Blog

  • কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

    কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

    কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহজাহান নামে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। তিনি চকরিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

    শনিবার ভোরে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ার ছড়া গর্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই ইউনিয়নের মধ্যম বানিয়ার ছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।

    স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বরইতলী পাহাড়ি এলাকার আতঙ্ক ছিল শাহজাহান। ‘দা বাহিনী’ নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে তার। এক সময় মুসা কাক্কা এ বাহিনীর প্রধান থাকলেও সে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর শাহজাহান বাহিনীর প্রধান নিযুক্ত হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শনিবার গভীর রাতে বানিয়ার ছড়া এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

    তিনি আরও বলেন, এ সময় তার মরদেহের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজীসহ ১২টি মামলা রয়েছে।

    এদিকে কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় পুলিশের এএসপি ও ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

    নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল এসব তথ্য জানিয়েছেন।

    ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

  • ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

    ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

    সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সিরাজুল ইসলাম জীবন ‘এসএ’ টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি।

    তাকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিকেল ৪টায় শহরের প্রধান সড়কে থানার সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

    সাংবাদিক নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় হানা দেয়। এ সময় তল্লাশির কারণ সম্পর্কে জানতে চাইলে জীবনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ নিজেদের উপর হামলা করেছে দাবি করে জীবনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। সকালে তাকে গণপিটুনিতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

    এদিকে বিকেলে তাকে পুলিশের উপর হামলার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১টায় প্রেসক্লাবে ফের জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা।

    আদালতে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে ধরে এনে অমানুষিক নির্যাতন করেছে। এমনকি তার পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দেয়া হয়েছে।

    এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে মাদক মামলার আসামি ধরতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় জীবন তাদের উপর হামলা চালালে তাকে আটক করা হয়।

  • থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

    থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

    নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

    তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

    সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

    তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নীলফামারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১৪

    নীলফামারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১৪

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ইলেক্টনিক্স ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করায় নীলফামারীতে ১৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১ জুন) জেলা সদর ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

    নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতি ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জাগো নিউজকে জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা চলাকালে কক্ষে ইলেক্টনিক্স ডিভাইস ও মুঠোফোন ব্যবহার করার অপরাধে তাদের আটক করা হয়। এর মধ্যে জেলার সৈয়দপুরের পাঁচ কেন্দ্রে ৮ জন ও নীলফামারীর সদরের পাঁচ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

    জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের এ লিখিত পরীক্ষায় প্রায় সাড়ে ২৩ হাজার চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। জেলার ছয় উপজেলার পরীক্ষার্থীদের জন্য জেলা সদর ও সৈয়দপুরে কেন্দ্র করা হয়।

    আটক ১৪ জনের মধ্যে রয়েছেন- নীলফামারী সদরের সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে ১ জন, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ২ জন, সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।

    তারা হলেন- জেলা সদরের পাটোয়ারীপাড়ার সুকুমার রায়ের স্ত্রী অপু রাণী রায়, একই উপজেলার সুন্দর গোড়গ্রামের সোহাবুল জাহানের স্ত্রী জেসমিন নাহার, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের হামিদুর রহমানের মেয়ে সেলিনা আক্তার, শরিফুজ্জামান সবুজের স্ত্রী মারিয়া হোসেন লিপু, ডালিয়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী নাজমা আক্তার এবং কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের আবু হোসেনের মেয়ে শরিফা আক্তার।

    এছাড়া সৈয়দপুরের ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৪ জন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ১ জন, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে ১ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন ও সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে আটক করা হয়।

    তারা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের আরেফুজ্জামানের স্ত্রী লাভলী আক্তার, বালাপাড়া এলাকার প্রমাদ চন্দ্র রায়ের মেয়ে পলি রায়, আকাশকুড়ি এলাকার আবুল কালাম আজাদের মেয়ে তাহিরা পারভীন, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা গ্রামের সুমনের স্ত্রী উম্মে হাবিবা, বাজে ডুমুরিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে মিজান আহমেদ, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আবুজার রহমানের ছেলে নাউতরা ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক আরাফাত সিদ্দিক শাসন, নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জিয়াউর রহমানের স্ত্রী আরিফা নাজনীন।

    নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন

    তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন

    তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ (গেজ রিডার) আবারও বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে দুই দফায় বিপদসীমার পরিমাপ বৃদ্ধি করা হলো ৩৫ সেন্টিমিটার। পূর্বের পরিমাপের চেয়ে এবার ২০ সেন্টিমিটার বেশি বৃদ্ধি করা হয়েছে। এর আগে পরিমাপটির প্রথম দফায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছিল।

    সূত্র মতে উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণের ফলে তিস্তা নদীর প্রবাহ কমে যাওয়ায় পলি ও বালু পড়ে ভরাট হয়ে যাচ্ছে নদী। ফলে উজানের সামান্য ঢলেই তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করে থাকে। অথচ নদীর চর ডুবে না।

    এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে শুক্রবার তিস্তা নদীর অববাহিকায় পানি বৃদ্ধি পেয়েছে। যা সকাল ৬টা হতে প্রবাহিত হচ্ছিল ৫১ দশমিক ৮৫ মিটার দিয়ে। তবে দুপুর ১২টায় আরও ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। ফলে তিস্তা নদীর পানি ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে।

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার পরিমাপ (গেজ রিডার) ছিল ৫২ দশমিক ২৫ মিটার। কিন্তু তিস্তা ব্যারেজের একশ কিলোমিটার ও বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৬৫ কিলোমিটার উজানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবা নামক স্থানে তিস্তা নদীর ওপর একটি বহুমুখী বাঁধ নির্মাণ করেছে ভারত।

    ১৯৭৫ সালে ওই প্রকল্প শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। এর আওতায় দার্জিলিং, পশ্চিম দিনাজপুর, মালদহ, দক্ষিণ জলপাইগুড়ি, কোচবিহার জেলা, বিহারের পূর্নিমা ও আসামের কিছু এলাকার ৯০ হাজার হেক্টর জমিতে সেচ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে ভারত ২২ দশমিক ৫ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ করছে।

    গজলডোবা ব্যারেজের বামে তিস্তা-জলঢাকা প্রধান খাল, ডানে তিস্তা-মহানন্দা খাল, মহানন্দা প্রধান খাল, ডাউক-নাগর প্রধান খাল ও নাগর-ট্যাংগন প্রধান খালের মাধ্যমে পানি প্রত্যাহার করে নিচ্ছে। ফলে তিস্তা নদীর স্বাভাবিক গতিধারা বাধাগ্রস্ত হয়ে বাংলাদেশের অংশের ডালিয়াস্থ তিস্তা ব্যারেজের উজানের ২০ কিলোমিটার পলি পড়ে ভরাট হতে থাকে। ফলে বর্ষা মৌসুমে অথবা গজলডোবা ব্যারেজের জলকপাট খুলে দিলে বাংলাদেশ অংশে পলিতে ভরাট হয়ে যাওয়া নদীতে অল্প পানিতে উপচে পড়ে বিপদসীমা অতিক্রম করে থাকে।

    এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহের পরিমাপ (গেজ রিডার) সংখ্যাটি পরিবর্তনের প্রস্তাব করে। এতে ২০০৭ সালের ৭ জুলাই পূর্বের পরিমাপ সংখ্যা ৫২ দশমিক ২৫ পরিবর্তন করে ৫২ দশমিক ৪০ মিটার বৃদ্ধি করে। এরপরেও উজানের নাই পানিতেই বাংলাদেশ অংশের তিস্তা বারবার বিপদসীমা অতিক্রম করতে থাকলে নদীর পলি অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। তারই আলোকে ক্যাপিটাল ড্রেজিং ও নদী ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষে ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং আর রিভার সিস্টেম ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১২ সালের মার্চ মাসে তিস্তার পলি অপসারণের জন্য তিস্তা ব্যারেজের উজানে ৫০০ মিটার ও ভাটিতে তিন হাজার মিটার এলাকায় পলি অপসারণের জন্য ২৩ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

    চারটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমের ওই সময় পলি অপসারণ করা হলেও পরবর্তি সময় নদী পুনরায় পলিতে ভরাট হতে থাকে। ফলে ওই পলি অপসারণ খুব একটা কাজে আসেনি।

    এ অবস্থায় ২০১৭ সালের আগস্ট মাসে গজলডোবার জলকপাট উম্মুক্ত করে দেয়াসহ ভারী বর্ষণের উজানের ঢলে ৯৮ বছরের মধ্যে পলিতে ভরাট তিস্তা অববাহিকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। সেই সময় নদীর পানি বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার অতিক্রম করে ৫৩ দশমিক ০৫ মিটার অর্থ্যাৎ ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তাই তিস্তা নদীর বিপদসীমা পরিমাপ সংখ্যাটি দ্বিতীয় দফায় পরিবর্তন করে তা বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়।

