Blog

  • ঈদে টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

    ঈদে টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

    যানবাহনের অতিরিক্ত চাপ, সড়কের বেহাল দশা আর নির্মাণ কাজে ধীরগতির কারণে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা আর উৎকণ্ঠা পর্যায়ক্রমে বাড়ছে। আসন্ন ঈদুল ফিতরে ভোগান্তিমুক্ত ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এ মহাসড়কে চলাচলরত উত্তরবঙ্গসহ ২১ জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

    চারলেন প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়াসহ বর্ষা মৌসুমের বৃষ্টি এ আতঙ্কের মূল কারণ বলেও মনে করছেন তারা। এ স্বত্ত্বেও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা।

    গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার বঙ্গবন্ধু সেতু-ঢাকা সড়কের চারলেনে উন্নীত করার কাজে আব্দুল মোনেম লি. মীর আক্তার হোসেন লি. ও ডিএনকোসহ ৩টি কনস্ট্রাকশন কোম্পানি দ্রুতগতিতে প্রকল্পের কাজ সম্পন্ন করার চেষ্টা করলেও ঈদের আগে পুরোপুরি যান চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হচ্ছে না। এছাড়াও প্রায় প্রতিদিন বৃষ্টির কারণে এ মহাসড়কের উন্নয়ন কাজ অনেকটা ব্যাহত হয়েছে।

    বৃষ্টির কারণে মহাসড়কের কদিমধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া, টাঙ্গাইল রাবনা বাইপাস, ধেরুয়া, ঘারিন্দা বাইপাস, রসুলপুর, জালদহ ব্রিজ ও এলেঙ্গাসহ বিভিন্নস্থানে নতুন করে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্ট গর্ত বন্ধ করাসহ একই সঙ্গে চলছে মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ। আর এসব কারণে স্বাভাবিক দিনে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।

    যানবাহনের অতিরিক্ত চাপ, সড়কের বেহাল দশা আর নির্মাণ কাজে ধীরগতির কারণে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে এবার ঈদে এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা করছেন উত্তরবঙ্গ ও অন্যান্য রুটের দূর-পাল্লার যাত্রী ও চালকরা।

    এ নিয়ে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের চালক হুমায়ুন জাগো নিউজকে জানান, সড়কের বেহাল দশা আর নির্মাণ কাজে ধীরগতির কারণে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে স্বাভাবিকভাবে দিনেই যে ভোগান্তি পোহাতে হচ্ছে, তাহলে ঈদের ছুটিতে কি হবে? তবে যানজট নিরসনে যদি জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ তৎপর এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে মহাসড়কে চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলেও মনে করছেন তিনি।

    সিরাজগঞ্জগামী অভি পরিবহনের কর্মকর্তা মনির মিয়া জানান, ঈদের ছুটি চলাকালে মহাসড়কের চলমান কাজ বন্ধ রাখার পাশাপাশি দুর্ঘটনা কবলিত ও বিকল হওয়া গাড়ি দ্রুত অপসারণ করাসহ মহাসড়কের যানজট সৃষ্টি হওয়া অংশে জেলা ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে তৎপর থাকেন তাহলে এ ভোগান্তির শঙ্কা আর উৎকণ্ঠা অনেকাংশেই দূর হবে বলেও মত প্রকাশ করেছেন তিনি।

    এ নিয়ে চারলেন প্রকল্পের ব্যবস্থাপক জিকরুল হাসান জানান, চারলেন প্রকল্পের প্রায় ৬৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে মোট ২৮টি সেতু প্রায় যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষে আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

    টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় জানান, আসন্ন ঈদে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন টাঙ্গাইল পুলিশ প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করতে সচেষ্ট ভূমিকা পালন করবে। এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত নেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?

    কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?

    সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘সাঞ্জু’। বলিউড সুপার স্টার আমির খানের অভিনয় করার কথা ছিল নাকি এই ছবিটিতে। গুঞ্জন আছে আমির এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ‘সাঞ্জু’র ট্রেলার মুক্তির সময় পরিচালক রাজকুমার হিরানি বলেছেন, ‘সুপারস্টার আমির খান ‘সাঞ্জু’ চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন।’ পরে অবশ্য খোলাসা করে বলেছেন আমির খান নিজেই।

