদের ওপর নজরদারি করছেন।

    টঙ্গী, বাসন ও সাবেক গাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সড়ক বেহাল। কোথাও কাদা আবার কোথাও পানি জমে আছে। এ নিয়ে ভোটাররা তাদের অসন্তোষের কথা জানান। বেহাল সড়ক, জলাবদ্ধতা এবং যানজটে অনেক ভোটার ভোট দিতে তেমন আগ্রহী নন। এ বিষয়ে টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবদুল আলীম যুগান্তরকে বলেন, সামান্য বৃষ্টি হলে পুরো টঙ্গীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘর থেকে বের হওয়ার উপায় থাকে না। ফলে নির্বাচনের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে দেখা যাবে ভোট কেন্দ্র তলিয়ে গেছে। তখন ভোট দেয়ার আগ্রহ থাকবে না। সাবেক গাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একই অবস্থা। বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না।

    গাজীপুরের নির্বাচন কমিশনের অস্তিত্বের প্রশ্ন : ইসি মাহবুব তালুকদার বলেন, শুধু দেশবাসী নয়, সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কারণ বিশ্ববাসী মনে করে, এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমাদের সক্ষমতা প্রমাণিত হবে। এ কারণে সারা বিশ্ব এই নির্বাচন পর্যবেক্ষণ করছে। তাই এ নির্বাচনের সঙ্গে আমাদের অস্তিত্বের বিষয় জড়িয়ে আছে। নির্বাচন সুষ্ঠু না হলে গাজীপুরবাসী পরাজিত হবে। সুষ্ঠু নির্বাচন না করে আমরা গাজীপুরবাসীকে পরাজিত দেখতে চাই না। মানি পাওয়ার ও মাসল পাওয়ার প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি দুটি বিষয়ে বলতে চাই। একটি হল মানি পাওয়ার। অপরটি হচ্ছে মাসল পাওয়ার। এ দুটি বিদ্যমান থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ দুটি আমাদের প্রতিহত করতে হবে। ব্যালট বাক্স ছিনতাই রোধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের বলতে চাই, ভোটের আগের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, ব্যালট বাক্স ছিনিয়ে ভরার চেষ্টা আপনারা কঠোরভাবে দমন করবেন। নির্বাচনের এই কালচার আর চলতে দেয়া হবে না।

    ইসি মাহবুব বলেন, সংবিধানের প্রধান স্তম্ভ হল গণতন্ত্র। গণতন্ত্রকে সংহত করতে প্রধান কাজ হল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা। যারা জবরদখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বশক্তি নিয়োগ করে তা প্রতিহত করবে। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিচ্ছি, নির্ভয়ে দৃঢ়তার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রার্থীদের বলতে চাই- আপনারা আচরণবিধি লঙ্ঘন করবেন না। আচরণবিধি লঙ্ঘিত হলে আপনাদের প্রার্থিতা বাতিল হতে পারে। আমাদের সেই অবস্থায় ফেলবেন না। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি মাহবুব তালুকদার বলেন, সামগ্রিক নির্বাচনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। কারণ এই নির্বাচন আমাদের অস্তিত্বের অংশ। এই নির্বাচন করে আমাদের অস্তিত্বের বিষয়টি প্রমাণ করতে হবে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেব।

    প্রথমবার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হবে : সভায় জেলা প্রশাসক দেওয়ান হুমায়ুন কবীর জানান, এবারই প্রথমবার প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রত্যেক মেয়র প্রার্থীর চারজন করে পোলিং এজেন্ট এবং প্রত্যেক কাউন্সিলর প্রার্থীর একজন করে পোলিং এজেন্টকে ৫ মে প্রশিক্ষণ দেয়া হবে। পরে তারা অন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবেন। এ সময় তিনি আরও জানান, আগামী ৯ মে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার খন্দকার রকিব উদ্দিন। নির্বাচনের দিন গাজীপুরের সব শিল্পকারখানা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। নির্বাচনের আগে গাজীপুরে বসবাসকারী বৈধ অস্ত্রধারীদের কাছ থেকে অস্ত্র জমা নেয়া হবে। ভোটার না কিন্তু কারখানায় কাজ করেন, তারা নির্বাচনের সময় গাজীপুরে থাকতে পারবেন। তবে তাদের অবশ্যই আইডি কার্ড থাকতে হবে।

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন: আহমদুল হাসান আসিক ও শাহ সামছুল হক রিপন, যুগান্তর