    ওই প্রস্তাবে এবার পরিমাপের সংখ্যা করা হয়েছে ৫২ দশমিক ৬০ মিটার। যা গত বছরের ৬ সেপ্টেম্বর হতে কার্যকারিতা করা হয় বলে জানান ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম।

    তিনি বলেন, প্রতি বছর বর্ষার সময় বিপদসীমার পরিমাপ করা হয়ে থাকে।

    উল্লেখ যে, ভারতের সিকিম রাজ্যে হিমালয়ের ৭ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে তিস্তার উৎপত্তি। এ নদীর মোট দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। নদীটি ভারতের মেখলিগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত দিয়ে। যা নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা হয়ে নদীটি এসে মিলেছে ব্রহ্মপুত্রে। বাংলাদেশ অংশে তিস্তার দৈর্ঘ্য ১১৩ কিলোমিটার, অববাহিকা ১৭১৯ কিলোমিটার। অভিন্ন নদী বুড়ি তিস্তা নীলফামারী জেলার ডোমার উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে নদীটি জলঢাকা উপজেলার কাছ দিয়ে তিস্তা নদীতে মিলেছে।

    উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় বিপর্যয় নেমে এসেছে ভাটিতে থাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে। উজানে পানি প্রত্যাহারে বাংলাদেশে তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকায় শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যাচ্ছে। তীব্র পানি সঙ্কট দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে পুরো সেচ প্রকল্প। বাংলাদেশ এ বিষয়ে বারবার চেষ্টা করেও ভারতের সঙ্গে পানিবন্টন চুক্তি করতে ব্যর্থ হচ্ছে।

  • ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

    ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

    রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভোদলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

    ভোদল গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লা আফসার আলী ওরফে ডাকুর ছেলে।

    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ভোদল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী, পবা ও নওগাঁর মহাদেবপুর থানায় আগে থেকেই তিনটি মাদকের মামলা ছিল। হেরোইনসহ গ্রেফতারের ঘটনায় তার নামে আরেকটি মামলা হয়েছে।

    ওসি আরও বলেন, কয়েক বছর আগে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নকশি কাঁথা সেলাই করা সুতা বিক্রি করে সংসার চালাতেন। তখন তিনি মহিষাল বাড়ি পশুহাটে করিডরের কাগজ লেখার কাজ করতেন। পশুহাট বন্ধ হয়ে গেলে তিনি স্থানীয় বাজারে বসে সিদ্ধ ডিম বিক্রি করতেন। মাদক ব্যবসায় জড়িয়ে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ভোদল।

  • বেইলি রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

    বেইলি রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

    রাফিউ মল্লিক।।

    বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করায় রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএসটিআইয়ের সহযোগিতায় র্যাব-৩ এ অভিযান চালায়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

    তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুত রাখা হয়েছে। কর্মচারীরা জানান, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করা হয়। এ কারণে বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একই এলাকার এইচ এস বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয় করায় শান্তিনগর বাজারে ৮ মাংস ব্যবসায়ীকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • ডিমলায় সিপিবির স্মরণ সভা

    ডিমলায় সিপিবির স্মরণ সভা

    মোঃ শাহিনুর রহমান।।

    তেভাগা আন্দোলনের সাহসী যোদ্ধা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড নিমেশ চন্দ্র সিংহ রায়ের ১৪ তম মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে।

    আজ ১লা জুন সিপিবি ডিমলা উপজেলা শাখার আয়োজনে বাবুর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

    বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি নীলফামারী জেলা শাখার সভাপতি কমরেড আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কস) নীলফামারী জেলা শাখার আহবায়ক মোঃ ইউনুছ আলী। বক্তব্য রাখেন সিপিবি ডিমলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম, কমরেড মনি সিংহ রায়, কমরেড রমেন চন্দ্র রায়, কমরেড ফজলার রহমান।

    সভায় সঞ্চালনা করেন ডাঃ গোপাল চন্দ্র রায়, বক্তারা প্রয়াত নিমেশ চন্দ্র রায়ের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষক, শ্রমিক ক্ষেত মজুরকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।

  • সৌদি গেলেন এমপি বদি

    সৌদি গেলেন এমপি বদি

    আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে তীব্র আলোচনায় থাকা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