    গত সপ্তাহে এক অনুষ্ঠানে আমির খানকে এই গুজবের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, ‘হিরানি আমাকে ‘সাঞ্জু’ ছবিতে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। এটি একটি চমৎকার চরিত্র এবং পিতাপুত্রের সুন্দর সম্পর্কের গল্প। কিন্তু সাঞ্জুর ভূমিকা অবিশ্বাস্য। আমি রাজুকে বললাম, সঞ্জয় দত্তের ভূমিকা এতটাই দুর্দান্ত যে আমার হৃদয় জয় করে নিয়েছে। তাই এই ছবিতে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারব না। আর রণবীর কাপুর যেহেতু সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন।’

    আমির খান আরও বলেন,‘ যখন দেখলাম আমার সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করার কোনো সুযোগ নেই। সুনীল দত্তের চরিত্রটি একজন বয়স্ক ব্যক্তির চরিত্র। আগে আমি ‘দাঙ্গাল’ সিনেমায় বয়স্ক চরিত্রে অভিনয় করেছি। এখন আবার যদি বয়স্ক চরিত্রে অভিনয় করি, তাহলে চলচ্চিত্র শিল্পের লোকেরা আমাকে আর যুবক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেবে না। তারা ভাববে আমি বয়স্ক চরিত্রে অভিনয়ের জন্যই উপযুক্ত। আর এ জন্যই আমি ‘সাঞ্জু’ চলচ্চিত্রে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি।’

    রাজকুমার হিরানি ‘সাঞ্জু’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। সঞ্জয় দত্তের জীবনী নির্ভর এই চলচ্চিত্রে প্রযোজনা করেছেন বিন্দু বিনদ চোপড়া। সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিটি ২৯ জুন মুক্তি পাবে।

  • ডিমের ডজন ৬৫ টাকা

    ডিমের ডজন ৬৫ টাকা

    প্রায় এক মাস ধরে অনেকটাই ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন বাজারে কমছে ডিমের দাম। রোজার আগের সপ্তাহের তুলনায় এখন ডজন প্রতি ডিমের দাম কমেছে ১৫ টাকা করে। আর খুচরা দোকানে প্রতি পিস ডিমের দাম এক মাসের ব্যবধানে কমেছে ২ টাকা করে।

    এদিকে ডিমের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাজারে রোজার আগের সপ্তাহের তুলনায় বর্তমানে ছোলার দাম কেজিতে প্রায় ১০ টাকা করে কমেছে। রোজার শুরুতে ৭৫-৮০ টাকা কেজি বিক্রি হওয়া ছোলা এখন বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।

    শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শুধু ডিম বিক্রি করেন এমন ব্যবসায়ীরা প্রতি ডজন ডিম ৬৫-৭০ টাকায় বিক্রি করছেন। আর এক ডজনের কম নিলে প্রতিহালির দাম নিচ্ছেন ২৫ টাকা। অপরদিকে মুদিদোকানে প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে ৭ টাকা করে।

    অথচ রোজা শুরুর আগের সপ্তাহেও ব্যবসায়ীরা ডজন হিসেবে ডিম বিক্রি করেছেন ৭৫-৮০ টাকা। আর খুচরা পর্যায়ে মুদিদোকানে প্রতি পিস ডিম বিক্রি হয় ৯ টাকা। সে হিসাবে খুচরা পর্যায়ে একমাসের ব্যবধানে পিস প্রতি ডিমের দাম কমেছে ২ টাকা।

    ডিমের দাম এমন কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজার কারণে মানুষ এখন ডিম কম খাচ্ছে। যে কারণে ডিমের চাহিদা অন্য সময়ের তুলনায় বেশ কম। আর চাহিদা কম হওয়ায় দামও কমেছে।

    ছোলার দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, সম্প্রতি টিসিবি ছোলার দাম কমিয়ে দিয়েছে। যার প্রভাব বাজারেও পড়েছে। তাছাড়া আগের মতো এখন ক্রেতারা ছোলা একবারে অনেক পরিমাণে কিনছেন না। বেশিরভাগ ক্রেতাই আধাকেজি-এককেজি করে কিনছেন। ফলে রোজার সময় হঠাৎ করে ছোলার যে চাহিদা বেড়ে যায় এবার তা বাড়েনি। এর প্রভাবও দামের ক্ষেত্রে পড়েছে।

    হাজীপাড়ার ডিম ব্যবসায়ী সালাম বলেন, রোজা শুরু হওয়ার আগে এক ডজন ডিম বিক্রি করেছি ৮০ টাকা। এখন সেই ডিম বিক্রি করছি ৬৫ টাকা। রোজার কারণে এখন মানুষ ডিম খাওয়া কমিয়ে দেয়ায় চাহিদা কমেছে। কিন্তু খামারে তো ডিমের উৎপাদন কমেনি। ফলে চাহিদার তুলনায় বাজারে ডিমের সরবরাহ বেশি। এ কারণেই দাম কমে যাচ্ছে।

    মালিবাগ বাজারের ব্যবসায়ী মজিবর বলেন, রোজার শুরুতে ডিমের ডজন ছিল ৮৫ টাকা। এখন তা কমে দাঁড়িয়েছে ৭০ টাকায়। আর এক সপ্তাহ আগে ডজন ছিল ৭৫ টাকা।

    দাম কমার কারণ হিসেবে এই ব্যবসায়ীও বলেন, যারা রোজা রাখেন তারা এখন ডিম খুব একটা খাচ্ছেন না। অনেকের ধারণা ডিম গরম খবার। ডিম খেয়ে রোজা রাখলে হয় তো সমস্যা হতে পারে।

    রামপুরার মুদিদোকানি শামছু জানান, রোজা শুরু হওয়ার আগে একপিস ডিম ৯ টাকায় বিক্রি করেছি। আর হালি বিক্রি করেছি ৩৫ টাকা। কিন্তু রোজা শুরু হওয়ার পর ডিমের দাম কয়েক দফা কমেছে। এখন একপিস ডিম বিক্রি হচ্ছে ৭ টাকায় এবং হালি বিক্রি করছি ২৫ টাকা। সে হিসাবে হালিতে ডিমের দাম কমেছে ১০ টাকা এবং পিসে কমেছে ২ টাকা করে।

    ছোলার দামের বিষয়ে মালিবাগের ব্যবসায়ী মো. কামাল বলেন, রোজার শুরুতে ৮০ টাকা কেজি ছোলা বিক্রি করেছি। এখন বিক্রি করছি ৭০ টাকা কেজি। খোলাবাজারে টিসিবি দাম কমিয়ে দেয়ার কারণেই এখন সব বাজারে ছোলার দাম কমে গেছে।

    খিলগাঁওয়ের ব্যবসায়ী বলেন, আমি প্রায় ১০ বছর ধরে ব্যবসা করছি। রোজা শুরু পর ছোলার দাম সাধারণত কমতে দেখিনি। কিন্তু এবার অর্ধেক রোজা যাওয়ার আগেই ছোলার দাম কমে গেছে। আগে যেমন মানুষ এক সঙ্গে ৪-৫ কেজি করে ছোলা কিনতো এখন তেমন দেখছি না। অধিকাংশ ক্রেতাই এককেজি-আধাকেজি ছোলা কিনছে। এতেই বোঝা যায় ছোলার চাহিদা কমেছে। আর চাহিদা কমলে দাম তো কিছুটা কমবেই।

  • একদিন আগেই ইসরায়েলে পৌঁছাবে মেসির আর্জেন্টিনা

    একদিন আগেই ইসরায়েলে পৌঁছাবে মেসির আর্জেন্টিনা

    একদিকে গাজা উপত্যকায় মুক্তিকামী ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে, বোমা মেরে হত্যা করছে, অন্যদিকে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করছে ইসরায়েলিরা। সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের সব অনুরোধ উপেক্ষা করে ইসরায়েলে গিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে আর্জেন্টিনা। ৯ জুন, জেরুজালেমে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা মেসির দেশ আর্জেন্টিনার। যার একটি ইতোমধ্যে খেলে ফেলেছে তারা। হাইতির বিরুদ্ধে ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আর্জেন্টিনা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

    দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি তারা খেলবে ইসরায়েলের বিরুদ্ধে। জেরুজালেমে ওই ম্যাচটি খেলেই রাশিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবে মেসি-সাম্পাওলিরা। জেরুজালেমের টেড্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    মূলতঃ মেসিদের জেরুজালেমে আসার সূচি ছিল ৮ জুন। ওইদিন তারা এসে বিশ্রাম নেয়ার কথা এবং পরদিন প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা; কিন্তু সূচিতে পরিবর্তন এনে আর্জেন্টিনা জেরুজালেমে এসে পৌঁছাবে একদিন আগে, অর্থ্যাৎ ৭ জুন। ৮ জুন তারা জেরুজালেমে অবস্থান করবে। সকালে ট্রেনিং করবে। ট্রেনিংয়ের পর অংশ নেবে সংবাদ সম্মেলনে এবং সর্বশেষ বিকালে তারা ইহুদীদের কয়েকটি পবিত্র স্থান পরিদর্শনে যাবে। যার মধ্যে রয়েছে পশ্চিমের দেয়াল এবং চার্চ অব হলি সেপালচার।

    ইসরায়েল যখন তেলআবিবের পরিবর্তে জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে সারা বিশ্ব। ফিলিস্তিনিরা জেরুজালেমকে কোনোভাবেই ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নিতে পারে না। যে কারণে বিক্ষোভ শুরু করে তারা। সেই বিক্ষোভে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে ইসরায়েলি হায়েনারা।