    শুক্রবার ভোররাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের স্কুল বন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নূরী।

    এর আগে গত ২৬ মে এমপি বদির মেয়ে সামিয়া রহমান ও জামাই ব্যারিস্টার রানা আশরাফ ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যান।

    এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ ওমরা পালনে সৌদি আরবে গমনকে অনেকে কৌশল হিসেবে মনে করলেও এটি সঠিক নয়। ওমরা পালনের সিডিউল অনেক আগেই নেয়াছিল। অভিযান শুরু হওয়ার পর ফ্লাইট হওয়ায় তিনি অভিযান থেকে বাঁচতেই ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন অনেকে।

    তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন এবং রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষে ১৭ জুন দেশে ফিরবেন তিনি।

  • গুনাহ থেকে মুক্তির দোয়া

    গুনাহ থেকে মুক্তির দোয়া

    তাওবা এবং ইগতিগফার আল্লাহর দরবারে এক অফুরন্ত রহস্যের নাম। যে রহস্য শুধুমাত্র তাওবাগ্রহণকারী এবং ক্ষমার অধিকারীই ভাল জানেন। আল্লাহ তাআলা সবচেয়ে খুশী হন তখনই যখন বান্দা ভুল করে গুনাহ করার পর আবার ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে যায়। ফরিয়াদ করে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আসুন আমরা তাওবা ও ইসতিগফারের

    গুরুত্বপূর্ণ হাদিস ও দু’টি দোয়া শিখে নিই-
    হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি- আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে ততক্ষণ আমি তোমার গুনাহ ক্ষমতা করতে থাকব, তোমার গুনাহের পরিমান যত বেশিই এবং যত বড়ই হোক না কেন। এ গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তোমাকে ক্ষমা করে দিবো। এ ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান! তুমি যদি আমার কাছে পৃথিবীর সমান গুনাহসহ উপস্থিত হও এবং আমার সাথে কাউকে শরীক না করে থাক, তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে এগিয়ে যাব। (তিরমিজি, মুসনাদে আহমদ, দারেমি, মুস্তাদরেকে হাকেম)

    সুতরাং হে আল্লাহর বান্দা! ভয় কিসের? আসুন আমরা আল্লাহর দরবারে তাওবা করি। আল্লাহর কাছে ক্ষমা চাই।

    দোয়া’টি হচ্ছে-
    ক. হাদিসে এসেছে-
    রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বলে “আস্তাগফিরুল্লাহাল্লাজি লা- ইলা-হা ইল্লা- হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি”- তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়, এমনকি সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করার মত গুনাহ করলেও।’ (তিরমিজি, তা’লিকুর রাগীব, মুস্তাদরেকে হাকেম)

    খ. অন্যত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইসতিগফার হল- বান্দা বলবে : “আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আ’হদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বাতু, ওয়া আউযুবিকা মিন র্শারিমা সানা’তু আবুউ লাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবুউ বিযামাবী ফাগফিরলী ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা”- যে ব্যক্তি পূর্ন বিশ্বাস সহকারে এ দোয়া দিনের বেলা পাঠ করে এবং সন্ধ্যা হবার পূর্বেই যদি মারা যায় তবে সে জান্নাতী। আর যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস সহকারে রাতের বেলা এ দোয়া পাঠ করে এবং সকাল হবার পূর্বেই মারা যায়, তবে সে জান্নাতী। (বুখারি)

    সুতরাং আমরা তাওবা করব ইগতিগফার পড়ব। কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে আল্লাহর দরবারর তাওবা এবং ইসতিগফার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পাপের কাফ্ফারা হল অনুতাপ। আর অনুতাপই হচ্ছে তাওবা।” মুসনাদে আহমাদ, তাবরানী, ইবনু মাজাহ)

    সুতরাং আমরা উপরোক্ত তাওবার দোয়া দুটি পড়ব আল্লাহর দরবারর রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ আমাদের ই’তিকাফের পূর্বে মাগফিরাতের দশকের মধ্যেই ক্ষমা করে জান্নাত কবুল করুন আমীন।

    তথ্যসূত্র : সহি বুখারি, মুসলিম, জামে আত-তিরমিজি, সুনানে ইবনু মাজাহ, মুসনাদে আহমাদ, দারেমি, মুস্তাদরেকে হাকেম, তাবরানী, তা’লিকুর রাগীব