    বিশ্বের শান্তিকামি মানুষ ইসারায়েলের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। কিন্তু সন্ত্রাসী এবং মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া হিসেবে পরিচিত ইসরায়েল জেরুজালেমে তাদের রাজধানী স্থানান্তরের প্রক্রিয়া থেকে সরে আসেনি। এমনকি ইসরায়েলের সন্ত্রাসী সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দুতাবাস সরিয়ে এনেছে জেরুজালেমে।

    বৈশ্বিক সমর্থন বলতে ইসরায়েল পেয়েছে যুক্তরাষ্ট্রের দুতাবাস সরিয়ে আনাকেই। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর আর্জেন্টিনা ফুটবল দলের জেরুজালেমে এসে ফুটবল ম্যাচ খেলাও ইসরায়েলের প্রতি নীরব সমর্থন। খেলা দিয়েই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে সন্ত্রাসী ইসরায়েলিরা। আর তাতে নীরব সমর্থন জানাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল।

  • ‘পাকিস্তানের শাসকগোষ্ঠীও এভাবে মানুষ হত্যা করেনি’

    ‘পাকিস্তানের শাসকগোষ্ঠীও এভাবে মানুষ হত্যা করেনি’

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময়টা এতই খারাপ যে, আজকাল মানুষ নিজ বাসার ড্রইং রুমে বসেও কথা বলতে খুব একটা সাহস পাচ্ছে না। পাশে কেউ আপনাদের ডিজিটাল টেলিফোন দিয়ে সমস্যা সৃষ্টি করে- এ ভয়ে আজকাল আমরা পারস্পরিকভাবে যখন কথা বলি, রাজনৈতিক কর্মী যারা রয়েছি, তারা খুব সাবধানে কথা বলি। যাতে সে কথার কারণে কোনো সমস্যার সৃষ্টি না হয়।’

    তিনি বলেন, ‘এত খারাপ সময় বোধ হয় আমরা কখনও দেখিনি। পাকিস্তান সময়ে যুদ্ধের নয় মাস ছিল ভয়বাহ। তার আগে পাকিস্তানের শাসকগোষ্ঠীও এভাবে উলঙ্গভাবে মানুষ হত্যা করেনি, মানুষের ওপর নির্যাতন করেনি, নির্মমতা চালায়নি। আজ সবকিছু ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের অনির্বাচিত সরকার। তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই। অথচ এ আওয়ামী লীগের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, ইতিহাস রয়েছে।তারা অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে। অত্যন্ত দুঃখ হয় যে, আওয়ামী লীগ আজ পুরোপুরিভাবে গণতন্ত্রের বিপক্ষে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধুমাত্র তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে, এক ব্যক্তির শাসনকে পাকাপোক্ত করতে।’

    শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে অনুষ্ঠিত ‘রণধ্বনি’ গানের সিডি উদ্ধোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, ‘আজ গণতন্ত্রের মোড়ক নিয়ে একেবারে ভয়াবহভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে, বেআইনিভাবে কারাগারে আটক রাখা হয়েছে। এটা নজিরবিহীন। আমি বুঝতে পারি না, এখনও কিছু কিছু প্রতিষ্ঠানের প্রতি আস্থা আসে কীভাবে? সর্বোচ্চ আদালত হাইকোর্ট বেল দিয়েছে। সর্বোচ্চ আদালত স্টে করে রেখে কৌশলের অবলম্বন নিয়ে ছুটির পর দেয়া হবে, ছুটির পর করে করে মাসের পর মাস বেগম জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে, দেশনেত্রীকে কারারুদ্ধ করে রেখেছে। আমি জানি না এ কথা বললে, আদালত অবমাননা হবে কিনা? হলেও কিছু যায় আসে না। কারণ আমাদের এখন আর হারানোর কিছু নেই।’

    তিনি বলেন, ‘সময় এসেছে রুখে দাঁড়াবার। সময় এসেছে একেবারে রুখে দাঁড়াবার, প্রতিবাদ করার, প্রতিরোধ করার। আজ বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষ, তাদের দায়িত্ব হচ্ছে ভয়াবহ এ পরিণতি থেকে এ দেশকে রক্ষা করা, এ জাতিকে রক্ষা করা। আমরা বহুবার সরকারের কাছে আবেদন জানিয়েছি যে, আলোচনা করুন, কথা বলুন, এর পরিসমাপ্তি ঘটান। তারা কর্ণপাতই করেননি।’

    বিএনপির এ নেতা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সব সময় বলেন, সংবিধান অনুযায়ী সব কিছু হবে। আরে সংবিধান তো আপনারা কেটে-কুটে সব শেষ করে দিয়েছেন। আপনাদের সুবিধা মতো সংবিধান সাজিয়ে নিয়েছেন, কীভাবে আবার ক্ষমতায় আসতে পারেন! বাস্তবতা হলো, আজ গ্রামে যান, বাজারে যান, সাধারণ মানুষের কাছে যান, গিয়ে দেখুন তারা কী ভাবছে? কী চিন্তা করছে? কী অবস্থা… এটা বোঝার মতো অবস্থা বোধ হয় এখন আর তাদের নেই। তারা এমন এক জায়গায় চলে গেছে, যেখান থেকে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা সেগুলো বোঝার ক্ষমতা এখন তাদের নেই।’

    তিনি বলেন, ‘বক্তব্য দেয়ার সময় শেষ হয়ে আসছে, বন্ধুরা বক্তৃতা-টক্তৃতা দেয়ার দিন শেষ হয়ে আসছে। আমাদের কাজে নামতে হবে, দেশ রক্ষার কাজে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ব্যক্তি খালেদা জিয়া নন, শুধু বিএনপি চেয়ারপারসন নন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। আজ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে, গায়ের জোরে কারাগারে আটক রাখা হচ্ছে। এর অর্থ হচ্ছে দেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়া, এর অর্থ হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করা। এর অর্থ হচ্ছে দেশের জনগণের যে সমস্ত অধিকার, সেই অধিকার খর্ব করে একজন ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা।’

    মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। দুর্ভাগ্য বলছি এ জন্য যে, সেই সময় যে চেতনা, যে স্বপ্ন, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, নয় মাস বনে-বাদাড়ে থেকে দেশ ছেড়ে যুদ্ধ করেছে তাদের সমস্ত স্বপ্ন আজ ধূলিস্যাৎ করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেই চেতনাকে পুরোপুরি নিহত করা হয়েছে। সেই গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই এবং কথা বলার অধিকার নেই। আমাদের সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোটের অধিকার নয়, এখন তো আমার নাগরিক অধিকার পর্যন্ত ধ্বংস করা হয়েছে।’

    তিনি বলেন, সারাদেশে প্রায় ৮০ হাজারের মতো মামলা হয়েছে। ১৬ লাখ আসামি তৈরি করা হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আসুন পবিত্র এ রমজান মাসে আমরা আল্লাহর কাছে এই দোয়া চাই যে, আল্লাহ যেন আমাদের সেই শক্তি দেন, যেই শক্তি দিয়ে আমরা ভয়াবহ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, ভয়াবহ যে দানব বাংলাদের বুকে চেপে বসেছে তাকে প্রতিরোধ করার লক্ষ্যে জেগে উঠতে পারি এবং গণতন্ত্রের মাতা ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি।

    সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১

    র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১

    প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    র‌্যাব সদর দফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে (৪ মে-৩১ মে ১৮) র‌্যাব মোট ৮৩৭ টি অভিযান পরিচালনা করে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪২৯টি। এসময় মোট ৪ হাজার ৬শ ৪৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৩১ জন মাদক ব্যবসায়ী।

    র‌্যাব সদর দফতর সূত্রে জানা গেছে, মাসব্যাপী ৮৩৭টি অভিযানে গ্রেফতার হয় ১০২৬ জন। উদ্ধার করা হয় ৩ কেজি ৬শ ৫৯ গ্রাম হেরোইন, ৮ হাজার ৮১ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ১৪৬ বোতল ফেন্সিডিল, ৫২৮ কেজি গাঁজা, ২ হাজার ১৬৮ বোতল বিদেশি মদ ও ১ লাখ ৬৩ হাজার ৯৫১ লিটার দেশি মদ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য ৬২ কোটি টাকা।

    মাদকবিরোধী অভিযানের মধ্যে গত এক মাসে র‌্যাব ৪২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার ৬শ ১৯ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৩ হাজার ৫৩ জনকে সর্বোচ্চ দুই বছর থেকে সর্বনিম্ন ৭ দিনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। যাদের ৫৬৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩ হাজার ৫৩ জন মাদকসেবী। এসময় ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের ১ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করে।

    র‌্যাব পরিচালিত অভিযানে নিহত ৩১ মাদক ব্যবসায়ী :

    গত ৪ মে থেকে ৩১ মে পর্যন্ত মাদকবিরোধী অভিযানের মধ্যে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ৩১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি র‌্যাবের। গত ১৫ মে নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শীর্ষ মাদক ব্যবসায়ী রিপন, কুষ্টিয়ায় র‌্যাব-১২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম, ১৭ মে রাজশাহী র‌্যাব-৫ এর সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হাসান ওরফে হাসান নামে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হন।

    ১৮ মে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল আলিম, চট্টগ্রাম সদর থানা এলাকায় র‌্যাব-৭ এর সঙ্গে হাবিবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবিব এবং মো. মোশাররফ নিহত হন। গত ১৯ মে যশোরের অভয় নগরে র‌্যাব-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কালাম ও হাবিব শেখ ও মিলন কাশারী নামে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হন।

    গত ২১ মে টাঙ্গাইলে র‌্যাব-১২ এর সঙ্গে আবুল কালাম আজাদ, রাজশাহীতে র‌্যাব-৫ এর সঙ্গে লিয়াকত আলী মন্ডল, ঝিনাইদহে র‌্যাব-৬ এর সঙ্গে ছব্দুল মন্ডল, নরসিংদীতে র‌্যাব-১১ এর সঙ্গে ইমান আলী নামে শীর্ষ মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়।

    ২২ মে চট্টগ্রামে শুক্কুর আলী, ফেনীতে মো. মঞ্জুরুল আলম, বাহ্মণবাড়ীয়ায় ধন মিয়া, নারায়ণগঞ্জ বাচ্চু মিয়া, ২৩ মে গাইবান্ধায় রাজু, ফেনীতে মো. ফারুক ২৫ মে রাজধানীর তেজগাঁওয়ে কামরুল, ২৬ মে দিনাজপুরে সাবদারুল, জয়পুরহাটে রেন্টু শেখ ২৭ মে টেকনাফে একরামুল হক (পৌর কাউন্সিলর), ২৮ মে নাটোরে খালেক (৩৫), ২৯ মে বরগুনায় ফিরোজ মৃধা, ৩০ মে কক্সবাজারে মজিবুর রহমান (৪২), ৩০ মে চট্টগ্রামে ইসহাক ওরফে ইয়াবা ইসহাক (৩৫), সিরাজগঞ্জে আশান হাবীব (৪৫), ভাষানটেকে আতাউর রহমান ওরফে আতা, বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০) নামে মাদক ব্যবসায়ী নিহত হন।

    এদিকে অব্যাহত মাদকবিরোধী অভিযানে নিহত হওয়ার ঘটনা, নিরপরাধীদেরও আটক ও কারাদণ্ড দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকা কমিশন ও টিআইবি।

    যদিও শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তির বলছেন, ‘কাউকে হত্যা করা হচ্ছে না, যা ঘটছে বন্দুকযুদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকা ধরেই অভিযান পরিচালিত হচ্ছে।’

    ৩১ মে (বৃহস্পতিবার) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘সংবিধান সব নাগরিককে ন্যায়বিচার পাওয়ার অধিকার দিয়েছে। কথিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি করা তালিকা ধরে মাদকবিরোধী যে অভিযান চলছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তা আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার আগেই ‘বন্দুকযুদ্ধে’ যেভাবে ‘তালিকা’ ভুক্তরা নিহত হচ্ছেন, তা পুরোপুরি অসাংবিধানিক।

    ক্ষেত্র বিশেষে অনেকেই প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাঠপর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও সেবনকারী চুনোপুঁটিরাই ‘বন্দুকযুদ্ধে’র শিকার হচ্ছেন। মাদক সমস্যার স্থায়ী সমাধানে যারা অনেকেই গুরুত্বপূর্ণ তথ্যদাতা হতে পারতেন। ফলে একদিকে যেমন প্রকৃত সত্য উদ্ঘাটনের সম্ভাবনা নস্যাৎ হচ্ছে, অন্যদিকে মাদক ব্যবসার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

    তিনি বলেন, ‘অভিযুক্তদের দেশের বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থা অনুসরণ করে বিশেষ করে মাদক সরবরাহ চেইনের রুই-কাতলাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে পারলে পরিস্থিতির উন্নতি ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, আইনকে পাশ কাটিয়ে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তা দেশের মানবাধিকার পরিস্থিতির জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।’

    মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট বলেন, ‘বিচারবহির্ভূত হত্যা মাদকের বিরুদ্ধে যুদ্ধের কার্যকর পন্থা নয়। অভিযানে মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। নিয়ম মেনে সবার বিচার পাওয়ার অধিকার আছে।’

    তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মাদকবিরোধী অভিযানে কোনো নিরপরাধ মানুষকে আমরা ধরছি না। কোনো ক্রসফায়ার হচ্ছে না। কোনো নিরপরাধীকে নয় শুধু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনী ধরছে।’

  • মাদকে ভাটা, তাই অস্ত্র ব্যবসা!

    মাদকে ভাটা, তাই অস্ত্র ব্যবসা!

    মাদকবিরোধী অভিযান শুরুর পর সারাদেশে গত ১৫ দিনে বন্দুকযুদ্ধে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন যার মধ্যে চট্টগ্রামের তিনজন। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় মাদক চোরাকারবারিরা কেউ কেউ গা ঢাকা দিচ্ছে আবার কেউ পাল্টাচ্ছে ব্যবসা। বৃহস্পতিবার রাতে নগরের নিউমার্কেট এলাকা থেকে এমনই একজন মাদক বিক্রেতা দিদারুল আলমকে (৪৪) অস্ত্র বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে ভীত হয়ে চট্টগ্রামের অধিকাংশ মাদক চোরাকারবারি এখন পালানোর পথ খুঁজছে। এদের অনেকে আবার অপরাধের ধরন পাল্টে ফেলছে। গ্রেফতার দিদারুল সাতকানিয়া উপজেলার ছমাদার পাড়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় থাকেন। বৃহস্পতিবার (৩১ মে) রাত সোয়া বারটার দিকে স্টেশন রোডের দোকান কর্মচারি সমিতির অফিসে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুলের সহযোগীরা পালিয়ে যায়।

    কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘গ্রেফতার দিদারুল মূলত মাদক বিক্রেতা। তার বিরূদ্ধে মাদক আইনে মামলাও আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এখন নাকি মাদক ব্যবসায় ‘মন্দাভাব’। তাই ব্যবসা পরিবর্তন করে অস্ত্র ব্যবসায় নেমেছে।’

    প্রসঙ্গত, সর্বশেষ মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইসহাক (৩৭) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়। এর আগে গত ১৭ মে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম বরিশাল কলোনীতে মাদক উদ্ধারের প্রস্ততি চালালে চোরাকারবারিরা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বন্দুকযুদ্ধে দুই শীর্ষ মাদক চোরাকারবারি নিহত হয়। পরে নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে ‘মাদকের আখড়া’ হিসেবে কুখ্যাতি পাওয়া বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

  • প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি

    প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি

    মোঃ মোশারফ হোসেন রিপন:

    পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

    জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী কালীদহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম উক্ত ছাত্রীকে একা একটি কক্ষে বৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানিয়রা তাকে উদ্ধার করে।

    ঘটনার দিন রাতে প্রধান শিক্ষক মোজাখারুল ইসলামকে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করে স্থানিয়ভাবে মিমাংশা করে দেয়ার অপচেষ্টা করা হলে ভিকটিমের পরিবার তা মেনে নেয়নি।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম এর বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করা হয়। পলাতক শিক্ষক মোজাখারুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    এলাকাবাসি জানিয়েছেন, একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ভূজারী পাড়ার বাসিন্দা লম্পট প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম। এর আগেও তিনি একই রকম ঘটানা ঘটিয়েছিলেন।

    চতুরাডাঙ্গী কালীদহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও স্থানিয়রা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দাবি জানিয়েছেন, যেন এই জঘন্য কর্মের জন্য প্রধান শিক্ষককে চাকুরি থেকে বহিস্কার করা হয়।

  • গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে

    গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে

    আব্দুল আওয়াল ।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রাণীশংকৈল হরিপুরে ফরমালিন ছিটানো হচ্ছে লিচু বাগানগুলোতে।
    কিছু অসাধু লিচু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে অধিক মুনাফার লোভে দেদারসে এসব কারবার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। উপজেলার বিভিন্ন লিচু বাগান সরজমিনে ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা সময়ের আগে লিচু বাজারজাত করার জন্য অপরিপক্ক লিচুতে ফরমালিন স্প্রে করছে। ফলে অপরিপক্ক ফলটি দুই থেকে তিন দিনের মধ্যে পেকে যাচ্ছে। সাথে সুন্দর রং হচ্ছে। ফরমালিন হচ্ছে একটি রাসায়নিক যৌগ। যা ব্যবহারের ফলে মানুষের অধিক স্বাস্থ্যের ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। ভোমরাদহ ডাঙ্গীপাড়া গ্রামের আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আশরাফ, আলতাফুর, দিনাজপুর জেলার বিরল উপজেলার আব্দুর রহমান সহ বেশ কয়েকজন অসাধু ব্যবাসায়ীরা লিচুতে ফরমালিন ব্যবহার করছে। যাতে করে সময়ের আগেই লিচুর সুন্দর রং এবং পেকে যাচ্ছে। যা খেয়ে শিশু সহ মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ জানায়, লিচুতে ফরমালিন স্প্রে করা যায় না তবে তারা অন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, আমাদের এখানে ফরমালিন পরীক্ষা নিরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। তবে আমি ঢাকা ও রাজশাহীতে কথা বলেছি দু একদিনের মধ্যেই ঢাকা থেকে ফরমালিন বিশেষজ্ঞ টিম আসবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ভোগের প্রচ্ছদে সৌদি রাজকন্যা

    ভোগের প্রচ্ছদে সৌদি রাজকন্যা

    গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন সৌদি রাজকন্যা। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এমনি একটি ছবিতে মডেল হয়েছেন সৌদি রাজকন্যা হায়ফা বিনতে আবদুল্লাহ আল সৌদ। আর এ নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক। ম্যাগাজিনটি এমনই এক সময়ে রাজকন্যার ছবি প্রকাশ করল-যখন সৌদিতে নারী আন্দোলনকারীদের ব্যাপকভাবে ধর-পাকড় চলছে। খবর দ্য গার্ডিয়ান।

    প্রচ্ছদের ছবিতে দেখা গেছে, একটি লাল রঙের হুড খোলা গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন রাজকন্যা। তার পরনে ছিল সাদা রঙের পোশাক, হাতে চামড়ার কালো দস্তানা এবং পায়ে হাই হিল জুতা। আরব অঞ্চলে ভোগ ম্যাগাজিনের যে সংস্করণ প্রকাশ করা হয়, শুধু তাতেই দেখা গেছে রাজকুমারীকে। আরবের জুন সংস্করণে এ ছবিটি প্রকাশ করা হয়।

    ‘নতুনত্বে বিশ্বাসী সৌদি নারীদের’ উদ্দেশ্যে প্রচ্ছদটি উৎসর্গ করা হয়। পাশাপাশি, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছে ম্যাগাজিনটি। যুবরাজ ‘কঠোর রক্ষণশীল’ বলে পরিচিত সৌদি আরবের কঠোর সামাজিক বিধি-নিষেধ একের পর এক শিথিল করে দিচ্ছেন। ধর্মীয় পুলিশদের ক্ষমতাও খর্ব করেছেন তিনি।

    ভোগ ম্যাগাজিনকে সৌদি রাজকন্যা জানান, আমাদের দেশে কিছু রক্ষণশীল আছেন যারা পরিবর্তনে ভয় পান। এমন অনেক মানুষ শুধু এ জন্যই পরিচিত। ব্যক্তিগতভাবে প্রবল আগ্রহের সাথে আমি এ ধরনের পরিবর্তনকে সমর্থন করি।

    দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রচ্ছদের ছবিটি পশ্চিমাঞ্চলীয় জেদ্দা শহরের বাইরে একটি মরুভূমিতে তোলা। তবে ছবিটি নিয়ে সমালোচনা করেছেন প্রচার কর্মীরা। এসব প্রচার কর্মীরা মে’তে আটক হওয়া ১১ জন সক্রিয় অধিকার কর্মীকে আটকের বিরোধিতা জানিয়ে আসছেন। আটককারী নারীরা বেশিরভাগই বিভিন্ন অধিকার সংস্থার হয়ে কাজ করছিলেন।

    সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার দেয়া এবং পুরুষদের অভিভাবকত্ব-ব্যবস্থার অবসান চেয়ে তারা আন্দোলন করছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আটক নারীদের মধ্যে চারজনকে মুক্তি দেয়া হলেও অন্যদের বিষয়ে কিছু জানা যায়নি। তবে পশ্চিমা মদদপুষ্ট গণমাধ্যম বলছে, আটককৃতরা দেশদ্রোহী ও দূতাবাসের চর।

    অনেক ইন্টারনেট ব্যবহারকারীই যেন সৌদি রাজকন্যার এ দুঃসাহসী উদ্যোগ মেনে নিতে পারছেন না। তারা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সোচ্চার হয়ে উঠেছেন। অনেকেই তাদের পোস্ট করা ছবিতে, ফটোশপের মাধ্যমে প্রচ্ছদের ছবিতে আটককৃতদের ছবি জুড়ে দিয়েছেন।

    বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরবে আন্দোলনকারী ও অধিকারকর্মীদের ওপর চালানো এই ধরপাকড়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। এতে করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার কার্যক্রমের সীমাবদ্ধতা প্রকাশিত হয়েছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান